পটুয়াখালীর আউলিয়াপুরে ডেভিল হান্ট অভিযানে মহিলা মেম্বারের জামাতা গ্রেপ্তার

পটুয়াখালী সদর উপজেলার ১১ নম্বর আউলিয়াপুর ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযানে মহিলা মেম্বারের জামাতা ও স্থানীয় শ্রমিক লীগ নেতাকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

বুধবার (৪ জুন) দুপুরে আউলিয়াপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে আটক হন মো. লোকমান মৃধা, যিনি ইউনিয়ন আওয়ামী শ্রমিক লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। একইসাথে তিনি ১১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত নারী সদস্য হেপি বেগমের জামাতা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুর থেকে ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় একাধিক স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় একাধিক সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয় এবং মো. লোকমান মৃধাকে আটক করা হয়।

পটুয়াখালী সদর থানার এক পুলিশ কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মো. লোকমানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ ছিল বলে জানা গেছে। তবে এ বিষয়ে তদন্ত চলমান এবং পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়দের মাঝে এই ঘটনা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই বলছেন, প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে, অন্যদিকে কেউ কেউ বলছেন, গ্রেপ্তারের বিষয়টি সঠিকভাবে যাচাই করে দেখা দরকার।

উল্লেখ্য, পটুয়াখালী জেলায় সম্প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পক্ষ থেকে ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে জেলার বিভিন্ন স্থানে একাধিক সন্দেহভাজন ব্যক্তি ও অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জামায়াত আমিরের

দেশের বাইরে অবস্থানরত এক কোটি ১০ লাখ প্রবাসী বাংলাদেশিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ জুন) রাজধানীর বনানীতে ‘শেরাটন ঢাকা’ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

জামায়াত আমির বলেন, “নির্বাচন কমিশন আমাদের কথা দিয়েছে প্রবাসীদের ভোটাধিকার দেওয়া হবে। কিন্তু এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই, যা আমাদের উদ্বিগ্ন করে তুলছে। পৃথিবীর নানা প্রান্তে থাকা বাংলাদেশিরা নতুন বাংলাদেশের স্বপ্নে লড়াই করেছেন, অথচ তারা এখনও এনআইডি এবং ভোটার তালিকা থেকে বঞ্চিত।”

তিনি বলেন, “আমাদের দাবি স্পষ্ট—প্রত্যেক প্রবাসী বাংলাদেশিকে ভোটাধিকার দিতে হবে। এখানে কোনো ছাড়ের প্রশ্ন নেই। এটা সদিচ্ছার বিষয়, দীর্ঘসাধনার নয়।”

সংবাদ সম্মেলনে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়ার প্রেক্ষাপটও তুলে ধরেন দলটির আমির। তিনি জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সর্বসম্মত রায়ের মাধ্যমে তারা দল হিসেবে নিবন্ধন ফিরে পেয়েছেন। এখন দ্রুত প্রতীক ফেরত পাওয়ার আশা করছেন তারা।

হাইকোর্টের রায়ের মাধ্যমে আগের নিবন্ধন বাতিলকে ‘বেআইনি’ উল্লেখ করে তিনি বলেন, “ভোজসভায় বক্তব্য দিয়ে আমাদের প্রতীক খেয়ে ফেলা হয়েছে। এটি ছিল এখতিয়ার বহির্ভূত ও অন্যায্য।”

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি আস্থা প্রকাশ করে জামায়াত আমির বলেন, “আমরা কোনো পক্ষপাত চাই না, চেয়ারের মর্যাদা রক্ষা করে তারা যেন দায়িত্ব পালন করেন।”

তিনি আরও বলেন, “আমরা একটি দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ চাই। যুবসমাজকে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই।”

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে আয়োজনের বিষয়ে তাদের অবস্থান হলো, “আগে বেসিক সংস্কার নিশ্চিত করতে হবে। এর জন্য আমরা ৪১টি সুপারিশ দিয়েছি, যেখান থেকে পাঁচটি প্রধান সংস্কার বাস্তবায়ন দেখতে চাই।”

তিনি জানান, সংস্কারের কাজ জুলাইয়ের মধ্যে শেষ করা গেলে, নির্বাচনের পথ সুগম হবে। তবে এর আগে “সুষ্ঠু ভোটার তালিকা তৈরি এবং অবৈধ ভোটার ছাঁটাই ও বৈধ ভোটার অন্তর্ভুক্তি” নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




ঈদ সামনে রেখে আন্দোলন শিথিল, শপথ না হলে ফের মাঠে নামার হুঁশিয়ারি ইশরাকের

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে চলমান আন্দোলন সাময়িকভাবে শিথিলের ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে নগর ভবনে আন্দোলনরত কর্মীদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক ঘোষণায় ইশরাক বলেন, “ঈদ সামনে রেখে আজ থেকে আন্দোলন শিথিল থাকবে। তবে দাবি আদায় না হলে ঈদের পর ফের আন্দোলনে নামবে ঢাকাবাসী।” তিনি হুঁশিয়ারি দিয়ে আরও জানান, “অনতিবিলম্বে শপথ আয়োজন করা না হলে জনগণকে সঙ্গে নিয়ে নিজেরাই শপথের আয়োজন করবেন।”

এর আগে সকাল থেকেই ডিএসসিসির নগর ভবনে অবস্থান কর্মসূচি পালন করছিলেন কর্পোরেশনের কিছু কর্মচারী ও ইশরাকের সমর্থকরা। ‘ঢাকাবাসী’র ব্যানারে তারা মূল ফটক ও বিভিন্ন বিভাগে তালা লাগিয়ে দেন, ফলে নাগরিক সেবা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকে। ১৫ মে থেকে শুরু হওয়া এই আন্দোলনের কারণে ডিএসসিসি’র সব ধরনের সেবা কার্যত স্থবির হয়ে পড়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণা করা হয়। তবে নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন ফল বাতিল চেয়ে ৩ মার্চ ট্রাইব্যুনালে মামলা করেন। চলতি বছরের ২৭ মার্চ ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাসীন সরকারের পতনের পর ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল নির্বাচনের ফল বাতিল করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা দেয়।

পরে ২৭ এপ্রিল নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশ করে তাকে মেয়র হিসেবে ঘোষণা করে। কিন্তু শপথ গ্রহণের আগে গত ১৪ মে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। রিটের শুনানি শেষে হাইকোর্ট তা খারিজ করে দিলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় ‘আইনি জটিলতা’র কথা বলে এখনো শপথ আয়োজন থেকে বিরত রয়েছে।

এই অবস্থায় ডিএসসিসির কার্যক্রম অচল করে আন্দোলন শুরু করেন ইশরাক সমর্থকরা। তবে ঈদের কথা বিবেচনায় নিয়ে আপাতত আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত জানালেন ইশরাক, যদিও দাবি আদায় না হলে ঈদের পর ফের কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়েছেন তিনি।




কুয়াকাটায় স্টুডিও উচ্ছেদ, ক্যামেরাম্যানদের বিক্ষোভ

পর্যটনকেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্টুডিও মালিকদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টার দিকে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন সাদেকের নেতৃত্বে পরিচালিত হয় এ অভিযান। অভিযানে পুলিশের পাশাপাশি উপস্থিত ছিলেন আনসার ও সেনাবাহিনীর সদস্যরা।

অভিযানে সৈকতের বিভিন্ন স্থানে অবস্থিত সব স্টুডিও থেকে ক্যামেরা, মনিটর, ডেস্কটপ কম্পিউটার, কিবোর্ড, মাউস, ল্যাপটপ, আইপিএসসহ নানা ইলেকট্রনিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা মালামালগুলো তালিকাভুক্ত করে থানায় হস্তান্তর করা হয় এবং প্রতিটি স্টুডিও মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, আইন অনুযায়ী প্রক্রিয়া শেষ হলে মালিকেরা তাদের মালামাল ফেরত পেতে পারেন।

তবে অভিযানে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ক্যামেরাম্যান ও স্টুডিও মালিকরা। অভিযানের পরপরই তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা বলেন, অভিযান চালানোর আগে তাদের কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি, এমনকি অনেক দোকানের তালাও ভেঙে মালামাল সরিয়ে নেওয়া হয়েছে, যা অত্যন্ত অমানবিক।

স্টুডিও মালিক সাইকুল ইসলাম বলেন, “আমাদের কোনো নোটিশ না দিয়েই স্টুডিও থেকে লাখ লাখ টাকার সরঞ্জাম নিয়ে যাওয়া হয়েছে। তালা ভেঙে এভাবে জিনিসপত্র নেওয়ার মানে কী? আমরা কি অপরাধী?”

একইভাবে ক্ষোভ প্রকাশ করেন মো. হাসান আল আউয়াল নামের আরেক মালিক। তিনি বলেন, “আমরা সরকারি নিয়ম মানি, কিন্তু আগে জানালে অন্তত মূল্যবান মালামালগুলো বৃষ্টি থেকে রক্ষা করা যেত। গাড়িতে ওঠাতে গিয়ে অনেক জিনিসপত্র ভিজে গেছে, এগুলো নষ্ট হলে আমরা পথে বসে যাবো।”

অন্যদিকে, ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, “কুয়াকাটা সৈকতে ক্যামেরাম্যানরা পর্যটকদের ছবি তুলতে পারবেন, কিন্তু কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী স্টুডিও চলবে না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং কুয়াকাটা বিচ-ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত।”

তিনি আরও জানান, স্টুডিও মালিকদের আগে থেকেই একাধিকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা কোনো কর্ণপাত না করে বিভিন্ন মহলের উসকানিতে নিয়ম ভাঙার চেষ্টা করেছেন, তাই এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে জানান ইউএনও।

এ ঘটনায় কুয়াকাটার পর্যটন খাত ও সংশ্লিষ্ট ফটোগ্রাফি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। স্থানীয়রা বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধানের দাবি জানিয়েছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ঈদে বিটিভিতে জমকালো ব্যান্ড শো

ঈদুল আজহা উপলক্ষে দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে হাজির হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এবারের ঈদ আয়োজনে থাকছে চার পর্বের বিশেষ ব্যান্ড শো, যেখানে অংশ নেবেন দেশের খ্যাতনামা ও উদীয়মান ব্যান্ড তারকারা। এই আয়োজনকে কেন্দ্র করে ঈদের আনন্দ আরও রঙিন হয়ে উঠবে সংগীতপ্রেমীদের জন্য।

বিটিভির ঈদ আয়োজনের তৃতীয় দিন সন্ধ্যা ৭টায় প্রচারিত হবে জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের পরিবেশনা। দর্শকনন্দিত উপস্থাপক কাজী মমরেজ মাহমুদের উপস্থাপনায় এই শোতে চিরকুট পরিবেশন করবে তাদের শ্রোতাপ্রিয় ও জনপ্রিয় গানগুলো। এই পর্বটি ব্যান্ডপ্রেমী দর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ হিসেবে ধরা দেবে বলে আশা করা হচ্ছে।

চতুর্থ দিনে থাকছে আরও ব্যতিক্রমী পরিবেশনা। বিকেল ৪টায় প্রচারিত হবে এফ মাইনর, মেকানিক, নাটাই এবং তরুণ ব্যান্ডের পরিবেশনা। একইদিন সন্ধ্যা ৭টায় মঞ্চ মাতাবে দেশীয় ব্যান্ডসংগীতের আরও চার জনপ্রিয় দল—আর্ক, সিম্ফনি, অরবিট ও রক্স বে রক।

আর্ক ব্যান্ডের পরিবেশনায় শ্রোতারা শুনতে পাবেন ভালোবাসা আর আবেগমাখা জনপ্রিয় গানগুলো, যেমন—‘সুইটি তুমি আর কেঁদোনা’, ‘একাকী আমি একাকী’, ‘যা ছিল আড়ালে পরিচয়’। সিম্ফনির কণ্ঠে থাকবে—‘এখনো পৃথিবীটা কী দারুণ সেজেছে’ ও ‘যে চোখে ছিল ভালোবাসা’ গান দুটি। অরবিট পরিবেশন করবে ‘তুমি শুধু আমার’ ও ‘ওই এলোরে বান’। আর রক্স বে রক গাইবে ‘তুমি আমার অধরা’ গানটি।

ঈদের পঞ্চম দিন সন্ধ্যা ৭টায় শেষ পর্বে গান শোনাবে ব্যান্ডদল বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা এবং আভাস। নবীন ও প্রবীণ শিল্পীদের এই সমন্বিত পরিবেশনা এবারের ঈদ অনুষ্ঠানমালাকে করবে আরও সমৃদ্ধ, বৈচিত্র্যময় ও উপভোগ্য।

ঈদের এই বিশেষ ব্যান্ড শোগুলো দর্শকদের জন্য এক দুর্দান্ত সংগীত ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে আসবে বলে বিশ্বাস করছে বিটিভি কর্তৃপক্ষ। উৎসবের আমেজে ঢেউ তুলবে ব্যান্ডসংগীতের অনবদ্য পরিবেশনা।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



হাড় মজবুত রাখার সেরা খাবার

শরীর সুস্থ রাখতে হাড়ের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। যদিও হাড় দেখা যায় না, তবে সঠিক পুষ্টি গ্রহণের মাধ্যমে হাড়ের স্বাস্থ্য বজায় রাখা সম্ভব। আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় এমন কিছু খাবার থাকা উচিত যা হাড়কে শক্তিশালী করে এবং বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করে।

পাতাযুক্ত সবুজ শাক-সবজি যেমন পালং শাক, মোলাই শাক ইত্যাদিতে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম থাকে, যা হাড় গঠন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া এই শাকগুলোতে ভিটামিন কে থাকে, যা ক্যালসিয়ামের শোষণ বাড়িয়ে হাড়কে মজবুত করে। তাই প্রতিদিন নিয়মিত এসব শাক খাওয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

দুধ, দই ও পনির জাতীয় দুগ্ধজাত খাবারও হাড়ের জন্য অতি উপকারী। এগুলো প্রোটিন এবং ক্যালসিয়ামের ভালো উৎস। হাড়ের ঘনত্ব বাড়াতে দুগ্ধজাত খাবার নিয়মিত খাওয়া উচিত। আপনি চাইলে কম চর্বিযুক্ত বা পূর্ণ চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য বেছে নিতে পারেন।

চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, ম্যাকেরেল ও সার্ডিনে ভিটামিন ডি এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে, যা হাড়ের টিস্যুকে সুস্থ রাখতে সাহায্য করে। ভিটামিন ডি শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়ায়, আর ওমেগা-৩ প্রদাহ কমিয়ে হাড়ের সমস্যায় সহায়তা করে।

বাদাম, চিয়া বীজ ও তিলের মতো বীজ জাতীয় খাবারগুলোতে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেসিয়াম থাকে, যা হাড়ের গঠন ও শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ। নিয়মিত বিভিন্ন ধরনের বাদাম-বীজ খাওয়ার অভ্যাস করলে হাড় সুস্থ থাকে এবং যেকোনো ধরনের দুর্বলতা থেকে বাঁচা যায়।

এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করলে আপনার হাড় সুগঠন ও স্বাস্থ্যবান থাকবে, যা দীর্ঘমেয়াদে শরীরকে নানা অসুখ থেকে রক্ষা করবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



অ্যানিমে দিয়ে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা

বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের কাছে জাপানি অ্যানিমেশন ‘অ্যানিমে’ এখন একটি বিশাল আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই জনপ্রিয়তার সুযোগ নিচ্ছে হ্যাকাররা—তারা অ্যানিমে-প্রেমীদের ফাঁদে ফেলে ভয়ঙ্কর ম্যালওয়্যার ছড়াচ্ছে।

বিশ্বখ্যাত সাইবার নিরাপত্তা সংস্থা ক্যাসপারস্কির সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত সময়ে অ্যানিমে-ভিত্তিক ফিশিং হামলার সংখ্যা ২ লাখ ৫০ হাজার ছাড়িয়ে গেছে। এসব হামলায় ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ব্যবহৃত হচ্ছে ফাঁস হওয়া এপিসোড, নতুন ট্রেইলার কিংবা প্রিমিয়াম কনটেন্টের লোভনীয় অফার।

হ্যাকাররা ভুয়া ওয়েবসাইট, ডাউনলোড লিংক ও কাস্টমাইজড ম্যালওয়্যার ফাইলের মাধ্যমে ব্যবহারকারীর ডিভাইসে প্রবেশ করছে। বিশেষ করে ২০০০ সালের পর জন্ম নেওয়া ‘জেনারেশন জেড’ শ্রেণির প্রায় ৬৫ শতাংশ তরুণ যেহেতু নিয়মিত অ্যানিমে দেখে, তারাই মূলত এই আক্রমণের প্রধান লক্ষ্য।

প্রতিবেদনে আরও জানানো হয়, জনপ্রিয় কিছু অ্যানিমে সিরিজকে হ্যাকাররা আক্রমণের অস্ত্র হিসেবে বেছে নিয়েছে। এর মধ্যে শীর্ষে রয়েছে ‘নারুতো’, যার মাধ্যমে ১ লাখ ১৪ হাজারের বেশি আক্রমণের চেষ্টা চালানো হয়েছে। এরপর রয়েছে ‘ডেমন স্লেয়ার’ (৪৪ হাজার আক্রমণ) এবং ‘অ্যাটাক অন টাইটান’, ‘ওয়ান পিস’, ‘জুজুৎসু কাইসেন’-এর মতো জনপ্রিয় অ্যানিমে সিরিজগুলো।

তবে এখানেই সীমাবদ্ধ নয়। অ্যানিমে ছাড়াও ‘শ্রেক’, ‘স্ট্রেঞ্জার থিংস’, ‘টুইলাইট’ ও ‘ইনসাইড আউট’-এর মতো জনপ্রিয় সিনেমা ও সিরিজের নাম ব্যবহার করেও ৪৩ হাজারের বেশি আক্রমণ চালানো হয়েছে। বিশেষ করে ২০২৫ সালের শুরুতে ‘শ্রেক’-এর নতুন ট্রেইলার প্রকাশের সময় এই সংখ্যা হঠাৎ বেড়ে যায়।

সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এমন বিপদের হাত থেকে রক্ষা পেতে ব্যবহারকারীদের সতর্ক হতে হবে। তারা বলছেন, অজানা ওয়েবসাইটে প্রবেশের আগে তার সত্যতা যাচাই করা, অচেনা উৎস থেকে কোনো ফাইল ডাউনলোড না করা এবং সবসময় আধুনিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা জরুরি। এভাবে সচেতন থাকলে এসব সাইবার আক্রমণ থেকে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব।

মো: আল-আমিন, স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



পটুয়াখালীতে ছাত্র আন্দোলনের সংগঠকের সঙ্গে অসদাচরণ, দুই পুলিশ সদস্য ক্লোজড

পটুয়াখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক জিনাত জাহানের সঙ্গে অসদাচরণের অভিযোগে সদর থানার দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ জুন) কনস্টেবল জয় দাস ও আবু বকরকে এই সিদ্ধান্তের আওতায় আনা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সাজেদুল ইসলাম সজল। তিনি জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলমান রয়েছে এবং তদন্তের স্বার্থে অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোজ করে লাইনসে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২ জুন) পটুয়াখালী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন জিনাত জাহান। অভিযোগে তিনি উল্লেখ করেন, রোববার (১ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে মোবাইলের সিম চুরির একটি ঘটনায় তিনি সদর থানায় যান। সেখানে দায়িত্বে থাকা সাদা পোশাকের পুলিশ সদস্য আবু বকর ও জয় দাস তাঁর রাজনৈতিক পরিচয় জানতে চান। পরিচয় দেওয়ার পর উল্টো তাঁকে নিয়ে উপহাস করা হয় এবং দীর্ঘ সময় থানায় বসিয়ে রেখে কোনো সহায়তা না করে উপেক্ষা করা হয়।

পরে এসআই ইসরাইল এসে বিষয়টি নিষ্পত্তি করেন বলে অভিযোগে জানান জিনাত জাহান। তিনি বলেন, “আমি থানায় গিয়েছিলাম আইনি সহায়তা নিতে, কিন্তু সেখানে পুলিশ সদস্যদের এমন আচরণে আমি মর্মাহত হয়েছি। এজন্য পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছি।”

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অভিযোগ গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো: আল-আমিন
স্টাফ রিপোর্টার, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



ভারতের ‘পুশ ইন’ নিয়ে দুঃসংবাদ দিলেন পররাষ্ট্র উপদেষ্টা!

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারতের দিক থেকে বাংলাদেশে ‘পুশ ইন’ (জোরপূর্বক অনুপ্রবেশ) ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। তবে বিষয়টি সমাধানের জন্য দুই দেশের মধ্যে কনস্যুলার সংলাপ ও আনুষ্ঠানিক যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে।

সোমবার (২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। তবে আমরা পদ্ধতিগত সমাধানের চেষ্টা করছি। তাদের সঙ্গে চিঠি চালাচালি হচ্ছে, আমরা চেক করেছি যে অনেক পুরোনো তালিকায় কিছু নাম রয়েছে, যাদের আমাদের কাছে পাঠানো হয়েছে। ইতোমধ্যে কিছুজনকে আমরা গ্রহণ করেছি এবং এ বিষয়ে কনস্যুলার মেকানিজমও সক্রিয় করার চেষ্টা চলছে।”

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা বন্ধ বা সীমিত করে দেওয়ার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, “বিভিন্ন দেশ বহুবার আমাদের সতর্ক করেছে, কিন্তু আমরা কার্যকর ব্যবস্থা নিতে পারিনি। মালয়েশিয়ার মতো দেশে বাংলাদেশের বিরুদ্ধে কোনো নেতিবাচক মনোভাব নেই, তবে আমাদের ঘর সামলাতে হবে। অনেকের আমার কথা ভালো না-ও লাগতে পারে, কিন্তু বাস্তবতা এটাই।”

সীমান্ত হত্যা প্রসঙ্গে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে কোনো নমনীয়তার সুযোগ নেই। সীমান্তে গুলি করে মানুষ হত্যা—এটা পৃথিবীর আর কোথাও দেখা যায় না। আমরা এর বিরুদ্ধে শক্ত ভাষায় প্রতিবাদ জানাবো। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ার বিষয়ে তিনি বলেন, এটি একপ্রকারে বাংলাদেশর জন্য ‘শাপেবর’ হয়ে দাঁড়িয়েছে। “এর ফলে আমাদের নির্ভরতা কমেছে। রপ্তানি ক্ষতিগ্রস্ত হচ্ছে না। এখন সরাসরি ফ্লাইট চালু রয়েছে, যা আরও ভালো।”

 




চার দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস

‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আগামী ৯ জুন লন্ডন পৌঁছাবেন তিনি এবং ১৩ জুন দেশে ফিরে আসবেন বলে জানা গেছে।

সফরকালে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করবেন। ১১ জুন ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, পাচার হওয়া অর্থ ফেরত এবং গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে।

১২ জুন তিনি বাকিংহাম প্রাসাদে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সেন্ট জেমস প্রাসাদে আনুষ্ঠানিকভাবে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এই পুরস্কারটি ২০২৩ সালে চালু করা হয় এবং ২০২৪ সালে তা পেয়েছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।

এছাড়াও, ড. ইউনূস ১১ জুন চ্যাথাম হাউজ আয়োজিত একটি সংলাপে অংশ নেবেন, যেখানে আলোচনা হবে ‘বাংলাদেশের ভবিষ্যতের পথে চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক বিষয়ে।

এ সফরকে ঘিরে রাজনৈতিক মহলে বেশ আলোচনা চলছে, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সরকারি সূত্রে জানা গেছে, সফরসূচিতে একটি সম্ভাব্য সময় রাখা হয়েছে যাতে প্রয়োজনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করা সম্ভব হয়, যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।