বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কটুক্তি, সাইবার ট্রাইব্যুনালে মামলা

ফেসবুকে একজন খ্যাতিমান বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অপপ্রচার চালানোর অভিযোগে বরিশালের সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অভিযোগকারী হলেন পাঁচটি সম্মাননা পাওয়া বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মো. মজিবুর রহমান মাঝি। মামলার আসামির তালিকায় রয়েছেন গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকার তুহিন ফকির ওরফে টিএম তুহিন, গোরক্ষডোবা গ্রামের সজিব মাঝি এবং তাঁরাকুপি গ্রামের পপি ও তার স্বামী আজমল সিদ্দিকী সোহাগ।

সোমবার (১৯ মে) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দাখিল করা হয়। বাদীপক্ষের আইনজীবী এইচ এম মিজানুর রহমান পিকু জানান, বিচারক গোলাম ফারুক মামলাটি আমলে নিয়ে গৌরনদী থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, মো. মজিবুর রহমান মাঝি ১৯৬৮ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন এবং ১৯৭১ সালে কুর্মিটোলা ট্রানজিট ক্যাম্প থেকে পালিয়ে ৯ নম্বর সেক্টরে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতার পর তিনি কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন এবং ১৯৮১ সালে অবসর গ্রহণ করেন।

এজাহারে আরও বলা হয়, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও কুরুচিপূর্ণ মন্তব্য করে শুধু মজিবুর রহমান মাঝিকে নয়, বরং গোটা মুক্তিযুদ্ধের চেতনাকেই অপমান করেছে। অভিযোগে বলা হয়, পপি ও তার স্বামীর প্ররোচনায় তুহিন ফকির ও সজিব মাঝি তাদের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একাধিক অশ্লীল, মিথ্যা ও মানহানিকর পোস্ট করেন।

এ বিষয়ে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, “মামলার কপি এখনো হাতে পাইনি। কপি পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বিক্ষোভের ষষ্ঠতম দিন, অচল গুলিস্তান

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব হস্তান্তরের দাবিতে নগর ভবনের সামনে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন তার অনুসারীরা।

মঙ্গলবার সকালেও ইশরাক সমর্থকরা ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন। সেখানে তারা ইশরাক হোসেনকে অবিলম্বে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করেন তারা।

এ অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনের সামনের গুলিস্তান-বঙ্গবাজার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে টানা পাঁচ দিন নগর ভবন ঘিরে অবস্থান কর্মসূচি চালিয়ে যান ইশরাকের অনুসারীরা, যার প্রভাবে নগর ভবন কেন্দ্রিক সব ধরনের নাগরিক সেবা কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। তবে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর থেকেই তার সমর্থকরা মেয়রের দায়িত্ব হস্তান্তরের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।




তুরস্কগামী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে আগুন, জরুরি অবতরণে রক্ষা পেল ২৯০ যাত্রী

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছু সময় পরই ইঞ্জিনে আগুন ধরে যায় টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। মঙ্গলবার সকালে ইস্তাম্বুলগামী TK713 ফ্লাইটটি জরুরি পরিস্থিতিতে অবতরণ করতে বাধ্য হয়। তবে ফ্লাইটে থাকা ২৯০ যাত্রীর সবাই নিরাপদ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সকাল ৭টায় এয়ারবাস A330-303 মডেলের TK713 ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দেয়। উড্ডয়নের ১৫ মিনিট পর পাইলট ইঞ্জিনে স্পার্ক বা আগুনের ফুলকি লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে তিনি প্লেনটি অবতরণের সিদ্ধান্ত নেন।

ঘটনার বিষয়ে শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ জানান, উড্ডয়নের সময় উড়োজাহাজটি একটি পাখির সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে একটি ইঞ্জিনে আগুনের আশঙ্কাজনক পরিস্থিতি সৃষ্টি হয়। নিরাপত্তার স্বার্থে ফ্লাইটটি প্রায় দেড় ঘণ্টা আকাশে চক্কর দিয়ে জ্বালানি পোড়ানোর পর সকাল ৮টা ১৫ মিনিটে নিরাপদে অবতরণ করে।

ঘটনার পর টার্কিশ এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের পর দ্বিতীয় ইঞ্জিনে পাখির আঘাত লাগে, যার ফলে ফ্লাইটটি ফিরে আসতে বাধ্য হয়। তারা আরও জানায়, যাত্রী, ক্রু এবং উড়োজাহাজটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে। মেরামতের প্রয়োজন হওয়ায় উড়োজাহাজটি রানওয়েতে রাখা হয়েছে এবং যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে।

এমতাবস্থায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে ফ্লাইটটি চালু করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।




নারী নির্যাতনের মামলায় কণ্ঠশিল্পী নোবেল গ্রেফতার

নারী নির্যাতনের অভিযোগে কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানা। মঙ্গলবার (২০ মে) সকালে রাজধানীর ডেমরার শারুলিয়ার আমতলা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গ্রেফতারের পর দুপুরে নোবেলকে আদালতে পাঠানো হবে

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক নারীকে মারধর করে জোর করে টেনে নিয়ে যাচ্ছেন কণ্ঠশিল্পী নোবেল। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী নারী নিজেই থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে আজ সকালে ডেমরা থানার একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মাইনুল আহসান নোবেল ২০১৯ সালে ভারতের ‘সারেগামাপা’ রিয়েলিটি শোতে অংশ নিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর থেকেই নানা বিতর্কে জড়ান এই সংগীতশিল্পী। এবার গ্রেফতারের মধ্য দিয়ে নতুন করে আলোচনায় উঠে এলেন তিনি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশাল বিভাগে চার মাসে ৫৪৬ অপমৃত্যু, আত্মহত্যায় শীর্ষে নারী

চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত মাত্র চার মাসে বরিশাল বিভাগে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ৫৪৬টি। এর মধ্যে আত্মহত্যার হার উদ্বেগজনকভাবে বেশি, যা মোট মৃত্যুর প্রায় অর্ধেক। বিশেষ করে নারীদের মধ্যে আত্মহননের হার তুলনামূলক বেশি বলে জানিয়েছে বরিশাল রেঞ্জ পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আত্মহত্যার প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে পারিবারিক কলহ, মানসিক চাপ, হতাশা, অভিমান এবং ব্যক্তিগত নানা সংকট।

আত্মহত্যার পরিসংখ্যান:

চার মাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ১৩৫ জন। মাসভিত্তিক হিসাব:

  • জানুয়ারি: ৩৩ জন
  • ফেব্রুয়ারি: ৩৩ জন
  • মার্চ: ৩২ জন
  • এপ্রিল: ৩৭ জন

বিষপানে মারা গেছেন ৫২ জন।

  • জানুয়ারি: ১৪
  • ফেব্রুয়ারি: ১৫
  • মার্চ: ১১
  • এপ্রিল: ১২

দুর্ঘটনায় মৃত্যু:

  • পানিতে ডুবে মারা গেছেন ১০৫ জন (সবচেয়ে বেশি এপ্রিল মাসে: ৪০ জন)।
  • বৈদ্যুতিক শর্ট-সার্কিটে: ৩১ জন
  • বজ্রপাতে: ৩ জন
  • ছাদ থেকে পড়ে: ৬ জন
  • অন্যান্য দুর্ঘটনায়: ৮ জন

জেলার ভিত্তিতে মৃত্যু পরিসংখ্যান:

  • ভোলা: ১২৪ জন
  • পটুয়াখালী: ১২১ জন
  • বরগুনা: ৮৫ জন
  • পিরোজপুর: ৭৮ জন
  • বরিশাল: ৩৫ জন
  • ঝালকাঠি: ৩৪ জন

সবমিলিয়ে অপমৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৫৪৬-এ। তবে এই ঘটনাগুলোর মধ্যে মাত্র ১০টি অপমৃত্যুর মামলা হয়েছে, যা তদন্ত ও বিচার প্রক্রিয়ার ধীরগতি বা উপেক্ষার বিষয়টিও ইঙ্গিত করে।

বিশেষজ্ঞরা বলছেন, আত্মহত্যা রোধে পারিবারিক বন্ধন মজবুত করা, মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট চান সারজিস আলম

জাতীয় নির্বাচনের আগে ঢাকা সিটি কর্পোরেশনসহ দেশের সব স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি মনে করেন, এতে দেশের রাজনীতি আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে, পাশাপাশি জনপ্রতিনিধির মান এবং জবাবদিহিতা বাড়বে।

সোমবার (১৯ মে) রাত ১১টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

সারজিস আলম লিখেছেন, “জাতীয় নির্বাচনের পূর্বে সব স্থানীয় নির্বাচন হলে যোগ্য, জনপ্রিয় এবং গ্রহণযোগ্য ব্যক্তিরা নির্বাচিত হবেন। এতে নির্বাচনী পরিবেশ আরও স্বচ্ছ হবে এবং জনগণের আস্থা বাড়বে।”

তিনি আরও বলেন, “বর্তমানে স্থানীয় সরকার পর্যায়ে জনপ্রতিনিধি না থাকায় জনসেবা বিঘ্নিত হচ্ছে। স্থানীয় নির্বাচন হলে সেই সেবাগুলো আবার সচল হবে। পাশাপাশি এই নির্বাচনগুলো নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগের জন্য একটি লিটমাস টেস্ট হিসেবে কাজ করবে।”

তার ভাষ্য অনুযায়ী, “জাতীয় নির্বাচনের আগে স্থানীয় পর্যায়ে ভোট হলে অপ্রত্যাশিত ঝুঁকি কমে আসবে এবং প্রয়োজনীয় সংশোধনের সুযোগ থাকবে। সরাসরি জাতীয় নির্বাচন দিয়ে এই সুযোগ হারালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে পড়তে পারে।”

এ সময় তিনি রাজনৈতিক পক্ষপাত এবং ‘মাইম্যান’ সংস্কৃতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “ক্ষমতাসীন দল নিজেদের পছন্দের লোককে নমিনেট করে বিভিন্নভাবে জনপ্রতিনিধি বানিয়ে ফেলে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু স্থানীয় নির্বাচন হলে প্রকৃত জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তিরাই নির্বাচিত হবেন।”

বিএনপির প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন, “বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি। সঠিক প্রক্রিয়ায় নির্বাচন হলে তাদের জনপ্রিয়, সৎ ও দক্ষ নেতারাই জয়লাভ করবেন। অপরাধী, সিন্ডিকেটধারী ও তেলবাজরা জনগণের রায় পাবে না—এ বিষয়ে আশা করি বিএনপিরও দ্বিমত থাকবে না।”

তবে তিনি স্পষ্ট করেন যে, স্থানীয় নির্বাচনের কথা বলার অর্থ জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো ষড়যন্ত্র নয়। তার মতে, “প্রয়োজনে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা যেতে পারে, যাতে এই বিষয় নিয়ে কেউ ভুল ব্যাখ্যা না দেয়।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ইশরাক হোসেনের আহ্বান: “সমালোচনা হোক শালীন ভাষায়, কাউকে অসম্মান নয়”

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা টানা কয়েকদিন ধরে রাজধানীতে আন্দোলন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। তবে এসব কর্মসূচির মধ্যেও শালীনতা বজায় রেখে, কাউকে অসম্মান না করার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২০ মে) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এই কথা ইশরাক হোসেন আন্দোলনকারীদের উদ্দেশে বলেন।

তিনি বলেন, ” আমি আন্দোলনরত ঢাকা দক্ষিণ সিটির জনগণ ও ভোটারদের বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বাদে অন্য কোন রাজনৈতিক দলের নেতার বিরুদ্ধে যত ক্ষোভ থাকুক না কেন, আমরা তাদের অসম্মান হয় এরকম কিছু করা থেকে শতভাগ বিরত থাকি। আমরা সমালোচনা করি, রাজনৈতিক বক্তব্যর মধ্য দিয়ে তাদেরকে সতর্ক করি, তাদের ভুল ধরিয়ে দেই কিন্তু অবশ্যই ভাষাগত শিষ্টাচার মেনে।”

তিনি আরও লেখেন, “ অনেক তো দেখে আসছি আর পেছনের দিকে দেশটাকে নিতে চাই না। অবশ্যই আমরা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবেলা করব, দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিবো, নির্বাচনী স্পষ্ট রোডম্যাপ আদায়ের মাধ্যমে আমাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নিব। এমনকি বর্তমানে বিতর্কিত উপদেষ্টাদের পদত্যাগে কঠোর গণতান্ত্রিক আন্দোলন ও করবো।কিন্তু ভাষা ও ব্যবহার জাতে শত্রুও সমালোচনা করতে না পারে।”

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে ইশরাক হোসেন বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে তিনি নির্বাচনী অনিয়মের অভিযোগ তুলে আসছেন। তার সমর্থকরাও দায়িত্ব বুঝে দেওয়ার দাবিতে রাজপথে সক্রিয় রয়েছেন।




কলাপাড়ায় যাত্রীবাহী বাসে ৬ মণ সামুদ্রিক মাছ জব্দ, চালককে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ৬ মণ চিংড়ি, লইট্টা ও পোয়া মাছসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মাছ পরিবহনের দায়ে গাড়িচালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ মে) রাত ৮টার দিকে বালিয়াতলীর বাবলাতলা বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রার সময় এই মাছ বহনকালে বাসটিকে থামিয়ে অভিযান চালানো হয়। জব্দকৃত মাছের বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

পরবর্তীতে কলাপাড়া হেলিপ্যাড মাঠে জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্রদের মধ্যে বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

তিনি জানান, ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরার ওপর সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে কিছু অসাধু জেলে মাছ আহরণ করছেন, যা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়রা ভ্রাম্যমাণ আদালতের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এভাবে অভিযান অব্যাহত থাকলে সামুদ্রিক মাছের প্রজনন নিরাপদ থাকবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে পুকুরে ডুবে শিশু সুমাইয়ার মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী জেলা পরিষদের পুকুরে গোসলে নেমে সুমাইয়া জাহান (৮) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার (১৯ মে) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া পটুয়াখালী শহরের চকবাজার এলাকার মেসার্স কবির টেলিকমের মালিক সাইফুল ইসলাম কবির হাওলাদারের কন্যা। সে রোজ গার্ডেন কেজি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুল শেষে বাসায় না গিয়ে সুমাইয়া একাই জেলা পরিষদের পুকুরে গোসল করতে যায়। বাঁধানো ঘাট থেকে পুকুরে লাফ দিলেও আর উঠতে দেখা যায়নি তাকে। আশেপাশে থাকা এক শিশু বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তার পরিবারকে খবর দেয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে এবং কিছুক্ষণ পর পানির নিচ থেকে সুমাইয়াকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশু সুমাইয়ার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাজুড়ে নেমে এসেছে নীরবতা। স্থানীয়রা জানান, পুকুরে কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত প্রশাসনের পক্ষ থেকে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



বাউফলে সাংবাদিককে জেল দেওয়ার হুমকি ইউএনওর

পটুয়াখালীর বাউফলে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং কালের কণ্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এ এইচ এম শহীদুল হক (এমরান হাসান সোহেল)-কে প্রকাশ্যে জেল দেওয়ার হুমকি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম। সোমবার দুপুরে বাউফল গার্লস স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

দুর্নীতি দমন কমিশনের পটুয়াখালী কার্যালয় এবং বাউফল দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর চেষ্টা করা হলেও ইউএনওর সঙ্গে বারবার যোগাযোগে ব্যর্থ হন আয়োজকেরা। জানা গেছে, গত বৃহস্পতিবার, শনিবার ও রবিবার ইউএনও’র কার্যালয়ে গিয়ে তাঁকে আমন্ত্রণ জানানোর চেষ্টা করা হয়। তিন দিনই ইউএনও অফিসে অনুপস্থিত থাকেন এবং ফোন কলেও সাড়া দেননি।

শেষবার রোববার সন্ধ্যায় ফোন দিলে ইউএনও ফোন রিসিভ না করে তা কেটে দেন বলে জানান কমিটির সভাপতি। পরদিন সোমবার যখন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান, তখন তিনি সেখানে আসেন এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়েই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং কেন তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি, তা জানতে চান।

জবাবে প্রতিরোধ কমিটির সভাপতি বলেন, “একাধিকবার অফিসে গিয়েছি, কিন্তু পাইনি। ফোনও করেছি, আপনি রিসিভ করেননি।” এরপর ইউএনও আমিনুল ইসলাম উত্তেজিত হয়ে বলেন, “আমি কারো ফোন ধরতে বাধ্য না। আমাকে চিঠি দিতে হবে। আমরা এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি।”

সাংবাদিক এমরান হাসান সোহেল বলেন, “প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা হিসেবে এ ধরনের ব্যবহার কেবল আমার সঙ্গে নয়, কারও সঙ্গেই শোভন নয়। এটি চরম অসৌজন্যমূলক আচরণ।”

বিষয়টি নিয়ে বাউফল ইউএনও আমিনুল ইসলামের বক্তব্য জানার জন্য বারবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন, “শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে, অনুষ্ঠানটি নির্দিষ্ট একটি স্কুলে করা হয়েছে। চাইলে উপজেলা পরিষদে করাও যেত। তাছাড়া এসব দুর্নীতি প্রতিরোধ কমিটি আগের সরকারের আমলের। বর্তমানে এসবের বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে।”

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহল এবং সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরকারি কর্মচারীদের এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ও আচরণে হতবাক সাধারণ মানুষ। অনেকেই সামাজিক মাধ্যমে ইউএনও’র শাস্তির দাবিও জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম