বাউফলে বালতিতে মেপে খাদ্যবান্ধব চাল বিক্রি, সুবিধাভোগীদের ক্ষোভ

পটুয়াখালীর বাউফলে খাদ্যবান্ধব কর্মসূচির চাল মিটারের পরিবর্তে বালতিতে মেপে বিক্রির অভিযোগ উঠেছে। এতে ৩০ কেজির পরিবর্তে ২৮-২৯ কেজি করে চাল পাচ্ছেন সুবিধাভোগীরা, যা নিয়ে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সূত্র জানায়, উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাড়ের বাজারে ফেয়ার প্রাইস ডিলার লিটন মৃধা নিয়ম ভঙ্গ করে বালতিতে চাল মেপে দিচ্ছিলেন। মঙ্গলবার বিষয়টি জানাজানি হলে সুবিধাভোগীরা প্রতিবাদ জানান। পরে তীব্র ক্ষোভের মুখে ডিলার চাল বিক্রি বন্ধ করে দেন। অভিযোগ রয়েছে, চাল বিতরণের সময় কোনো সরকারি কর্মকর্তা (ট্যাগ অফিসার) উপস্থিত ছিলেন না।
সুবিধাভোগী রাজ্জাক মৃধা জানান, সকাল থেকেই বালতিতে মেপে চাল দেওয়া হচ্ছিল, ফলে কেউ ২৮ কেজি, কেউ ২৯ কেজি পাচ্ছিলেন। তবে ডিলার লিটন মৃধা দাবি করেছেন, সুবিধাভোগীদের সম্মতিতে দ্রুত বিতরণের জন্য এমনটি করেছেন।
এ বিষয়ে ট্যাগ অফিসার মশিউর রহমান জানান, অভিযোগ পেয়ে ডিলারকে চাল বিক্রি বন্ধ রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার আবার মিটারে মেপে চাল বিতরণ করা হবে।
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








