উপদেষ্টাদের গাড়িবহর আটকে বিক্ষোভ, শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভের ঘটনায় যুবদল নেতা জাহিদ খানকে প্রধান আসামি করে মোট ১৫৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

রোববার রাতে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, মামলায় বেআইনিভাবে সংঘবদ্ধ হয়ে অবরোধ সৃষ্টি, সরকারি কর্মচারীর কাজে বাধা প্রদানসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

মামলার প্রধান আসামি করা হয়েছে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খানকে। দ্বিতীয় আসামি হিসেবে রাখা হয়েছে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে। এছাড়া আসামিদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহমেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা।

এর আগে শনিবার (১৫ জুন) সকালে সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলংয়ে পরিদর্শনে যান অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

পরিদর্শন শেষে ফেরার পথে জাফলংয়ের প্রধান সড়কে তাদের গাড়িবহরের গতিরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। ঘণ্টাব্যাপী চলা এই বিক্ষোভে পাথর কোয়ারি চালুর দাবিতে স্লোগান দেন তারা।

বিক্ষোভ চলাকালে গাড়িবহরের চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।




মধ্যপ্রাচ্যে প্রবল উত্তেজনা; ইরানের পাল্টা হামলায় বিশ্ব সহযোগিতা খুঁজছে ইসরায়েল

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের কাছে সহায়তা চেয়েছে ইসরায়েল।

গত শুক্রবার ভোরে ইসরায়েল তেহরানসহ ইরানের বেশ কয়েকটি পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর শুরু হয় এই সংঘাত। এর জবাবে পাল্টা হামলা চালায় ইরান। এরই ধারাবাহিকতায় ইরান ও ইসরায়েলের মধ্যে একের পর এক হামলা-পাল্টা হামলায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য।

ইসরায়েলি সম্প্রচার সংস্থা ‘কান’ জানিয়েছে, ইরানের প্রতিশোধমূলক হামলা মোকাবিলায় যুক্তরাজ্য, ফ্রান্সসহ একাধিক দেশের কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চেয়েছে ইসরায়েল। যুক্তরাজ্য ইতোমধ্যে সহায়তা দেওয়া শুরু করেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, ইসরায়েল তাদের কাছে দমকল সরঞ্জাম চেয়েছে। জার্মানি দ্রুত এসব সরঞ্জাম সরবরাহ শুরু করবে বলেও জানান তিনি। চ্যান্সেলর আরও বলেন, এই যুদ্ধ যেন আরও বিস্তৃত না হয় তা নিশ্চিত করতে হবে এবং ইরানকে ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা বন্ধ করার আহ্বান জানান।

অন্যদিকে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের কেন্দ্রীয় অঞ্চলের ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলা চালাচ্ছে বলে জানানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, “ইসরায়েলি বিমান বাহিনী এখন ইরানের কেন্দ্রীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে আঘাত হানছে।”

এদিকে ইসরায়েলের বিরুদ্ধে চলমান হামলায় ইরানকে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড। তারা এক বিবৃতিতে ইরানের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে।

শনিবার রাতে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের হাইফা শহরে বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায় এবং দুটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।




জাফলংয়ে দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ: ছাত্রদল নেতাকে শোকজ

সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনায় পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার রাত পৌনে ৮টার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত চিঠিতে আজির উদ্দিনকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ছাত্রদলের দায়িত্বশীল পদে থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন আজির উদ্দিন। কেন তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তি নেওয়া হবে না, সে বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা জারি করেন।

এর আগে একই ঘটনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

শনিবার (১৪ জুন) সকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জাফলং এলাকা পরিদর্শনে যান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা। তারা বন্ধ থাকা জাফলংসহ সিলেট অঞ্চলের পাথর কোয়ারি চালুর দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভে পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন ছাড়াও অংশ নেন জ্যেষ্ঠ সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা এবং বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ খান।




চার দিনের সফরে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের গুম বিষয়ক প্রতিনিধি

চার দিনের সফরে রোববার ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের দুই সদস্য। জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপের এটি প্রথমবারের মতো বাংলাদেশ সফর।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র প্রতিনিধি দলের আগমনের বিষয়টি নিশ্চিত করেছে। সফরকারী দুই সদস্য হলেন- গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ।

ঢাকায় অবস্থানকালে প্রতিনিধি দলের সদস্যরা গুম সংক্রান্ত নানা পর্যায়ের বৈঠক করবেন। তাদের বৈঠকসূচির মধ্যে রয়েছে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব, গুম কমিশনের সদস্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গুমের শিকার হওয়া পরিবারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা।

সফর শেষে আগামী ১৮ জুন জাতিসংঘের এই প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

এর আগে বাংলাদেশে গুমবিষয়ক জাতিসংঘের কোনো প্রতিনিধি দলের সরাসরি সফর এই প্রথম, যা আন্তর্জাতিক মহলের মধ্যে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।




টিউলিপ সিদ্দিককে ফের দুদকে তলব, ইস্টার্ন হাউজিং থেকে ঘুষের অভিযোগ

ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয় থেকে গতকাল (১৫ জুন) পাঠানো নোটিশে আগামী ২২ জুন সকাল ১০টায় দুদক কার্যালয়ে হাজির হওয়ার জন্য টিউলিপ সিদ্দিককে অনুরোধ জানানো হয়েছে। নোটিশটি তার ঢাকার মোহাম্মদপুরের জনতা হাউজিং সোসাইটি, ধানমন্ডি ও গুলশানের একাধিক ঠিকানায় পাঠানো হয়েছে। পাশাপাশি গুলশান ও ধানমন্ডি থানার মাধ্যমেও নোটিশ প্রেরণ করা হয়েছে।

এর আগে গত ১৪ মে একই মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন দুদকের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন। সে সময় রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও তলব করা হয়। তবে ওই সময় টিউলিপসহ কেউই দুদকের ডাকে সাড়া দেননি।

মামলার বিবরণে জানা যায়, ঢাকার গুলশানে এক বিঘা ১৯ কাঠা ১৩ ছটাক আয়তনের একটি প্লট ১৯৬৩ সালে তৎকালীন বিচারপতি ইমাম হোসেন চৌধুরীর নামে বরাদ্দ দেওয়া হয়। সরকারি ইজারা চুক্তি অনুযায়ী, ৯৯ বছরের মধ্যে এ জমি হস্তান্তর বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

তবে ১৯৭৩ সালে বিচারপতি ইমাম হোসেন আমমোক্তারনামার মাধ্যমে মো. মজিবুর রহমান ভূঁইয়ার কাছে প্লটটি হস্তান্তর করেন। এরপর ইস্টার্ন হাউজিং লিমিটেড এ প্লটের ওপর ভবন নির্মাণ শুরু করে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুর পর উত্তরাধিকারীদের মধ্যে বিরোধ দেখা দেয় এবং মামলাও শুরু হয়। মামলার চলমান অবস্থায় রাজউকের আইন উপদেষ্টারা ইস্টার্ন হাউজিংকে ফ্ল্যাট হস্তান্তরের অনুমোদন দেয়। অথচ কোম্পানিটি লিজ হোল্ডার বা বৈধ প্রতিনিধি ছিল না।

এভাবে রাজউকের আইন উপদেষ্টাদের সহায়তায় ইজারার শর্ত ভঙ্গ করে ইস্টার্ন হাউজিংকে আমমোক্তার দিয়ে ৩৬টি ফ্ল্যাট নির্মাণ ও হস্তান্তরের অনুমোদন দেওয়া হয়। এরই অংশ হিসেবে ইস্টার্ন হাউজিং থেকে ঘুষ হিসেবে টিউলিপ সিদ্দিক একটি ফ্ল্যাট গ্রহণ করেছেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০বি, ৪০৯, ১৬১, ১৬২, ১৬৩, ১৬৪, ১৬৫(ক), ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, দুদকের উপপরিচালক মো. মনিরুল ইসলামের নেতৃত্বে সাত সদস্যের একটি দল শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে। এর আগে পূর্বাচলে প্লট দুর্নীতির মামলায় টিউলিপ সিদ্দিকসহ আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। ওই মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধে মোট ছয়টি চার্জশিট দেওয়া হয়।

এই ছয় মামলার মধ্যে একমাত্র টিউলিপ সিদ্দিক পূর্বাচলের কোনো প্লট বরাদ্দ না নিয়েও আসামি হয়েছেন।




নেপাল থেকে বিদ্যুৎ আমদানি শুরু করলো বাংলাদেশ

নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হয়েছে। শনিবার রাত থেকে এই আমদানি কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র।

জানা গেছে, নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় চুক্তির আওতায় এ বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। ভারতের বিদ্যুৎ সঞ্চালন লাইন ব্যবহার করে নেপাল থেকে বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হচ্ছে। ভারতের মুজাফফরপুর-বাহারামপুর হয়ে বাংলাদেশের ভেড়ামারা গ্রিডে এই বিদ্যুৎ পৌঁছায়।

গত বছরের ৩ অক্টোবর নেপাল, ভারত ও বাংলাদেশের মধ্যে হওয়া ত্রিপক্ষীয় চুক্তি অনুযায়ী, নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানির সিদ্ধান্ত গৃহীত হয়। এই চুক্তির আওতায় ১৫ জুন থেকে শুরু হয়ে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে।

এ লক্ষ্যে ভারতের ৪০০-কেভি ট্রান্সমিশন গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহের সমন্বয় করা হয়েছে। এ ব্যবস্থায় বাংলাদেশের জাতীয় গ্রিডে নতুন বিদ্যুৎ যোগ হওয়ায় আংশিক বিদ্যুৎ ঘাটতি কমবে বলে আশা করা হচ্ছে।




ইরানে ইসরায়েলের হামলা: ৪০৬ নিহতের তথ্য দিল মানবাধিকার সংস্থা

ইরানে ইসরায়েলের চালানো হামলায় এখন পর্যন্ত অন্তত ৪০৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৬৫৪ জন। রোববার (১৫ জুন) ওয়াশিংটনভিত্তিক এক মানবাধিকার সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তাদের নিজস্ব সূত্র এবং ইরানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই করে হতাহতের এ সংখ্যা নির্ধারণ করা হয়েছে। নিহতদের মধ্যে কতজন সেনা সদস্য এবং কতজন বেসামরিক নাগরিক রয়েছেন, তা নির্ধারণের চেষ্টা চলছে বলেও জানিয়েছে সংস্থাটি।

গত শুক্রবার মধ্যরাতে ইসরায়েল ইরানে হামলা চালানো শুরু করে। এর পাল্টা জবাবে শনিবার রাতে তেহরান থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় মিসাইল হামলা চালানো হয়। এরপর থেকে দুই দেশের মধ্যে টানা হামলা-পাল্টা হামলা চলতে থাকে।

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলেও হতাহতের ঘটনা ঘটেছে। জানা গেছে, ইরানে চালানো মিসাইল হামলায় ইসরায়েলে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শতাধিক মানুষ।




আবারও ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

টানা তৃতীয় দিনের মতো ইসরায়েলের বিভিন্ন স্থানে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ইরানের এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, গত এক ঘণ্টায় ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এখন পর্যন্ত এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হামলার পর ইসরায়েলি সেনাবাহিনী দেশটির নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে। প্রাথমিকভাবে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া হলেও কিছুক্ষণ পর তাদের আশ্রয়কেন্দ্র ত্যাগের অনুমতি দেওয়া হয়।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনের জবাবে পাল্টা প্রতিশোধ হিসেবে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর আগে শুক্রবার ইরানের ওপর ইসরায়েলের হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূত্রপাত হয়। এরপর থেকে দুপক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলের বিভিন্ন শহরে হামলার সময় সতর্কতা সাইরেন বাজিয়ে জনগণকে সতর্ক করা হয় বলে জানায় আইডিএফ।




ডেঙ্গু-করোনার ঝুঁকি: শিক্ষাপ্রতিষ্ঠানে সতর্কতা জোরদারের নির্দেশ

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতির অবনতি এবং করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।

রোববার (১৫ জুন) এক বিজ্ঞপ্তিতে মাউশি জানায়, শিক্ষা মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ নির্দেশনার আলোকে স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের এসব নির্দেশনার বাস্তবায়ন ও তদারকির জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দেশব্যাপী বিশেষ সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় আলোচনা সভা, র‍্যালি, দেয়াল পত্রিকা, পোস্টার তৈরি, লিফলেট বিতরণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। ‘ডেঙ্গু সচেতনতা: ভবিষ্যতে করণীয়’ শীর্ষক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এসব কার্যক্রম বাস্তবায়ন হবে।

এছাড়া, করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী পাঁচটি স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। সেগুলো হলো—

১. সাবান ও পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা।
২. জনবহুল স্থানে যাওয়া এড়িয়ে চলা এবং বাইরে বের হলে মাস্ক পরা।
৩. আক্রান্ত ব্যক্তি থেকে দূরত্ব বজায় রাখা এবং অন্যদের থেকে অন্তত তিন ফুট দূরে থাকা।
৪. চোখ, নাক ও মুখে হাত দেওয়ার আগে হাত পরিষ্কার করা।
৫. হাঁচি বা কাশির সময় মুখ ঢাকতে টিস্যু, রুমাল বা কনুইয়ের ভাঁজ ব্যবহার করা।

উল্লেখ্য, ২০২০ সালের শুরুর দিকে বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর কয়েক দফায় সংক্রমণ বেড়ে দেশে জনস্বাস্থ্য সংকট দেখা দেয়। পরবর্তীতে সরকার মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়ানোর নির্দেশ দেয়। সংক্রমণ হ্রাস পাওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে এসব বিধিনিষেধ অনেকাংশে শিথিল করা হলেও সম্প্রতি আবারও কোভিড-১৯ সংক্রমণের হার কিছুটা বেড়েছে। ফলে নতুন করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে সরকার।




ড. ইউনূস-তারেক বৈঠকের পর এখন পরিস্থিতি স্বস্তিকর: উপদেষ্টা রিজওয়ানা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বৈঠকের পর রাজনৈতিক অঙ্গনে স্বস্তির বাতাস বইছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা পরিষদের বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ জুন) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাম্প্রতিক লন্ডন বৈঠক প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। এখন রাজনৈতিক দলগুলো যার যার অবস্থান থেকে কথা বলবে। তারা যদি কোনো কথা বলেন, সেটা প্রধান উপদেষ্টার সঙ্গেই বলবেন।”

নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েন নিরসনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আসলে তেমন কিছু ছিল বলে তো মনে করি না। রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র কিংবা সংস্কার—সবক্ষেত্রেই সংলাপের মাধ্যমে অগ্রসর হতে হবে। তাই সংলাপ হচ্ছে বলেই এটাকে আমি ইতিবাচক মনে করি।”

উল্লেখ্য, সম্প্রতি লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠক ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার জন্ম হয়।