সৌদি বাদশাহর ‘গোপন’ চিঠি খামেনির কাছে

চন্দ্রদ্বীপ ডেস্ক : ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে চিঠি পাঠিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তার এ চিঠিটি খামেনির হাতে সরাসরি পৌঁছে দিয়েছেন সৌদির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান। গতকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে তেহরানে বৈঠক করেন সৌদির মন্ত্রী। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও আলোচনা করেন তিনি। চিঠিতে সৌদি বাদশাহ কী লিখেছেন তার কিছুই প্রকাশ করা হয়নি।

বৈঠকে খামেনি সৌদির সঙ্গে গভীর সম্পর্ক গড়ার ব্যাপারে সমর্থন ব্যক্ত করেন। তিনি সৌদির মন্ত্রীকে বলেন, “আমরা বিশ্বাস করি ইসলামিক রিপাবলিক ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয়ের জন্য ভালো হবে এবং দুই দেশ একেঅপরের পরিপূরক হতে পারে।”

তিনি আরও বলেন, “অন্যদের (পশ্চিমা) ওপর নির্ভরের চেয়ে এই অঞ্চলের ভাইদের (দেশগুলো) মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক একে অপরকে সহায়তা করবে।”

সৌদির রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে দুই দেশের সম্পর্ক পর্যালোচনা এবং একই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

২০০৬ সালের পর ইরানের খামেনি প্রথমবারের মতো সৌদি আরবের কোনো উচ্চপদস্থ নেতার সঙ্গে দেখা করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। ওই বছর সৌদির তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সাল তেহরান সফর করেছিলেন।




ডিসেম্বরই শেষ সময়’, যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

চন্দ্রদ্বীপ ডেস্ক : শনিবার (১৯ এপ্রিল) বিকেল তিনটায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে ১২ দলীয় জোটের সঙ্গে বৈঠক করবেন বিএনপির লিয়াঁজো কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তবর্তী সরকারের সঙ্গে আলোচনার সূত্র ধরে এবার যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসছে বিএনপি।

(১৮ এপ্রিল) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, লিয়াঁজো কমিটির প্রধান নজরুল ইসলাম খান বৈঠক করবেন ১২ দলীয় জোট ও এলডিপির সঙ্গে। বিকেল ৩টায় ১২ দলীয় জোট ও সন্ধ্যা ৭টায় এলডিপির সঙ্গে আলোচনা করবেন তিনি।

১৬ এপ্রিল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। সেখানে তারা আগামী ডিসেম্বরের মধ্যে এয়োদশ সংসদ নির্বাচন আয়োজন করতে দাবি জানান। কিন্তু সরকার নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ না জানিয়ে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে বিএনপিকে জানায়। সরকারের এই অবস্থান নিয়ে পাল্টা নিজেদের অসন্তুষ্টির কথা জানায় বিএনপি।




কুয়াকাটায় রাখাইনদের জলকেলি উৎসবে নতুন বছর ১৩৮৭ কে স্বাগত

পুরোনো বছরকে বিদায় জানিয়ে রাখাইন সম্প্রদায় নানা উৎসবের মধ্য দিয়ে নতুন বছর ১৩৮৭ কে বরণ করে নিচ্ছে। পটুয়াখালীর পর্যটন নগরী কুয়াকাটায় শুরু হয়েছে তাদের ঐতিহ্যবাহী তিন দিনের ‘সাংগ্রাই’ বা ‘জলকেলি উৎসব’। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টায় কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।

শত বছরের পুরনো এ উৎসব শুরু হয় সকাল বেলা বুদ্ধস্নানের মধ্য দিয়ে। এরপর দিনভর চলেছে নাচ-গান ও জলকেলি। রাখাইনদের এই ধর্মীয় ও সামাজিক উৎসবে তরুণ-তরুণীরা অংশ নেন নৃত্য পরিবেশনায়। এরপর একে অপরের গায়ে পানি ছিটিয়ে উৎসবের প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন তারা।

রাখাইন তরুণ মিঠুসে জানান, “পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্যই আমাদের এই উৎসব। এখানে তরুণদের পানি কিনে নিতে হয়, তবে তরুণীরা সংরক্ষিত পানি ব্যবহার করতে পারেন।”

অনুষ্ঠানের সভাপতি রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এমং তালুকদার বলেন, “আগে এই উৎসব প্রতিটি পাড়ায় পাড়ায় হতো। এখন আর্থিক সংকটে সব জায়গায় হয় না। কুয়াকাটায় এই আয়োজন করতে মোটা অঙ্কের অর্থ খরচ হয়। অনুদান সংগ্রহ করে আমরা উৎসবটি আয়োজন করছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অনির্বাণ চাকমা, পুলিশ সুপার, ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা রিজিয়ন; সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক; মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম; কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার; কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী; বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ইউএনও রবিউল ইসলাম বলেন, “এই জলকেলি উৎসব রাখাইনদের শতবর্ষী ঐতিহ্যের অংশ। কলাপাড়া উপজেলার ২৮টি রাখাইন পাড়ায় যারা বসবাস করছেন, তাদের জীবনমান উন্নয়নে আমরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছি।”

উৎসবটি শুধু রাখাইন সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে পর্যটকরাও অংশ নিয়ে উপভোগ করছেন এ রঙিন সংস্কৃতি ও ঐতিহ্য।

মো: আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সিসিটিভিতে ধরা পড়লো বরিশালে মোটরসাইকেল চোর, তদন্তে নেমেছে পুলিশ

বরিশাল শহরের ৮ নম্বর ওয়ার্ডের সাগর গলি, বাজার রোডে অবস্থিত মোহনা ক্লাবের নিচ থেকে গত ১৬ এপ্রিল তারিখে একটি মোটরসাইকেল চুরি হয়েছে। দিনদুপুরে জনবহুল এলাকার মধ্যেই এই চুরির ঘটনা ঘটলেও আশপাশের কেউ কিছু বুঝে উঠতে পারেনি। চুরির পুরো ঘটনাটি ধরা পড়ে আশেপাশের একটি দোকানে থাকা সিসিটিভি ক্যামেরায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা-কালো পোশাক পরা এক যুবক অত্যন্ত ঠান্ডা মাথায় একটি নীল রঙের মোটরসাইকেল স্টার্ট করে সোজা চলে যাচ্ছে। দেখে মনে হয়, যেন নিজেরই বাইক নিয়ে বের হচ্ছে সে। তবে বাস্তবে এটি ছিল পরিকল্পিত চুরি।

ভুক্তভোগী জানিয়েছেন, মোটরসাইকেলটি ছিল পার্কিং অবস্থায়, ভবনের নিচে নিয়মিতভাবে রাখা হতো। ঘটনার পরপরই স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে এবং ফুটেজ সরবরাহ করে।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, চুরির ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে এবং আমরা ইতোমধ্যেই তদন্ত শুরু করেছি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরকে শনাক্তের চেষ্টা চলছে। আমরা সাধারণ ডায়েরির ভিত্তিতে মামলা রেকর্ড করবো এবং দোষীকে দ্রুত আইনের আওতায় আনতে বদ্ধপরিকর।

নগরবাসীকে অনুরোধ করবো যানবাহন নিরাপদ স্থানে রাখুন এবং আশেপাশে সন্দেহজনক কিছু দেখলে সাথে সাথে থানায় জানান।

ওসি আরও জানান, প্রযুক্তির সহায়তায় দ্রুত চোরকে শনাক্ত করা সম্ভব হবে এবং এই ঘটনার পেছনে যদি কোনো চক্র কাজ করে, তা হলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যদি কেউ ছবির এই ব্যক্তিকে চিনে থাকেন, দয়া করে নিকটস্থ থানায় যোগাযোগ করুন অথবা ৯৯৯-এ ফোন করুন।




সেনা সদস্যকে মারধরের ঘটনায় ৫ জন আটক

বরিশালে এক সেনা সদস্যকে মারধরের ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ত্রিশগোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার হন সেনা বাহিনীর সদস্য সোহানুর রহমান সিফাত, যিনি বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন।

১৫ এপ্রিল রাত ৯টার দিকে হর্ন বাজানোকে কেন্দ্র করে সেনা সদস্য ও তার বন্ধুদের সঙ্গে স্থানীয় আল-আমিন বাহিনীর সদস্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শাহাদাত হোসেন বাপ্পির নেতৃত্বে ৮-১০ জন যুবক তাদের ওপর হামলা চালায়। তারা সিফাত ও তার দুই বন্ধুকে মারধর করে এবং একটি মোটরসাইকেল ছিনিয়ে নেয়।

কলোনীতে সেনা বাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালায় এবং পাঁচজনকে আটক করে। তারা হলো:

  • রিপন আকন (১৯)
  • শাহাদাত হোসেন বাপ্পি
  • রিপন হাওলাদার (৪৭)
  • আরাফাত হাওলাদার (২৮)
  • সজিব হাওলাদার (২৮)

সেনা সদস্য সিফাত নিজেই বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন।


মো: তুহিন হোসেন 
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




মিথ্যা ধর্ষণ মামলার অভিযোগে বাদীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বরিশালে সংঘবদ্ধ ধর্ষণের মিথ্যা মামলা করার অভিযোগে মামলাকারী নারী সাবিনা বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. রকিবুল ইসলাম মামলাটি গ্রহণ করে এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।

বাদী নুর বানু, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, তার ছেলে কামাল হোসেন গাজীপুরে অবস্থানকালে আসামি সাবিনা বেগমকে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরবর্তীতে প্রতিশোধ নিতে সাবিনা বেগম ২০২৩ সালের ২৯ এপ্রিল বরিশাল বন্দর থানায় কামালসহ চারজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন।

তদন্ত কর্মকর্তা এসআই মুস্তাফিজুর রহমান তদন্ত শেষে মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন। সেই প্রেক্ষিতে নুর বানু আবার মামলা করেন, এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

অভিযুক্ত:

  • সাবিনা বেগম, পিতা বাবুল মিয়া
  • গ্রাম: চরলক্ষ্মীপুর, উপজেলা: মুলাদী, বরিশাল।

আদালতের আদেশে বলা হয়েছে, মিথ্যা মামলা করে অপরাধীদের হয়রানি করার প্রমাণ পাওয়া গেছে।


মো. তানভীর হোসেন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালে থ্রি-হুইলারের ভাড়া নির্ধারণ বিষয়ে ছড়ানো গণবিজ্ঞপ্তি ‘ভুয়া’ ঘোষণা

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ব্যাটারিচালিত থ্রি-হুইলারের ভাড়া নির্ধারণ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি ‘ভুয়া’ বলে জানিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। সিটি করপোরেশন দাবি করেছে, তারা এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি এবং নোটিশটিতে দেওয়া সই ও স্মারক নম্বরও জাল।

ভাইরাল হওয়া নোটিশে উল্লেখ ছিল:

  • ১৯টি রুটে নির্ধারিত ভাড়া, যেমন:
    • জেলখানা থেকে লঞ্চঘাট: ৫ টাকা
    • লঞ্চঘাট থেকে বেলস পার্ক: ৫ টাকা
    • লঞ্চঘাট থেকে মেডিকেল কলেজ হাসপাতাল: ৫ টাকা
    • লঞ্চঘাট থেকে রূপাতলী: ১০ টাকা
    • রূপাতলী থেকে নথুল্লাবাদ: ১০ টাকা
  • নির্দেশনা না মানলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি।

বিসিসির অবস্থান:

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল বলেন—

“এই গণবিজ্ঞপ্তিটি সম্পূর্ণ ভুয়া। প্রধান নির্বাহী কর্মকর্তার নাম ও সই জাল। এমন কোনো সিদ্ধান্ত বাস্তবে নেয়া হয়নি।”

তিনি আরও জানান—

“নোটিশে দুটি ভিন্ন ফন্ট ব্যবহার করা হয়েছে, যা থেকেই স্পষ্ট এটি তৈরি করা হয়েছে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে।”

বরিশাল সিটি করপোরেশন নগরবাসীকে ভুয়া তথ্য ও গুজব থেকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে এবং প্রয়োজনে যাচাই করতে করপোরেশনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।


মো. তুহিন হোসেন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




গাভীর সিজার অপারেশন, জন্ম নিলো বাছুর

বরিশালের গৌরনদী উপজেলায় প্রথমবারের মতো সিজারিয়ান পদ্ধতিতে একটি গাভীর বাছুর প্রসব করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামে।

স্থানীয় শংকর হালদারের স্ত্রী পারুল হালদার জানান, গত ১৩ এপ্রিল তার একটি গাভীর প্রসব বেদনা শুরু হলে এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিনকে খবর দেন। স্বাভাবিকভাবে প্রসব করাতে না পেরে ডাক্তার ডাকা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ তার বাড়িতে গিয়ে সিজার করেন।

সিজার অপারেশন ও ওষুধসহ আনুমানিক ২০ হাজার টাকা খরচ হয়। বর্তমানে গাভী ও বাছুর দুজনেই সুস্থ আছে।

এআই টেকনিশিয়ান হেলাল উদ্দিন জানান, ১৩ মাস আগে কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীটিকে গর্ভবতী করা হয়। সেদিন প্রসব বেদনার খবর পেয়ে অনেক চেষ্টা করেও স্বাভাবিকভাবে প্রসব সম্ভব হয়নি। তখন ডাক্তার সিজারের সিদ্ধান্ত নেন।

ভেটেরিনারি সার্জন ডা. মাহমুদুল হাসান ফরিদ বলেন, “তিন ঘণ্টা চেষ্টার পর সফলভাবে সিজার করা হয়। গাভীর বয়স কম ও বাচ্চার আকার বড় হওয়ায় স্বাভাবিক প্রসব সম্ভব ছিল না।”


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু, তদন্তে পুলিশ

বরিশালের গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনিতে গুরুতর আহত সাগর মোল্লা (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে তার মৃত্যু হয়।

নিহত সাগর গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের সিরাজ মোল্লার ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালতা গ্রামের আসিফ খানের বাড়িতে প্রবেশ করেন সাগর মোল্লা। বাড়ির লোকজন চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। গুরুতর অবস্থায় সাগরকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে দুইদিন পর তার মৃত্যু হয়।

নিহতের বাবা সিরাজ মোল্লা অভিযোগ করেন, “আমার ছেলে গ্রামের বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ২০-২৫ জন মিলে পিটিয়ে হত্যা করেছে।” তিনি জানান, এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

অন্যদিকে সালতা গ্রামের আসিফ খান বলেন, “রাত ১টায় বাড়িতে চোর প্রবেশ করলে আমরা চিৎকার করি। এলাকাবাসী এসে একজনকে আটক করে মারধর করে। এটি কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড নয়।”


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বরিশালের নদীতে অভিযান, পুড়িয়ে ফেলা হলো হাজারো মিটার অবৈধ জাল

বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলার বিভিন্ন নদীতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও অবৈধ মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান পরিচালনা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিনব্যাপী ও রাতে এসব অভিযান পরিচালিত হয়। পরে জব্দকৃত জাল ও অন্যান্য সামগ্রী পুড়িয়ে ধ্বংস করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

অভিযানে কী পাওয়া যায়?
বিকেলে মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদীতে কোস্টগার্ডের হিজলা কন্টিনজেন্ট কমান্ডার মো. হুসনুর জামান সালামী ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি পাই জাল জব্দ করে রাতেই পুড়িয়ে ফেলা হয়।

একইদিন দুপুরে মেহেন্দীগঞ্জের লতা নদী ও হিজলার মেঘনা নদীতে যৌথ অভিযান চালায় মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ-পুলিশ। অভিযানে ১২০টি চর ঘেরা জাল, ১৬শটি চর ঘেরা জালের খুঁটি, প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি কোনা জাল জব্দ করা হয়। সবগুলো অবৈধ সরঞ্জাম বিকেলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম বলেন, “নদীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরা পরিবেশ ও মৎস্যসম্পদের জন্য ভয়াবহ হুমকি। নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।”


মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম