লালমোহনে খাল খনন বন্ধ, দখলদারদের সুবিধা দেওয়ার অভিযোগ

ভোলার লালমোহনে খাল খনন নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। খাল খননের কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান দ্বারা দায়সারা ভাবে চলানো হচ্ছে এবং প্রভাবশালী ব্যক্তিদের সুবিধা দিতে খাল খনন বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, কিছু জায়গায় খাল খনন ঠিকমত হলেও অনেক জায়গায় প্রভাবশালীদের কারণে খাল খননের কাজ বন্ধ রাখা হয়েছে।

লালমোহন পৌরসভার হাসপাতাল থেকে খাদ্যগুদাম পর্যন্ত খাল খনন শুরু হলেও প্রভাবশালী অবৈধ দখলদারদের কারণে কাজ বন্ধ রয়েছে। দখলদাররা খাল দখল করে ঘর নির্মাণ করায় খাল খনন কাজ থমকে গেছে। অভিযোগ রয়েছে যে, খাল খননের ঠিকাদারী প্রতিষ্ঠান মোটা অংকের চাঁদা নিয়ে দখলদারদের সঙ্গে সমঝোতা করে কাজ বন্ধ রেখেছে। এমনকি, কিছু জায়গায় খাল কাটা হলেও সেটি একেবারে নিয়মবহির্ভূতভাবে এবং অর্ধেক কাজ করেই থামানো হয়েছে।

খাল কাটা পাড়ের বাসিন্দারা অভিযোগ করেছেন, হাসপাতাল এলাকা থেকে খাল খনন শুরু হওয়ার পর তাদের বাড়ি উচ্ছেদ করা হলেও বর্তমানে দখলকারীরা খাল খনন থামিয়ে দেওয়ার কারণে তাদের বাড়ি এখন আর উচ্ছেদ করা হচ্ছে না। অনেক স্থানে খাল কাটা হলেও কাজ অসমাপ্ত রয়েছে এবং দখলকারীরা ঘর মেরামত করতে শুরু করেছে।

লালমোহন পানি উন্নয়ন উপ-বিভাগের (বাপাউবো) সূত্রে জানা গেছে, পুরো এলাকায় ১৯ কিলোমিটার খাল খনন করার পরিকল্পনা রয়েছে। তবে, যেসব জায়গায় খাল খনন বন্ধ রয়েছে, সেগুলোতে প্রভাবশালীদের কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। খাল খননের ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাজুল ইসলাম জানায়, মাটি নরম হওয়ায় কিছু জায়গায় কাজ বন্ধ রাখা হয়েছে এবং অন্য জায়গায় খনন চলছে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ জানিয়েছেন, খাল খনন বন্ধের বিষয়ে অফিসিয়ালভাবে কোন কিছু জানানো হয়নি। তবে, তিনি পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে বলেছেন। তিনি আরো বলেন, খাল খনন কাজ দ্রুত শেষ করতে হবে যাতে বর্ষার আগেই কাজ সম্পন্ন হয়।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে ১৬ হাজার টাকার জাল নোটসহ কারবারী গ্রেপ্তার

বরিশালে ১৬ হাজার টাকার জাল নোটসহ একজন কারবারী গ্রেপ্তার হয়েছে। শনিবার বিকেলে নগরীর পুরানপাড়ার মতাশা এলাকায় ক্রেতা সেজে দোকানদারকে জাল নোট দেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোর্পদ করেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আশ্রাফুল আলম (৪৫), তিনি গৌরনদী উপজেলার শাহাজিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয়দের তথ্য মতে, তার কাছে ৩০ হাজার টাকার জাল নোট ছিল। আটকের আগেই ১৪ হাজার টাকার জাল নোট দিয়ে বিভিন্ন দোকানদারের কাছ থেকে পণ্য ক্রয় করেছিলেন তিনি। পরে তাকে এক হাজার টাকার ১৬টি জাল নোটসহ আটক করা হয়।

ওসি নাজমুল নিশাত জানিয়েছেন, আশ্রাফুল আলম নগরীর মতাশা এলাকায় এক নারীর দোকানে গিয়ে এক হাজার টাকার একটি জাল নোট দিয়ে পণ্য কিনতে চেয়েছিল। নোটটি সন্দেহজনক মনে হলে দোকানদার স্থানীয়দের জানায়। এরপর স্থানীয়রা নিশ্চিত হয় যে, এটি জাল নোট এবং তারা আশ্রাফুলকে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আশ্রাফুল আলমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ঝালকাঠিতে ২১ লাখ টাকার অবৈধ সিগারেট জব্দ

ঝালকাঠি শহরের বরিশাল-পিরোজপুর মহাসড়কের জেলা সমাজসেবা কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ ২১ লাখ টাকা মূল্যের ৩৫ কার্টন অবৈধ সিগারেট জব্দ করেছে। ২৩ মার্চ ২০২৫, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় তারা ৩ লাখ ৫০ হাজার শলাকা কিংস ব্রান্ডের দেশি সিগারেট জব্দ করে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র এবং কিছু ডিলার ঝালকাঠি জেলার বিভিন্ন উপজেলায় সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে, জাল ব্যান্ডরোল লাগিয়ে অবৈধ সিগারেট বিক্রি করে আসছিল। এসব সিগারেটের চালান কপি ছিল না এবং তারা নকল সিগারেট বিক্রি করে সরকারের রাজস্ব আয়ের ক্ষতি করছিল।

ঝালকাঠি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার মো. লিয়াকত আলী জানিয়েছেন, “অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে অবৈধ বিড়ি-সিগারেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। কাস্টমস বিধি অনুযায়ী অবৈধ সিগারেট জব্দ দেখিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ঈদে আমতলী-ঢাকা নদী পথে চালু হবে ৪টি লঞ্চ

বরগুনার আমতলী থেকে ঢাকা নদী পথে লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে ঈদ উপলক্ষে। আগামী ২৬ মার্চ থেকে এই রুটে পর্যায়ক্রমে ৪টি লঞ্চ চলাচল শুরু করবে। লঞ্চ কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ এক বছরের বিরতির পর আবারও এই রুটে লঞ্চ সার্ভিস চালু হতে যাচ্ছে। ২০২২ সালে পদ্মা সেতুর উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলে লঞ্চগুলো যাত্রী সংকটে পড়েছিল, ফলে আমতলী-ঢাকা নদী পথে লঞ্চ সার্ভিস বন্ধ হয়ে যায়। তবে ঈদ এলেই এই রুটে লঞ্চ সার্ভিস সাময়িকভাবে চালু হয়। এবারও ঈদের সময় আমতলী-ঢাকা পথে লঞ্চ সার্ভিস চালু হবে। এমভি সুন্দরবন-৭, এমভি ইয়াদ-৭, এমভি ইয়াদ-৩ ও এমভি শরীয়তপুর-৩ এই ৪টি লঞ্চ চলাচল করবে বলে নিশ্চিত করেছেন লঞ্চ মালিকরা।

লঞ্চ মালিক ইয়াদ ৭ লঞ্চের মালিক মামুনুর রহমান জানান, ঈদে যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক পরিবহন সেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উপ-পরিচালক মো. কামরুল ইসলাম বলেন, “গাড়িতে যাতায়াত অনেক ঝুঁকিপূর্ণ, তাই লঞ্চে যাওয়া নিরাপদ ও আরামদায়ক। ঈদ উপলক্ষে লঞ্চ সার্ভিস চালু হওয়ার খবরে আমি গ্রামে যাওয়ার পরিকল্পনা করছি।”এমভি ইয়াদ-৩ লঞ্চের কেবিন ইনচার্জ মো. রাহাত তালুকদার জানান, ঈদ উপলক্ষে লঞ্চ সার্ভিস চালু হওয়ার পর কেবিন বুকিং শুরু হয়েছে, তবে যাত্রীদের চাপ এখনো কম। ঈদের কাছাকাছি সময় যাত্রীর চাপ বাড়বে বলে তিনি আশাবাদী।

বরগুনা বিআইডব্লিউএ’র সহকারী পরিচালক নির্মল কুমার রায় বলেন, লঞ্চ সার্ভিস চালু সম্পর্কে তারা অবহিত আছেন এবং যাত্রীদের সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম 




ভোলায় বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের সংঘর্ষ, আহত ১১

ভোলার মনপুরা উপজেলায় ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণের সময় বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে ২৩ মার্চ ২০২৫, রোববার দুপুরে মনপুরা উপজেলার বাংলাবাজার সংলগ্ন ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে।

এদিন সকাল সাড়ে ১০টা থেকে ইউপি প্রশাসকের উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রম শুরু হয়। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গরিব-দুস্থদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ করা হয়। কিন্তু স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, ইউপি পরিষদে বিতরণের সময় পক্ষপাতিত্ব করা হচ্ছে। এই অভিযোগ নিয়ে ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন। তাদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাগবিতণ্ডা শুরু হলে, তা সহিংস সংঘর্ষে রূপ নেয়।

ঘটনায় আহত ১১ জনের মধ্যে আছেন- মো. নোমান, রাসেল, কাওছার, মহিউদ্দিন, রাফি, আব্বাস, রুবেল, মিজান, সাব্বির, রুবেল ও মামুন। আহতদের মধ্যে কিছুজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মনপুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবির জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছানোর পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মনপুরা উপজেলা সমবায় কর্মকর্তা ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. নাছির উদ্দিন জানিয়েছেন, তাদের জন্য ১৫০০ হতদরিদ্র মানুষের জন্য চাল বরাদ্দ ছিল। কিন্তু নানা রাজনৈতিক দলের পক্ষ থেকে অনিয়মের অভিযোগ উঠলে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরের পর থেকে আবারও চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

মো: তুহিন হোসেন,




বাউফলে ভিজিএফের চাল বিতরণে জেলেদের ওপর হামলার অভিযোগ

পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের সময় জেলেদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত তিনজন আহত হন, যার মধ্যে আল-আমিন (৩৫) নামের এক জেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ মার্চ) দুপুরে ধুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হামলার সময় এক সংবাদকর্মী ভিডিও ধারণের চেষ্টা করলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধুলিয়া ইউনিয়ন পরিষদে সকাল ৯টা থেকে নিবন্ধিত ১ হাজার জেলের মধ্যে ফেব্রুয়ারি ও মার্চ মাসের জন্য বরাদ্দকৃত ৮০ কেজি করে চাল বিতরণ শুরু হয়। দুপুরের দিকে আল-আমিনসহ কয়েকজন চাল আনতে গেলে তাদের প্রত্যেককে ৫০ কেজির একটি বস্তা দেওয়া হয়। তারা ৮০ কেজি দাবি করলে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেকের নেতৃত্বে ১৫-২০ জন জেলেদের ওপর হামলা চালায়।

আহত আল-আমিন জানান, চাল বিতরণের খরচের নামে প্রতিটি জেলের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হয়েছে, যা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মেম্বারদের মাধ্যমে আদায় করা হয়। তিনি দাবি করেন, প্যানেল চেয়ারম্যান জহির উদ্দিনের নির্দেশেই এই টাকা নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান জহির উদ্দিন বলেন, পরিষদের সামনে হয়তো ব্যক্তিগত কোনো কারণে মারামারি হয়েছে, তবে চাল বিতরণে কোনো অনিয়ম হয়নি। বরাদ্দকৃত চাল যথাযথভাবে বিতরণ করা হয়েছে, আর জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেক অভিযোগ অস্বীকার করে বলেন, “এটি সম্পূর্ণ ভিত্তিহীন। জেলেরা নিজেরাই মারামারি করেছেন।”

সাংবাদিকের মোবাইল নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, “সেটি দুষ্টামির ছলে নেওয়া হয়েছিল এবং পরে ফেরত দেওয়া হয়েছে।”

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার বলেন, “আমি চাল বিতরণের সময় সেখানে ছিলাম, কোনো অনিয়ম চোখে পড়েনি। তবে প্যানেল চেয়ারম্যান এ বিষয়ে ভালো বলতে পারবেন।”

বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, “এ ধরনের কোনো অভিযোগ পাইনি।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




জুয়া-পর্নোগ্রাফির সাইট বন্ধে সরকারকে শক্ত অবস্থান নেওয়ার দাবি




৫০ কোটি টাকায় কুকুর কিনলেন যুবক, উলফডগের কেন এত দাম?




ড. ইউনূস-মোদি বৈঠক বিবেচনাধীন আছে, বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী




ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ কর্মকর্তা নিহত