ধর্ষণে অন্তঃসত্ত্বা নারীর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

র‌্যাব-৮ এর সহায়তায় ধর্ষণে অন্তঃসত্ত্বা এক নারীর দায়ের করা মামলার প্রধান আসামি আলী আকবর ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকার মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার সকালে গ্রেপ্তারকৃত আলী আকবরকে আদালতে প্রেরণ করা হবে জানিয়ে এজাহারের বরাত দিয়ে জেলার বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা জানান, উপজেলার চাখার এলাকার ইলেকট্রিক মেকার মো. আলী আকবর ফকির (৫৬) ও তার সহযোগি মাহাবুব সিকাদার স্থানীয় এক নারীকে (৩৮) বিয়ে দেওয়ার কথা বলেন।

২০২৪ সালের ৩১ অক্টোবর রাত ১০টার দিকে তারা পাত্রের সাথে দেখা করার কথা বলে ওই নারীকে উত্তর চাখার গ্রামের একটি নির্জন বাগানের পরিত্যক্ত ঘরে নিয়ে যায়।

সেখানে আলী আকবর ফকির কৌশলে গামছা দিয়ে ওই নারীর মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার সহযোগি মাহাবুব সিকদার লোকজনের গতিবিধি লক্ষ্য করে। পরে তারা ওই নারীকে বিষয়টি কারো কাছে না বলার জন্য বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে। পরেরদিন ভোরে মাহাবুব সিকদার তার ভ্যানে করে ওই নারীকে চাখার বাজারে নামিয়ে দেয়।

ওসি জানান, এ ঘটনায় ওই নারী অন্তঃসত্ত্বা হলে তিন মাস পর এ বিষয়টি পারিবারিকভাবে প্রকাশ করেন। পরবর্তীতে চলতি বছরের পহেলা ফেব্রুয়ারি ভিকটিম নারী বাদি হয়ে আলী আকবর ফকির ও তার সহযোগি ভ্যানচালক মো. মাহাবুব সিকদারকে আসামি করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

এরপর থেকে আসামিরা নিজ এলাকা থেকে আত্মগোপন করেন। পরে তাদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-৮ এর সহায়তা চাওয়া হয়। র‌্যাব-৮ এর সহায়তায় ওই মামলার প্রধান আসামি মো. আলী আকবরকে ঢাকার মিরপুর থেকে মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে গ্রেপ্তার করতে সক্ষম হন।




বরিশালে দিনে দুপুরে স্বর্ণের দোকানে চুরি, প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিল দুর্বৃত্তরা

বরিশালের বাকেরগঞ্জে বর্ষন জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে ঘটিত এ চুরির ঘটনায় প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ চুরি হয়েছে বলে দাবি করেছেন দোকানের মালিক।

ঘটনাটি ঘটে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সদর রোডে অবস্থিত বর্ষন জুয়েলার্সে, যা বাকেরগঞ্জ থানার পাশেই। চুরির সময় দোকানটি বন্ধ ছিল, আর দিনের আলোতেই থানা এলাকার কাছেই এমন ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

বর্ষন জুয়েলার্সের মালিক বিমল চন্দ্র দাস জানান, “দুপুর ২ টায় দোকান বন্ধ করে বাসায় চলে গিয়েছিলাম। বিকেলে ৪ টায় দোকান খুলে দেখি সাটারের তালা খোলা এবং শোকেস ভাঙ্গা। এতে প্রায় ২০ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি হয়ে গেছে।”

বাকেরগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম এ বিষয়ে জানান, “চুরির ঘটনা জানার পর দ্রুত পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলেন, একদিকে দিনে দুপুরে এ ধরনের ঘটনা, অন্যদিকে থানার পাশেই চুরি হওয়া, যা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার মতো।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পবিপ্রবিতে অনিয়ম: ছয় কর্মকর্তা সাময়িক বরখাস্ত, আরও ২৬ জনের বিষয়ে তদন্ত চলছে

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ছয় কর্মকর্তাকে উচ্চ আদালতের নির্দেশে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে আরও ২৬ জন কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন ছাড়া কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে তদন্ত করে অনিয়মের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্ত হওয়া কর্মকর্তারা সাময়িক বরখাস্তকালীন সময়ে কোনো বেতন-ভাতা পাবেন না।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা

বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—
১. শাওন চন্দ্র সামন্ত তনু (সাবেক উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্তের ছেলে)
2. আয়েশা সিদ্দিকা (পবিপ্রবি কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও উপ-রেজিস্ট্রার জসিম উদ্দিন বাদলের স্ত্রী)
3. মো. আরিফুর রহমান পিয়েল (পবিপ্রবি কর্মকর্তা সমিতির সভাপতি সাইদুর রহমান জুয়েলের ভাই)
4. মো. হাফিজুর রহমান (পবিপ্রবি শাখা ছাত্রলীগের সম্পাদক মেহেদী হাসান তারেকের ভাই)
5. তানভীর হাসান স্বাধীন (দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের ছেলে)
6. তাকছিনা নাজনীন (জেলা যুবলীগের সম্পাদকের স্ত্রী)

নিয়োগে অনিয়মের অভিযোগ

তদন্তে উঠে এসেছে, ২০২২ সালের ১৬ নভেম্বর ও এর আগের কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৯টি পদের বিপরীতে ২০২৩ সালের ২ ডিসেম্বর রিজেন্ট বোর্ডে ৫৮ জনকে নিয়োগ দেওয়া হয়। বিশেষ করে সেকশন অফিসার পদে যেখানে তিনজন নিয়োগ দেওয়ার কথা ছিল, সেখানে ছয়জনকে সুপারিশ করা হয়। অথচ ২০০৮ সালের ইউজিসি অনুমোদিত অর্গানোগ্রামে বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসারের পদ ছিল ৩০টি, কিন্তু বিভিন্ন সময়ে তা বাড়িয়ে ৪৮ জনকে নিয়োগ দেওয়া হয়।

হাইকোর্টের রুল ও পরবর্তী পদক্ষেপ

এক চাকরিপ্রত্যাশী শামসুল হুদা রিফাত এ বিষয়ে রিট পিটিশন করলে, ২০২৩ সালের ২৮ আগস্ট হাইকোর্ট নিয়োগের বৈধতা নিয়ে রুল জারি করে। এরপর তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, যা চলতি বছরের ফেব্রুয়ারিতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। এর ভিত্তিতে ২৭ ফেব্রুয়ারি ছয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয় এবং আরও ২৬ কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বরখাস্ত কর্মকর্তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নেওয়া হবে।

 

মো:আল-আমিন।




গলাচিপায় বাম্পার তরমুজের ফলন, কৃষকের মুখে হাসি

তরমুজ চাষে পটুয়াখালীর উপকূলীয় উপজেলা গলাচিপা ধীরে ধীরে “তরমুজের শহর” হিসেবে পরিচিতি পাচ্ছে। প্রতি বছর এখানকার নদী ও চরাঞ্চলের উর্বর মাটিতে বিপুল পরিমাণ তরমুজ উৎপাদিত হয়। এবারের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম থাকায় কৃষকরা বাম্পার ফলন পেয়েছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারীরা গলাচিপায় তরমুজ কিনতে ছুটে আসছেন, ফলে কৃষকদের আশা—এবারের বেচাকেনা সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

গলাচিপার গোলখালী, পানপট্টি, রতনদী তালতলী, চর কাজল, চর বিশ্বাসসহ বিভিন্ন এলাকায় প্রচুর তরমুজ চাষ হয়েছে। আগাম জাতের তরমুজ চাষে কৃষকরা ভালো লাভের প্রত্যাশা করছেন। ১২ বিঘা জমিতে তরমুজ চাষ করা কৃষক মো. খোকন জানান, প্রতি বিঘায় ৮৫ হাজার টাকা খরচ হলেও দেড় থেকে দুই লাখ টাকা বিক্রির আশা করছেন। অন্যদিকে, কৃষক কামাল হোসেন জানান, তিনি দেরিতে চাষ করেছেন যাতে বাজারে ভালো দাম পান, তবে সার ও কীটনাশকের উচ্চমূল্য নিয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন।

গলাচিপায় তরমুজ মৌসুম ঘিরে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। পটুয়াখালীর সবচেয়ে বড় তরমুজ ঘাট গলাচিপার আমখোলা-মুশুরীকাঠি থেকে প্রতিদিন ২০০-৩০০ ট্রাক তরমুজ দেশের বিভিন্ন বাজারে যাচ্ছে। মুশুরীকাঠি থেকে হরিদেপুর পর্যন্ত সাতটি ঘাটে প্রতিদিন ১৫০-২০০ ট্রাক তরমুজ পরিবহন করা হয়। ঘাটে শ্রমিকদের ব্যস্ততা চরমে পৌঁছেছে, যেখানে প্রতিদিন ১৫০০ শ্রমিক কাজ করছেন।

এ মৌসুমে তরমুজ ঘাটগুলোর আশপাশে গড়ে উঠেছে অস্থায়ী দোকান, হোটেল ও চায়ের দোকান। ভাসমান হোটেল ব্যবসায়ী মোসামাৎ আকলিমা বেগম জানান, প্রতিদিন ২০-২৫ কেজি চালের ভাত বিক্রি হচ্ছে। অন্যান্য ব্যবসায়ী কোহিনুর, সেফালিসহ অনেকেই ছোটখাটো হোটেল, চায়ের দোকান এবং অন্যান্য পণ্যের দোকান খুলেছেন, যা স্থানীয় অর্থনীতিকে চাঙা করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরজু আক্তার জানান, এ বছর ৮ হাজার ২৫০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, জেলায় এবার ২৮ হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে, যা গত বছরের তুলনায় ৫,০০০ হেক্টর বেশি। এ বছর গ্রেট ওয়ান, বিগ ফ্যামেলি, আনন্দ সুপার, লাকী ড্রাগনসহ বেশ কয়েকটি জাতের তরমুজের চাষ বেশি হয়েছে।

স্থানীয় কৃষকরা বলছেন, বিনিয়োগ বেশি হলেও তরমুজ চাষ লাভজনক। তারা আশা করছেন, যদি সহজ শর্তে সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়, তবে আরও বড় পরিসরে চাষ করা সম্ভব হবে। সঠিক পরিকল্পনা ও সরকারি সহায়তা পেলে গলাচিপা দেশের সবচেয়ে বড় তরমুজ উৎপাদন ও সরবরাহ কেন্দ্রে পরিণত হতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে ধ’র্ষ’ণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ

সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল চারটায় বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, বাউফল উপজেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার গোলাবাড়ী এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




র‍্যাবের যৌথ অভিযানে বাক প্রতিবন্ধী ধর্ষণ মামলার মূল হোতা আটক

ভোলার তজুমদ্দিনে বাক প্রতিবন্ধী চাচাতো বোনকে ধর্ষণ মামলার মূল হোতা মো. রনি হাওলাদার (২১) কে বাগেরহাট থেকে যৌথ অভিযান চালিয়ে আটক করেছে র‍্যাব-৬ এবং বরিশাল র‍্যাব-৮ এর ভোলা ক্যাম্পের একটি চৌকস দল।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে ভোলা র‍্যাব ক্যাম্প কমান্ডার শাহরিয়ার রিফাত (অভি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি আরও বলেন, “সম্প্রতি ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং সরকার ধর্ষকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। র‍্যাব সবসময় ধর্ষকদের গ্রেফতারে সোচ্চার।”

এ ঘটনার পর, তজুমদ্দিনে অভিযুক্ত রনি হাওলাদার তার বাক প্রতিবন্ধী চাচাতো বোন সুলতানা (২৬)-কে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। এই ঘটনার পর স্থানীয় এলাকাতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ভিকটিমের মা বুলবুল বেগম (৫২) তজুমদ্দিন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০২০) অনুযায়ী মামলা দায়ের করেন (মামলা নং-১৩)।

র‍্যাব-৬ এবং র‍্যাব-৮ এর যৌথ অভিযানে গোয়েন্দা তথ্য এবং গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড় এলাকা থেকে রনি হাওলাদারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রনি হাওলাদার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের চর কোরাড়মারা ৯ নং ওয়ার্ডের মৃত আলমগীর হোসেন হাওলাদারের ছেলে।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম”




বরগুনার ভুক্তভোগী শিশুর পরিবারকে নিরাপত্তা দিতে নির্দেশ

বরগুনায় স্কুল পড়ুয়া কিশোরীকে ধর্ষণ ও তার বাবাকে হত্যার ঘটনায় ভুক্তভোগী শিশু ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সাথে শিশুটির সার্বিক বিষয় দেখভালে একজন সমাজ সেবা অফিসার নিয়োগের আদেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেয়।

আদেশে বরগুনার ডিসি এবং এসপিকে শিশুটির পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার আছিয়ার বড় বোনকে নিরাপত্তা দিতে একজন সমাজসেবা কর্মকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছে আদালত।

গুম কমিশনের মেয়াদ বাড়লো ৩০ জুন পর্যন্তগুম কমিশনের মেয়াদ বাড়লো ৩০ জুন পর্যন্ত নতুন দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুলনতুন দল নিবন্ধনে ইসির গণবিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, হাইকোর্টের রুল

এর আগে গত ৪ মার্চ বরগুনায় সপ্তম শ্রেণির এক কিশোরীকে সিজিত রায় নামের এক বখাটের নেতৃত্বে কয়েকজন অপহরণ করে ধর্ষণ করে একদিন পরে একটি পার্কে ফেলে রেখে যায়। এই ঘটনায় কিশোরীর বাবা বরগুনা সদর থানায় সিজিত রায়সহ দুজনের নামে ধর্ষণের মামলা করেন। পরেরদিন স্থানীয় লোকজন দুজনকে ধরে পুলিশে দেন। কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে শাসাতে থাকে আসামিপক্ষ।

এরপর ১১ মার্চ কর্মস্থলে গিয়ে নিখোঁজ হন কিশোরীর বাবা। পরে তার মরদেহ মেলে বাড়ির পাশের একটি ঝোপে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সাঈদীকে জুডিশিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে: মাসুদ সাঈদী

প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘‘আমার বাবা দেলাওয়ার হোসাইন সাঈদীকে জুডিশিয়াল ও মেডিকেল কিলিং করা হয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘যারা আমার বাবার বিরুদ্ধে মিথ্যা মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়েছেন তারা অবশ্যই শাস্তি পাবেন।’’

মতবিনিময় সভায় বক্তব্য
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় পিরোজপুর সদর উপজেলা মিলনায়তনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, ‘‘জামায়াত ইসলামী আওয়ামী লীগ সরকারের সময়ের মতো সরকার বা বিরোধী দল চায় না। জামায়াত চায় দেশে জনগণের ম্যান্ডেট নেয়া সরকার ও একটি শক্তিশালী বিরোধী দল থাকুক।’’

তিনি আরও বলেন, ‘‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশের রাজনীতি, সাধারণ মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার হরণ করেছিল। আওয়ামী লীগ আমাদের নির্বাচন করতে দেয়নি। দেশের মানুষ ভোটাধিকার ও স্বাধীনতার জন্য ১৭ বছর লড়াই করেছে।’’

প্রতিহিংসার রাজনীতি নয়
মাসুদ সাঈদী আরও বলেন, ‘‘আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। যারা আমার বাবাকে হত্যা করেছে তারা আওয়ামী লীগের লোক। এখনো তারা বিভিন্ন পদে আসীন। তাদের কারণে আমরা আমাদের বাবার হত্যার সমস্ত ডকুমেন্ট হাতে পাচ্ছি না। সব ডকুমেন্ট হাতে পেলেই আমরা দোষীদের বিরুদ্ধে মামলা করবো।’’

সংগঠন নির্বাচন প্রক্রিয়া
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা পরিবারতন্ত্রে বিশ্বাসী নই। পরিবারের সিদ্ধান্তে আমরা রাজনীতি করি না। সংগঠন যাকে যোগ্য মনে করে তাকেই মনোনয়ন দেয়। জামায়াত ইসলামী আমাকে ও আমার ভাই শামীম সাঈদীকে যোগ্য মনে করে পিরোজপুরের দুটি আসনে মনোনয়ন দিয়েছে।’’

মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা
মতবিনিময় সভায় পিরোজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি মো. জহিরুল হক, পিরোজপুর পৌর আমির মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সবাইকে নিয়ে ভালো থাকতে চায় বিএনপি: আফরোজা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ‘‘বিএনপি সবাইকে নিয়ে ভালো থাকতে চায় এবং এই উদ্দেশ্যেই আমরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’’

ভুক্তভোগী পরিবারের পাশে বিএনপি মহিলা দলের সভাপতি
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১১টার দিকে বরগুনায় মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলা দায়েরের পর বাবা মন্টু চন্দ্র দাসের মরদেহ উদ্ধারের ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করেন আফরোজা আব্বাস। এ সময় তিনি বলেন, ‘‘বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এখানে এসেছি। যেকোনো নির্যাতনের ঘটনায় প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভুক্তভোগীর পাশে দাঁড়ায়। আমরা সবসময় সবার সুখ-দুঃখ ভাগ করে নিতে চাই।’’

এ সময় আফরোজা আব্বাস নির্যাতিত পরিবারটিকে নগদ অর্থ সহায়তা এবং উপহার সামগ্রী প্রদান করেন। তিনি নিরাপত্তা, পরিবারের ভরণ-পোষণ এবং মামলা পরিচালনায় সহযোগিতার আশ্বাসও দেন।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় একটি জেলের নৌকা ডুবে গেছে, এতে ১০ বছরের শিশু রায়হান মল্লিক নিখোঁজ রয়েছে।

দুর্ঘটনা ঘটেছে গৌরিপাশা এলাকায়
মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে নলছিটি উপজেলার গৌরিপাশা সংলগ্ন নদীতে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নলছিটি ফায়ার সার্ভিসের স্টেশন সাব-অফিসার মফিজুর রহমান।

নিখোঁজ রায়হান মল্লিক ওই এলাকার মো. আলী মল্লিকের ছেলে। স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে রায়হান প্রতিবেশী জেলে বিপ্লব হাওলাদারের সাথে মাছ ধরতে গিয়েছিল। জাল ফেলে অপেক্ষা করার সময় ঢাকা থেকে বরগুনাগামী একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়, ফলে নৌকাটি দুভাগ হয়ে ডুবে যায়। এ সময় বিপ্লব সাঁতরে অন্য নৌকায় উঠতে সক্ষম হলেও রায়হান নদীতে ডুবে যায়।

উদ্ধার অভিযান চলছে
নিখোঁজ রায়হান স্থানীয় একটি মাদ্রাসার নুরানি বিভাগে পড়ত। শেষ খবর পাওয়া পর্যন্ত নলছিটি ফায়ার সার্ভিস ও বরিশাল সদর দমকল বিভাগের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম