মানুষ দেখতে পারে কোন দল কথা রেখেছে’

চন্দ্রদ্বীপ ডেস্ক : জার্মান পত্রিকা দের স্পিগেলের সঙ্গে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) এটি প্রকাশ করা হয়েছে। এই সাক্ষাৎকারে জুলাই অভ্যুত্থান, সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ, শেখ হাসিনার দুঃশাসন, সংস্কার প্রস্তাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন তিনি।

এরমধ্যে সংস্কার প্রস্তাবনা নিয়ে দের স্পিগেলের সাংবাদিক লরা হোফলিঙ্গার তাকে জিজ্ঞেস করলে বিষয়টি সম্পর্কে বিস্তারিত কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, বিভিন্ন বিষয়ে সংস্কার প্রস্তাব করা হয়েছে। যেগুলো রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে এবং তাদের সংস্কার বিষয়ে ‘সম্মত’, ‘অসম্মত’, অথবা ‘পরিবর্তনসহ সম্মত’ এ তিনটি উত্তর দিতে বলা হবে। এরমাধ্যমে দলগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি নেওয়া হবে এবং সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যেন সাধারণ মানুষ দেখতে পারেন কারা কথা রেখেছে আর কারা রাখেনি। এছাড়া এটি ‘জুলাই সনদ’ হিসেবেও স্বীকৃতি পাবে বলে জানান ড. ইউনূস।

তাকে প্রশ্ন করা হয়— “(সাবেক প্রধানমন্ত্রী) হাসিনা ও তার দল ২০০৯ সালে সুষ্ঠু নির্বাচনের পর ক্ষমতায় এসেছিল। তবে পরবর্তী সরকার যেন (হাসিনা ও আ. লীগের মতো স্বৈরাচার না হতে পারে) রাষ্ট্রকে অবমূল্যায়ন না করতে সেজন্য আপনি ১৫টি সংস্কার কমিশন তৈরি করেছেন। যেগুলো নজর দিচ্ছে বিচার বিভাগ, নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন এবং অন্যান্য বিষয়গুলোর ওপর। এখন পর্যন্ত কতগুলো সংস্কার কার্যকর করা হয়েছে।”




ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের নতুন মেয়র ঘোষণা

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে আদালত শেখ ফজলে নূর তাপসের মেয়র পদ বাতিল করেছে। সেই সাথে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে।রায় ঘোষণার বিস্তারিত

বৃহস্পতিবার (২৭ মার্চ) ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. নুরুল ইসলাম নির্বাচনী ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন, যিনি বিজয় মিছিলও করেছেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারির সিটি নির্বাচনে অনিয়ম, দুর্নীতি এবং অগ্রহণযোগ্যতার অভিযোগে ইশরাক হোসেন ২০২০ সালের ৩ মার্চ নির্বাচন ও ফল বাতিল চেয়ে মামলা করেছিলেন। মামলায় মোট আটজনকে বিবাদী করা হয়, এর মধ্যে ছিলেন তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন, এবং দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ইশরাক হোসেনের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, “অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্যতার অভিযোগে আমরা নির্বাচন বাতিল চেয়ে মামলা করেছিলাম। আদালত আজ আমাদের পক্ষে রায় দিয়েছেন এবং ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছেন।”

২০২০ সালের সিটি নির্বাচনে ঢাকা উত্তরে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম এবং দক্ষিণে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে, তাদের শপথ গ্রহণের পর সরকার পতনের পর তাদের মেয়র পদ থেকে বহিষ্কার করা হয়।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ৫ ডাকাত আটক

ভোলা জেলার তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে ৫ ডাকাত আটক করা হয়েছে। বুধবার গভীর রাতে এই অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে ৭টি আগ্নেয়াস্ত্র, ৪ রাউন্ড গোলা এবং ৪টি রকেট প্লেয়ার উদ্ধার করা হয়।

আজ (২৭ মার্চ) কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ ভোলা খেয়াঘাট সড়কে কোস্টগার্ড বেইসে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল এলাকায় অভিযান চালিয়ে সালাউদ্দিন বাহিনীর ৫ সদস্যকে আটক করা হয়।

আটক ডাকাতরা হলেন- মোঃ হারুন দফাদার (৫০), মোঃ রুবেল (২৬), মোঃ কবির মাঝি (৪৭), মো. ইউনুস (৩৬) এবং মোঃ ফেরদৌস ওরফে হেজু (৪০)। তারা সবাই চর মোজাম্মেল এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ভোলার মেঘনা নদীতে জলদস্যুতা করে আসছিলো বলে জানিয়েছে কোস্টগার্ড।

আটক ডাকাতদের ও জব্দকৃত অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তজুমদ্দিন থানায় হস্তান্তর করা হয়েছে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালের এ.কে স্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে আজিজুর রহমান মামুন

বরিশাল নগরীর ঐতিহ্যবাহী এ.কে স্কুলের এডহক কমিটির নতুন সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আজিজুর রহমান মামুন। বরিশাল শিক্ষা বোর্ডের প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিধিমালা অনুসারে, এই কমিটিকে ছয় (৬) মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

এডহক কমিটির সভাপতি হিসেবে আজিজুর রহমান মামুনের নাম ঘোষণা করা হলেও, কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন—পদাধিকারবলে প্রধান শিক্ষক, সদস্য সচিব আবুল কালাম অভিভাবক প্রতিনিধি, এবং শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন মামুন হাওলাদার।

আজিজুর রহমান, এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। নতুন সভাপতি তার বক্তব্যে বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ নিশ্চিত ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি। একক প্রচেষ্টায় কিছুই সম্ভব নয়, সুতরাং সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।” তিনি আরও বলেন, “বরিশাল নগরীর ঐতিহ্যবাহী এ.কে স্কুলের শিক্ষা কার্যক্রম সার্বিকভাবে এগিয়ে নিয়ে যেতে আমি সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আমতলীতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল সাতটি দোকান

আমতলী উপজেলার মাইঠা বাজারে বুধবার (২৬ মার্চ) মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। তবে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন।

অগ্নিকাণ্ডটি শুরু হয় মাইঠা বাজারের ব্যবসায়ী মিলন গাজীর মুদি দোকান থেকে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। শেষ পর্যন্ত সাতটি দোকান পুড়ে যায়। দোকানগুলোর মধ্যে রয়েছে মুদি, ইলেকট্রনিক্স ও অন্যান্য ব্যবসা। স্থানীয় ফায়ার সার্ভিস ও এলাকাবাসী দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের মধ্যে মিলন গাজী, ফেরদৌস খন্দকার, রুহুল আমিন খন্দকার, ফারুক মোল্লা, জব্বার খন্দকার, নাজমুল আহসান এবং মন্নান খন্দকার রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ডাকাডাকি শুনে তাঁরা বাজারে এসে আগুন দেখতে পান, এবং পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

দোকান মালিক মিলন গাজী কান্নাজনিত কণ্ঠে বলেন, “আমার সব কিছু পুড়ে গেছে। জীবনের প্রতিটি সঞ্চয় এখানে ছিল। এখন কোনরকমে ঈদ পালন করা তো দূরের কথা, কিছুই রইল না।” ইলেকট্রনিকস ব্যবসায়ী রুহুল আমিন খন্দকার বলেন, “একমাত্র এ দোকানেই জীবন-যাপন করছিলাম। এখন এক নিমিষেই সব শেষ হয়ে গেছে। অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

আমতলী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হানিফ জানান, বৈদ্যুতিক শট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, “ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে সহায়তা প্রদান করা হবে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




শবেকদরের নেয়ামত লাভের উপায়

রমজান মাস পুরোপুরি রহমত ও ক্ষমার মাস। তবে এর মধ্যে রয়েছে বিশেষ এক মহিমান্বিত রজনী, যাকে লাইলাতুল কদর বলা হয়। আল্লাহ তাআলা এ রাতের ব্যাপারে বলেন, “কদর রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ। সেই রজনীতে ফেরেশতাগণ ও রূহ অবতরণ করেন প্রত্যেক কাজে তাদের রবের অনুমতিক্রমে। শান্তিই শান্তি, সেই রজনী সুবহে সাদিক উদিত হওয়া পর্যন্ত।” – সূরা কদর: ৩-৫

এ রাতে আল্লাহর দেওয়া মহা নেয়ামত ও পুরস্কার লাভের জন্য আমাদের সবাইকে সচেষ্ট হতে হবে। নবী করিম (সা.) বলেন, “যে ব্যক্তি ঈমান ও ইহতিসাব তথা আল্লাহর প্রতি বিশ্বাস এবং সওয়াব প্রাপ্তির আশায় লাইলাতুল কদরে কিয়াম (নামাজ-ইবাদত-বন্দেগি) করবে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে।” – সহিহ বোখারি: ২০১৪

এ রাত থেকে বঞ্চিত হওয়া বড় বঞ্চনা
আল্লাহ ও তার প্রিয় রাসূল (সা.) থেকে এত বড় খোশখবরী পাওয়ার পরও এ রাতের রহমত ও ক্ষমা লাভের চেষ্টা না করা অনেক বড় বঞ্চনার বিষয়। হজরত আনাস (রা.) বলেন, “রমজান এলে নবীজী (সা.) বলতেন, ‘এই মহিমান্বিত মাস উপস্থিত। তাতে একটি রজনী রয়েছে, যা হাজার মাস অপেক্ষা উত্তম। যে ব্যক্তি এর কল্যাণ ও বরকত থেকে বঞ্চিত হলো, সে যেন সকল কল্যাণ থেকেই বঞ্চিত হল।’” – সুনানে ইবনে মাজাহ: ১৬৪৪

শবেকদর কিভাবে মিলতে পারে?
নবী করিম (সা.) আমাদেরকে শবেকদর লাভের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, “তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো।” – সহিহ বোখারি: ২০২০

অন্য এক বর্ণনায় এসেছে, “তোমরা শেষ দশকের বেজোড় রাতগুলোতে কদর অন্বেষণ করো।” – সহিহ বোখারি: ২০১৬

শবেকদরের ন্যূনতম ফজিলত থেকে যেন বঞ্চিত না হই
মুমিনের কর্তব্য হলো, কদর রজনীর পূর্ণ সম্মান ও মূল্যায়ন করা। অন্তত এ রাতে গাফেল না থাকা। রমজান মাসের ফরজ নামাজগুলো জামাতে আদায় করার মাধ্যমে কদর রজনীর ন্যূনতম কদর হতে পারে। হাদিসে এসেছে, “যে ব্যক্তি এশার নামাজ জামাতে আদায় করল, সে যেন অর্ধ রজনী কিয়াম করল। আর যে ব্যক্তি ফজরের নামাজও জামাতে আদায় করল, সে যেন পূর্ণ রাত নামাজ পড়ল।” – সহিহ মুসলিম: ৬৫৬

শবেকদরে কোন দোয়া করবেন
আম্মাজান হজরত আয়েশা (রা.) নবীজীকে জিজ্ঞাসা করেছিলেন, “ইয়া রাসূলাল্লাহ, যদি আমি জানতে পারি, আজ লাইলাতুল কদর, তাহলে আমি কোন দোয়া করতে পারি?” নবী করিম (সা.) তাকে বললেন, “তুমি বলবে- উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন, তুহিব্বুল আফওয়া ফা-ফু আন্নি।
অর্থ: “আয় আল্লাহ! আপনি অত্যন্ত ক্ষমাশীল। আপনি ক্ষমা করতেই ভালোবাসেন। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।” – জামে তিরমিজি: ৩৫১৩

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




পটুয়াখালীতে কলেজ শিক্ষার্থী ধর্ষণ মামলায় এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর

পটুয়াখালীর দুমকীতে কলেজ শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নিলুফার শীরিন এ আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুমকী থানার উপপরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম গত ২২ মার্চ দুই আসামির তিন দিনের রিমান্ডের আবেদন করেন।

আজ শুনানিতে অংশ নেন—

  • জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মজিবুর রহমান
  • নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. রুহুল আমিন সিকদার
  • রিমান্ড আবেদনের পক্ষে আরও ৮ জন আইনজীবী
  • আসামিদের পক্ষে আইনজীবী শামীম হোসেন জামিন আবেদন করেন

শুনানি শেষে আদালত ১৭ বছর বয়সী এক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান
  • ১৮ মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে ফেরার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন শিক্ষার্থী
  • ধর্ষণের সময় নগ্ন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়
  • ২০ মার্চ দুপুরে ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেন, যা সন্ধ্যায় মামলা হিসেবে রুজু হয়।

গ্রেপ্তার ও পরবর্তী পদক্ষেপ

  • ১৭ ও ১৯ বছর বয়সী দুই আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
  • ২০ মার্চ প্রথম আসামি গ্রেপ্তার হলে বিক্ষোভ শুরু হয়।
  • ২১ মার্চ দ্বিতীয় আসামিকে পিরোজপুরের নাজিরপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ।
  • আসামিদের যশোর শিশু সংশোধনাগারে পাঠানো হয়

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. রুহুল আমিন সিকদার রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



আ. লীগের আমলে নিপীড়িতদের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আওয়ামী লীগের আমলে যারা লুটপাটের রাজনীতি করে, তাদের কাছে চব্বিশ কোনো স্বাধীনতা নয়। তবে গত ১৫ বছরে শেখ হাসিনার নিপীড়নের শিকার হওয়া জনগণের কাছে চব্বিশ দ্বিতীয় স্বাধীনতা।”

তিনি বৃহস্পতিবার (২৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে মোদি বিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি এবং বিচারের দাবিতে আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, “বিগত আওয়ামী লীগ সরকার ভারতীয় স্বার্থ রক্ষা করেছে এবং তাদের খুশি করার জন্য নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, তবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে।” তিনি আরও বলেন, “সীমান্ত হত্যার আজও কোনো সুরাহা হয়নি, এবং পানির ন্যায্যতা আমরা পাইনি। বাংলাদেশের জনগণের অধিকার আদায় করতে হবে।”

তিনি আরও বলেন, “পিলখানা হত্যাকাণ্ড, মোদিবিরোধী আন্দোলন এবং জুলাই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত। এসবের বিচার নিশ্চিত করতে হবে, কারণ যদি এখন বিচার না হয়, তবে ভবিষ্যতে এর আর কোনো সুযোগ থাকতে পারে না।”

সংখ্যালঘুদের প্রসঙ্গে তিনি বলেন, “ভারতে সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানাই। দেশটির মিডিয়া ৫ আগস্ট পরবর্তী গুজব ছড়াচ্ছে এবং এসবের পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম


 




কলাপাড়ায় খেয়া পারাপারে অতিরিক্ত ভাড়া, যাত্রীদের ভোগান্তি চরমে

পটুয়াখালীর কলাপাড়ার তেগাছিয়া-সোনাতলা খেয়াঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। গণঅভ্যুত্থানের আট মাস পেরিয়ে গেলেও এখানকার যাত্রীদের জিম্মিদশার অবসান হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ম অনুযায়ী জনপ্রতি পাঁচ টাকা নেওয়ার কথা থাকলেও দিনে কমপক্ষে ১০ টাকা আদায় করা হচ্ছে। রাতের বেলায় সেই ভাড়া আরও দ্বিগুণ বা তিনগুণ পর্যন্ত নেওয়া হয়। মোটরসাইকেল পারাপারের ক্ষেত্রে ৪০-৫০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে, যা সাধারণ যাত্রীদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।

খেয়ার চালকদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে ৫০০ যাত্রী এ ঘাট দিয়ে পারাপার হন। অতিরিক্ত ভাড়া হিসাবে দৈনিক অন্তত আড়াই হাজার টাকা বেশি আদায় করা হচ্ছে। ফলে মাসে ৭৫ হাজার এবং বছরে প্রায় ৯-১০ লাখ টাকা চাঁদার মতো আদায় করছে একটি চক্র।

ভুক্তভোগীরা এই পরিস্থিতির অবসান চেয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা পারাপারের জন্য নির্দিষ্ট ভাড়ার তালিকা টানানোর দাবি জানিয়েছেন, যাতে যাত্রীরা নির্ধারিত ভাড়ায় পার হতে পারেন।

এ বিষয়ে খেয়া আদায়কারী সজিব বলেন, “আওয়ামী লীগের লোকজন নেই, তাই এখন অন্যরা খেয়াঘাটের টাকা তুলছেন।”

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম জানান, “বিষয়টি আমলে নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




বাউফলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে অভিযোগ, তদন্তে পুলিশ

পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে এক ব্যবসায়ীর ৮ লাখ ৬৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী সৌরভ বশার বুধবার (২৬ মার্চ) রাতে বাউফল থানায় একটি এজাহার দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে ব্যবসায়ী সৌরভ বশার তাঁর পেট্রোলবাহী লরি (ঢাকা মেট্রো ঢ-৪২-০০২৫১) নিয়ে বাউফলের আদাবাড়িয়া ইউনিয়নের সিদ্দিক বাজার এলাকায় পৌঁছান। এ সময় স্থানীয় খন্দকার এন্টারপ্রাইজের মালিক ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লিটন খন্দকার বাকিতে পেট্রোল চান। সৌরভ বশার তাতে অপারগতা প্রকাশ করলে ৫-৬ জন অজ্ঞাত ব্যক্তি এসে বলেন, এলাকায় পেট্রোল বিক্রি করতে হলে ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে।

তর্ক-বিতর্কের একপর্যায়ে সৌরভ বশারের কাছ থেকে ৮ লাখ ৬৫ হাজার টাকা ভর্তি একটি কালো ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। একইসঙ্গে তাঁর লরিতে থাকা ৪০০ লিটারের দুই ব্যারেল পেট্রোল এবং ম্যাক্স-প্রো ব্র্যান্ডের ২৪টি মবিল জোরপূর্বক নামিয়ে রাখা হয়। বাধা দিতে গেলে সৌরভ বশারকে এলোপাতাড়ি মারধর করা হয়।

এসময় তাঁর সঙ্গে থাকা গাড়িচালক মো. নুর হোসেন (৩২) এবং সহকারী মো. জনি এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে সৌরভ বশার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে।

এ বিষয়ে লিটন খন্দকার বলেন, “আমি নিয়মিত সৌরভ বশারের কাছ থেকে পেট্রোল কিনি। ঘটনার দিনও দুই ব্যারেল পেট্রোল কিনেছি, তবে প্রতিটি ব্যারেলে ১২-১৪ লিটার করে কম ছিল। আমি এ নিয়ে আপত্তি জানালে সৌরভ বশার রেগে যান এবং আমাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি রিমন সিকদার এসে পরিস্থিতি শান্ত করেন। তবে টাকা ছিনতাই বা পেট্রোল জোর করে নামিয়ে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং এটি আমার সুনাম নষ্ট করার জন্য করা হয়েছে।”

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, “সৌরভ বশার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম