ইশরাক হোসেনের শপথ চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র হিসেবে শপথ নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
রোববার (২৫ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দাখিল করেন ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে গত ২২ মে ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর জন্য দায়ের করা একটি রিট আবেদন হাইকোর্ট সরাসরি খারিজ করে দেন। আদালত বলেন, ওই রিটটি শুনানির জন্য গ্রহণযোগ্য নয়। ফলে ইশরাকের শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই বলে জানান আইনজীবীরা।
হাইকোর্টের ওই আদেশের পর ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের জানান, সরকার যদি এখন শপথ পড়াতে গড়িমসি করে, তবে তা আদালত অবমাননার শামিল হবে। তারা আশাবাদ ব্যক্ত করেন, সরকার দ্রুত শপথের ব্যবস্থা করবে।
এর আগে গত ১৪ মে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মো. মামুনুর রশিদ হাইকোর্টে একটি রিট দায়ের করেন, যাতে ইশরাকের শপথ ঠেকানো এবং তাকে মেয়র ঘোষণা করা বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়। ওই রিটে মামুনুর রশিদের পক্ষে ছিলেন আইনজীবী কাজী আকবর আলী।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিপুল ভোটে জয়লাভ করেন। তবে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম সেই ফলাফল বাতিল করে বিএনপি প্রার্থী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। পরে ২২ এপ্রিল নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ নেয় এবং ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে মেয়র হিসেবে গেজেট প্রকাশ করে।
বর্তমানে ইশরাকের সমর্থকরা তাকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।






