দ্রুত নির্বাচন চায় বিএনপি: সরোয়ার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন, “যৌক্তিক সংস্কার দ্রুত শেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের এখনই জাতীয় নির্বাচনের আয়োজন করা উচিত।”
তিনি বলেন, ভোটাধিকার বঞ্চিত জনগণ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। দেশের প্রকৃত শাসন ও সংস্কার তৎকালীন নির্বাচিত প্রতিনিধিদের হাতেই হওয়া উচিত।
গত ১৪ মে (বুধবার) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাগর হত্যাকাণ্ড তার প্রকৃষ্ট উদাহরণ। এই পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
সরোয়ার অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। উন্নত চিকিৎসার সুযোগ থেকেও তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি। এখন শেখ হাসিনা বিদেশে আর খালেদা জিয়া দেশে—এটাই বাস্তবতা বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “বর্তমানে যারা দেশে অবস্থান করছে এবং বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা করছে—তাদের ছাড় দেওয়া হবে না।” একইসঙ্গে দলের ভেতর যারা বিশৃঙ্খলা করছে তাদেরকেও সর্তক করে দেন এবং বলেন, দলের কোনো নেতাকর্মীর ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না।
বরিশালে চাঁদাবাজি বা কোনো ধরনের অরাজকতা বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন সরোয়ার। তিনি বলেন, দলের ভাবমূর্তি নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কেন্দ্র প্রস্তুত রয়েছে।
তিনি আরও জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এবং দলের নেতৃত্ব গ্রহণ করবেন। সেই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান ইসলাম চৌধুরী বাবুল, অ্যাডভোকেট মহসিন মন্টু, সৈয়দ হাসান, আনোয়ারুল হক তারিন, সৈয়দ আকবর, কেন্দ্রীয় যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান মামুন, এবং মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক প্রমুখ।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /








