যুবসমাজকেই নেতৃত্বে আসতে হবে; শাহাদাতই মোমিনের প্রকৃত সাফল্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দলটি দেশে কোরআনভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘ সময় ধরে আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
শনিবার (১৭ মে) সন্ধ্যায় রাজধানীর কাফরুলের তালতলা হালিম ফাউন্ডেশন স্কুলমাঠে কাফরুল দক্ষিণ থানা জামায়াত আয়োজিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা হজরত ওমর (রা.)-এর মতো ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করে যাচ্ছি। এ লক্ষ্য অর্জনে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও মত-পথ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজ পরিবর্তনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের বড় অর্জনগুলো যুবদের হাত ধরেই এসেছে। তাই বর্তমান সংকটকালে নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।”
তিনি বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনায় আল্লাহভীতি ও জবাবদিহিতা নিশ্চিত করবে। জনগণ যদি তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসায়, তাহলে কোনো বৈশ্বিক শক্তির সামনে মাথানত না করে ইসলামী মূল্যবোধ অনুসরণ করেই রাষ্ট্র পরিচালনা করা হবে।
নেতৃত্বের আহ্বানে ডা. শফিকুর রহমান আরও বলেন, “দেশ ও জাতির কল্যাণে নতুন প্রজন্মকে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। একজন মোমিনের জীবনের প্রকৃত সাফল্য হলো শাহাদাত। নবুয়াতের দরজা বন্ধ হলেও শাহাদাতের দরজা এখনো উন্মুক্ত। আর এই শাহাদাতই সর্বোচ্চ সম্মান।”
ব্যক্তিগতভাবে শাহাদাতের আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি বলেন, “দ্বীনের পথে একজনেরও যদি শাহাদাতের প্রয়োজন হয়, তবে সেই মর্যাদা যেন আমার ভাগ্যে জোটে।” তিনি সবার প্রতি শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।








