ইরানে ইসরায়েলি হামলার নিন্দা ও যুদ্ধ বিরতির আহ্বান মুসলিম দেশগুলোর

ইরানে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে মিসরসহ ২১টি মুসলিম রাষ্ট্র। সোমবার এক খোলা চিঠির মাধ্যমে এই দেশগুলো শুধু নিন্দাই জানায়নি, বরং চলমান উত্তেজনা হ্রাস ও যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। পাশাপাশি তারা মধ্যপ্রাচ্যকে পরমাণু অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে দেখতে চায় বলেও উল্লেখ করেছে।

চিঠিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে—মিসর, আলজেরিয়া, বাহরাইন, ব্রুনেই, চাদ, কোমোরোস, জিবুতি, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত।

চিঠিতে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গোটা মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে। এ অবস্থায় জরুরি ভিত্তিতে একটি যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা রয়েছে। পাশাপাশি দেশগুলো জাতিসংঘের পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি—‘নন-প্রোলিফারেশন অব নিউক্লিয়ার উইপনস (এনপিটিতে)’ সকল রাষ্ট্রকে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে।

গত ১৩ জুন ভোর সাড়ে ৪টার দিকে ইসরায়েলি বিমান হামলার মাধ্যমে শুরু হয় ইরান-ইসরায়েল সামরিক উত্তেজনা। এ পর্যন্ত এই সংঘাতে দুই দেশ মিলিয়ে প্রায় ৩০০ জন নিহত এবং অন্তত এক হাজার মানুষ আহত হয়েছেন।

সংঘাত শুরুর পর এই প্রথমবার একসঙ্গে এতগুলো মুসলিম দেশ যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিল।




লঙ্কানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মিরাজ

দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সকালে টস জিতে এই সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টস শেষে শান্ত জানান, উইকেট শুকনো থাকায় আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়তে পারবে বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

তবে এ ম্যাচে বাংলাদেশ দল মাঠে নেমেছে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে। জ্বরে আক্রান্ত হওয়ায় একাদশে নেই অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এই ম্যাচটি শ্রীলঙ্কান অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ টেস্ট। ১৬ বছরের দীর্ঘ পথচলার ইতি টানছেন তিনি এই ম্যাচের মধ্য দিয়ে।

এছাড়া এই ম্যাচ দিয়েই শুরু হলো নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫-২০২৭) চক্র। আগের চক্রে (২০২৩-২০২৫) বাংলাদেশ সপ্তম স্থানে থেকে শেষ করেছিল। এবার টাইগারদের লক্ষ্য হচ্ছে উন্নত পারফরম্যান্সের মাধ্যমে ভালো শুরু।

বাংলাদেশের একাদশ:
সাদমান ইসলাম, এনামুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ।




ইরানের ক্ষেপণাস্ত্র হামলা; পুড়ছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে অবস্থিত দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার বিধ্বস্ত হয়েছে। এ হামলায় এখন পর্যন্ত তিনজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (১৬ জুন) সন্ধ্যায় হাইফা শহরে ইরান ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত হানে। শুরুতে হামলার বিষয়টি গোপন রাখা হলেও পরে প্রাণহানির তথ্য সামনে আসায় বিষয়টি স্বীকার করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

হাইফার মেয়র ইয়োনা ইয়াহাভ স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল ১২-কে জানান, হামলার সময় একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় কাজ করছিলেন নিহত তিন ব্যক্তি। যদিও শুরুতে তেল শোধনাগারের নাম প্রকাশ করেননি, পরে সরকারের অনুমতি মিললে জানা যায়—বিপর্যস্ত স্থাপনাটি ছিল বাজান তেল শোধনাগার কমপ্লেক্স।

হামলার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে কয়েক ঘণ্টা চেষ্টার পরও আগুনের ভয়াবহতার কারণে তা ব্যাহত হয়। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তারা শঙ্কামুক্ত।

হামলায় শহরের আরও কয়েকটি বাড়িঘর ও বাণিজ্যিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তার স্বার্থে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সরাসরি সম্প্রচার বন্ধ করে এলাকাটি থেকে সাংবাদিকদের সরিয়ে নেয় পুলিশ। উপকূলীয় অঞ্চলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, হাইফায় একটি গুরুত্বপূর্ণ বন্দর, একটি নৌঘাঁটি ও তেল শোধনাগারসহ একাধিক সংবেদনশীল স্থাপনা রয়েছে। শক্তিশালী ‘আয়রন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থা থাকার পরও ইরানের ক্ষেপণাস্ত্র তা ফাঁকি দিয়ে শহরে আঘাত হানে, যা ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।




মানবতাবিরোধী অপরাধে হাসিনা-আসাদুজ্জামানকে ট্রাইব্যুনালের হাজিরার নির্দেশ

জুলাই-আগস্ট গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় আত্মসমর্পণের নির্দেশ পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করেছে।

ট্রাইব্যুনাল জানিয়েছে, নির্ধারিত তারিখে আদালতে হাজির না হলে, নিয়ম অনুযায়ী অনুপস্থিতিতেই বিচারকাজ চলবে। এ বিষয়ে আগেই সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

গতকাল সোমবার (১৬ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নির্দেশ দেন। অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। একইসঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৪ জুন।

এই মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামানের পাশাপাশি পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও অভিযুক্ত। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।




ইরানের রাষ্ট্রীয় টিভিতে ইসরায়েলের বোমা হামলা, লাইভ সম্প্রচারে ভয়াবহ মুহূর্ত

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরআইবি-তে ইসরায়েলের যুদ্ধবিমানের বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলার সময়কার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রকাশিত ফুটেজে দেখা গেছে, স্টুডিওতে এক নারী সংবাদ পাঠিকা লাইভে সংবাদ পড়ার সময় হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে স্টুডিও কেঁপে ওঠে এবং ধুলায় আচ্ছন্ন হয়ে পড়ে। ভয়াবহ ওই মুহূর্তে সংবাদ পাঠিকা নিজের আসন ছেড়ে দ্রুত নিরাপদ আশ্রয়ের দিকে চলে যান।

হামলার আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তেহরানের সেই এলাকায় বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল, যেখানে আইআরআইবি-র প্রধান কার্যালয় অবস্থিত। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এক বিবৃতিতে বলেন, “ইরানের প্রোপাগান্ডা ও উসকানিমূলক প্রচারের মুখপাত্র খুব শিগগিরই নিশ্চিহ্ন হয়ে যাবে।”

এর আগে, ইরান পরমাণু অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে পৌঁছেছে—এই অভিযোগ তুলে গত ১৩ জুন ভোরে ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালায়। তেহরানসহ অন্তত আটটি শহরে পরিচালিত এই অভিযানে ইরানের পরমাণু স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলো ছিল মূল লক্ষ্য। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামলায় ১০০টির বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘দ্য রাইজিং লায়ন’

হামলার পাল্টা জবাবে শুক্রবার রাতে ইরান শুরু করে ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’, যার আওতায় ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। দুই দেশের মধ্যে চলমান সংঘর্ষে ইতোমধ্যে প্রাণহানির সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত চার দিনে ইসরায়েলি হামলায় ইরানে কমপক্ষে ২৪৪ জন নিহত হয়েছেন। অপরদিকে, ইরানের হামলায় ইসরায়েলে ২৪ জন নিহত এবং ৫৯২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। আন্তর্জাতিক মহলে বিরাজ করছে গভীর উদ্বেগ।




ইশরাকের নগর ভবন দখল দায়িত্বহীন: উপদেষ্টা আসিফ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ইস্যুতে কোনো আইন লঙ্ঘন হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি বলেন, বিষয়টি বিচারাধীন অবস্থায় গেজেটের মেয়াদ এবং পরবর্তী সময়ে সিটি করপোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথ নেওয়ার আর কোনো আইনি সুযোগ নেই।

সোমবার (১৬ জুন) বিএনপি নেতা ইশরাক হোসেনের নগর ভবনে সভা করার পর এক বিবৃতিতে এসব কথা বলেন স্থানীয় সরকার উপদেষ্টা।

আসিফ মাহমুদ তার বিবৃতিতে বলেন, ‘এভাবে ক্ষমতা প্রদর্শন করে নগর ভবন দখলের চেষ্টা দক্ষিণ ঢাকার দৈনন্দিন নাগরিক সেবায় বিঘ্ন ঘটানো দায়িত্বহীনতা এবং আইনের শাসনের প্রতি অবমাননাকর। ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের একজন নেতার কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ প্রত্যাশিত নয়। আমরা আরও দায়িত্বশীল ও পরিপক্ব আচরণ আশা করি।’

নগর ভবনে অবরোধের কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে জানিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘গত মাসে স্বাভাবিক সময়ের তুলনায় ৩০-৪০ শতাংশ নাগরিক সেবা কমেছে। আমাদের কর্মকর্তারা ওয়াসা অফিসে বসে সিটি করপোরেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন যাতে নাগরিক সেবা পুরোপুরি বন্ধ না হয়।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে অংশ নেওয়া নেতাদের কাছ থেকে আমরা আরও দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি।’




নগর ভবনে প্রথম সভা করলেন ইশরাক, ব্যানারে ‘মাননীয় মেয়র’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সোমবার (১৬ জুন) ডিএসসিসির নগর ভবনের মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তার কর্মী-সমর্থকরাও উপস্থিত ছিলেন।

নগর ভবনে এটিই ইশরাকের প্রথম আনুষ্ঠানিক সভা। সভার ব্যানারে তার নামের আগে লেখা ছিল ‘মাননীয় মেয়র’। সভার শুরুতে কয়েকজন নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন।

ডিএসসিসির সূত্র জানায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। পরিচ্ছন্ন ঢাকা ও নাগরিক সেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানান আয়োজকরা।

এর আগে ইশরাক হোসেন ঘোষণা দিয়েছিলেন, সরকার তাকে ডিএসসিসির মেয়র হিসেবে শপথ পড়ানোর উদ্যোগ না নিলে তিনি নিজেই কর্মী, সমর্থক এবং দক্ষিণ সিটির বাসিন্দাদের নিয়ে শপথ গ্রহণের আয়োজন করবেন।

উল্লেখ্য, ইশরাকের শপথগ্রহণ দাবিতে তার কর্মী-সমর্থকরা এক মাসেরও বেশি সময় ধরে নগর ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে আন্দোলন করে আসছেন। গতকাল রোববার আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে ইশরাক বলেন, ‘জনগণের দৈনন্দিন সেবা আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে। তবে প্রধান ফটকে তালা দেওয়া থাকবে।’




সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন এখন গণদাবি: পীর চরমোনাই

রাষ্ট্রের মৌলিক সংস্কার, পতিত ফ্যাসিবাদের সঙ্গে জড়িতদের বিচার এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি এখন দেশের গণমানুষের প্রধান দাবি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

সোমবার (১৬ জুন) দুপুরে রাজধানীতে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জরুরি সভার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

পীর সাহেব চরমোনাই বলেন, ‘মৌলিক সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবিতে আগামী ২৮ জুন ঢাকায় গণজোয়ার সৃষ্টি করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেদিন ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে ঐক্যমত পোষণকারী রাজনৈতিক দলগুলো একমঞ্চে যৌথ ঘোষণা দিয়ে জাতিকে আশ্বস্ত করবে। এ লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে ভারতের কব্জা থেকে বের করে আনতে এবং আগামীতেও ভারতের আধিপত্য প্রতিরোধে এখনই দেশের সব বাংলাদেশপন্থি দল, মত ও পথের জনগণকে এক কাতারে আসতে হবে। তারই একটি বড় প্রতিফলন হবে ২৮ জুনের মহাসমাবেশ।’

দেশের সকল শ্রেণি-পেশা ও মতাদর্শের মানুষের প্রতি আহ্বান জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, ‘২৮ জুন সবাই ঢাকায় আসুন। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন নিশ্চিত করে দেশকে ভবিষ্যতের স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে আরেকটি গণজোয়ার সৃষ্টি করি।’

সভায় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ, প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব কেএম আতিকুর রহমান, মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম, মাওলানা দেলওয়ার হোসাইন সাকী প্রমুখ।




প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: সারজিস

২০২৬ সালের জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, প্রবাসীদের ভোটের কথা উঠলেই সংশ্লিষ্টরা নীরবতা পালন করেন কেন।

সোমবার (১৬ জুন) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

সারজিস তার পোস্টে উল্লেখ করেন, ‘অভ্যুত্থানের সময় প্রবাসীরা রেমিটেন্স শাটডাউনের মাধ্যমে সেই প্রক্রিয়াকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছে। দেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অধিকার— ভোটাধিকারের প্রশ্ন উঠলেই নীরবতা দেখা যায়।’

তিনি আরও বলেন, ‘কোন পদ্ধতিতে সবচেয়ে সহজে ও স্বচ্ছভাবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা যায়, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিক। তবে ২০২৬ সালের নির্বাচনে প্রবাসী ভাই-বোনদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।’

এর আগেও বিভিন্ন সময়ে সারজিস আলম প্রবাসীদের অধিকার ও প্রতিনিধিত্বের বিষয়ে সোচ্চার বক্তব্য দিয়েছেন।




ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; আতঙ্কে এলাকাবাসী

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল সাতপাড়া এলাকায় প্রায় এক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকটি বাড়িঘর ও দোকানপাটেও হামলার ঘটনা ঘটেছে। সংঘর্ষ চলাকালে ককটেল বিস্ফোরণের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আবদুল আউয়াল এবং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মোস্তফা কামালের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। একপর্যায়ে দুই পক্ষের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষের সময় একাধিক ককটেল বিস্ফোরিত হয়।

এ ঘটনায় গুরুতর আহতদের মধ্যে রয়েছেন কামাল মিয়া (২৪), জসিম উদ্দিন (৪০), কিবরিয়া (৫০) এবং টেঁটে বিদ্ধ সুমন মিয়া (৪৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কসবা থানা পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকেও মোতায়েন করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বিকেল নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কসবা থানার এক পুলিশ কর্মকর্তা বলেন , ‘এটি মূলত রাজনৈতিক আধিপত্যকে কেন্দ্র করে সংঘর্ষ। পাঁচজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’