সেই ভাইরাল নুপুরকে জেলহাজতে প্রেরণ

ব্যুরো চীফ, বরিশাল: সরকারি অফিসে প্রবেশ করে কৌশলে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টার সময় আটক হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া নুপুর আক্তার (৩৫)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে আত্মহত্যার চেষ্টার ঘটনায় থানায় মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। শারিরিক প্রতিবন্ধী নুপুর আক্তার বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের আব্দুর রশিদ সরদারের মেয়ে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসকে বিয়ে করার দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো নুপুর আক্তার।

গৌরনদী মডেল থানার এসআই মো. অলিউল্লাহ জানিয়েছেন-নুপুর আক্তারের বিরুদ্ধে পূর্বে চুরি ও প্রতারনার অভিযোগে রাজধানীর গুলশান থানায় দুইটি এবং যাত্রাবাড়ি থানায় একটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারি জিএম আব্দুর রব জানিয়েছেন, ১৯ নভেম্বর দুপুর দেড়টার দিকে তিনি যোহরের নামাজ আদায় করার জন্য মসজিদে যান। এ সুযোগে এক নারী অফিস রুমে প্রবেশ করে ভেতর থেকে দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন।

এ সময় কয়েকজন ব্যক্তি বিষয়টি দেখে ডাকচিৎকার শুরু করেন। পরবর্তীতে অন্যান্য স্টাফরা এগিয়ে এসে রুমের দরজা ভেঙ্গে ওই নারীকে উদ্ধার করেন। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে নুপুর আক্তার নামের ওই নারীকে থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানিয়েছেন-এ ঘটনায় আটক নুপুর আক্তারের বিরুদ্ধে আত্মহত্যার চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।




দুমকিতে জাইকা প্রকল্পে অনিয়মের অভিযোগ

পটুয়াখালীর দুমকিতে জাইকার আর্থিক সহায়তায় পরিচালিত কয়েকটি উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, নিম্নমানের কাজ ও আর্থিক দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রকল্পের নামে শুরু থেকেই প্রভাবশালী একটি চক্র সুবিধা নেওয়ার সুযোগ তৈরি করে। এতে সরকারি বাজেটের অর্থ ব্যয়ের পরও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ।

উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বিভিন্ন অবকাঠামো উন্নয়ন—রাস্তা নির্মাণ, সেতু, কালভার্ট, ড্রেন ও স্ট্রিট সোলার লাইট স্থাপনের কাজ করে থাকে। ২০২৩-২৪ অর্থবছরের ইউজিডিপি প্রকল্পের আওতায় দুমকিতে ৭৮টি স্ট্রিট সোলার লাইট স্থাপনে প্রায় ২৮ লাখ টাকা, ১০টি ইউ-ড্রেন নির্মাণে ৯ লাখ ৮৮ হাজার টাকা এবং পাঁচটি পাওয়ার টিলার বিতরণে ১০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়। নথিপত্রে এসব কাজ সম্পন্ন দেখানো হলেও মাঠ পর্যায়ে তা অসামঞ্জস্যপূর্ণ—এমন অভিযোগ স্থানীয়দের কাছ থেকে পাওয়া যাচ্ছে।

মাঠপর্যায়ে ঘুরে দেখা যায়, ঘোষিত ৭৮টি সোলার লাইটের মধ্যে আঙ্গারিয়ায় ২৬টি, লেবুখালীতে ১৩টি, পাঙ্গাশিয়ায় ৯টি, শ্রীরামপুরে ১৭টি এবং মুরাদিয়া ইউনিয়নের ফেরিঘাট, বাজার, মসজিদ ও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বাড়ির সামনে লাইট স্থাপন করা হয়েছে। তবে স্থানীয়রা দাবি করেন—এসব লাইটের বেশির ভাগই তিন-চার মাসের মধ্যে অচল হয়ে পড়েছে। ইউ-ড্রেন নির্মাণেও একই অবস্থা। শ্রীরামপুরের ৭টি ড্রেনের নির্মাণমান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা।

পাওয়ার টিলার বরাদ্দ নিয়েও উঠেছে অভিযোগ। কৃষক গ্রুপের নামে বরাদ্দ থাকা পাঁচটি টিলার “রিকন্ডিশন মেশিন কমদামে কিনে উচ্চমূল্যে দেখানোর মাধ্যমে” প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ করেন ভুক্তভোগীরা।

স্থানীয়রা দাবি করেন, উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠ কিছু ঠিকাদারের সঙ্গে যোগসাজশে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যা মাঝপথেই কাজ নষ্ট হওয়ার মূল কারণ। মুরাদিয়া ইউনিয়নের বাসিন্দা মোজাম্মেল হাওলাদার জানান, রাস্তার উন্নয়নের জন্য বরাদ্দ থাকলেও বাস্তবে তার অর্ধেক কাজও হয়নি। আরেক বাসিন্দা বলেন, নিম্নমানের নির্মাণের কারণে কয়েক মাসের মধ্যেই রাস্তায় ফাটল দেখা দিয়েছে।

দুমকি উপজেলা প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, “জাইকার প্রকল্প সম্পর্কে আমাকে কিছু জানানো হয়নি। আগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়ে বলতে পারবেন। তবে অভিযোগ সত্য হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক জানান, তাঁর দায়িত্ব গ্রহণের পর থেকে জাইকার আওতায় কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি। অভিযোগ পেলে তিনি খোঁজ নিয়ে অনিয়ম নিশ্চিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, উন্নয়ন প্রকল্পে সঠিক মনিটরিং না থাকলে সরকারি অর্থ ব্যয় অকার্যকর হয়ে যায় এবং দুর্নীতিবাজ চক্রের সুবিধা নেওয়ার সুযোগ তৈরি হয়। তাদের মতে, এসব অনিয়ম বন্ধে কঠোর তদারকি ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ভোলায় শিল্প স্থাপনে কম দামে গ্যাস দেওয়ার পরিকল্পনা

দেশে শিল্পকারখানায় বর্তমানে প্রতি ইউনিট গ্যাসের দাম ৪০ টাকা। ক্যাপটিভ পাওয়ারে এ দাম ৪২ টাকা। কিন্তু দ্বীপ জেলা ভোলায় কেউ কারখানা স্থাপন করলে তাদের জন্য পুরোনো দাম, অর্থাৎ প্রতি ইউনিট ৩০ টাকায় গ্যাস সরবরাহের পরিকল্পনা করছে পেট্রোবাংলা। এ বিষয়ে একটি প্রস্তাব তৈরি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠানোর কাজ চলছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

এই প্রস্তাব অনুমোদন পেলে দেশে শিল্পকারখানায় দুই ধরনের গ্যাস মূল্য কার্যকর হবে। ব্যবসায়ীদের মতে, এটি একই বাজারে বৈষম্য তৈরি করবে এবং এমন সিদ্ধান্ত অযৌক্তিক। চলতি বছরের এপ্রিলে শিল্প ও ক্যাপটিভে গ্যাসের নতুন দাম নির্ধারণ করে বিইআরসি। এর আগে শিল্পে গ্যাসের দাম ছিল ইউনিটপ্রতি ৩০ টাকা। যা এখন ৪০ টাকা। ক্যাপটিভে ৩১ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে শিল্প ও ক্যাপটিভের ব্যবহারকারীরা এ নতুন দামই দিচ্ছেন। জ্বালানি বিভাগ ও পেট্রোবাংলা সূত্র বলছে, ভোলায় আবিষ্কৃত গ্যাসের বড় অংশই ব্যবহার করা যাচ্ছে না। সেখানে পাইপলাইন স্থাপনে নানা বাধা আছে। ফলে উৎপাদন সক্ষমতা থাকলেও গ্যাসের ব্যবহার আশানুরূপ হচ্ছে না।

এই পরিস্থিতিতে সরকার দুই দিক বিবেচনা করছে- ভোলার গ্যাস ব্যবহারের পথ খুঁজতে ইতোমধ্যে মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। সেখানে একটি ইউরিয়া সার কারখানা স্থাপনের প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়। এর সম্ভাব্যতা যাচাই করতে সম্প্রতি ভোলার দুটি স্থান পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা— শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং বাণিজ্য-বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। ভোলায় কারখানা স্থাপনে আগের দামে গ্যাস দেওয়ার বিষয়ে কেউ প্রকাশ্যে মন্তব্য না করলেও এর প্রতি সরকারের আগ্রহ রয়েছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

পেট্রোবাংলার এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ভোলায় কেউ শিল্প স্থাপন করলে তারা আগের দামে গ্যাস পেতে পারে। নতুন দাম সেখানে প্রযোজ্য নাও হতে পারে। মন্ত্রণালয় এ বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছে। খুব দ্রুত আমরা বিইআরসিতে প্রস্তাব পাঠাব।” এ বিষয়ে জানতে চাইলে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “ভোলার শিল্পকারখানায় গ্যাসের দাম নিয়ে আলোচনা হয়েছে। তবে এখনো পেট্রোবাংলা থেকে কোনো লিখিত প্রস্তাব পাইনি।”

ভোলায় তিনটি গ্যাসক্ষেত্র আছে। সেখানে নয়টি কূপ খনন করা হয়েছে। মোট উৎপাদন সক্ষমতা দৈনিক ১৮০ মিলিয়ন ঘনফুট। কিন্তু চাহিদা কম হওয়ায় ব্যবহার হচ্ছে মাত্র ৭০ মিলিয়ন ঘনফুট। বাকি গ্যাস ব্যবহার করার কোনো সুযোগ নেই। নতুন করে আরও ১৫টি কূপ খননের পরিকল্পনা রয়েছে, যা শেষ হলে উৎপাদন ৩০০–৪০০ মিলিয়ন ঘনফুট বাড়বে। বর্তমানে একটি দেশীয় কোম্পানি ভোলা থেকে সিএনজি আকারে দৈনিক প্রায় ৩ মিলিয়ন ঘনফুট গ্যাস এনে ব্যবহার করছে।

আরও ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজি আকারে আনার কাজ চলছে। পাশাপাশি গ্যাস সংকট সমাধানে ভোলা-বরিশাল-ঢাকা পাইপলাইন পরিকল্পনা করা হয়েছে। ভোলা–বরিশাল অংশের প্রাক-সমীক্ষা শেষ হয়েছে। বরিশাল–ঢাকা অংশের সমীক্ষা চলছে।




ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল শুরু

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয় ‘সাপ্তাহিক স্কুল’ শুরু করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ শিক্ষালয় উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

জানা যায়, বাহাদুর শাহ পার্কে যেসব সুবিধাবঞ্চিত পথশিশু থাকে, তাদের প্রাথমিক শিক্ষা এবং মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ উদ্যোগ। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার সকাল ৯টায় শিশুদের ক্লাস নেওয়া হবে।

এ কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে দুজন স্থায়ী শিক্ষক রাখা হয়েছে। নতুন বই পেয়ে এই শিশুরা জ্ঞান অর্জনে আগ্রহী এবং মানুষের মতো মানুষ হবে বলে প্রত্যাশা তাদের।

নতুন বই পেয়ে, শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা। তারাও মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাহাদুর শাহ (ভিক্টোরিয়া) পার্কে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের শিক্ষালয় ‘সাপ্তাহিক স্কুল’ শুরু করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ শিক্ষালয় উদ্বোধন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

জানা যায়, বাহাদুর শাহ পার্কে যেসব সুবিধাবঞ্চিত পথশিশু থাকে, তাদের প্রাথমিক শিক্ষা এবং মৌলিক অধিকার সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এ উদ্যোগ। প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার সকাল ৯টায় শিশুদের ক্লাস নেওয়া হবে।

এ কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে দুজন স্থায়ী শিক্ষক রাখা হয়েছে। নতুন বই পেয়ে এই শিশুরা জ্ঞান অর্জনে আগ্রহী এবং মানুষের মতো মানুষ হবে বলে প্রত্যাশা তাদের।

নতুন বই পেয়ে, শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিশুরা। তারাও মানুষের মতো মানুষ হওয়ার স্বপ্ন দেখে।

পার্কে থাকা ১৪ বছর বয়সী সিহাব বলে, আমরা এখানে যারা থাকি, অনেকের বাবা-মা নেই। ছাত্রদলের এই উদ্যোগ আমাদের শিক্ষার সুযোগ করে দিয়েছে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই। চাকরি করে সুন্দর জীবন গড়তে চাই।

শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. লিখন ইসলাম বলেন, ‘কোনো সুবিধাবঞ্চিত শিশু যাতে অপরাধে জড়াতে না পারে, সেই ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে।’খে।

পার্কে থাকা ১৪ বছর বয়সী সিহাব বলে, আমরা এখানে যারা থাকি, অনেকের বাবা-মা নেই। ছাত্রদলের এই উদ্যোগ আমাদের শিক্ষার সুযোগ করে দিয়েছে। আমরা মানুষের মতো মানুষ হতে চাই। চাকরি করে সুন্দর জীবন গড়তে চাই।

শিক্ষক হিসেবে দায়িত্ব পাওয়া বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. লিখন ইসলাম বলেন, ‘কোনো সুবিধাবঞ্চিত শিশু যাতে অপরাধে জড়াতে না পারে, সেই ভাবনা থেকেই উদ্যোগটি নেওয়া হয়েছে।’




ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ফেনী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা সমমূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এসব পণ্য চোরাচালানে জড়িতদের আটক করা সম্ভব হয়নি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ও বৃহস্পতিবার ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) আওতাধীন জেলার ফুলগাজী, ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলা এবং চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি, চকলেট, মদ, গরুসহ মালামাল পরিবহনে ব্যবহৃত সিএনজি জব্দ করা করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭ লাখ ৪৮ হাজার ১৭৫ টাকা।

এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালান পণ্য শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।




১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান ও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য বৈশ্বিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটি বুধবার (১৯ নভেম্বর) সর্বসম্মতিক্রমে মুসলিম ধর্মাবলম্বী রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিষয়ে এ প্রস্তাব গ্রহণ করে।

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে এ প্রস্তাব পেশ করেছে। আর ১০৫টি দেশ যৌথভাবে এ প্রস্তাবে পৃষ্ঠপোষকতা করেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে উল্লেখ করা হয়,  ২০১৭ সাল থেকে গৃহীত এই বার্ষিক প্রস্তাবে রাখাইন রাজ্যে অব্যাহত মানবাধিকার লঙ্ঘন, রোহিঙ্গা মুসলিমদের লক্ষ্যবস্তু করা, মানবিক প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধ এবং বাংলাদেশ ও অন্যান্য প্রতিবেশী দেশে রোহিঙ্গাদের অব্যাহত অনুপ্রবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ এবং টেকসই প্রত্যাবর্তনের জন্য অব্যাহত আন্তর্জাতিক সম্পৃক্ততারও আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাব গৃহীত হওয়ার পর বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশ প্রতিনিধিদল সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানালেও গত আট বছরে মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে প্রত্যাবর্তনের কোনো বাস্তব অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছে।

১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ভার বাংলাদেশের পক্ষে আর বহন করা সম্ভব নয় বলে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।




লালমোহনে ৫শত গ্রাম গাঁজাসহ মিজান নামের একজন আটক

ভোলার লালমোহন উপজেলায় ধলীগৌরনগর ইউনিয়নের মঙ্গলসিকদার এলাকা থেকে মিজান নামের একজনকে ৫শত গ্রাম গাঁজাসহ আটক করেছে লালমোহন থানা পুলিশ।
বুধবার (১৯ নভেম্বর ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গল সিকদার তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) সম্মিত রায় পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।

এবিষয়ে এসআই সম্মিত রায় জানান,লালমোহন ধলীগৌরনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌকিদার বাড়ি এলাকায় জাহাঙ্গীর আলমের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাকে সন্দেহজনক ভাবে আটক করা হয়।পরে তার শরীর তল্লাশি করে ৫শত গ্রাম গাঁজা পাওয়া যায়। আটককৃত ব্যক্তি মিজানুর রহমান (৩২) তজুমদ্দিন উপজেলার উত্তর চাঁচড়া এলাকার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাবিবুল্লাহর ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম বলেন, গাঁজাসহ আটক মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়াধীন।




হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর বিচারকদের হত্যার হুমকি, গ্রেপ্তার ১

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়ের পর তিন বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

ইতোমধ্যে মো. শরীফ (২০) নামে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। গ্রেপ্তার শরীফ ভোলার লালমোহন থানার ২ নম্বর ওয়ার্ডের সাতআনি এলাকার মো. হারুনের ছেলে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রসিকিউটর তানভীর জোহা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনাসহ তিন আসামির অপরাধ প্রমাণিত। দুটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।




মুশফিকের পর লিটনের সেঞ্চুরি

আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন লিটন দাস। ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরি পেয়েছেন। ১৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার।

মিরপুরে গ্যাভিন হোয়েকে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। এর আগে দিনের দ্বিতীয় ওভারে ক্যারিয়ারের ২০তম ফিফটির দেখা পেয়েছিলেন। গতকাল শেষ বিকেলে ব্যাটিংয়ে নামেন তিনি। তার ব্যাটিংয়ে বাংলাদেশ আছে দারুণ অবস্থায়।

এর আগে সবশেষ ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন লিটন দাস। ওই ইনিংসের পর বেশ কয়েকবার সেঞ্চুরির আশা জাগিয়েও শেষ পর্যন্ত তিন অঙ্ক ছুঁতে পারেননি।




তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল

বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সব্বোর্চ আদালত।

বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এ রায় ঘোষণা করেন।

বেঞ্চের অপর ৬ বিচারপতি হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।

এ রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারে অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে। প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ৭ বিচারপতি সর্বসম্মতিক্রমে এ রায় দিয়েছেন।

এর আগে গত ১১ নভেম্বর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শেষ হয়। এ বিষয়ে রায় ঘোষণার জন্য ২০ নভেম্বর দিন ধার্য করা হয়।

টানা ১০ দিন শুনানি শেষে দেশের সর্ব্বোচ আদালত ঐতিহাসিক এ মামলার রায়ের দিন ঠিক করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহামদ শিশির মনির। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, অ্যাডভোকেট মহসীন রশিদ, ব্যারিস্টার শাহরিয়ার কবির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

গত ২১ অক্টোবর নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের শুনানি শুরু হয়। এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি শেষে আপিলের অনুমতি দেওয়া হয়।

এরপর ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আপিল করেন।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট বিভাগ এ রিট খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়।

এই সংশোধনীর বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এম সলিমউল্লাহসহ অন্যরা ১৯৯৮ সালে হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল দেন। হাইকোর্টের বিশেষ বেঞ্চ চূড়ান্ত শুনানি শেষে ২০০৪ সালের ৪ আগস্ট রায় দেন।

এ রায়ের বিরুদ্ধে সরাসরি আপিলের অনুমতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০০৫ সালে আপিল করে রিট আবেদনকারীপক্ষ। এই আপিল মঞ্জুর করে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ ২০১১ সালের ১০ মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন।

ঘোষিত রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয়। ২০১১ সালের ৩ জুলাই এ–সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।

৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। অন্য চারজন হলেন- তোফায়েল আহমেদ, এম হাফিজউদ্দিন খান, জোবাইরুল হক ভূঁইয়া ও জাহরা রহমান।

আপিল বিভাগের ওই রায় পুনর্বিবেচনা চেয়ে ১৬ অক্টোবর একটি আবেদন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের ২৩ অক্টোবর আরেকটি আবেদন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

পরে নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেন আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছর একটি আবেদন করেন।