নতুন ভবন প্রস্তুত, তবু চালু নয় পিরোজপুর হাসপাতাল,বাড়ছে রোগীদের ভোগান্তি

পিরোজপুর সদর হাসপাতালের নতুন ২৫০ শয্যার ভবনের নির্মাণ কাজ শেষ হলেও তা এখনো স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করেনি গণপূর্ত বিভাগ। ফলে সীমিত সুবিধা নিয়ে প্রতিদিন চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বর্তমানে ১০০ শয্যার এই হাসপাতালে তিনগুণেরও বেশি রোগী ভর্তি থাকেন। হাসপাতাল চত্বরজুড়ে মেঝে, করিডোর ও বারান্দায় শুয়ে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। ভোগান্তি বাড়ছে প্রতিনিয়ত।

প্রায় ৫ বছর বিলম্বে শেষ নির্মাণকাজ, তবু উদ্বোধনের অপেক্ষায়: 

২০১৭ সালে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেয় সরকার। প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭তলা বিশিষ্ট নতুন ভবনের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের জুনে। তবে তিনবার সময় বাড়িয়ে তা শেষ হয় ২০২4 সালের ডিসেম্বরে। পাঁচ মাস পার হলেও ভবনটি এখনো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়নি।

নির্মাণ কাজ সম্পন্ন করে মেসার্স খান বিল্ডার্স ও বঙ্গ বিল্ডার্স লিমিটেড নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে লিফট এবং বিদ্যুৎ সংযোগজনিত সমস্যার কারণে হস্তান্তর বিলম্ব হচ্ছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।

সেবা পাচ্ছেন না, অভিযোগ রোগী ও স্বজনদের

সরেজমিন দেখা গেছে, প্রতিদিন গড়ে ৫০০-এর বেশি রোগী আসছেন চিকিৎসার জন্য। তাদের অনেকেই জায়গা না পেয়ে মেঝেতে, করিডোরে চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের ঘন ঘন বদলি, পর্যাপ্ত সরঞ্জামের অভাব এবং জরুরি বিভাগে রোগী এলে তাড়াতাড়ি রেফার করার অভিযোগও রয়েছে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মুর্শিদ শেখ বলেন, “নতুন ভবন নির্মিত হলেও চালু না হওয়ায় আমরা চরম ভোগান্তিতে পড়েছি। রোগী আসলেই বরিশাল, খুলনা বা ঢাকায় রেফার করা হয়।”

গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ফাহিম আহমেদ জানান, “লিফট ও বিদ্যুৎ সংযোগ নিয়ে জটিলতা রয়েছে। লিফটের দাম বাড়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।”

হাসপাতালের সিভিল সার্জন ডা. মো. মতিউর রহমান বলেন, “ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী আসেন। আমাদের সামর্থ অনুযায়ী সেবা দেওয়ার চেষ্টা করছি। নতুন ভবন চালু হলে সেবার মান বাড়বে এবং রোগীদের কষ্ট কমে আসবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /

 




বরগুনায় কোরবানির হাটে পশু বেশি, দাম কম – চাঁদাবাজিতে বিপাকে ব্যবসায়ীরা

বরগুনার আমতলী উপজেলায় ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর হাটগুলোতে গরু, মহিষ ও ছাগলের সরবরাহ বেড়েছে। তবে চাহিদার তুলনায় অতিরিক্ত পশু থাকলেও দাম পড়েছে কম, আর চাঁদাবাজির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।

প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, আমতলীতে কোরবানির জন্য ৮ হাজার ৮১৩টি পশুর চাহিদা থাকলেও প্রস্তুত রয়েছে ৯ হাজার ৭০টি পশু। অতিরিক্ত সরবরাহ থাকলেও পাইকারি ক্রেতাদের অনুপস্থিতি ও পরিবহন পথে চাঁদাবাজির কারণে বাজারে দাম নিম্নমুখী।

আমতলীর গাজীপুর বন্দরের খ্যাতনামা গরু ব্যবসায়ী আলহাজ মাহবুবুর রহমান হাওলাদার জানান, “এই বছর গরুর সরবরাহ অনেক বেশি। দাম গত বছরের তুলনায় ৫ থেকে ১৫ হাজার টাকা কম। আমি ৫২টি গরু বিক্রি করেছি, লাভ খুবই কম। চাঁদাবাজির কারণে অনেকে আসতেই চায় না।”

তিনি আরও বলেন, “ঢাকায় পাঠানোর পথে ১০ হাজার টাকার মতো চাঁদা দিতে হচ্ছে। এতে লাভের সম্ভাবনা কমে যাচ্ছে।”

নেত্রকোনা ও নওগাঁ থেকে আসা গরু ব্যবসায়ীরা জানান, তারা সড়কে বারবার চাঁদা দিতে বাধ্য হচ্ছেন, যা সরাসরি ক্রেতাদের ওপর মূল্যবৃদ্ধির চাপ ফেলে।

এদিকে, বাজার পরিস্থিতির কারণে অনেক খামারি সরাসরি খামার থেকেই পশু বিক্রির দিকে ঝুঁকছেন। জিমি অ্যাগ্রো ভেট-এর মালিক আবুল বাশার নয়ন মৃধা বলেন, “আমার খামারে ১৭টি গরু রয়েছে। বাজারে না গিয়ে খামার থেকেই বিক্রি করছি।” খামারি জাহাঙ্গির জানান, “৮টি গরু আগেই বিক্রি হয়ে গেছে। ঈদের আগে দাম বাড়তে পারে, তবে আমি সে ঝুঁকি নিইনি।”

গরুর হাটের ইজারাদার আলাউদ্দিন মৃধা জানান, “বাজারে সরবরাহ ভালো। একটি হাটেই ৫০০ গরু বিক্রি হয়েছে। ঈদের সময় যত ঘনাবে, বিক্রিও বাড়বে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে প্রশাসন সক্রিয় রয়েছে। আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম বলেন, “সব হাটে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। জাল টাকা শনাক্তে নজরদারি এবং চাঁদাবাজি রোধে পদক্ষেপ নেওয়া হয়েছে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদেকুর রহমান জানান, পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য বিশেষ মনিটরিং টিম গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ্জামান খান বলেন, “সড়কে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




১৫ দিন প্রেমের পর বিয়ে, স্বামীর ঘরে ঝুলছিল নুসরাতের মরদেহ

বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকা থেকে নুসরাত বেগম (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ মে) সকালে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন। নুসরাতের মরদেহ বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নুসরাত বেগম চান্দখালী এলাকার মো. বাবু খানের স্ত্রী। বাবু খান চান্দখালী এলাকার শামীম খানের ছেলে। নুসরাতের বাবার বাড়ি জামালপুর জেলায়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২২ মে) বিকেল তিনটার দিকে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী এলাকার একটি ঘর থেকে নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়। ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত অবস্থায় নুসরাতের সঙ্গে গত বছরের ৩ আগস্ট পরিচয় হয় এসি মেকানিক মো. বাবু খানের। এরপর তারা ১৮ আগস্ট বিয়ে করেন। বিয়ের পর থেকে নুসরাতের সঙ্গে তার বাবা মায়ের যোগাযোগ ছিল না। বৃহস্পতিবার বিকেল নুসরাত গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে বলে তার শ্বশুরবাড়ির লোকজন পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নুসরাতের বাবার বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




সৌদিতে সড়ক দুর্ঘটনায় বরগুনার যুবকের মৃত্যু, বাড়িতে শোকের ছায়া

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বরগুনার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের প্রবাসী মোহাম্মদ খোকন ওরফে সুলতান হাওলাদার (৪০)। স্থানীয় সময় ২১ মে বুধবার বিকেল ৩টার দিকে রিয়াদের আল খারিজ সড়কের আজিজিয়া এলাকার রাবেয়া হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের দিকে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি মাইক্রোবাস খোকনকে চাপা দেয় এবং প্রায় ২০০ গজ টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত খোকনের বাড়ি বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামে। তিনি ১০ বছর ধরে সৌদিতে একটি মিশরীয় কেমিক্যাল কোম্পানিতে কর্মরত ছিলেন। তিন মাস আগে ছুটি কাটাতে দেশে এসেছিলেন। খোকনের স্ত্রী আয়েশা সিদ্দিকা জানান, কিছুদিন আগে তার হার্নিয়ার অপারেশন হয়, ড্রেসিং করাতে হাসপাতালে যাচ্ছিলেন তিনি। কিন্তু রাতে সৌদি আরব থেকে ফোনে তার মৃত্যুর খবর জানানো হয়।

এই মর্মান্তিক খবরে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র ১৩ বছরের কন্যা সন্তানকে নিয়ে হতবিহ্বল হয়ে পড়েছেন তার স্ত্রী।

সৌদি প্রবাসী আব্দুর রহমান মোল্লা জানান, স্থানীয় পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে হিমঘরে পাঠিয়েছে। কর্মস্থলের সহায়তায় লাশ দ্রুত দেশে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

নিহতের পরিবার সরকারের কাছে মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




ভোলার জেলেরা এখনো বঞ্চিত প্রণোদনার চাল থেকে

সাগরে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে গত ১৫ এপ্রিল। ইতিমধ্যে এক মাসেরও বেশি সময় পার হলেও ভোলার সরকারি তালিকাভুক্ত ৬৫ হাজার জেলে এখনো পাননি সরকার ঘোষিত প্রণোদনার চাল। এতে করে মানবেতর জীবনযাপন করছেন এসব জেলে পরিবার।

এই নিষেধাজ্ঞায় ভোলার ৭ উপজেলার জেলেরা তাদের ট্রলার ও জাল নিয়ে তীরে ফিরে এসেছেন। জাল মেরামত আর নৌকা সারাইয়ে ব্যস্ত সময় পার করলেও পরিবার চালাতে গিয়ে পড়েছেন চরম দুর্ভোগে। অনেকের অভিযোগ, চাল বরাদ্দ এলেও তা প্রকৃত জেলেদের না দিয়ে দেওয়া হয় অন্য পেশার লোকদের হাতে। আবার অনেক জেলের নামই নেই নিবন্ধিত তালিকায়।

দৌলতখান উপজেলার জেলে ফারুক মাঝি বলেন, “আমাদের বরাদ্দের চালও আমাদের কাছে পৌঁছায় না। যারা বিতরণ করে, তারা নিজেদের মতো করে তালিকা বানিয়ে চাল বিতরণ করে। ফলে আমরা প্রকৃত জেলেরা বঞ্চিত থাকি।”

আরেক জেলে কাঞ্চন মাঝি বলেন, “সরকারি নিষেধাজ্ঞা মানছি, কাজ করছি না, আয় বন্ধ। কিন্তু চাল তো পাইনি। এনজিওর কিস্তি দিতে পারছি না, লোকজন এসে বাড়িতে দাঁড়িয়ে থাকে। কিভাবে চলবো?”

শহিদ মাঝি নামে আরেক জেলে বলেন, “নদীতে মাছ নাই, সাগরে যাওয়া নিষেধ, কিস্তি-ঋণ বেড়েই চলেছে। কেউ কেউ বাধ্য হয়ে নিষেধাজ্ঞা ভেঙে সাগরে যাচ্ছে মাছ ধরতে। এমন চলতে থাকলে আমাদের সামনে হয় মরার, নয়তো চুরির পথই খোলা থাকবে।”

জেলেরা দাবি করেছেন, মৎস্য বিভাগের অবহেলার কারণেই অনেকে নিবন্ধিত হতে পারেননি। তাই দ্রুত প্রকৃত জেলেদের তালিকা তৈরি করে চাল বিতরণ এবং এই সময়ের জন্য ঋণের কিস্তি স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন তারা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, “এবারই প্রথম ৬৫ দিনের জায়গায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। চাল বরাদ্দ পেলেই দ্রুত বিতরণ শুরু করা হবে।”

জানা গেছে, চলমান নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২১ জুন। এই সময় জেলেদের জন্য দুই ধাপে মোট ৮৬ কেজি চাল দেওয়ার কথা, প্রথম ধাপে ৫৬ কেজি এবং দ্বিতীয় ধাপে ৩০ কেজি।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




প্রতিদিন কেশর-এলাচ চা? মিলবে শরীর ও ত্বকের একাধিক উপকারিতা!

লাইফস্টাইল ডেস্ক, চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম::
বিশ্বব্যাপী পানির পর সবচেয়ে জনপ্রিয় পানীয় হলো চা। আর স্বাদ ও উপকারিতা বাড়াতে অনেকেই চায়ে মেশান নানা প্রাকৃতিক উপাদান। এর মধ্যে সবচেয়ে কার্যকর দুটি হলো কেশর (জাফরান) ও এলাচ। প্রতিদিন কেশর-এলাচ মেশানো চা পান করলে শরীর ও ত্বকে মিলতে পারে বিস্ময়কর উপকার।

১. অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর—বয়সের ছাপ রোধে সহায়ক

কেশর ও এলাচে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে মুক্ত র‌্যাডিকেল থেকে রক্ষা করে। নিয়মিত এই চা পান করলে কোষের ক্ষয় রোধ হয়, ব্যথা কমে এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে বয়সের ছাপ পড়ে ধীরগতিতে।

২. ত্বকের উজ্জ্বলতা বাড়ায়

কেশর পরিচিত প্রাকৃতিক উজ্জ্বলতা বৃদ্ধিকারক উপাদান হিসেবে। ত্বকের দাগ, রুক্ষতা ও ক্ষত মেরামতে এটি কার্যকর। এলাচ আবার শরীর ডিটক্সিফাই করে, ত্বক পরিষ্কার করে এবং পুনর্জীবিত করে। তাই কেশর-এলাচ চা হতে পারে আপনার রূপচর্চার আভ্যন্তরীণ সঙ্গী।

৩. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

এই দুই উপাদানে রয়েছে ভিটামিন সি, আয়রন ও ম্যাঙ্গানিজসহ নানা গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। যা শরীরকে করে আরও বেশি রোগ প্রতিরোধী। নিয়মিত পান করলে ঠান্ডা, সর্দি বা মৌসুমি সংক্রমণ এড়ানো সম্ভব।

৪. ঘুম ও মানসিক প্রশান্তি

কেশরে থাকা ক্রোসিন ও সাফ্রানাল অনিদ্রা কমাতে সাহায্য করে। এলাচের সুগন্ধ মনকে করে শিথিল। রাতে ঘুমানোর আগে এই চা পান করলে ঘুম আসে সহজে, মানসিক চাপও কমে যায়।

সুস্বাদু, সুগন্ধি ও স্বাস্থ্যকর এই চা শুধু শরীর নয়, আপনার প্রতিদিনের জীবনের মান উন্নত করতেও ভূমিকা রাখবে। তবে বিশেষ স্বাস্থ্য সমস্যা থাকলে নিয়মিত গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




শনিবারও খোলা থাকবে সব সরকারি অফিস

আগামীকাল শনিবার (২৪ মে) সব সরকারি অফিস খোলা থাকবে। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ৬ মে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়, আসন্ন ঈদ উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হবে। সেই ছুটির বদলে কর্মদিবস হিসেবেই অফিস খোলা রাখা হচ্ছে ১৭ ও ২৪ মে, যেগুলো সাধারণত সাপ্তাহিক ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা এবার ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি পাবেন—৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত। তবে ছুটির এই সুবিধা নিশ্চিত করতে ঈদের আগে দুইটি শনিবার (১৭ ও ২৪ মে) সরকারি অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই কর্মসূচির ফলে নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটেই দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন সরকারি কর্মচারীরা।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




৪০ বছরের অপেক্ষার পর হজে গেলেন ইন্দোনেশীয় পরিচ্ছন্নতাকর্মী দম্পতি

চার দশকের সঞ্চয়, অগাধ ধৈর্য আর অটুট বিশ্বাস—এই তিন শক্তিকে সম্বল করে অবশেষে হজ পালনের স্বপ্ন পূরণ করেছেন ইন্দোনেশিয়ার এক পরিচ্ছন্নতাকর্মী ও তার স্ত্রী। দীর্ঘ ৪০ বছর ধরে প্রতিদিন মাত্র ১,০০০ রুপিয়া করে জমিয়ে, ২০২৫ সালে এসে তারা সৌদি আরবে পৌঁছেছেন পবিত্র হজ পালনের জন্য।

লেজিমান নামের এই পরিচ্ছন্নতাকর্মী ও তার স্ত্রী ‘মক্কা রুট’ নামক একটি বিশেষ হজ কর্মসূচির আওতায় এবার ইন্দোনেশিয়া থেকে সৌদি আরবে গিয়েছেন। এই উদ্যোগের মাধ্যমে নির্দিষ্ট কিছু দেশের হজযাত্রীরা নিজ দেশেই ভিসা, পাসপোর্ট ও স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে পারেন, ফলে যাত্রা হয় সহজ ও সাশ্রয়ী।

সৌদি প্রেস এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে লেজিমান বলেন,“আমি এখনও বিশ্বাস করতে পারছি না যে, আমি নিজের চোখে কাবা শরীফ দেখতে পাবো। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের প্রতি, যারা আমাদের পাশে ছিলেন।”

তিনি জানান,“১৯৮৬ সালে আমি প্রতিদিন মাত্র ১,০০০ রুপিয়া সঞ্চয় শুরু করি। আয় দিয়ে সংসার চালানো কষ্টকর ছিল, তবু আমরা হাল ছাড়িনি। কঠিন পরিশ্রমের মধ্যেও আমরা একদিন হজে যাব—এই আশা নিয়েই টিকে ছিলাম।”

এই দম্পতির এই সাধনার খবর ছড়িয়ে পড়েছে ইন্দোনেশিয়া ছাড়িয়ে সারা মুসলিম বিশ্বে। অনেকেই তাদের জন্য দোয়া করছেন যেন তারা সুস্থভাবে হজ পালন করে দেশে ফিরতে পারেন।

উল্লেখ্য, মুসলিম জীবনে একবার হজ পালন করা ফরজ, যদি শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হওয়া যায়। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া থেকে এ বছর প্রায় ২ লাখ ২১ হাজার হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বিদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা

বিশ্বখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে। মামলাটি করা হয়েছে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি বন্ধের সরকারি নির্দেশনার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ মে), মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, এখন থেকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না। পাশাপাশি বর্তমানে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের ট্রান্সফার না করলে তাদের ভিসা বৈধতা বাতিল হবে বলেও জানানো হয়।

এর প্রতিবাদে শুক্রবার (২৩ মে) বোস্টনের ফেডারেল আদালতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় হার্ভার্ড।

হার্ভার্ড তার অভিযোগে বলে,“আন্তর্জাতিক শিক্ষার্থী ছাড়া হার্ভার্ড, হার্ভার্ড নয়।”

মামলায় দাবি করা হয়, সরকারের সিদ্ধান্ত ৭ হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থী এবং পুরো শিক্ষা ব্যবস্থার ওপর তাৎক্ষণিক ও ধ্বংসাত্মক প্রভাব ফেলবে। বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর এক-চতুর্থাংশকে কার্যত বাদ দেওয়া হচ্ছে এই সিদ্ধান্তে।

হার্ভার্ড আরও জানায়, তারা শিগগিরই এই সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে অস্থায়ী নিষেধাজ্ঞা জারির আবেদন জানাবে।

গত ১৬ এপ্রিল হোমল্যান্ড সিকিউরিটির মন্ত্রী ক্রিস্টি নোয়েম হার্ভার্ড কর্তৃপক্ষকে একটি চিঠিতে বিদেশি শিক্ষার্থীদের তথ্য এবং তাদের পাঠক্রম সংক্রান্ত বিস্তারিত চায়। এই তথ্য না দিলে ভর্তি নিষিদ্ধ করার হুমকি দেওয়া হয়।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে “বেআইনি ও বৈষম্যমূলক” হিসেবে আখ্যায়িত করে হার্ভার্ড জানায়, এটি শুধুমাত্র শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত করবে না, বরং বৈশ্বিকভাবে শিক্ষা ও গবেষণার মানেও নেতিবাচক প্রভাব ফেলবে।


 




নুসরাত ফারিয়া বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণে, জানালেন নিজের বর্তমান অবস্থা

সম্প্রতি জামিনে মুক্তি পাওয়া জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় আছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিজেই জানিয়েছেন তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে।

শুক্রবার (২৩ মে) দুপুরে দেওয়া ওই বার্তায় ফারিয়া লেখেন,“আমি জানি, আপনারা অনেকেই আমার খোঁজ নিচ্ছেন। তবে দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমি বর্তমানে গুরুতর অসুস্থ এবং চিকিৎসকের কড়া নির্দেশে বাইরের সঙ্গে যোগাযোগ বন্ধ রাখতে

হয়েছে।”

তিনি আরও জানান, ফোন ব্যবহারের ওপরও রয়েছে নিষেধাজ্ঞা।“এই সময়টা আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল মুহূর্তগুলোর একটি,” — বলেন তিনি।

তবে আশাবাদ ব্যক্ত করে ফারিয়া লেখেন,“আমি বিশ্বাস করি, খুব শিগগিরই সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরতে পারব। আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে সাহস জুগিয়েছে।”

📌 প্রেক্ষাপট:

১৯ মে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাটারা থানার একটি হত্যা প্রচেষ্টার মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়, বিশেষত সামাজিক মাধ্যমে। ২১ মে জামিনে মুক্তি পান ফারিয়া।

নুসরাত ফারিয়ার গ্রেফতার প্রসঙ্গে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী একে “বিব্রতকর” বলে উল্লেখ করেন।

ফারিয়া তার পোস্টে সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“আপনারা পাশে না থাকলে এত দ্রুত নিজের ভেতরের সাহস খুঁজে পেতাম না। এই ভালোবাসা আমি আজীবন মনে রাখব।”