বরিশালে ডাকাত সন্দেহে গ্রেফতার ৬ ‘যাত্রী’র মুক্তি চেয়ে বিক্ষোভ

বরিশালের মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে ডাকাত সন্দেহে গ্রেফতার হওয়া ৬ ‘যাত্রী’র মুক্তি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। তারা দাবি করছেন, গ্রেফতারকৃতরা ছিলেন শুধুমাত্র যাত্রী, যাদেরকে নির্দয়ভাবে আটক করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয়রা অভিযোগ করেন, ১৯ মার্চ রাত ১০টার দিকে মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়ন সংলগ্ন তেতুলিয়া নদীতে ডাকাতি করছিল ভোলার জলদস্যুরা। তখন এলাকাবাসী বাধা দেয়ার জন্য ডাকচিৎকার করলে নৌবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু একই সময়ে, শ্রীপুর ঘাট থেকে গাগুরিয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করা একটি যাত্রীবাহী ট্রলারকে ডাকাত সন্দেহে আটক করা হয়। এতে ৬ জন নিরীহ যাত্রীকে গ্রেফতার করে নৌবাহিনী ও কোস্টগার্ড।

গ্রেফতারকৃতরা হলেন—মামুন মোল্লা, পান্নু মোল্লা, নাজমুল হাওলাদার, মো. জুয়েল শেখ, আনোয়ার হোসেন এবং আরও এক ব্যক্তি। বর্তমানে তারা ভোলা কারাগারে বন্দি আছেন এবং তাদের পরিবার অর্থসংকটে চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় বাসিন্দা আবু তালেব কাজী বলেন, “আমরা অবিলম্বে তাদের মুক্তি চাই।”

এদিকে, কোস্টগার্ড দক্ষিণ জোনের (ভোলা) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার এইচএমএম হারুন অর রশিদ জানান, ওই এলাকায় নিয়মিত ডাকাতির খবরে তাদের অভিযান চালানো হচ্ছিল। অভিযানে ৮ থেকে ১০টি ট্রলার তাদের ওপর হামলা করেছিল। এর মধ্যে একটি ট্রলার থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয় এবং তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 

 




আতঙ্কে ‘রাতের ভোটের সহযোগী’ সাবেক ডিসিরা

চন্দ্রদ্বীপ ডেস্ক : ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত তিনটি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনগুলোতে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করা ৬৬ জন জেলা প্রশাসকের (ডিসি) মধ্যে ৪৫ জনকে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং ২১ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব কর্মকর্তা এখন চরম আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

তারা বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ‘একতরফা’ ওই নির্বাচনে মোট ১৪৭টি আসনে ভোটগ্রহণ হয়। বিএনপি ও এর নেতৃত্বাধীন জোট নির্বাচন বর্জন করে। ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার শরিকরা। ওই নির্বাচন নিয়ে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ ওঠে।

২০১৮ সালের নির্বাচনের (একাদশ জাতীয় সংসদ) মধ্য দিয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জোটসঙ্গীরা ২৮৮টি আসনে জয় পায়। বিএনপি ও ঐক্যফ্রন্ট পায় মাত্র সাতটি আসন। বাকি তিনটি আসন পায় বাকি দলগুলো। এ নির্বাচনেও ক্ষমতার অপব্যবহার, জালজালিয়াতি ও আর্থিক লেনদেনের মাধ্যমে ‘দিনের ভোট রাতে করার’ অভিযোগ আনা হয়।

তিনটি নির্বাচনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে সহযোগিতা করার অভিযোগ আনা হয় ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো ৬৬ জন সাবেক রিটার্নিং অফিসারের (জেলা প্রশাসক) বিরুদ্ধে। সূত্র বলছে, নির্বাচনে অনিয়মের সহযোগিতা ছাড়াও তাদের কারও কারও বিরুদ্ধে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবমিলিয়ে সাবেক এসব ডিসি বর্তমানে চরম আতঙ্কের মধ্যে রয়েছেন
সর্বশেষ ২০২৪ সালের শুরুতে বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা গ্রহণের মাত্র ছয় মাসের মাথায় পতন হয় আওয়ামী লীগ সরকারের। গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত সরকারপ্রধান শেখ হাসিনা।




পবিপ্রবির অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু সাময়িক বহিষ্কার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) প্রশাসনিক দায়িত্বে থাকা অধ্যাপক ড. সন্তোষ কুমার বসুকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দীনের সই করা এক অফিস আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়।

সেই সঙ্গে তাকে স্থায়ীভাবে বহিষ্কারের কারণ ব্যাখ্যা করে ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ড. বসু পবিপ্রবির উদ্যান তত্ত্ব বিভাগের শিক্ষক ছিলেন এবং প্রশাসনিক দায়িত্ব পালনকালে একাধিক অনিয়মের অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, ২০২৪ সালের জুলাই বিপ্লব চলাকালে তিনি প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করার সময় আওয়ামী লীগ সরকারের পক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে থাকা পাঁচ হাজার ছাত্রকে হত্যার হুমকি দেন। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়ে, যা ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে।

এছাড়া, শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, হল থেকে জোরপূর্বক বের করে দেওয়া এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই ও এনএসআই) প্রতিবেদনের কথা বলে ভয় দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জাতীয় নিরাপত্তার স্বার্থে তাকে বহিষ্কার করা হয়েছে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

জুলাই অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদের মুখে চার আগস্ট তাকে প্রক্টর পদ থেকে অপসারণ করা হয়। পরবর্তীতে তাকে রেজিস্ট্রার পদ থেকেও সরিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে পটুয়াখালীতে বিএনপির মানববন্ধন

পটুয়াখালীর দুমকি উপজেলায় এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন।

শনিবার (২২ মার্চ) বেলা ১২টায় পটুয়াখালী ঝাউতলা মোড়ের তরুয়া চত্বরে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সদস্য মোস্তাক আহমেদ পিনু। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো. কামাল হোসেন, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঘটনার বিবরণ অনুযায়ী, ১৮ মার্চ শহীদ জসিম উদ্দীনের ১৭ বছর বয়সী কন্যা তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে পাঙ্গাসিয়া এলাকার জলিল মুন্সির ভিটা বাগানে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। প্রধান আসামি সিফাত মুন্সী ও শাকিব মুন্সী তাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পাশের বাগানে ধর্ষণ করে। এ সময় তারা ভয় দেখিয়ে নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং অভিযুক্তদের গ্রেফতার করা হয়। ভুক্তভোগীর পরিবার বিচার চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশ নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলামের সহযোগিতা কামনা করেন।

প্রসঙ্গত, গত বছর ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন শহীদ জসিম উদ্দীন। তার পরিবারের সদস্যদের ওপর একের পর এক হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি নেতারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




নববধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে মাফিয়া বেগম (১৬) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের দাবি, এটি হত্যাকাণ্ড, তবে স্বামীর পরিবার বলছে, এটি আত্মহত্যা। বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পাঞ্জুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের মা হাফিজা বেগম ও ভাই বনি আমিন জানান, প্রায় তিন মাস আগে পারিবারিকভাবে একই গ্রামের মেহেদী হাসান (২২)-এর সঙ্গে মাফিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীর নির্যাতনের শিকার হচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে মাফিয়ার ছোট বোন মারিয়া তার বোনের শ্বশুরবাড়ি গেলে দেখতে পায়, মেহেদী মাফিয়াকে মারধর করছেন। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

এরপর রাত সাড়ে ৮টার দিকে মেহেদী শ্বশুর হারিছকে ফোন করে জানান, মাফিয়া গলায় ফাঁস দিয়েছেন। দ্রুত পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিলে চিকিৎসকরা কলাপাড়া হাসপাতালে পাঠান। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দীর্ঘদিন ধরে স্বামীর নির্যাতনের শিকার হয়ে আসছিলেন মাফিয়া। তবে মেহেদীর পরিবারের দাবি, তিনি ঘরের দোতলায় গিয়ে আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গাজার ক্যানসার হাসপাতাল ধ্বংস করে দিলো ইসরায়েল




পাঁচ লাখ গাজাবাসীকে আশ্রয় দেওয়ার দাবি অস্বীকার মিসরের




কালিশুরীতে বিএনপির নতুন সদস্য এনামুলকে ঘিরে বিতর্ক, নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ

পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নে বিএনপির সদস্য পদ পাওয়া এনামুল হাসান সিকদারকে ঘিরে স্থানীয় রাজনীতিতে উত্তেজনা বিরাজ করছে। ১৫ মার্চ তিনি ইউনিয়ন বিএনপির কমিটিতে সদস্য পদ পেলেও, দুই দিন আগে ঘটা করে উৎসব পালন করায় বিষয়টি আলোচনায় আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হাসান সিকদার একসময় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। ৫ আগস্ট রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর কিছুদিন আড়ালে থাকার পর এবার তিনি বিএনপির ইউনিয়ন সদস্য পদ লাভ করেন। তবে এই পদপ্রাপ্তি নিয়ে দলটির একাংশে অসন্তোষ দেখা দিয়েছে।

তথ্য অনুযায়ী, এনামুল কালিশুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান নেছার উদ্দিন শিকদারের চাচাতো ভাই এবং জেলা বিএনপির সভাপতি কাজী আলমগীরের আত্মীয়। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার করে তিনি স্থানীয় ব্যক্তিদের জমি দখলসহ বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন।

বিএনপির একাধিক নেতা অভিযোগ করেন, এনামুল অতীতে কখনো বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। বরং ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি নৌকা প্রতীকের এজেন্ট ছিলেন। এরপরও ১৫ মার্চ তাকে কালিশুরী ইউনিয়ন বিএনপির সদস্য পদ দেওয়া হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা ও সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ স্বাক্ষরিত পত্রে তার সদস্যপদ অনুমোদন করা হয়।

এনামুলের সদস্যপদ পাওয়ার পর ১৭ মার্চ নিজের বাড়িতে খাসি জবাই করে বড় আয়োজনের ভোজের ব্যবস্থা করেন তিনি। তবে এতে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কোনো গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত ছিলেন না।

বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, “ইউনিয়নের নেতাদের সুপারিশের ভিত্তিতেই এনামুলকে সদস্য করা হয়েছে। তবে তার বিষয়ে বিস্তারিত জানতাম না।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাসের টিকিটে বাড়তি টাকা আদায়, কাউন্টারম্যান চাইছেন বকশিশ!

চন্দ্রদ্বীপ ডেস্ক : ঈদ উপলক্ষ্যে বাসের ভাড়া বৃদ্ধি ও অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা যেন নিয়মে পরিণত হয়েছে। প্রতিবছরই এমন অভিযোগ আসে বাসের নিয়মিত যাত্রীদের থেকে। এবারও তার ব্যতিক্রম হয়নি, যেখানে কাউন্টারম্যান একাধিকবার বকশিশ দাবি করছেন। এ ছাড়া ঢাকা-উত্তরবঙ্গ রুটের এসি বাসগুলোতে গত মাসের তুলনায় ৭০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে।

সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় প্রতিবারই এ ধরনের ভাড়া নৈরাজ্য রোধের আশ্বাস দিলেও বাস্তব পরিস্থিতি তার বিপরীত। বিশেষ করে উত্তরবঙ্গের রুটগুলোতে বাস ভাড়া বৃদ্ধি ক্রমবর্ধমান সমস্যার সৃষ্টি করেছে, যেখানে সরকারি তদারকির দাবি জানিয়েছেন যাত্রীরা।

এদিকে এসি বাসের ভাড়া বৃদ্ধির বিষয়ে বিভিন্ন নামি-দামি বাসের মালিকরা আঙুল তুলছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দিকে। এসি বাসের ভাড়া সরকার নির্ধারিত না হওয়ায় ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন মালিকরা।

উত্তরবঙ্গে ঈদযাত্রায় এবারও ভোগান্তির আশঙ্কা
ঢাকা থেকে ঈদযাত্রায় ভোগাতে পারে ৫ মহাসড়ক
পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ করতে আগামী ২৯ মার্চ ঢাকা থেকে চট্টগ্রাম যাবেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জুবায়ের আহাম্মেদ। সেই মোতাবেক গত ১৩ মার্চ বাস কোম্পানি সৌদিয়ার নদ্দা কাউন্টার থেকে ইকোনোমি এসি বাসের দুটি আসনের টিকিট সংগ্রহ করেন। আসন প্রতি ৯৫০ টাকা করে মোট ভাড়া আসে ১৯০০ টাকা।
২০০০ টাকা দিলে কাউন্টারম্যান টাকা ফেরত না দিয়েই আপত্তি জানিয়ে জুবায়েরকে বলেন, ভাই ঈদ বকশিশ দেবেন না? তখন জুবায়ের বলেন, ঠিক আছে ১০০ টাকা আপনি রেখে দেন। তখন কাউন্টারম্যান বলেন, এটা তো পরিবহনের বকশিশ। আমারটা দেবেন না? পরে জুবায়ের বাধ্য হোন আরও ৫০ টাকা দিতে।

একই উপলক্ষ্যে আগামী ২৯ মার্চ ঢাকা থেকে রাজশাহী যাবেন গোলাম মুর্তজা। তিনি হানিফ এন্টারপ্রাইজের কেটিসি হানিফের বিজনেস ক্লাস বাসের প্রতি আসনের টিকিট সংগ্রহ করেন ১৮০০ টাকা করে। মুর্তজা ঢাকা পোস্টকে বলেন, একই বাসে আমি গত মাসে রাজশাহী গিয়েছি প্রতি আসনের ভাড়া ১১০০ টাকা দিয়ে। গত ১০ দিন আগের যাত্রায়ও এই বাসের ভাড়া ১১০০ টাকা ছিল। এখন সেখানে ৭০০ টাকা বেড়ে গিয়েছে কোনও কারণ ছাড়াই। বাধ্য হয়ে এখন বেশি দামে টিকিট সংগ্রহ করতে হচ্ছে।




বিশ্বকাপ বাছাইসহ টিভিতে যেসব ম্যাচ দেখবেন আজ

চন্দ্রদ্বীপ ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ (শুক্রবার) ভোরে মুখোমুখি হয়েছে ব্রাজিল ও কলম্বিয়া। রয়েছে ইংল্যান্ডের ম্যাচও। ক্রিকেটে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ খেলবে নিউজিল্যান্ড–পাকিস্তান।

ফুটবল
ফিফা বিশ্বকাপ বাছাই
ব্রাজিল–কলম্বিয়া
সকাল ৬–৪৫ মি., স্পোর্টজেডএক্স অ্যাপ

ইংল্যান্ড–আলবেনিয়া
রাত ১–৪৫ মি., সনি স্পোর্টস টেন ২

পোল্যান্ড-লিথুয়ানিয়া
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস টেন ৫

ক্রিকেট
মেয়েদের ১ম টি–টোয়েন্টি
নিউজিল্যান্ড–অস্ট্রেলিয়া
সকাল ৭–৪৫ মি., সনি স্পোর্টস টেন ৫

ঢাকা প্রিমিয়ার লিগ
মোহামেডান–গুলশান
সকাল ৯টা, টি স্পোর্টস

প্রাইম ব্যাংক–শাইনপুকুর
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব

আবাহনী–গাজী গ্রুপ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব

৩য় টি–টোয়েন্টি
নিউজিল্যান্ড–পাকিস্তান
দুপুর ১২–১৫ মি., সনি স্পোর্টস টেন ৫