পাকিস্তানে ২৫টি ইসরায়েলি-নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিতের দাবি

ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান দাবি করেছে, তারা এখন পর্যন্ত ইসরায়েলের তৈরি ২৫টি ভারতীয় হেরোপ ড্রোন ভূপাতিত করেছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, এসব ড্রোন পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের চেষ্টা করছিল।
বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সফট-কিল (ইলেকট্রনিক পদ্ধতিতে) ও হার্ড-কিল (অস্ত্র ব্যবহারে) প্রযুক্তি ব্যবহার করে এসব ড্রোন ধ্বংস করা হয়। ধ্বংস হওয়া ড্রোনগুলোর ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে রয়েছে এবং সেগুলো সংগ্রহ করা হচ্ছে।
এর আগে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে জানান, ৭ ও ৮ মে রাতে ভারতের পাঠানো ১২টি ড্রোন প্রতিহত করা হয়েছে। তিনি আরও জানান, সীমান্তে ভারতের পক্ষ থেকে ড্রোন ও বিমান হামলার চেষ্টা অব্যাহত রয়েছে এবং পাকিস্তান প্রতিটি হামলার উপযুক্ত জবাব দিচ্ছে।
পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত ইসরায়েলের তৈরি ড্রোন ব্যবহার করছে, যা তাদের ভীতি ও উদ্বেগের বহিঃপ্রকাশ। পাকিস্তান দাবি করে, ভারতের এসব ড্রোন আগ্রাসী মনোভাবের প্রমাণ এবং এগুলো প্রতিহত করতে তারা সর্বোচ্চ প্রস্তুত।
ভারত এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








