বরিশালে নিজ বাসের চাপায় হেলপার নিহত

বরিশালের বানারীপাড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিজ বাসের চাপায় হৃদয় (১৮) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) দুপুর ২টার দিকে বানারীপাড়া বাস টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হৃদয় বরিশাল-বানারীপাড়া-নেছারাবাদ রুটের স্বর্ণা পরিবহনের হেলপার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, টার্মিনালে পার্কিং করার সময় হৃদয় বাস থেকে নেমে চালককে দিকনির্দেশনা দিচ্ছিলেন। এ সময় চালক অসাবধানতাবশত বাসটি হৃদয়ের ওপর উঠিয়ে দিলে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যু হয়।

বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা বলেন, “রোগীকে গুরুতর অবস্থায় আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর আমরা তাকে শেবাচিমে রেফার করি। পরে জানা যায়, তিনি মারা গেছেন।”

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের লাইন সম্পাদক জগলু হাওলাদার ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তবে এ বিষয়ে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা জানান, “ঘটনাটি সম্পর্কে আমরা এখনও কোনো তথ্য পাইনি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

ঘটনাটি ঘিরে স্থানীয় পরিবহন শ্রমিক ও বাসস্ট্যান্ডে শোকের ছায়া নেমে এসেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নলছিটিতে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

ঝালকাঠির নলছিটিতে খান মাইনউদ্দিন (৩৫) নামের এক সাংবাদিককে ঘর থেকে বের করে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) রাত ৯টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের জুরকাঠি গ্রামে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা হামলাকারীরা ঘরে ঢুকে মাইনউদ্দিনকে টেনে বের করে এনে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

আহতের ভাগনে সাকিল খান জানান, “মামার মাথায় একাধিক কোপ দেওয়া হয়েছে, হাতও ভেঙে গেছে। কথা বলার শক্তি নেই, ডাক দিলে কেবল মাথা নাড়ান।”

মাইনউদ্দিন দৈনিক বাংলাদেশ বুলেটিন–এর বরিশাল প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর সহকর্মীরা জানিয়েছেন, সম্প্রতি নলছিটিতে একটি কালভার্ট নির্মাণে অনিয়ম সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশের পর থেকেই তিনি চাপে ছিলেন এবং একাধিকবার হুমকিও পেয়েছিলেন। ধারণা করা হচ্ছে, এই প্রতিবেদনকে কেন্দ্র করেই কোনো প্রভাবশালী মহল তাঁর ওপর হামলা চালিয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, “ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




ভোলায় মেঘনায় ধরা পড়ল ১৩ কেজির আইড় মাছ, নিলামে দাম ১৮ হাজার টাকা

ভোলার মেঘনা নদীতে এবার জেলেদের জালে ধরা পড়েছে বিরল আকৃতির একটি বিশাল আইড় মাছ। মাছটির ওজন ১৩ কেজি ২০০ গ্রাম। সোমবার দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছ ঘাটে নিলামের মাধ্যমে মাছটি ১৮ হাজার ৩৩০ টাকায় বিক্রি হয়।

মাছটি প্রথমে ধরা পড়ে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে, আলাউদ্দিন মাঝির একটি ট্রলারে। অন্যান্য মাছের সঙ্গে হঠাৎই বিশালাকৃতির আইড় মাছটি জালে উঠে আসে। পরে দুপুরে মাছটি ভোলা সদর তুলাতুলি ঘাটে নিয়ে আসা হয় এবং সেখানে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

নিলামে অংশ নেন ঘাটের একাধিক আড়তদার ও মাছ ব্যবসায়ী। সর্বোচ্চ দর হাঁকিয়ে মাছটি কিনে নেন ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী। তিনি বলেন, “এত বড় আইড় মাছ খুব কমই ধরা পড়ে। বরিশালের পাইকারি বাজারে মাছটি ২০ থেকে ২২ হাজার টাকায় বিক্রি হবে বলে আশা করছি।”

স্থানীয় মাছ ব্যবসায়ী মো. ইউনুছ বলেন, “মাছটি দেখার জন্য ঘাটে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। এত বড় আইড় মাছ এক নজরে দেখার সুযোগ কেউ হাতছাড়া করতে চায়নি।”

এ প্রসঙ্গে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, “জাটকা রক্ষা ও অবৈধ জাল অপসারণে আমরা ধারাবাহিক অভিযান চালিয়ে আসছি। এরই সুফল হিসেবে বড় আকারের মাছ ধরা পড়ছে নদীতে। এ প্রবণতা চলমান থাকলে মাছের প্রজনন ও উৎপাদন আরও বাড়বে।”

প্রসঙ্গত, এর আগে ১৯ জুন তুলাতুলি মাছ ঘাটেই ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়ে, যার দাম ওঠে ৬ হাজার ৪৮০ টাকা।

মেঘনায় বড় মাছের এই ধরা পড়া জেলেদের মধ্যে যেমন আশার আলো জাগাচ্ছে, তেমনি স্থানীয় বাজারেও ইতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, ৩ নেতা গ্রেফতার

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকার পরও পটুয়াখালীর বাউফল উপজেলায় ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অভিযোগে তিন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) ভোররাতে উপজেলার বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—বগা ইউনিয়নের রাজনগর গ্রামের মজিবর হাওলাদারের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান হাওলাদার (৩০), সৈয়দ হুমায়ুন কবীরের ছেলে মো. তাসনিম (২০) এবং মো. রমেজ খানের ছেলে মো. জাহিদ খান (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ জুন) রাতে রাজনগর গ্রামে নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের ব্যানারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠান পালন করা হয়।

ঘটনার ভিডিও মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ বিষয়টি আমলে নেয় এবং অভিযানে নামে।

পরে বগা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বুধবার ভোরে তিনজনকে গ্রেফতার করা হয়।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন, “তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ এর ৮/৯/১০/১২/১৩ ধারায় মামলা দিয়ে গ্রেফতার দেখানো হয়েছে। পরে আদালতে সোপর্দ করা হয়েছে।”

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



“আসিফ মাহমুদের লাগাম টানুন, না হলে আন্দোলন তীব্র হবে” — ইশরাক

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়েছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে যদি কোনো প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আন্দোলন নগর ভবন ছাড়িয়ে রাজপথে গড়াবে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে বক্তব্যের লাগাম না টানার অভিযোগ এনে তিনি বলেন, তার মন্তব্যে ঢাকার নাগরিকদের অপমান করা হয়েছে, এজন্য তাকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।

বুধবার (২৫ জুন) জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সাবেক ডিএনসিসি মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।

তিনি জানান, আন্দোলনের কারণে নাগরিকদের কিছু গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল। জনগণের দুর্ভোগ লাঘবে তার অনুরোধে আন্দোলনকারীরা গত সোমবার থেকে নগর ভবনের কর্মবিরতি প্রত্যাহার করে। তবে তিনি জোর দিয়ে বলেন, এটি সরকারের কোনো চাপ কিংবা আন্দোলনের দাবির সুরাহার কারণে হয়নি।

ইশরাক বলেন, “নগর ভবনের কর্মকর্তারা কোরবানির ঈদের পর দৈনন্দিন সেবা চালুর উদ্যোগ নিলেও স্থানীয় সরকার উপদেষ্টা আঞ্চলিক কর্মকর্তাদের নির্দেশ দেন জন্ম, মৃত্যু, নাগরিক ও ওয়ারিশ সনদ না দিতে। এর মাধ্যমে সাধারণ মানুষকে সেবা থেকে বঞ্চিত করে আন্দোলনকারীদের ওপর দোষ চাপানোর চেষ্টা চালানো হয়। আমরা এই চক্রান্ত ভেস্তে দিয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, “আন্দোলনকারীদের ওপর হামলার নেপথ্যে ছিল দুর্নীতিবাজ কর্মকর্তারা। যাদের মধ্যে গোলাম কিবরিয়া রুবেলের নাম উঠে এসেছে। তিনি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ঘনিষ্ঠ বলে পরিচিত এবং তার বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে। আসিফ দায়িত্ব নেওয়ার পর থেকেই রুবেল তার ‘লুটপাটের হাতিয়ার’ হয়ে ওঠে।”

সংবাদ সম্মেলনে ইশরাক বলেন, “আসিফ মাহমুদ দাবি করেছেন, বিএনপির এক নেতার ইন্ধনে আমি আন্দোলন করছি। এই বক্তব্যের মাধ্যমে ঢাকার লাখো ভোটারকে অপমান করা হয়েছে। এভাবে আন্দোলনকারীদের পশুর মর্যাদায় নামিয়ে আনা হয়েছে। এজন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে।”

তিনি আরও বলেন, “আসিফ বলেছেন, আমাকে ‘মিসগাইড’ করা হয়েছে। এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের মাধ্যমে তিনি আমাকে অপমান করেছেন এবং নিজেকে শ্রেষ্ঠ হিসেবে তুলে ধরেছেন। এই বক্তব্যের মাধ্যমে ঢাকাবাসীর স্বতঃস্ফূর্ত আন্দোলনকেও তাচ্ছিল্য করা হয়েছে।”

সংবাদ সম্মেলনের শেষে ইশরাক হুঁশিয়ারি দিয়ে বলেন, “আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো রকম প্রতিহিংসামূলক পদক্ষেপ নেওয়া হলে আন্দোলন নগর ভবনেই সীমাবদ্ধ থাকবে না, তা রাজপথে ছড়িয়ে পড়বে।”




মুলাদীতে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

বরিশালের মুলাদী উপজেলায় ছয়টি বেসরকারি কলেজের বিরুদ্ধে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রবেশপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন, বিভিন্ন অজুহাতে জিম্মি করে নেওয়া হচ্ছে এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত। এ নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় মুলাদী উপজেলার সাতটি কলেজ থেকে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এর মধ্যে একটি সরকারি ও ছয়টি বেসরকারি কলেজ রয়েছে। মুলাদী সরকারি কলেজ ছাড়া বাকি প্রতিটি বেসরকারি কলেজে প্রবেশপত্রের নামে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সফিপুর ইউনিয়নের বালিয়াতলী গ্রামের অভিভাবক আবুল হাসেম অভিযোগ করেন, হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজে কেন্দ্র খরচের অজুহাতে প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে ২ হাজার টাকা আদায় করা হয়েছে।

আরিফ মাহমুদ কলেজের এক পরীক্ষার্থীর অভিভাবক আব্দুল হান্নান জানান, তার সন্তানকে প্রবেশপত্র নিতে হলে ১ হাজার ২০০ টাকা দিতে হয়েছে। এমনকি অনিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকেও একই পরিমাণ অর্থ নেওয়া হয়েছে।

শুধু তাই নয়, নাজিরপুর ইউনাইটেড কলেজ, চরকালেখান আদর্শ কলেজ, পূর্ব হোসনাবাদ কলেজ এবং মুলাদী মহিলা কলেজেও শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত কলেজ কর্তৃপক্ষ অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজের অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন বলেন, “কোনো কেন্দ্র খরচ বা প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয়নি, শুধু পূর্বের বকেয়া আদায় করা হয়েছে।”

আরিফ মাহমুদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনির হোসেন বলেন, “ফরমপূরণের সময় শিক্ষার্থীরা পূর্ণ টাকা দেয়নি, প্রবেশপত্র বিতরণের সময় সেই টাকা আদায় করা হয়েছে।” তবে ১ হাজার ২০০ টাকা করে নেওয়ার বিষয়ে তিনি কোনো স্পষ্ট বক্তব্য দেননি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সহিদুল ইসলাম বিষয়টি স্পষ্ট করে বলেন, “ফরমপূরণের সময় কেন্দ্র ফি নেওয়ার নিয়ম রয়েছে, প্রবেশপত্র দেওয়ার সময় নতুন করে কোনো টাকা নেওয়ার নিয়ম নেই।”

এ বিষয়ে মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন বলেন, “শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কলেজগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় অভিভাবক ও শিক্ষার্থীরা অভিযোগের দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বৃক্ষমেলা ও পরিবেশ মেলায় পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন

দেশের সব সুপারশপ এখন শতভাগ পলিথিনমুক্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, পরিবেশ রক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং একবার ব্যবহারযোগ্য ১৭টি প্লাস্টিক পণ্য নিরুৎসাহিত করতে নিরবচ্ছিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে আয়োজিত বৃক্ষমেলা ও পরিবেশ মেলা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।

তিনি বলেন, “সুপারশপগুলো শতভাগ পলিথিনমুক্ত হয়েছে। পাট, কাগজ ও কাপড়ের মতো পরিবেশবান্ধব বিকল্প পণ্যের ব্যবহার বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

পরিবেশ উপদেষ্টা জানান, প্লাস্টিক দূষণ রোধে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সেইসঙ্গে সিঙ্গেল-ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন চলছে।

অনুষ্ঠানে উপস্থাপিত পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় পরিবেশ মন্ত্রণালয়ের অগ্রাধিকারভিত্তিক কর্মকাণ্ড তুলে ধরা হয়। উপদেষ্টা জানান, দেশের নদ-নদী সংরক্ষণে একটি চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। ঢাকার চারটি নদী ও ২০টি খালের জন্য ‘ব্লু-নেটওয়ার্ক’ পরিকল্পনা তৈরি হয়েছে। বড়াল, করতোয়া ও সুতাংসহ ১৫টি নদী পুনরুদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে।

বন সংরক্ষণ ও পুনরুদ্ধার কার্যক্রম সম্পর্কেও তিনি বলেন, “মধুপুর শালবন ও চুনতি বন পুনরুদ্ধারে কাজ চলছে। ইতোমধ্যে ১১ হাজার ৪৫৯ একর বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। সোনাদিয়া উপকূলীয় বন ও রাজশাহীর দুটি জলাভূমিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে।”

এছাড়াও ইটভাটা নিয়ন্ত্রণে ‘নো-ব্রিকফিল্ড জোন’ গঠন এবং পরিবেশ দূষণকারী পুরনো যানবাহন নিয়ন্ত্রণে অভিযান চালানো হচ্ছে বলেও জানান উপদেষ্টা।

উল্লেখ্য, পরিবেশ মেলা চলবে ২৫ থেকে ২৭ জুন এবং বৃক্ষমেলা চলবে ২৫ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।




প্রকৃতি নয়, মানুষই পরিবেশ ধ্বংসের জন্য দায়ী : ড. মুহাম্মদ ইউনূস

পৃথিবীর পরিবেশ ধ্বংসের জন্য মানবজাতিই দায়ী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী, তারা আমরা সবাই। আমরা এই অপরাধের আসামি।”

বুধবার (২৫ জুন) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, জাতীয় পরিবেশ মেলা ও বৃক্ষমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আজকের পৃথিবী নানা সংকটে জর্জরিত—যুদ্ধবিগ্রহ, প্রযুক্তির অপব্যবহারসহ নানা মানবসৃষ্ট দুর্যোগ সামনে চ্যালেঞ্জ তৈরি করছে। তবে সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে জলবায়ু সংকট, যা অনেকেই এখনো উপলব্ধি করতে পারছে না। প্রকৃতির এই বিধ্বংসী রূপ প্রকৃতির দোষ নয়, এটা মানুষের সৃষ্টি। মানুষ প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, কিন্তু আমরা বরং উল্টো পথে হেঁটে চলেছি।”

তিনি সতর্ক করে বলেন, “জলবায়ু সংকট দৈত্যের মতো সামনে হাজির হচ্ছে। সে হুঙ্কার দিচ্ছে—হয় আমরা থাকব, না হয় তোমরা থাকবে। মানুষ আর প্রকৃতি একসঙ্গে থাকতে পারবে না।”

প্লাস্টিক ব্যবহার নিয়ে উদ্বেগ জানিয়ে ড. ইউনূস বলেন, “প্লাস্টিক আজ পৃথিবীর জলবায়ু, প্রকৃতি ও জীববৈচিত্র্য—এই তিনটি স্তম্ভেই হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি এমন এক বস্তু যার জন্ম আছে, মৃত্যু নেই। পৃথিবীর সব কিছুর মৃত্যু আছে, কিন্তু প্লাস্টিক বেঁচে থাকে। প্লাস্টিক ব্যবস্থাপনার ঘাটতির কারণে জলাশয়গুলোতে এর ছড়াছড়ি দেখা যাচ্ছে, জীববৈচিত্র্য বিলুপ্তির পথে।”

তিনি বলেন, “প্লাস্টিক আমাদের অসহায়ত্ব দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আমাদের উদ্যোগহীনতা দেখে তারা জয়গান গাইছে। আমরা দিবস উদযাপন করি, তারপর যথারীতি ঘরে ফিরে প্লাস্টিকই ব্যবহার করি।”

লাইফস্টাইল পরিবর্তনের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা যদি আমাদের জীবনযাত্রার ধরণ না বদলাই, তাহলে এই যুদ্ধে মানবজাতির পরাজয় অনিবার্য। এই সংকট থেকে কীভাবে বের হব, সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।”




গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার দুপুরে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস গৌরনদী উপজেলার বাটাজোর ও বামরাইলের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গোল্ডেন লাইন পরিবহনকে বেপরোয়া গতিতে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা গৌরনদী ফায়ার সার্ভিসে যোগাযোগ করেন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গুরুতর আহত দুই যাত্রীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, “দুর্ঘটনার পর এলাকায় যানজটের সৃষ্টি হয়। আমরা দ্রুত বাসটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করেছি।”

এ দুর্ঘটনায় যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বেপরোয়া গতির কারণে সড়কে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে, সেই দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




জামায়াতের জাতীয় সমাবেশের ডাক ; বার্তা দিচ্ছে রাজনীতিতে সক্রিয় হওয়ার 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতসহ একাধিক দাবি বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৯ জুলাই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৫ জুন) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ ঘোষণা দেওয়া হয়। ‘জাতীয় সমাবেশ বাস্তবায়ন কমিটি’র এ বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

সংগঠনের কেন্দ্রীয় প্রচার বিভাগ মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় সমাবেশকে ঘিরে বিভিন্ন বিভাগের প্রস্তুতি ও দায়িত্বপালনের অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়। সমাবেশ সফলভাবে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সমাবেশের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে—

  • অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা,
  • নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড গঠন,
  • সকল গণহত্যার বিচার,
  • মৌলিক রাজনৈতিক সংস্কার,
  • ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়ন,
  • জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পুনর্বাসন,
  • প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু এবং
  • প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমির সেলিম উদ্দিন, মহানগর সেক্রেটারির দায়িত্বে থাকা ড. শফিকুল ইসলাম মাসুদ ও ড. রেজাউল করিম, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, কামাল হোসাইনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

উল্লেখ্য, জামায়াতে ইসলামী সম্প্রতি প্রতীকসহ নিবন্ধন ফিরে পাওয়ার পর জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে ফেরার প্রস্তুতি নিচ্ছে। এই সমাবেশকে সে ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।