রাশিয়ার মধ্যস্থতার প্রস্তাবে আগ্রহ দেখাচ্ছে না ইসরায়েল

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত নিরসনে মধ্যস্থতার আগ্রহ দেখালেও ইসরায়েল সেই প্রস্তাবে সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার (১৭ জুন) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, শান্তি প্রতিষ্ঠায় রাশিয়া প্রস্তুত থাকলেও ইসরায়েল তাতে আগ্রহ দেখাচ্ছে না।

পেসকভ বলেন, “প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্পষ্ট করেছেন, সংঘাত থামাতে প্রয়োজন হলে রাশিয়া মধ্যস্থতার জন্য প্রস্তুত। কিন্তু আমরা দেখছি, ইসরায়েল কোনো ধরনের বাইরের মধ্যস্থতা গ্রহণ করতে চাইছে না এবং শান্তিপূর্ণ সমাধানের পথেও তারা রাজি নয়।”

উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। দেশটির দাবি, ইরানের পরমাণু অস্ত্র অর্জনের সক্ষমতা ধ্বংস করতেই এই অভিযান। তবে তেহরান তা অস্বীকার করেছে। পাল্টা জবাবে ইরানও ইসরায়েলের সামরিক ও সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে।

ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় গত পাঁচদিনে অন্তত ২২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও শত শত মানুষ। নিহতদের মধ্যে রয়েছেন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী ও বেসামরিক নাগরিকরা। রোববারের পর থেকে হতাহতের সংখ্যা আর হালনাগাদ করেনি তেহরান।

অন্যদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন বলে জানায় দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর।

এদিকে, রাশিয়ার মধ্যস্থতা প্রশ্নে ভিন্নমত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক আগ্রাসনের কারণে রাশিয়া এখন কোনো সংঘাতে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে বিবেচিত হওয়ার যোগ্য নয়।

গত কয়েক বছরে ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে রাশিয়া। পাশাপাশি, ইসরায়েলের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে মস্কো। এই দ্বিমুখী সম্পর্কের কারণে ইরান-ইসরায়েল সংঘাতে রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিতে পারছে বলে বিশ্লেষকদের অভিমত।




 সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, দেশের প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন সংরক্ষণে একটি শক্তিশালী ও কার্যকর কনক্রিট অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হবে। তিনি বলেন, “সুন্দরবন আমাদের একটাই, সবাই মিলে সুন্দরবনকে বাঁচাতে হবে।”

মঙ্গলবার (১৭ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট (SEA) বিষয়ক গুরুত্বপূর্ণ সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, সুন্দরবনের ঝুঁকি চিহ্নিত হলে বন ও পরিবেশ অধিদফতর দ্রুত বিষয়টি সরকারে জানাবে এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সুন্দরবন সংরক্ষণে কার্যকর সমন্বয় কাঠামো গড়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।

এছাড়া, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিমেন্ট কারখানাগুলোর পরিবেশগত প্রভাব মনিটরিংয়ের দায়িত্ব পরিবেশ অধিদফতরকে প্রদান করা হয়েছে। জরুরি ভিত্তিতে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়কে সুস্পষ্ট ওয়ার্কপ্ল্যান তৈরি করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধ কার্যক্রম প্রতিরোধে বন বিভাগের সক্ষমতা বৃদ্ধি এবং সুন্দরবন সংরক্ষণে বটম-আপ পদ্ধতি বাস্তবায়ন প্রয়োজন।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. কামরুজ্জামানসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




 আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেছাকে

বরিশাল-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি জেবুন্নেছা আফরোজকে আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এর ফলে তিনি বর্তমানে মোট পাঁচটি মামলায় গ্রেপ্তার অবস্থায় রয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) বরিশাল জেলহাজত থেকে তাকে আদালতে হাজির করা হলে, নতুন তিন মামলায় গ্রেপ্তারের আবেদন করে পুলিশ। আদালতের বিচারক আবেদন মঞ্জুর করে তাকে ওই মামলাগুলোতেও গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “জেবুন্নেছা আফরোজ ইতোমধ্যে দুটি মামলায় গ্রেপ্তার ছিলেন। আজ আরও তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।”

উল্লেখ্য, এসব মামলার মধ্যে একাধিক মামলায় হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে। সবগুলো মামলাই এখন তদন্তাধীন রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




 স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন, পালালেন প্রবাসী যুবক

বরিশালের গৌরনদী উপজেলায় স্ত্রীর স্বীকৃতি দাবি করে এক যুবতী প্রবাসী যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে। অভিযুক্ত যুবক জলিল হাওলাদার বর্তমানে সৌদি আরবপ্রবাসী এবং সম্প্রতি ছুটিতে দেশে এসে আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।

জানা যায়, হাপানিয়া গ্রামের মৃত সেকেন্দার আকনের মেয়ে সাবিনা আক্তার বৃষ্টি (২০) ও একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সঙ্গে ২০২১ সাল থেকে প্রেমের সম্পর্ক ছিল। ২০২৩ সালের জানুয়ারিতে জলিল সৌদি আরব যাওয়ার পর, মোবাইল ফোনের মাধ্যমে বরিশালের উজিরপুরের বরাকোঠা এলাকার একটি কাজী অফিসে পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয় বলে দাবি করেন সাবিনা।

সাবিনার অভিযোগ, দেশে ফিরে জলিল অন্যত্র বিয়ের উদ্যোগ নেওয়ায় তিনি প্রতারিত হয়েছেন বলে মনে করে জলিলের বাড়িতে গিয়ে সোমবার বিকেল থেকে অনশন শুরু করেন। বিষয়টি জানাজানি হলে জলিল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়ভাবে সমাধানের জন্য উভয়পক্ষকে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জলিল হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে জলিলের বাবা রহিম হাওলাদার দাবি করেন, সাবিনার দেখানো কাবিননামাটি জাল এবং জলিল তাকে বিয়ে করেননি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




 স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন, পালালেন প্রবাসী যুবক

বরিশালের গৌরনদী উপজেলায় স্ত্রীর স্বীকৃতি দাবি করে এক যুবতী প্রবাসী যুবকের বাড়িতে অনশন শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে মাহিলাড়া ইউনিয়নের হাপানিয়া গ্রামে। অভিযুক্ত যুবক জলিল হাওলাদার বর্তমানে সৌদি আরবপ্রবাসী এবং সম্প্রতি ছুটিতে দেশে এসে আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।

জানা যায়, হাপানিয়া গ্রামের মৃত সেকেন্দার আকনের মেয়ে সাবিনা আক্তার বৃষ্টি (২০) ও একই গ্রামের রহিম হাওলাদারের ছেলে জলিল হাওলাদারের সঙ্গে ২০২১ সাল থেকে প্রেমের সম্পর্ক ছিল। ২০২৩ সালের জানুয়ারিতে জলিল সৌদি আরব যাওয়ার পর, মোবাইল ফোনের মাধ্যমে বরিশালের উজিরপুরের বরাকোঠা এলাকার একটি কাজী অফিসে পাঁচ লাখ টাকা কাবিনে বিয়ে সম্পন্ন হয় বলে দাবি করেন সাবিনা।

সাবিনার অভিযোগ, দেশে ফিরে জলিল অন্যত্র বিয়ের উদ্যোগ নেওয়ায় তিনি প্রতারিত হয়েছেন বলে মনে করে জলিলের বাড়িতে গিয়ে সোমবার বিকেল থেকে অনশন শুরু করেন। বিষয়টি জানাজানি হলে জলিল এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার এসআই নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্থানীয়ভাবে সমাধানের জন্য উভয়পক্ষকে বলা হয়েছে।

অভিযোগের বিষয়ে জলিল হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তবে জলিলের বাবা রহিম হাওলাদার দাবি করেন, সাবিনার দেখানো কাবিননামাটি জাল এবং জলিল তাকে বিয়ে করেননি।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




বরিশালে নদীর চরের মাটি কাটার সময় ১৪ শ্রমিক আটক

বরিশালের বানারীপাড়া উপজেলার সন্ধ্যা নদীর চর থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় পুলিশ ছয়টি ট্রলারসহ ১৪ শ্রমিককে আটক করেছে। ইটভাটায় ব্যবহারের উদ্দেশ্যে এসব মাটি কাটা হচ্ছিল বলে জানায় পুলিশ।

আটককৃত শ্রমিকরা সবাই বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জলিল ঘরামীর মালিকানাধীন ব্রাহ্মণকাঠি গ্রামের “মেসার্স শুভ এন্টারপ্রাইজ” ইটভাটার কর্মচারী। তারা সবাই সাতক্ষীরা জেলার শ্যামনগর এলাকার বাসিন্দা।

আটককৃতদের নাম: আল-আমিন খান, বিল্লাল হোসেন, মো. নুরুজ্জামান, আব্দুল হাই, ফরিদ হোসেন, আব্দুল মজিদ, ইউসুফ আলী, শরিফুল ইসলাম, মাসুম বিল্লাহ গাজী, মো. হযরত বিল্লাহ, মো. নুরুল হক, ইসরাফিল খান, মো. ইশার আলী ও ইসমাইল গাজী।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ জুন) দুপুরে অভিযান চালিয়ে মাটিভর্তি ছয়টি ট্রলারসহ ১৪ শ্রমিককে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

ইটভাটার মালিক আব্দুল জলিল ঘরামীর ছেলে ও পরিচালক সৌরভ ঘরামী দাবি করেন, তারা চরের মাটি নয়, বরং ব্যক্তি মালিকানাধীন জমির মাটি ক্রয় করেছেন। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এসব ইটভাটাগুলো বছরের পর বছর ধরে সন্ধ্যা নদীর চর ও ফসলি জমির মাটি কেটে নিচ্ছে, যার ফলে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে।

নদীতীরবর্তী গ্রামের বাসিন্দারা বলেন, “ইটভাটার মালিকরা রাতের আঁধারে চর ও ফসলি জমির মাটি কেটে নদীতে ফেলে দিচ্ছেন। এতে নদীভাঙনে শত শত পরিবার বসতভিটা হারাচ্ছেন, অথচ কেউ প্রতিবাদ করতে সাহস পান না।”

স্থানীয় সূত্রে আরও জানা গেছে, উপজেলার বেশিরভাগ ইটভাটার কোনো বৈধতা নেই। এগুলোর বেশিরভাগেই পরিবেশবিধি লঙ্ঘন করে খোলা জায়গায় কাঠ পুড়িয়ে ইট প্রস্তুত করা হয়।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




লঞ্চে সিট বাণিজ্য নিয়ে সংঘর্ষ: বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

বরিশালের হিজলা উপজেলার শৌলা লঞ্চঘাটে ঢাকাগামী একটি লঞ্চে সিট (চাঁদর) বাণিজ্যকে কেন্দ্র করে বিএনপির এক সাবেক নেতার বিরুদ্ধে চাঁদাবাজি ও যাত্রীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে এমভি জানডা নামের একটি লঞ্চে।

অভিযুক্ত খালেক মাঝি হিজলার হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। অভিযোগ রয়েছে, তিনি ও তার সহযোগীরা লঞ্চের ডেকে চাঁদর বিছিয়ে এক হাজার টাকা করে আদায় করছিলেন। এতে আপত্তি জানালে যাত্রীদের ওপর হামলা চালানো হয়, ফলে কমপক্ষে ১৫ জন নারী-পুরুষ আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরিনাথপুরের শৌলা ঘাট থেকে লঞ্চে ওঠার পর অনেক যাত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে খালেক মাঝি ও তার সহযোগীরা তাদের মারধর করেন। হামলার শিকার হন নারীসহ একাধিক যাত্রী। একজন যাত্রীর দাবি, তার কাছ থেকে ১৫ হাজার টাকা জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।

বিএনপি নেতা খালেক মাঝি দাবি করেন, তিনি কারো কাছ থেকে চাঁদা নেননি এবং বরং নিজেই হামলার শিকার হয়েছেন। তার ভাষায়, “লঞ্চে গোলযোগ দেখে আমি তা থামাতে গিয়েছিলাম। এসময় যাত্রীরা আমার ওপর চড়াও হয়।”

তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লঞ্চ স্টাফ অভিযোগ করেন, খালেক মাঝি দীর্ঘদিন ধরে শৌলা লঞ্চঘাট এলাকায় যাত্রীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন। তার প্রভাবের কারণে লঞ্চের কেউ প্রতিবাদ করার সাহস পায় না।

ঘটনার পর বিক্ষুব্ধ যাত্রীরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে, এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে বিএনপি নেতা খালেক মাঝি ও তার সহযোগীরা লঞ্চ থেকে পালিয়ে যান।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /

 




নির্বাচনের তারিখ নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বান আমীর খসরুর

নির্বাচনের দিনক্ষণ নিয়ে অস্থির না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের দিন ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে, তাই এই মুহূর্তে সহনশীলতা এবং আস্থা ধরে রাখাই সবচেয়ে জরুরি।

মঙ্গলবার (১৭ জুন) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, “নির্বাচনের দিনক্ষণ নিয়ে সবার মধ্যে জাতীয় ঐকমত্য রয়েছে। কোথাও দ্বিমত আছে বলে আমরা মনে করি না। এটা একান্তই নির্বাচন কমিশনের বিষয়। সরকার বা কোনো রাজনৈতিক দল এটা নির্ধারণ করতে পারে না।”

তিনি আরও বলেন, “আমাদের ধৈর্য ধরতে হবে। একদম অস্থির হয়ে গেলে চলবে না। নির্বাচন কমিশন নিশ্চয়ই সময়মতো দিনক্ষণ ঘোষণা করবে। আমরা সবাই অপেক্ষা করছি।”

লন্ডনে বিএনপি নেতাদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে ইতিবাচক উল্লেখ করে আমীর খসরু বলেন, “বৈঠকের পর জাতির মধ্যে স্বস্তি ফিরেছে। আমাদের ভবিষ্যৎ পথচলাকে প্রশ্নবিদ্ধ না করে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। সঠিক পথে এগোলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে আসবে—এ বিশ্বাস আমাদের সবার মধ্যে থাকতে হবে।”

সরকার ও নির্বাচন কমিশনের মধ্যকার যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন সংক্রান্ত বিষয়ে সরকারের সঙ্গে কমিশনের যোগাযোগ থাকা স্বাভাবিক। এটা রুটিন কার্যক্রমের অংশ। তাই আমাদের ধৈর্য ধরে পরিস্থিতির দিকে নজর রাখতে হবে।”

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ বিষয়ে আমীর খসরু বলেন, “কোর্টের রায় হয়েছে, নির্বাচন কমিশনের দিক থেকেও বিষয়টি এসেছে। এখন আমরা দেখছি সরকার কী সিদ্ধান্ত নেয়। সবার উচিত অপেক্ষা করা এবং আইনের শাসনের প্রতি আস্থা রাখা।”

বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, “আমরা বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই। জাতীয় স্বার্থে ঐক্য ও ঐকমত্যের ওপর গুরুত্ব দিচ্ছি।”




বরিশালে ‘চলচ্চিত্র সংসদ’-এর আত্মপ্রকাশ

বরিশালে চলচ্চিত্র ও নাট্যচর্চায় আগ্রহী সংস্কৃতিমনা মানুষদের নিয়ে যাত্রা শুরু করল নতুন সাংস্কৃতিক সংগঠন ‘বরিশাল চলচ্চিত্র সংসদ’। সোমবার (১৬ জুন) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমির মহড়া কক্ষে আয়োজিত এক আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উদ্যোক্তা ও নাট্যনির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খেয়ালী গ্রুপ থিয়েটারের সভাপতি মোঃ সিরাজুল মুনির টিটু, শব্দাবলী থিয়েটারের নাট্যকার ও নির্দেশক অনিমেষ সাহা লিটু, নাট্যকর্মী জসিম উদ্দিনসহ আরও অনেকে।

এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন অপূর্ব রায় অপু, বিশ্ব সাহিত্যের কেন্দ্রীয় সমন্বয়ক বাহাউদ্দীন গোলাপ, গীতিকার ও সঙ্গীতশিল্পী জহিরুল হাসান সোহেল, প্রবীণ নাট্যকর্মী মাসুম শরিফ, ‘অবেলার ডাক সবার জন্য’ সাহিত্য ম্যাগাজিনের প্রকাশক ও সম্পাদক মোঃ রিসালাত মীরবহর এবং নৃত্যশিল্পী ও প্রশিক্ষক সাথী রায়।

সভার শেষ পর্বে সর্বসম্মতিক্রমে বরিশাল চলচ্চিত্র সংসদের চূড়ান্ত গঠনতন্ত্র অনুমোদন ও কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সভায় উপস্থিত বক্তারা সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে গুণগত মানসম্পন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




এনসিপি নেতার বিরুদ্ধে তদন্ত, পাঁচ দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছে দল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১৭ জুন) এক লিখিত বিবৃতিতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এ তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে তার সুনির্দিষ্ট অবস্থান জানতে চেয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন।

তাকে জানানো হয়েছে, উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না— সে বিষয়ে লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ (০৫) দিনের মধ্যে রাজনৈতিক পর্ষদ ও গঠিত তদন্ত কমিটির কাছে জমা দিতে হবে।

এছাড়া, চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সারোয়ার তুষারকে দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।