মান্তা শিশুদের শিক্ষায় পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ (ববি)

শিক্ষা থেকে বঞ্চিত ভাসমান মান্তা সম্প্রদায়ের শিশুদের ভবিষ্যৎ আলোকিত করতে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা। নদীকেন্দ্রিক জীবনযাত্রার কারণে যেসব শিশু নিয়মিত শিক্ষার সুযোগ থেকে পিছিয়ে পড়ছে, তাদের শিক্ষায় আগ্রহী করে তুলতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন খয়রাবাদ নদীর তীরে বসবাসরত মান্তা সম্প্রদায়ের শিশুদের মাঝে এসব শিক্ষা ও সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচিতে বই, খাতা, কলম, পেন্সিল, কাটার, রাবারসহ বিভিন্ন শিক্ষাসামগ্রীর পাশাপাশি শিশুদের মানসিক বিকাশে সহায়ক ইনডোর খেলনা ও খাবার দেওয়া হয়।
বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালনায় ‘বাতিঘর’ নামের একটি স্বেচ্ছাসেবী উদ্যোগ মান্তা শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। সেই বাতিঘরে নিয়মিত পড়তে আসা শিশুদের সহায়তায় বসুন্ধরা শুভসংঘ এই কার্যক্রম বাস্তবায়ন করেছে।
অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তানজিদ শাহ জালাল ইমন, সাধারণ সম্পাদক মেহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, অর্থ সম্পাদক আবু উবাইদা, দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাতিঘরের সভাপতি আশা মনি, সাধারণ সম্পাদক হিসরাত নেহা, সহ-সভাপতি ফাত্তাহুর রাফি ও অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে উদ্যোগটির প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপহার পেয়ে মান্তা শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাইসা জানায়, নতুন বই ও খেলনা পেয়ে তারা খুব খুশি হয়েছে। অভিভাবকরাও এই উদ্যোগকে শিশুদের শিক্ষায় বড় সহায়তা হিসেবে দেখছেন।
বসুন্ধরা শুভসংঘ বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মেহরাব হোসেন বলেন, ‘শুভ কাজে সবার আগে—এই স্লোগানকে সামনে রেখে আমরা কাজ করছি। সমাজের কোনো শিশু যেন শিক্ষায় পিছিয়ে না পড়ে, সেটিই আমাদের লক্ষ্য। সামর্থ্যের মধ্যে থেকে আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’
“এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫”








