পোশাক রপ্তানিতে শীর্ষে উঠতে প্রস্তুত বাংলাদেশ : কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং

বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে শীর্ষস্থান অর্জনের দৌড়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সুনির্দিষ্ট পরিকল্পনা, কৌশল ও সংস্কারকে পুঁজি করে। কোরিয়ান ইপিজেড-এর প্রতিষ্ঠাতা কিয়াক সুং সম্প্রতি রাজধানীতে অনুষ্ঠিত ২০২৫ সালের বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে মূল বক্তা হিসেবে এমন মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। তবে একক দেশ হিসেবে এক নম্বরে ওঠার সকল সম্ভাবনা বাংলাদেশের রয়েছে। এজন্য প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা, আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগ এবং দক্ষ মানবসম্পদ।’

রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘টেক্সটাইল ও পোশাক’ বিষয়ক এক সেশনে কিয়াক সুং “বিনিয়োগকারীদের দৃষ্টিকোণ থেকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” শীর্ষক একটি উপস্থাপনা প্রদান করেন। এ সময় তিনি বাংলাদেশে নতুন করে বিনিয়োগের সম্ভাবনা, নীতিগত সহায়তা, এবং অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, স্থানীয়ভাবে হাতে তৈরি সুতা উৎপাদনের সুবিধা গড়ে তোলা এখন সময়ের দাবি। এতে করে দেশীয় শিল্প প্রতিষ্ঠানগুলো কাঁচামালের সহজ প্রাপ্তি নিশ্চিত করতে পারবে এবং উৎপাদন ও রপ্তানি উভয় ক্ষেত্রেই গতি আসবে।

কিয়াক সুং আরও বলেন, ‘বন্ডেড গুদামের সংখ্যা বাড়াতে হবে, যাতে আমদানিকৃত কাঁচামাল দ্রুত সরবরাহ করা সম্ভব হয়। এতে উৎপাদকরা প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে পারবেন।’

বাণিজ্যনীতিতে সাম্প্রতিক কিছু ইতিবাচক পরিবর্তনের প্রশংসা করে তিনি জানান, ‘ট্রাম্প আমলে আরোপিত শুল্ক নীতির সাময়িক স্থগিতাদেশ বাংলাদেশকে কিছুটা স্বস্তি দিয়েছে, যার কৃতিত্ব বাংলাদেশ সরকারের দ্রুত পদক্ষেপে।’

এসময় ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে তিনি মূল্য সংযোজন ও উচ্চমূল্যের পোশাক উৎপাদনের দিকে নজর দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘সস্তা পোশাক উৎপাদন এখন আর একমাত্র ভরসা হতে পারে না। টিকে থাকতে হলে উচ্চমানের পণ্য এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে।’

এই সেশনে বিজিএমইএ-এর প্রশাসক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান আনোয়ার হোসেনও বক্তব্য রাখেন। তিনি বাংলাদেশের টেক্সটাইল খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে প্রয়োজনীয় সকল ধরনের সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



গণহত্যার দায়ে ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি

চন্দ্রদ্বীপ ডেস্ক : জুলাই-আগস্ট গণহত্যার বিভিন্ন মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, হাছান মাহমুদ, জাহাঙ্গীর কবীর নানকসহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে আইজিপি বরাবর চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

অন্য আসামিরা হলেন—সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মোহাম্মদ আলী আরাফাত, নসরুল হামিদ বিপু ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী।

চিফ প্রসিকিউটর বলেন, ইন্টারপোলের মাধ্যমে ১০ জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে।

এদিকে, ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় ২২টি মামলায় মোট ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর মধ্যে ৫৪ জন আসামি গ্রেপ্তার হয়েছেন, ৮৭ জন পলাতক রয়েছেন।

ট্রাইব্যুনালে মামলার পরিসংখ্যান নিয়ে বলা হয়, মোট ৩৩৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। এর মধ্যে ২২টি মিস কেইসে ১৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। মোট ৩৯টি মামলার তদন্ত চলছে।

মতবিনিময় সভায় প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মিজানুল ইসলাম, গাজী এম এইচ তামিম, আবদুল্লাহ আল নোমান, সাইমুম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।




“পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ করুন, নেতৃত্ব গঠন হবে”: পিবিপ্রবি উপাচার্য

পিরোজপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশের জন্য ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা প্রদর্শন করতে পারে এবং আত্মবিশ্বাস অর্জন করে। সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম আমাদের ইতিহাস এবং ঐতিহ্যকে ধারণ করে, যা আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরে।”

অধ্যাপক শহীদুল ইসলাম শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান, “তোমরা দেশের আগামী দিনের নেতৃত্ব দেবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং অন্যান্য সহ-শিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে তোমরা নেতৃত্বের গুণাবলি অর্জন করবে।”

এছাড়া তিনি সামাজিক মাধ্যমের অপব্যবহার থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেন এবং স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে নিজেকে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ এবং বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য পিরোজপুরবাসীর সহযোগিতা কামনা করেন।

নারী শিক্ষায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের ভূমিকার প্রশংসা করে উপাচার্য কলেজ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

এ সময় পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় এবং সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




সড়ক সংস্কারের দাবিতে নলছিটিতে খোজাখালি-পোলেরহাট সড়ক অবরোধ

ঝালকাঠির নলছিটি উপজেলায় দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়া খোজাখালি-পোলেরহাট সড়ক অবশেষে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সড়কটির সংস্কারের দাবিতে স্থানীয় ভ্যান, ইজিবাইক চালক ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

প্রায় ১,৬৫০ মিটার দীর্ঘ এই সড়কটির সিসি নির্মাণের জন্য ২০২০ সালে নলছিটি পৌরসভার পক্ষ থেকে ‘গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প-০২’ এর আওতায় ১ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ কেবল মাত্র ৩০০ মিটার রাস্তার কাজ সম্পন্ন করে বাকি কাজ ফেলে রাখে। এরপর গত পাঁচ বছরেও কোনো অগ্রগতি হয়নি।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানটি প্রকল্পের অধিকাংশ বিল উঠিয়ে নিলেও কাজ সম্পন্ন করেনি। সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, আহত হচ্ছেন পথচারী ও যাত্রীরা।

নলছিটি পৌরসভা থেকে সহকারী প্রকৌশলী মিজানুজ্জামানের স্বাক্ষরে দুই দফা চিঠি পাঠানো হলেও তাতেও কাজ শুরু হয়নি। পূর্বে একাধিকবার মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেও কোনো সাড়া না পেয়ে অবশেষে সড়ক অবরোধের পথ বেছে নেন স্থানীয়রা।

প্রায় এক ঘণ্টা ধরে চলা অবরোধে সড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, যার দৈর্ঘ্য ছিল প্রায় এক কিলোমিটার। পরে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এলাকাবাসী দ্রুত সড়ক সংস্কার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে এসএসসি পরীক্ষা: কেন্দ্র পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও ডিসি

 


সারাদেশের মতো বরিশালেও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্র পরিদর্শনে যান বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার ও জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তারা প্রথমে বরিশাল জিলা স্কুল ও সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট, উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ এবং অন্যান্য কর্মকর্তারা।

পরিদর্শনের সময় তারা পরীক্ষার কক্ষ ঘুরে দেখেন, সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধা সম্পর্কে খোঁজ-খবর নেন। জেলা প্রশাসক পরবর্তীতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও জগদীশ সারস্বত গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর মোট ৯৫টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬৭টি এসএসসি, ১৭টি দাখিল এবং ১১টি ভোকেশনাল কেন্দ্র। এসব কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৩৫,৫৪৫ জন, যার মধ্যে ১৯,১১০ জন ছাত্র ও ১৬,৪৩৫ জন ছাত্রী।

বরিশাল বোর্ডের ছয় জেলার ১,৪৯১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার অংশ নিচ্ছেন ৮৪,৩০৩ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র ৩৯,৩৩৫ জন এবং ছাত্রী ৪৪,৯৬৮ জন। পরীক্ষার সুষ্ঠু পরিচালনা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে বোর্ড গঠন করেছে ১৬টি ভিজিলেন্স টিম ও একটি কন্ট্রোল রুম।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




ঝালকাঠিতে জুলাই আন্দোলনের আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ

ঝালকাঠিতে ২০২৩ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত হওয়া ছাত্র ও জনতার মধ্যে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুর রহমান আহতদের হাতে স্বাস্থ্য কার্ড তুলে দেন।

প্রাথমিকভাবে ২৩ জন আহতকে এই কার্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পর্যায়ক্রমে অন্য আহতদেরও এ কার্ড দেওয়া হবে, যাতে তারা সহজে ও বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।

অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদার ও সাংবাদিক আজমীর হোসেন তালুকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, “জুলাই-আগস্ট আন্দোলনে আহত ছাত্র-জনতার ত্যাগের মাধ্যমে বাংলাদেশ একটি নতুন ধারায় প্রবেশ করে। তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দিতে সরকার এই উদ্যোগ নিয়েছে।”

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




আগৈলঝাড়ায় মাদক মামলার আসামি গ্রেফতার, একজনের যাবজ্জীবন

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের পৃথক দুটি অভিযানে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) রাতে এই অভিযান চালায় থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মামুন ওরফে মমিনকে ঢাকার ঝিগাতলা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের বাসিন্দা এবং ধানমন্ডি থানায় ২০০৭ সালের ৫ মে দায়ের করা মাদক মামলায় দোষী সাব্যস্ত হন।
২০২৩ সালের ১৯ জুন বরিশাল সিনিয়র দায়রা জজ আদালত অনুপস্থিত মামুনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে আরও তিন মাসের জেল দেয়া হয়। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

অন্যদিকে, একই রাতে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রাম থেকে গ্রেফতার করা হয় জিআর ৭৬/২৪ মামলার পলাতক আসামি তুহিন সিকদারকে।

গ্রেফতারকৃত মামুনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এবং তুহিনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

“মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাউফলে হাটের ইজারা নিয়ে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, ৬ জন আহত

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর হাট ইজারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (০৯ এপ্রিল) রাত ৮টার দিকে মমিনপুর বাজারে এ সংঘর্ষটি ঘটে, যেখানে মোট ৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন— আব্দুল কুদ্দুস বয়াতি (৬০), মামুন বয়াতি (৪৮) এবং রেজাউল বয়াতি (৫২)। তাদের চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে, আহত অন্যরা— জুলহাস (২৮), নুর মোহাম্মদ আকন (৪৫) ও দপু আকন (৪০)— বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলা ১৪৩১ সনের মমিনপুর হাটের ইজারা পান রুবেল সরদার নামে একজন স্থানীয় ব্যবসায়ী, যিনি বিএনপির একজন সক্রিয় কর্মী। অপরপক্ষের আব্দুল কুদ্দুস ও তার সহযোগীরা ইজারায় অংশ নিয়েছিলেন, তবে তারা ইজারা পাননি। নতুন ইজারাদার রুবেল সরদার এবং তার সহযোগীরা গত ১৫ এপ্রিল থেকে ইজারা তোলার জন্য ইউএনও অফিস থেকে নির্দেশনা পেয়েছিলেন। বুধবার রাতে, রুবেল এবং তার সহযোগীরা হাটে হাসিল আদায় করতে গেলে, প্রতিপক্ষ কুদ্দুস ও তার গংদের সাথে প্রথমে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, রুবেল গং ধারালো অস্ত্রসহ হামলা চালায়, যার ফলে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। উভয় পক্ষই বিএনপির কর্মী-সমর্থক।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স




মির্জাগঞ্জ উপজেলা থেকে সাবেক ছাত্রলীগ সভাপতি জহিরুল ইসলাম জুয়েল গ্রেফতার

মির্জাগঞ্জ উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত সাবেক ছাত্রলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা-পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি একটি মামলায় হাজিরা দিতে এসে আদালত চত্বরে উপস্থিত ছিলেন, তখন পুলিশ তাকে আটক করে।

জানা যায়, গ্রেফতার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা ও মির্জাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মো. হালিম সিকদারের ছেলে।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম হাওলাদার জানিয়েছেন, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচনী প্রচারণায় বাধা ও মারধরের ঘটনায় গত বছরের ২১ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম