মহিপুরে যুবদলের সম্মেলন, নতুন নেতৃত্বে সিদ্দিক ও মিজান

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা শাখার জাতীয়তাবাদী যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় মহিপুর সদরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা যুবদলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম।

সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। তিনি যুবদলকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলনে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নাননু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আবদুল জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান পারভেজ, পৌর যুবদলের সদস্য সচিব নাসিরউদ্দিন আহমেদ রতনসহ অন্যান্য নেতারা।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি সমর্থনে মো. সিদ্দিকুর রহমান মোল্লা সভাপতি এবং মো. মিজানুর রহমান প্যাদা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। নতুন নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে নেতাকর্মীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্মেলন শেষ করেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ঈদের দিন হত্যাকাণ্ডের মূল আসামি বরিশালে গ্রেপ্তার

ঈদের দিন নারায়ণগঞ্জে পাভেল নামে এক যুবককে গুলি করে হত্যার মামলার প্রধান আসামি মায়সার আহমেদ বাবুকে (২৯) বরিশাল থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে বরিশালের কাশীপুর এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানায় র‍্যাব-১১।

র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের ফতুল্লায় ঈদের দিন তুচ্ছ কারণে পাভেলের (৩০) সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা নূরী বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই প্রধান আসামি পলাতক ছিলেন। পরে র‍্যাব-১১ ও র‍্যাব-৮ এর যৌথ গোয়েন্দা অভিযানে শুক্রবার বরিশাল সদর থানার কাশীপুর এলাকা থেকে বাবুকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর মধ্যপাড়া এলাকার মৃত ফিরোজ আহমেদ মতিনের ছেলে।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু হত্যার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এর আগে এ মামলায় আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে বলে জানায় র‍্যাব।

গ্রেপ্তার হওয়া বাবুকে ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।


মো: তুহিন হোসেন, 




ভোলায় দিনমজুর মাসুদ হত্যা মামলার প্রধান আসামি আল আমিন গ্রেপ্তার

ভোলার চরফ্যাশনে দিনমজুর মো. মাসুদ হত্যাকাণ্ডের প্রধান আসামি মো. আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল আমিন ভোলার আবুবকরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব।

শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার।

পুলিশ জানায়, চরফ্যাশনের দুলারহাট থানার হাসানগঞ্জ গ্রামের বাসিন্দা মো. মাসুদের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন আল আমিন ও তার সহযোগীরা। চাঁদা না দেওয়ায় গত ৪ এপ্রিল মাসুদকে কুপিয়ে ও পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।

ঘটনার পর নিহতের ভাই রায়হান দুলারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে আল আমিনকে প্রধান আসামি হিসেবে শনাক্ত করে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি পুলিশের সহায়তায় বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকার মতিঝিল এলাকা থেকে আল আমিনকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে ভোলায় নিয়ে আসা হয় এবং দুপুরেই আদালতে হাজির করা হয়।

এর আগে এই মামলায় পুলিশ ঘটনাস্থল থেকে ৯ জন আসামিকে আলামতসহ গ্রেপ্তার করে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।


মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




বাউফলে স্বেচ্ছাসেবক দলের নেতা ইয়াবাসহ গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম লিটন খন্দকার। তিনি আদাবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তার বাড়ি থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, ভোর ৪টার দিকে অভিযান চালিয়ে লিটনের কাছ থেকে ইয়াবাসমূহ উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, “লিটন একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানো হবে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, লিটন দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এর আগেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, তবে প্রভাব খাটিয়ে বারবার পার পেয়ে গেছেন। তবে এবার ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়ায় তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই পুলিশের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি তুলেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দুমকিতে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রি, গোস্তঘর মালিক ও গরুর মালিককে জরিমানা

পটুয়াখালীর দুমকিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গোস্তঘর মালিক ও গরুর মালিককে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন। শনিবার (১৯ এপ্রিল) সকালে দুমকি উপজেলার নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মেসার্স বিসমিল্লাহ গোস্তঘরে প্রতিদিনের মতো গরু জবাই চলছিল। কিন্তু এদিন একটি রোগাক্রান্ত গরু জবাই করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে গোস্তঘরের মালিক রনি মৃধা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে কর্মচারী জাহিদুল ইসলাম (২৫) কে আটক করে। এছাড়া জবাইকৃত গরুর পচা চামড়া ও মাংসও জব্দ করা হয়।

ঘটনার পর সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. এজাজুল হকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দোকানের পক্ষে থাকা কর্মচারী জাহিদুল ইসলাম এবং গরুর প্রকৃত মালিক রুস্তম আলীকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।

এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, রনি মৃধা দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে দুর্বল ও রোগাক্রান্ত গরু জবাই করে সেই মাংস বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে এমন অভিযোগ একাধিকবার উঠলেও এবার সরাসরি হাতেনাতে ধরা পড়ার পরও তিনি কৌশলে পালিয়ে যান। মাত্র ১০ হাজার টাকা জরিমানাকে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ অপ্রতুল ও দৃষ্টান্তমূলক নয় বলে দাবি করেছেন।

তারা আরও জানান, অসুস্থ পশুর মাংস বাজারে বিক্রি জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করে। এমন অপরাধের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া দরকার বলে মনে করেন সচেতন মহল।

মো: আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



দুমকিতে ইউপি সদস্য ও যুবলীগের সাবেক সভাপতি বাবুল গ্রেফতার

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান ইউপি সদস্য জাহিদুল ইসলাম বাবুলকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার বোর্ড অফিস বাজার এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন।

জানা গেছে, জাহিদুল ইসলাম বাবুল মুরাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের সভাপতি এবং একই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য।

গ্রেফতারের পেছনের কারণ হিসেবে জানা গেছে, ২০২২ সালে সারাদেশে বিএনপির ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিক্ষোভ মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। ওই সময় উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরসহ বিএনপি নেতাকর্মীদের উপর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগ ওঠে।

ঘটনার প্রায় এক বছর পর, গত বছরের ৭ নভেম্বর মো. মোর্তুজা বিল্লাহ নামের এক ব্যক্তি বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় নাম উল্লেখ থাকা আসামিদের মধ্যে জাহিদুল ইসলাম বাবুলও ছিলেন। সেই মামলার প্রেক্ষিতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং বাবুলকে আদালতে পাঠানো হবে। এদিকে তার গ্রেফতারের খবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




কলাপাড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু: একমাসেও গ্রেফতার হয়নি কেউ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বিয়ের মাত্র চার মাসের মাথায় মাফিয়া বেগম (১৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর একমাস পেরিয়ে গেলেও কোনো আসামিকে গ্রেফতার না করায় বিচারের দাবিতে রাস্তায় নেমেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

শনিবার (১৯ এপ্রিল) সকালে কুয়াকাটা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন নিহত মাফিয়ার স্বজনরা। মানববন্ধনে অংশ নেয় প্রায় শতাধিক নারী-পুরুষ। তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।

গত ২০ মার্চ রাত ১১টার দিকে কুয়াকাটা পৌর এলাকার পান্জুপাড়ায় শ্বশুরবাড়িতে মাফিয়াকে গলায় ফাঁস দেয়া অবস্থায় পাওয়া যায়। শ্বশুরবাড়ির লোকজন দাবি করেন, সে আত্মহত্যা করেছে। তবে মাফিয়ার পরিবারের অভিযোগ, তাকে শারীরিকভাবে নির্যাতনের পর হত্যা করে বিষয়টিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে।

মাফিয়ার ভাই বনি আমিন বলেন, ‘আমার বোনকে প্রথমে নির্যাতন করা হয়, এরপর গলা টিপে হত্যা করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বোনের মরদেহ হাসপাতালে রেখেই স্বামী মেহেদী হাসান ও পরিবারের অন্য সদস্যরা পালিয়ে যায়। আমরা মামলা করতে গেলে মহিপুর থানা পুলিশ প্রথমে গড়িমসি করে। পরে ১ এপ্রিল মামলা নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি।’

তিনি আরও বলেন, ‘আমরা পুলিশকে লোকেশন দিয়েছি। তারপরও অজ্ঞাত কারণে আসামিরা ধরা ছোঁয়ার বাইরে। আমরা চাই আমার বোনের হত্যাকারীরা শাস্তি পাক।’

জানা যায়, মাত্র চার মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় মাফিয়া বেগমের সঙ্গে একই এলাকার কুদ্দুস হাওলাদারের ছেলে মেহেদী হাসানের (২২)। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ করেন মাফিয়ার পরিবার।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা কুয়াকাটা প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে রাখাইন মার্কেট রোডে অবস্থান নেন।

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই মামলা হয়েছে। অভিযুক্ত ৪-৫ জনকে মামলায় আসামি করা হয়েছে। তবে তদন্তের আগে কাউকে অহেতুক হয়রানি করা যাবে না। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।’

এদিকে, এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে এবং তারা দ্রুত বিচার না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে। স্থানীয়দের দাবি, গৃহবধূর নির্মম মৃত্যুর বিচার নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে রহস্যজনকভাবে ১৯ মাসের শিশুর মৃত্যু

পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের তাতেরকাঠি গ্রামে ১৯ মাস বয়সী এক শিশুর রহস্যজনক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে আয়শা নামের শিশুটিকে অচেতন অবস্থায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মা মীম আক্তার (২০) জানান, তার মেয়ে আয়শা খেলার সময় বিছানা থেকে পড়ে যায়। বিষয়টি বুঝতে পেরে তিনি তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার এই বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শাম্মী ইসলাম তরণ জানান, শিশুটির শরীরে থাকা আঘাতের চিহ্নগুলো বিছানা থেকে পড়ে যাওয়ার মতো স্বাভাবিক মনে হয়নি। বরং চিহ্নগুলোর ধরন ও অবস্থান তার মায়ের বক্তব্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেই মনে হচ্ছে। বিষয়টি সন্দেহজনক হওয়ায় চিকিৎসা দল থেকে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে এবং ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।

শিশুটির মা আরও বলেন, তিন বছর আগে তার বিয়ে হয় নওগাঁ সদর উপজেলার রোনান সাহেদ (২৪) নামের এক দিনমজুরের সঙ্গে। স্বামী বিভিন্ন জায়গায় কাজ করেন এবং মাঝে মধ্যে বিভিন্ন নম্বর থেকে ফোন দেন। বিয়ের কিছুদিন পর শাশুড়ি বিদেশে চলে গেলে তিনি বাবার বাড়ি বাউফলের তাতেরকাঠি গ্রামে চলে আসেন। দেড় বছর আগে সেখানে জন্ম হয় আয়শার।

এদিকে, শিশুটির মৃত্যুর ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মাঝে নানা আলোচনা শুরু হয়। অনেকে বলছেন, বিষয়টি শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এর পেছনে কোনো রহস্য লুকিয়ে থাকতে পারে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, খবর পাওয়ার পরপরই হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে শিশুটির মরদেহ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

এই ঘটনায় এলাকার মানুষজনের মধ্যে শোক এবং উদ্বেগের পাশাপাশি ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

চন্দ্রদ্বীপ ডেস্ক : জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি বিদেশে পলাতক ওই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক তিনটি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)।

শনিবার (১৯ এপ্রিল) পুলিশ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সূত্রে এ তথ্য জানা গেছে।

শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।




১০৭৯ কোটি টাকা আত্মসাতে সাবেক এমপি মহিউদ্দীনের নামে দুদকের মামলা

পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. মহিউদ্দীন মহারাজের বিরুদ্ধে ১,০৭৯ কোটি ৪ লাখ ৯৩ হাজার ৮৩৯ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলায় একাধিক উন্নয়ন প্রকল্পের কাজ না করেই এই বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় পিরোজপুর এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলীসহ মোট ২৭ জনকে আসামি করে পৃথক আটটি মামলা করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে পাঁচজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন—

  • এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন
  • সাবেক প্রধান প্রকৌশলী মো. আব্দুর রশীদ খান
  • সাবেক নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদার
  • মেসার্স হরিণপালা ট্রেডার্সের মালিক ও সাবেক এমপি মো. মহিউদ্দীন মহারাজ

উল্লেখ্য, মহিউদ্দীন মহারাজ ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম শাহাদাৎ হোসেনের বড় পুত্র। গত ৫ আগস্টের ছাত্র-জনতা আন্দোলনের পর তিনি ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে চলে যান।