৯০ বছরের বৃদ্ধার পাশে র‌্যাব-৮

পটুয়াখালীর সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের দক্ষিণ লাউকাঠী গ্রামের এক অসহায় বৃদ্ধার মানবেতর জীবনের হৃদয়বিদারক চিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর দৃষ্টিগোচর হয়। মানবিক দৃষ্টিকোণ থেকে র‌্যাব-৮ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং নিজস্ব অনুসন্ধানের মাধ্যমে নিশ্চিত হয় যে, বৃদ্ধাটি ভূমিহীন, অসুস্থ এবং পরিবারিক অবহেলার কারণে অত্যন্ত কষ্টে দিনাতিপাত করছেন।

এই বাস্তবতা উপলব্ধি করে র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ, বিজিবিএমএস, ব্যক্তিগত উদ্যোগে বৃদ্ধাকে সহায়তা করার সিদ্ধান্ত নেন। তিনি র‌্যাব সদস্যদের নিয়ে সরাসরি বৃদ্ধার বাসস্থানে পৌঁছান এবং তার প্রয়োজন বিবেচনা করে ঈদ উপলক্ষে নানা ধরনের মানবিক সহায়তা প্রদান করেন। এসব সহায়তার মধ্যে ছিল ঈদের নতুন কাপড়, প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বিছানাপত্র, তৈজসপত্র এবং একটি ছাগল, যা ভবিষ্যতে বৃদ্ধার আয় ও জীবিকার উৎস হতে পারে।

র‌্যাব তার প্রতিষ্ঠাকাল থেকেই জঙ্গিবাদ দমন, অস্ত্র ও মাদক নির্মূলসহ আইনশৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। পাশাপাশি, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজেও নিজেদের সম্পৃক্ত করে চলেছে। এই সহায়তা তারই একটি অনন্য দৃষ্টান্ত।

র‌্যাব-৮-এর অধিনায়ক তুহিন রেজা জানিয়েছেন, এই ধরনের মানবিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং র‌্যাব সবসময়ই সাধারণ মানুষের পাশে থেকে দেশের কল্যাণে কাজ করে যাবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



সুপ্রিম কোর্টের রায়: আবারও রাজনীতিতে ফিরছে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পুনর্বহাল করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। এক যুগ পর দলটি আবারও বৈধ রাজনৈতিক দলের স্বীকৃতি পেতে যাচ্ছে।

রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন।

সর্বশেষ শুনানিতে নির্বাচন কমিশনের (ইসি) আইনজীবী আদালতকে জানান, জামায়াতকে নিবন্ধন প্রদানের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে তাদের সিদ্ধান্ত। তিনি আরও বলেন, আদালতের প্রশাসনিক নির্দেশনার ভিত্তিতে প্রতীক তালিকা থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক বাদ দেওয়া হয়েছে। যদি দলটি নিবন্ধন ফিরে পায়, তবে তাদেরকে নতুন প্রতীক গ্রহণ করতে হবে।

অন্যদিকে, জামায়াতের পক্ষের আইনজীবীরা দাবি করেন, ‘দাঁড়িপাল্লা’ প্রতীক ব্যবহারে কোনো আদালতের নিষেধাজ্ঞা নেই। তাই দলটি চাইলে পূর্বের প্রতীক পুনরায় ব্যবহার করতে পারে।

প্রসঙ্গত, একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে, ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দলটির নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে।

সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে দীর্ঘ আইনি জটিলতার অবসান ঘটল, যা জামায়াতের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের পথ সুগম করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




“ইসলামকে ক্ষমতায় আনাই আমাদের লক্ষ্য” — জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা জামায়াতকে নয়, ইসলামকে ক্ষমতায় আনতে চাই।” ইসলামী আদর্শে সমাজ গঠনের লক্ষ্যেই সংগঠনের প্রতিটি কর্মীকে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ মে) বিকেলে নীলফামারীতে জেলা ও মহানগর কর্মপরিষদের সদস্যদের নিয়ে আয়োজিত দুইদিনব্যাপী শিক্ষা শিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “ইসলামের আলোকে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে নারী-পুরুষ সবাই সমান নিরাপত্তা পাবে। মদীনার রাষ্ট্রের আদর্শে পরিচালিত হলে একটি শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব। শিক্ষিত মা হলে জাতি শিক্ষিত হবে, তবে সেই শিক্ষা হতে হবে রাব্বুল আলামিনের নামে।”

আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের চোখের পানি ফেলে সিজদায় পড়ে আল্লাহর সাহায্য চাইতে হবে।”

সংগঠনের দায়িত্বশীলদের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, “জনশক্তিকে বুঝে-শুনে পরিচালনা করতে হবে। সংগঠনের কেউ অপরাধ করলে তার বিচার অপরাধের মাত্রা অনুযায়ী হবে। ব্যক্তি নিজেকে পাহারা দেবে, আর সংগঠন সবাইকে পাহারা দেবে।”

তিনি আরও বলেন, “শহীদ নেতৃবৃন্দের রক্ত, মজলুমদের চোখের পানি ও মুখলিছ (নিষ্ঠাবান) নেতা-কর্মীদের ত্যাগ-ত্যাগিতার কারণে আমাদের প্রতি জনগণের ভালোবাসা ও আস্থা বেড়েছে।”

জনশক্তিদের কুরআন-হাদিস অধ্যয়ন বাড়ানোর পাশাপাশি পারিবারিক সম্পর্ক দৃঢ় করতে এবং পরিবারের জন্য আরও সময় দেওয়ার নির্দেশ দেন জামায়াত আমির।




শেখ হাসিনার বিচারকার্য সরাসরি সম্প্রচার হবে টেলিভিশনে

মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রবিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, কামাল চৌধুরী এবং আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। ট্রাইব্যুনালের এ বিচারকার্য সরাসরি সম্প্রচার হবে টেলিভিশনে, যা দেশের ইতিহাসে প্রথম ঘটনা।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “আগামী ১২ মে মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।” তদন্ত সংশ্লিষ্টদের বরাতে তিনি জানান, জুলাই-আগস্ট মাসে সংঘটিত গণহত্যার পেছনে শেখ হাসিনার সরাসরি নির্দেশনার অডিও প্রমাণ পাওয়া গেছে।

আজকের বিচারকার্যকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দীর্ঘদিন পর আওয়ামী লীগ সরকারের সময়কার শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হতে যাচ্ছে, যা নজিরবিহীন বলেও মনে করছেন অনেক বিশ্লেষক।

আইনজীবীরা বলছেন, টেলিভিশনে সরাসরি সম্প্রচারের ফলে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত হবে এবং জনসাধারণ পুরো বিষয়টি সরাসরি পর্যবেক্ষণের সুযোগ পাবেন।

এদিনের শুনানি উপলক্ষে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




বিএনপি কোনো হুমকি বা ষড়যন্ত্রকে পরোয়া করে না; এটা জনগণের দল

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, ষড়যন্ত্র কিংবা হুমকি দিয়ে বিএনপিকে দমন করা যাবে না। মহান আল্লাহ ছাড়া বিএনপিকে থামিয়ে দেওয়ার ক্ষমতা কারও নেই। বিএনপি একটি জনগণের দল—যারা এ দলকে রুখতে চায়, তারা ব্যর্থ হবে।

শনিবার (১ জুন) বগুড়া জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “১৯৭৫ সালে সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে মেজর জিয়া এ দেশকে মুক্তির পথ দেখিয়েছেন। তিনি জন্ম থেকেই প্রস্তুত ছিলেন দেশের নেতৃত্ব দিতে। তাঁর কালজয়ী দর্শনের সবচেয়ে বড় অবদান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী দল। তাঁর সর্বশ্রেষ্ঠ অবদান স্বাধীনতার ঘোষণা।”

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ একটি অন্যায়-অনাচারের দল, যারা বাকশাল কায়েম করে দেশে গণতন্ত্রকে হত্যা করেছিল। তিনি আরও বলেন, “বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আজ বিএনপি দেশের মানুষের মুক্তির সংগ্রামে অবিচল রয়েছে। বিএনপি একসময় স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আজও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে লড়ছে।”

আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। “মাত্র চারটি পত্রিকা রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল,” বলেন জাহিদ হোসেন।

বিএনপির নেতা আরও বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং শিশু ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বহু যুগান্তকারী উদ্যোগ নেওয়া হয়েছে। আর তারেক রহমান ৩১ দফার মাধ্যমে দেশের পুনর্গঠনের রূপরেখা দিয়েছেন, যার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”

আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে তিনি বলেন, “শহীদ আবু সাইদ ও মুগ্ধরা কোনো দলের নয়, তারা দেশের মানুষের জন্য জীবন দিয়েছেন। আমরা মনে রাখতে চাই—৪৭ বাদ দিয়ে ৭১ হবে না, ৭১ বাদ দিয়ে ৭৫ হবে না, ৭৫ বাদ দিয়ে ৯০ হবে না, আর ৯০ বাদ দিয়ে ২০২৪-২৫ হবে না। অতএব, সকল গুম-খুনের বিচার করতে হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী রফিকুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চান, মাহবুবর রহমান হারেজ এবং সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল প্রমুখ।




অবশেষে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল পিএসজি

প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে রচনা করল নতুন ইতিহাস। মিউনিখে অনুষ্ঠিত ২০২৪–২৫ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ৫-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে ফরাসি জায়ান্টরা।

মিউনিখে খেলা মানেই নতুন চ্যাম্পিয়ন—১৯৯৩ সালে অলিম্পিক মার্শেইর পর এবার পিএসজির সাফল্যে যেন সেই অলিখিত নিয়ম আবারও সত্যি হলো। বিশাল জয় দিয়ে কেবল ইউরোপ সেরা হওয়ার তৃপ্তিই নয়, একই সঙ্গে লিগ ও কাপ মিলিয়ে ট্রেবল (তিনটি শিরোপা) নিশ্চিত করল ক্লাবটি।

শুরুর বাঁশি বাজতেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে লুইস এনরিকের দল। বল দখলে আধিপত্য রেখে একের পর এক আক্রমণে দিশেহারা করে তোলে ইন্টার মিলানকে। ম্যাচের প্রথম ১৫ মিনিটেই পিএসজির বল দখলের হার ছিল ৬৩ শতাংশের বেশি।

১২তম মিনিটে ভিতিনহার দুর্দান্ত পাস থেকে গোলের সূচনা করেন সাবেক ইন্টার তারকা আশরাফ হাকিমি। এর মাত্র আট মিনিট পর দ্বিতীয় গোলটি করেন ম্যাচে প্রথম গোলের অ্যাসিস্ট দেওয়া ডুজুয়ে। ডেম্বেলের সঙ্গে বোঝাপড়ায় দুর্দান্ত এক গোল করে ব্যবধান দ্বিগুণ করেন এই উইঙ্গার।

প্রথমার্ধের বাকি সময়টাতে কিছুটা সামলানোর চেষ্টা করলেও কোনো উল্লেখযোগ্য আক্রমণ গড়তে পারেনি ইন্টার মিলান। উল্টো পিএসজির আক্রমণ রুখতেই ব্যস্ত থাকতে হয় তাদের। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

বিরতির পর কিছুটা গোছানো শুরু করলেও গোল মুখে জোরালো কিছু করতে পারেনি ইতালিয়ান ক্লাবটি। বরং দ্বিতীয়ার্ধে আরও বিধ্বংসী রূপে দেখা যায় পিএসজিকে। ৬৩ মিনিটে ডেম্বেলের ব্যাকহিল থেকে ভিতিনহার পাসে গোল করেন দিজেরে দুয়ে। ৭৩ মিনিটে ডেম্বেলের আরেকটি অ্যাসিস্ট থেকে চতুর্থ গোলটি করেন কাভারাত্সখেলিয়া।

শেষের দিকে আরও এক গোল যোগ করে পিএসজি। ৮৬ মিনিটে বারকোলার পাস থেকে সেনি মায়ুলু স্কোরলাইন দাঁড় করান ৫-০ তে। ফাইনালের ইতিহাসে এটি অন্যতম বড় ব্যবধানের জয় হিসেবে রেকর্ডে জায়গা করে নিয়েছে।

একসময় মেসি, নেইমার ও এমবাপে নিয়ে ইউরোপ সেরা হবার স্বপ্ন দেখলেও সে পথে সফল হয়নি পিএসজি। এবার নতুন প্রজন্মের তারকা ডেম্বেলে, ভিতিনহা, হাকিমি, কাভারাত্সখেলিয়া ও মায়ুলুর অসাধারণ পারফরম্যান্সে সেই স্বপ্নপূরণ হলো।

ইতিহাস গড়ে ইউরোপ সেরার মুকুট জয়ে উল্লসিত প্যারিসিয়ানরা। এখন ফুটবলবিশ্ব চেনে নতুন রাজাকে—প্যারিস সেইন্ট জার্মেইন।




ছাত্রদল-বামজোটের কার্যক্রম ‘সন্ত্রাসী’ উল্লেখ করে ছাত্রশিবিরের নিন্দা

ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোর সাম্প্রতিক কর্মকাণ্ডকে ‘সন্ত্রাসী কার্যকলাপ’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৩১ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ অভিযোগ করেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর একটি ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখলেও কিছু রাজনৈতিক সংগঠনের ‘ফ্যাসিবাদী চরিত্র’ অপরিবর্তিত রয়ে গেছে। তাদের ভাষ্যমতে, ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলো এখনো সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বাণিজ্য, নারী নির্যাতনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

ছাত্রশিবিরের বিবৃতিতে দাবি করা হয়, ঢাকার সরকারি গ্রাফিক আর্টস কলেজ, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), কক্সবাজার পলিটেকনিকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রদল। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে শিবিরের ‘হেল্প ডেস্কে’ হামলার ঘটনায় তিনজন কর্মী আহত হয়েছেন বলেও জানানো হয়। এছাড়া চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ও রংপুর অঞ্চলেও তাদের কার্যক্রমে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ফরিদপুরে এক ছাত্রীকে নির্যাতন, রাজধানীর আদাবরে এক নারীকে হুমকি এবং অন্যান্য এলাকায় নারী নির্যাতনের ঘটনায় ছাত্রদল নেতারা জড়িত। অথচ এ ঘটনায় নারী অধিকার সংগঠনগুলো নীরবতা পালন করছে, যা পক্ষপাতদুষ্ট মানবাধিকার চেতনার প্রকাশ বলে মন্তব্য করে ছাত্রশিবির।

ছাত্রশিবির অভিযোগ করে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মতোই ছাত্রদল এখন ক্যাম্পাসে জোর-জুলুম চালাচ্ছে। তারা দাবি করে, ৩০ মে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে অংশ না নেওয়ায় দুই নারী শিক্ষার্থীকে হল ছাড়ার হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি, বামজোটকে ব্যবহার করে পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ আনা হয়।

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, রাজশাহী মহানগরের ছাত্রদল নেতা আহনাফ তাহমিদ এবং ছাত্র ইউনিয়নের শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্য সন্ত্রাসকে উৎসাহিত করছে, যা সমাজের জন্য হুমকিস্বরূপ।

ছাত্রশিবির হুঁশিয়ারি দিয়ে জানায়, যদি ছাত্রদল ও বামজোট সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে না আসে, তবে তারা ‘৩৬ জুলাইয়ের চেতনায়’ দেশব্যাপী ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলবে। একই সঙ্গে লাল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সংগঠনটি।




নিবন্ধন ও প্রতীক নিয়ে আপিলের রায় আজ: সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরে পাওয়ার বিষয়ে আপিল বিভাগের বহুল প্রত্যাশিত রায় আজ ১ জুন (রোববার) ঘোষণা করা হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। সুপ্রিম কোর্টের কার্যতালিকায় মামলাটি ১ নম্বরে রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণআন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপটে বড় পরিবর্তন আসে। সেই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। দলটি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে, যেখানে সংবিধান সংশ্লিষ্ট গুরুতর আইনি প্রশ্ন উত্থাপিত হয়। শুনানি শেষে এখন রায় ঘোষণার অপেক্ষায়।

এদিকে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত সময়সূচি এখনও ঘোষণা না করলেও, দেশের বড় রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে। জামায়াত ইসলামীও পিছিয়ে নেই। দলটি ইতোমধ্যেই ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে। তবে নিবন্ধন ও নির্বাচনী প্রতীক পুনরুদ্ধার না হওয়ায় দলটি এক ধরনের আইনি অনিশ্চয়তায় রয়েছে।

দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এখন শেষ পর্যায়ে এসেছে বিষয়টি। তিনি আশাবাদী যে আজকের রায়ে জামায়াতে ইসলামীর পক্ষে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।

নিবন্ধন ও প্রতীক ফিরে পাওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে কর্মসূচি চালিয়ে এসেছে জামায়াত। দলে হতাশা থাকলেও শীর্ষ নেতারা শেষ মুহূর্ত পর্যন্ত আশাবাদী ছিলেন। আজকের রায় সে প্রত্যাশার ফলাফল নিয়ে আসবে কি না, তা জানতে চোখ এখন দেশের সর্বোচ্চ আদালতের দিকে।

জামায়াতে ইসলামীসহ রাজনৈতিক বিশ্লেষক ও সাধারণ মানুষের দৃষ্টি এখন আপিল বিভাগের রায়ের দিকে। এই রায়ের মাধ্যমে পরিষ্কার হবে—নিবন্ধন ও প্রতীক ফিরে পাচ্ছে কি না জামায়াতে ইসলামী।




চীনের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফর: সঙ্গে ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি

তিন দিনের সফরে বাংলাদেশে পৌঁছেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। শনিবার (৩১ মে) দুপুরে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

এই সফরে মন্ত্রী ওয়েনতাওয়ের সঙ্গে রয়েছেন প্রায় ২৫০ জন চীনা বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধি। সফরের মূল লক্ষ্য হলো বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করা এবং বাংলাদেশে বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ।

শনিবার বিকেল ৫টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন চীনের প্রতিনিধি দল।

রোববার (১ জুন) রাজধানীর বিনিয়োগ ভবনে অনুষ্ঠিত হবে দিনব্যাপী ‘বাংলাদেশ-চীন বিনিয়োগ ও বাণিজ্য সম্মেলন’। সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সম্মেলনে অংশ নিচ্ছেন চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা, যারা প্রায় ১০০টি উদ্যোগের প্রতিনিধিত্ব করবেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছয় থেকে সাতটি ফরচুন ৫০০ কোম্পানির শীর্ষ নির্বাহীরাও থাকছেন।

সম্মেলনের অংশ হিসেবে আয়োজিত পাঁচটি পৃথক ‘ম্যাচমেকিং সেশন’-এ অংশ নেবেন দুই দেশের ব্যবসায়ীরা। সেশনগুলোতে আলোচনার বিষয়বস্তু হবে তৈরি পোশাক ও বস্ত্র, কৃষি প্রক্রিয়াকরণ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইলেকট্রনিক্সসহ বিভিন্ন সম্ভাবনাময় খাত।

এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।




বাউফলে কমরেড শাহাবুদ্দিনের শেষ বিদায় রাষ্ট্রীয় মর্যাদায়

পটুয়াখালীর বাউফলের কাছিপাড়া ইউনিয়নে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট শিক্ষানুরাগী ও কমিউনিস্ট আন্দোলনের বর্ষীয়ান নেতা কমরেড শাহাবুদ্দিন আহম্মেদের। শনিবার (৩১ মে) সকাল ৯টায় কারখানা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। জানাজা পূর্ব মুহূর্তে বাউফল থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এই বীর সন্তানকে।

শাহাবুদ্দিন আহম্মেদ শুধু একজন মুক্তিযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষা ও রাজনীতিতে প্রজ্ঞার প্রতীক। তার মৃত্যুতে স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে আসে। জানাজা ও দাফন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ডু, পটুয়াখালী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোতালেব মোল্লা, কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম কবীর হোসেনসহ আরও অনেকে।

পারিবারিক সূত্রে জানা যায়, তিনি গত শুক্রবার দুপুর ১টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি রেখে গেছেন তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী।

দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার পুত্র মো. সাদেক আহমেদ সজল বর্তমানে দৈনিক আজকের পত্রিকার সহকারী বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।

এই মহান ব্যক্তির বিদায়ে এলাকাবাসী এক অভিভাবককে হারাল।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম