জানা গেল  হিটলারের মৃত্যু আসলে কীভাবে হয়েছিল

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  কেউ কেউ দাবি করেছিলেন, হিটলার যুদ্ধের পরে বেঁচে ছিলেন এবং দক্ষিণ আমেরিকায় পালিয়ে গিয়েছিলেন। আবার কেউ কেউ অ্যান্টার্কটিকায় তাঁর গোপন ঘাঁটির কথা বলেছিলেন। ওই দিনের ঘটনাগুলো ঐতিহাসিকভাবে নথিভুক্ত থাকলেও বছরের পর বছর ধরে তাঁর মৃত্যুকে ঘিরে রয়েছে অনেক মিথ এবং ষড়যন্ত্র তত্ত্ব।

৩০ এপ্রিল ১৯৪৫। সোভিয়েত রেড আর্মির সৈন্যরা জার্মানির বার্লিন ঘিরে ফেলেছে। ক্রমেই এগিয়ে আসছে হিটলারের বাংকারের দিকে। সেই সময় অ্যাডলফ হিটলার তাঁর শেষ আশ্রয়স্থল, নতুন তৈরি চ্যান্সেলর ভবনের পাশের বাংকারে আত্মহত্যা করেন। হিটলারের মৃত্যুর ৮০ বছর পর হিটলারের মৃত্যু নিয়ে নতুন তথ্য দিয়েছেন হামবুর্গ এপেনডর্ফ বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের ফরেনসিক মেডিসিন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. ক্লাউস পুশেল। তিনি গত ২০ মার্চ তাঁর সদ্য প্রকাশিত নতুন বই ‘দ্য টোড গেট উবের লাইশেন’ বা ‘মৃত্যুর পথে লাশ পড়ে থাকে’তে লিখেছেন হিটলারের মৃত্যুর না জানা অনেক কথা। পুশেল লিখেছেন, ‘সায়ানাইড ক্যাপসুল মুখে দিয়ে কামড়ে ভেঙে খাওয়া এবং এর কিছুক্ষণের মধ্যেই মাথায় গুলি করে যৌথ প্রক্রিয়ায় আত্মহত্যাই ছিল আ্যাডলফ হিটলারের মৃত্যুর সম্ভাব্য কারণ। হিটলার ৩০ এপ্রিল ১৯৪৫ সালে তাঁর বাংকারে আত্মহত্যা করেন। তার কিছু পরেই সোভিয়েত বাহিনী বার্লিনে হিটলারের বাংকারে এসে উপস্থিত হয়।

হামবুর্গ ইনস্টিটিউট অব ফরেনসিক মেডিসিনের সাবেক প্রধান ক্লাউস পুশেল ১৯৯০ সালে মস্কোর সামরিক মহাফেজখানায় রক্ষিত মাথার খুলি ও অ্যাডলফ হিটলারের দেহের রাশিয়ান ময়নাতদন্তের ফলাফল পরিদর্শন করতে সক্ষম হয়েছিলেন। তিনি তাঁর সদ্য প্রকাশিত বইটিতে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আডলফ হিটলারের মৃত্যরহস্য বিশ্লেষণ করেছেন। অ্যাডলফ হিটলারের মৃত্যুর ৮০ বছর পর হামবুর্গের ফরেনসিক বিশেষজ্ঞ হিটলারের মৃত্যু নিয়ে নানা মিথ ভেঙে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘যুদ্ধের শেষে হিটলারের মৃত্যুকে ঘিরে কয়েক দশক ধরে অনেক মিথ ছড়িয়েছিল, যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই। ড. পুশেলের মতে, হিটলারের দাঁতের পরীক্ষার ফলাফল স্পষ্টভাবে শনাক্ত করা যায় যে মৃতদেহটি অ্যাডলফ হিটলারের।

 




ছয় দফা দাবিতে পটুয়াখালী পলিটেকনিকে শিক্ষার্থীদের শাটডাউন

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে শাটডাউন কর্মসূচি পালন করেছেন পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ইনস্টিটিউটের প্রধান গেটে তালা ঝুলিয়ে তারা আন্দোলন শুরু করেন। ফলে পুরো প্রতিষ্ঠানে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।

গেট বন্ধের সঙ্গে সঙ্গে পাঠদান কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং শিক্ষক-কর্মচারীরাও প্রবেশ করতে পারেননি। এরপর শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য ছয় দফা দাবি উপেক্ষিত হয়ে আসছে। দাবি আদায়ে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি। তাই বাধ্য হয়েই তারা শাটডাউন কর্মসূচি পালন করছেন।

শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবির মধ্যে রয়েছে—শিক্ষার মানোন্নয়ন, আধুনিক ল্যাবরেটরি স্থাপন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, ইন্ডাস্ট্রি ভিজিটের সুযোগ বৃদ্ধি, সেশনজট নিরসন ও কর্মমুখী প্রশিক্ষণ নিশ্চিতকরণ। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি মানা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

শিক্ষার্থীদের এমন কর্মসূচিতে ইনস্টিটিউটজুড়ে একধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা তাদের শান্তিপূর্ণ আন্দোলনে সকলকে সংহতির আহ্বান জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাবার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে প্রাণ হারালেন শারমিন

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের মধ্য আমবৌলা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে মৃত্যুবরণ করেছেন শারমিন খানম (৩২)। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

শারমিন খানম ওই গ্রামের আবু হাওলাদারের মেয়ে এবং পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মোনারপাড়া গ্রামের মো. শাহিন মিয়ার স্ত্রী।

সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যায় বৃষ্টির মধ্যে বাড়ির আঙিনায় কাজ করছিলেন শারমিন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে গোপালগঞ্জের কোটালীপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হঠাৎ বজ্রপাতে প্রিয়জন হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে জিডি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের সাথে জড়িত ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাঠানো সাধারণ ডায়েরি থানায় গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে এই জিডি দায়ের করেছেন। ডায়েরিতে ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

জিডিতে উল্লেখ করা হয়, ইংরেজি বিভাগের রাকিন খান, মিজানুর রহমান, এনামুল হক, তরিকুল ইসলাম; সাংবাদিকতা বিভাগের নাজমুল ঢালী; লোক প্রশাসন বিভাগের মোকাম্মেল শেখ; আইন বিভাগের তরিক হোসেন; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এমডি শিহাব; কোস্টাল স্টাডিজ বিভাগের অপূর্ব রকি এবং রসায়ন বিভাগের রফিকসহ মোট ২২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

সাধারণ ডায়েরিতে অভিযোগ করা হয়েছে, আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অরাজকতা সৃষ্টি করে প্রশাসনিক কার্যক্রমে বাধা প্রদান করেছে। গত ২৭ এপ্রিল তারা প্রশাসনিক ভবনের সামনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-পোস্টার নিয়ে স্লোগান দেয় এবং পরে রেজিস্ট্রারের কার্যালয়ে ঢুকে কর্মকর্তাদের ভয় দেখিয়ে বের করে দেয়। পরে রেজিস্ট্রারের কক্ষে তালা লাগানো হয় এবং ভবনের কলাপসিবল গেটেও তালা ঝুলিয়ে দেওয়া হয়, ফলে প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত হয়।

সহকারী রেজিস্ট্রার কেএম সানোয়ার পারভেজ লিটন বলেন, “বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশে জিডি করা হয়েছে। আমি একজন ছোট কর্মকর্তা, সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আমার নেই। উপাচার্যের নির্দেশে আইনজীবীর মাধ্যমে জিডি প্রস্তুত করা হয়েছে, আমি শুধু দায়িত্ব পালন করেছি।”

উল্লেখ্য, অধ্যাপক মুহাম্মদ মুহসিনকে পুনরায় দায়িত্বে ফেরানো, রেজিস্ট্রার মনিরুল ইসলামকে অপসারণ, আওয়ামী লীগ সমর্থিত কিছু কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও উপাচার্যের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ঝালকাঠিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের উত্তর জুরকাঠি গ্রামে বজ্রপাতে মোসা. আসমা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় এ দুঃখজনক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন আসমা আক্তার। ফেরার পথে আকস্মিক বজ্রপাতের শিকার হয়ে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত আসমা আক্তার একই এলাকার রুবেল মাঝির স্ত্রী।

এ ঘটনায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। সরকারি নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সকল কার্যক্রম সম্পন্ন করা হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




জুমার খুতবা দিয়ে প্রশংসায় ভাসছেন নেছারাবাদের ইউএনও

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম জুমার নামাজে খুতবা পাঠ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন। তার খুতবার ভিডিও ও ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

গত শুক্রবার (২৫ এপ্রিল) উপজেলার সোহাগদল ইউনিয়নের একতার হাটবাজার পরিদর্শনকালে জুমার নামাজের সময় হলে তিনি দক্ষিণ সোহাগদল একতার হাটবাজার জামে মসজিদে গিয়ে খুতবা প্রদান করেন এবং ইমামতি করেন।
খুতবার আগে সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা এবং প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার গুরুত্ব তুলে ধরেন তিনি। এরপর তিনি নামাজ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ইউএনও মো. জাহিদুল ইসলাম খুতবায় বলেন, “শিশুদের মধ্যে ধর্মীয় শিক্ষার চর্চা কমে যাচ্ছে। পরিবার থেকে ধর্মীয় অনুশাসনের শিক্ষা দেওয়া জরুরি, যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়।”

ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনরা প্রশংসায় ভাসান তাকে। অনেকে মন্তব্য করেন, এমন দ্বীনদার এবং সচেতন কর্মকর্তার মাধ্যমে নেছারাবাদ আরও সুন্দর হবে।
জাহারুল ইসলাম নামে একজন মন্তব্য করেন, “আমরা গর্বিত এমন একজন ইউএনও পেয়ে। তার হাত ধরেই উপজেলায় সুন্দর পরিবেশ বজায় থাকবে ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, মো. জাহিদুল ইসলাম বরিশালের বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন এবং গত ২৩ মার্চ নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




শহীদ জসিম ও লামিয়ার পরিবারের পাশে বিএনপি, চিকিৎসা সহায়তা ও আর্থিক অনুদান প্রদান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এবং কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ২৪ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ যুবদল নেতা জসিম ও তাঁর মেয়ে লামিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সহায়তা সেলের চিকিৎসক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডা. মো. মহিবুল্লাহ (রুবেল)।

বর্তমানে লামিয়ার ছোট বোন শারীরিকভাবে অসুস্থ অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লামিয়ার বোনের সুস্থতা নিশ্চিত করতে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন এবং চিকিৎসা ও অন্যান্য ব্যয় নির্বাহে আর্থিক সহায়তা প্রদান করছেন ডা. মহিবুল্লাহ। এসময় হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান এবং দায়িত্বরত নার্সদের সাথেও তিনি কথা বলেন।

ডা. মহিবুল্লাহ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রত্যেক জেলায় নিপীড়িত নারী ও শিশুদের জন্য চিকিৎসা সহায়তা সেল গঠনের নির্দেশ দিয়েছেন। তারই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলায় আমরা সার্বক্ষণিক চিকিৎসা সহায়তায় নিয়োজিত আছি। একইসঙ্গে পরিবারটির জন্য ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।

জানা যায়, ২৪ জুলাইয়ের আন্দোলনে শহীদ হওয়া যুবদল নেতা জসিমের মৃত্যুর পর তাঁর কন্যা লামিয়া গণধর্ষণের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করে। এরপর থেকেই লামিয়ার মা ও ছোট বোন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতার অংশ হিসেবে বিএনপির স্বাস্থ্য সহায়তা সেল এই উদ্যোগ গ্রহণ করে।

২৮ এপ্রিল ২০২৫ তারিখে এই চিকিৎসা সহায়তা কার্যক্রম পরিচালনা করেন ডা. মো. মহিবুল্লাহ, যিনি বর্তমানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেকচারার হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মো: আল-আমিন



পিরোজপুর চোর ধরার ফাঁদে প্রাণ গেল শ্রমিকের

পিরোজপুরের মঠবাড়িয়ায় বরই বাগানে চুরি ঠেকাতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে মনির সরদার (৪০) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার পশ্চিম ফুলঝুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

মনির সরদার উপজেলার পাতাকাটা গ্রামের আকসার সরদারের ছেলে। তিনি ঢাকায় কাঠের কারখানায় শ্রমিকের কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরই চাষি দুলাল ফরাজি চুরির আশঙ্কায় বাগান ঘিরে বৈদ্যুতিক তার পেতে রাখেন। সোমবার সকালে মনির সরদার বরই চারা সংগ্রহ করতে গিয়ে ওই ফাঁদে বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই ইয়াকুব সরদার জানান, মনির বৈদ্যুতিক ফাঁদের কথা জানতেন না। গাছের চারা আনতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি।

মঠবাড়িয়া থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশালে নার্সিং শিক্ষার্থীদের সড়ক অবরোধে যানজট

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (গ্র্যাজুয়েট) সমমানের দাবি জানিয়ে বরিশালে বিক্ষোভ ও কালো পতাকা মিছিল করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়।

সরকারি ও বেসরকারি সাতটি ডিপ্লোমা নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীরা সাদা অ্যাপ্রোন পরে, মাথায় সবুজ ও গোলাপি ওড়না বেঁধে এক কাতারে বসে স্লোগান দেন। হাতে ছিল ব্যানার ও কালো পতাকা।

বিক্ষোভকারীরা জানান, ডিপ্লোমা কোর্সের স্বীকৃতি সংকটের কারণে পেশাগত জীবনে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত এই ডিপ্লোমাগুলোকে স্নাতক সমমানের স্বীকৃতি দিয়ে ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি জানান তারা। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

বিক্ষোভ চলাকালে হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে রোগী ও স্বজনদের ভোগান্তি চরমে পৌঁছে। যান চলাচল বন্ধ হয়ে পড়ায় পুরো এলাকার পরিবেশে অস্বস্তি নেমে আসে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

উল্লেখ্য, সারাদেশেই নার্সিং শিক্ষার্থীরা একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বরিশালের শিক্ষার্থীরাও আন্দোলনকে আরও বেগবান করছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




পটুয়াখালীতে মাকে নৃশংসভাবে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই এলাকায় মাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় পুত্র মোঃ খোকন হাওলাদার ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৬ এপ্রিল রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিআইসি গেইটের বিপরীত পাশে আল-বারাকা বাস কাউন্টারের সামনে ময়মনসিংহ রোড থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে পটুয়াখালী জেলা পুলিশ, যা সোমবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গত ১০ মার্চ সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে কোনো এক সময়ে নিজ ঘরে নামাজরত অবস্থায় রিজিয়া বেগম (৫৫) হত্যার শিকার হন। ঘটনার সময় তার স্বামী খালেক হাওলাদার বাড়িতে অনুপস্থিত ছিলেন। নিহত রিজিয়া বেগমের ভাই বাদী হয়ে পরদিন ১১ মার্চ পটুয়াখালী সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৫/১২৬) দায়ের করেন।

ঘটনার পরপরই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। মামলার রহস্য উদঘাটনে পুলিশ একাধিক টিম গঠন করে মাঠে নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করে গ্রেপ্তার করে।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে খোকন তার মাকে হত্যার পেছনের কারণ হিসেবে পারিবারিক অশান্তি, মায়ের একাধিক অবৈধ সম্পর্ক, নিজের বোনের মৃত্যুকে দায়ী করেন। খোকন জানান, মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড সংঘটিত করেন।

হত্যার আগের দিন খোকন গাজীপুর থেকে রওনা হয়ে পটুয়াখালী পৌঁছে হেতালিয়া বাঁধঘাট মসজিদে বিশ্রাম নেন। এরপর খাটাসিয়া বাজারে ইফতার করে বাড়ির পেছনের বিলের পাশে অবস্থান নেন। বাবার অনুপস্থিতি নিশ্চিত হয়ে খোকন খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে নামাজরত মাকে কাঠের ভারী তক্তা দিয়ে মাথায় আঘাত করেন। আত্মরক্ষার চেষ্টা করলে রিজিয়া বেগমের হাত ভেঙে যায়। একাধিক আঘাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে মৃত্যু নিশ্চিত করতে বাসায় থাকা দা দিয়ে তার মায়ের স্পর্শকাতর স্থানে আঘাত করেন এবং পালিয়ে যান।

গ্রেপ্তার হওয়ার পর খোকন আদালতে স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। পুলিশ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম