শেবাচিমে সিমুলেশন ল্যাব উদ্বোধন: হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন শিক্ষার্থীরা

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে (শেবাচিম) মেডিকেল শিক্ষার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণের জন্য আধুনিক সিমুলেশন ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শেবাচিমের অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার আনুষ্ঠানিকভাবে ল্যাবটির উদ্বোধন করেন।
আটটি কক্ষ নিয়ে গঠিত এই ল্যাবে রয়েছে কৃত্রিম মানবদেহ ও বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ। যার মাধ্যমে শিক্ষার্থীরা সিপিআর, স্বাভাবিক প্রসব, বেসিক ও অ্যাডভান্স লাইফ সাপোর্ট সহ নানা চিকিৎসা পদ্ধতিতে বাস্তবভিত্তিক প্রশিক্ষণ নিতে পারবে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো— শিক্ষার্থীদের করা কাটাছেড়া কিছুক্ষণ পর নিজে থেকেই ঠিক হয়ে যাবে, ফলে বারবার প্রশিক্ষণের সুযোগ থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেবাচিমের উপাধ্যক্ষ ডা. রেফায়েতুল হায়দার, শিক্ষক সমিতির সভাপতি ডা. কামরুদ্দোজা হাফিজুল্লাহ, সাধারণ সম্পাদক ডা. সিহাব উদ্দিনসহ ল্যাব পরিচালনা পর্ষদের সদস্যরা।
শিক্ষার্থী আবদুর রহমান বলেন, “কৃত্রিম মানবদেহে বারবার প্রশিক্ষণের সুযোগ থাকায় দক্ষতা অর্জন সহজ হবে। উন্নত বিশ্বের মতো শিক্ষা পদ্ধতি পেয়ে আমরা উচ্ছ্বসিত।”
অধ্যক্ষ ডা. ফয়জুল বাশার জানান, এই ল্যাবের মাধ্যমে অল্প সময়ে কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা সম্ভব হবে। পাশাপাশি হাসপাতালে রোগীদের ওপর চাপও কমবে।
“মো. তুহিন হোসেন”
স্টাফ করেসপন্ডেন্ট, বরিশাল
চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম






