বিষখালী ভাঙনে বিলীনের পথে বরগুনার দুই স্কুল, টেকসই বাঁধের দাবি

বিষখালী নদীর ভয়াবহ ভাঙনের মুখে পড়েছে বরগুনা সদর উপজেলার ডালভাঙা গ্রামের দুটি শিক্ষা প্রতিষ্ঠান—ডালভাঙা বিএম মাধ্যমিক বিদ্যালয় ও ডালভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীর করাল গ্রাসে অস্তিত্ব সংকটে পড়া এই দুটি স্কুল রক্ষায় শিক্ষার্থীরা টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছে।
বিদ্যালয় চত্বরেই এখন দেখা যাচ্ছে নদীর ভয়াল গর্জন। প্রতি বছর বর্ষা মৌসুমে ঝড়-জলোচ্ছ্বাসে স্কুলের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। চলমান ভাঙন পরিস্থিতিতে শিক্ষার্থীরা মানববন্ধনের মাধ্যমে টেকসই প্রতিরোধ ব্যবস্থা ও সাইক্লোন শেল্টার নির্মাণের দাবি জানিয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বিষখালীর অপর পারে বাইনচটকি এলাকায় চর দখল করে অবৈধভাবে স্থাপন করা হয়েছে একাধিক ইটভাটা। এর ফলে নদীর স্বাভাবিক গতিপথ বাধাগ্রস্ত হচ্ছে এবং ডালভাঙা পয়েন্টে ভাঙনের তীব্রতা দিন দিন বাড়ছে।
পরিস্থিতি সরেজমিনে দেখতে এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। জেলা প্রশাসক জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠান রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
প্রসঙ্গত, বরগুনা জেলার ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধের অন্তত ২০-২৫টি পয়েন্ট বর্ষাকালে অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এসব পয়েন্টে জরুরি ভিত্তিতে টেকসই বাঁধ নির্মাণের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








