বাংলাদেশ-চীন-পাকিস্তান বৈঠক নিয়ে জোট গঠনের গুঞ্জন অস্বীকার করলেন উপদেষ্টা

চীনের কুনমিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ-চীন-পাকিস্তানের ত্রিপক্ষীয় বৈঠককে ঘিরে জোট গঠনের জল্পনা-কল্পনা তৈরি হলেও বাংলাদেশ তা স্পষ্টভাবে অস্বীকার করেছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, “আমরা কোনো জোট গঠন করছি না।”

তিনি বলেন, “এই উদ্যোগটি মূলত চীনের, এবং এটি একেবারেই অফিসিয়াল পর্যায়ের—রাজনৈতিক নয়। সেখানে একটি প্রদর্শনীর সময় তিন দেশের পররাষ্ট্র সচিবেরা সাইডলাইনে বৈঠক করেছেন। আলোচনা ছিল কেবল কানেক্টিভিটি এবং ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিকে ঘিরে। জোট গঠনের কোনো বিষয় সেখানে ছিল না।”

উপদেষ্টা আরও বলেন, “এটা ছিল একটি প্র্যাকটিক্যাল সুযোগ-সুবিধা সৃষ্টি করার প্রয়াস। এটিকে বেশি স্পেকুলেট করা ঠিক হবে না। আমরা মনে করি না, এই বিষয়টি নিয়ে আর বাড়তি কিছু বলার দরকার আছে।”

ত্রিপক্ষীয় ‘জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ’ গঠনের প্রস্তাব

বৈঠকে চীন ও পাকিস্তানের পক্ষ থেকে একটি যৌথ কর্মপরিষদ (Joint Working Group – JWG) গঠনের প্রস্তাব আসে বলে জানা গেছে। তবে তিন দেশের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে ভিন্নতা দেখা যায়।

এ প্রসঙ্গে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, “কোনো কিছু অস্বীকার করার প্রয়োজন নেই। আমরা আমাদের বক্তব্যে পরিষ্কার করে দিয়েছি যে বৈঠকটি কোনো কাঠামোগত বা বড় ধরণের চুক্তির অংশ ছিল না। প্রতিটি দেশ তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে বিষয়টি দেখেছে, আমরাও তাই করেছি।”

জোট গঠন তৃতীয় কোনো দেশকে লক্ষ্য করে কি না—এমন প্রশ্নে পরিষ্কার জবাব

জোট গঠনের আলোচনা তৃতীয় কোনো দেশকে উদ্দেশ্য করে হচ্ছে কি না—জানতে চাইলে উপদেষ্টা সাফ জানিয়ে দেন, “অবশ্যই নয়। টার্গেট করার মতো কিছু নেই এখানে। আমি নিশ্চিত করে বলতে পারি এটি কোনো দেশকে উদ্দেশ্য করে নয়।”

তিনি বলেন, “যদি ভারত, নেপাল বা অন্য কোনো দেশ কানেক্টিভিটি নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক করতে চায়, আমরাও রাজি আছি। এমন বৈঠক করতে আমার কোনো আপত্তি নেই। এটা নিয়ে অতিরিক্ত সন্দেহ করার প্রয়োজন নেই।”

উল্লেখ্য, কুনমিংয়ে অনুষ্ঠিত এই বৈঠক নিয়ে সম্প্রতি দেশের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চলছিল। তবে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হলো, এটি কোনো জোট গঠনের সূচনা নয়, বরং একটি যৌথ আলোচনার প্ল্যাটফর্ম মাত্র।




লঞ্চ থেকে ফেলে হত্যার অভিযোগ: ‘পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে’ — ইপ্সিতার বাবা

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে ভেসে ওঠা মরদেহ ছিল ভোলা সরকারি কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী সুকর্ণা আক্তার ইপ্সিতার। ঘটনার চার দিন পর উদ্ধার হলেও এখনো মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করতে পারেনি পুলিশ। পরিবার বলছে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড।

ইপ্সিতার বাবা মাসুদ রানা অভিযোগ করেন, “পরিকল্পিতভাবে আমার মেয়েকে লঞ্চে নিয়ে হত্যা করেছে। কে বা কারা করেছে, জানি না। তবে পুলিশ ময়নাতদন্তে হত্যার আলামত পেয়েছে এবং হত্যা মামলা হয়েছে। বিচার না হলে এভাবে মেয়েরা একের পর এক মারা যাবে।

১৭ জুন সকালে প্রাইভেট পড়াতে গিয়ে নিখোঁজ হন ভোলা সদর উপজেলার নবীপুর এলাকার বাসিন্দা ও ভোলা সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুকর্ণা আক্তার ইপ্সিতা। পরদিন বিকেল থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। ২০ জুন ভোলা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা।

এরপর জানা যায়, ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চ থেকে ১৭ জুন নদীতে পড়ে যান এক তরুণী। ২১ জুন লক্ষ্মীপুর মজু চৌধুরীঘাট এলাকায় নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। পরবর্তীতে পোশাক দেখে মরদেহটি শনাক্ত করেন ইপ্সিতার পরিবার

ইপ্সিতার বাবা জানান, তার মেয়ের সঙ্গে জনৈক মেহেদী হাসান বাপ্পির প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক ভেঙে গেলে মেয়ের পরিবারকে হুমকি দিতে শুরু করেন বাপ্পি। এ ছাড়া ২০২৩ সালে মেহেদী হাসান মিরাজ নামে একজনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হলেও কিছুদিন পর ডিভোর্স দেন মিরাজ। সেই মামলা বর্তমানে আদালতে চলমান।

বাবার অভিযোগ, প্রেম ও পারিবারিক বিবাদের জের ধরেই তার মেয়েকে হত্যার পরিকল্পনা করা হয় এবং ১৭ থেকে ২০ জুনের মধ্যে লঞ্চ থেকে নদীতে ফেলে দেওয়া হয়

কর্ণফুলী-৪ লঞ্চের ম্যানেজার মো. আলাউদ্দিন জানান, তরুণী পর্যাপ্ত ভাড়া না থাকায় কেবিন পাননি। পরে ডেকে অবস্থান নেন। মেঘনারচর এলাকায় পৌঁছালে তিনি নদীতে ঝাঁপ দেন বলে দাবি করেন তিনি। লঞ্চের যাত্রীরা চিৎকার করলে ৪৫ মিনিট ধরে উদ্ধারের চেষ্টা চালানো হয়। এরপর লঞ্চ ঢাকার উদ্দেশে যাত্রা করে

লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) ঝলক মোহন্ত জানান, নৌপুলিশের ইনচার্জ আজিজুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। ইপ্সিতার বাবাও লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত চলছে।

ভোলা ও লক্ষ্মীপুরের ছাত্রদল নেতাকর্মীরা এই মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করেছেন। কেন্দ্রীয় ছাত্রদলও এক বিবৃতিতে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




এসআই সুকান্তকে ঘিরে উত্তাল খুলনা, পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি

এসআই সুকান্ত দাসকে জনতা মারধর করে পুলিশের হাতে সোপর্দ করার পরও ছেড়ে দেওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে খুলনা। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর দপ্তর ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র ও সাধারণ জনতা। আন্দোলনকারীরা কেএমপি কমিশনার মো. জুলফিকার আলী হায়দারের পদত্যাগ দাবি করেন।

বিকেল ৪টা থেকে খানজাহান আলী সড়কে কেএমপির সামনে শুরু হওয়া অবস্থান কর্মসূচিতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, দুর্ভোগে পড়েন পথচারী ও যাত্রীরা।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, এসআই সুকান্ত দাস গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর দমন-পীড়নে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। তারা বলেন, “একজন অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া বিচারহীনতার বহিঃপ্রকাশ। যতদিন না পুলিশ কমিশনার পদত্যাগ করছেন, ততদিন আমাদের আন্দোলন চলবে।”

এদিকে কেএমপি কমিশনার জুলফিকার আলী হায়দার জানিয়েছেন, এসআই সুকান্ত দাসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বলেন, “খুলনা সদর থানায় দায়ের হওয়া শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুর মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে গ্রেপ্তারে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে সময় লেগেছে। তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলছে।”

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সদর দপ্তর, কেএমপি ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের যৌথ অভিযানে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে সুকান্ত দাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা এবং আদালতে আরও একটি মামলা রয়েছে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার খুলনার ইস্টার্ন গেট এলাকায় এসআই সুকান্ত দাসকে স্থানীয়রা আটক করে মারধর করেন এবং খানজাহান আলী থানায় সোপর্দ করেন। পরে রাতেই পুলিশ তাকে ছেড়ে দেয়। তার বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর দমনমূলক অভিযানের অভিযোগ রয়েছে। এ ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং পরদিন থেকেই কেএমপি ঘেরাও কর্মসূচি শুরু হয়।

বুধবার দুপুরে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ও ছাত্রদল নেতাকর্মীরা কেএমপি সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেন এবং প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। রাত সাড়ে ৯টার দিকে তারা সেখান থেকে সরে গেলে তালা ভেঙে বের হয় পুলিশ।

পুনরায় বৃহস্পতিবার বিক্ষোভে উত্তাল হয় এলাকা। আন্দোলনকারীরা জানিয়ে দেন, কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।




বরগুনায় বাস-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৩

বরগুনার আমতলীতে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২২ জুন) দুপুরে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের কেওয়াবুনিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুয়াকাটাগামী ইকরা লাক্সারী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের পর অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন দুইজন যাত্রী।

নিহতরা হলেন—আমতলী উপজেলার গাজিপুর সোনাখালীর মো. আজিজুল ইসলাম (৬৫) এবং গলাচিপা উপজেলার নলুয়া বগীর খালেদা বেগম (৫০)। আহত তিনজনের মধ্যে একজন নারী যাত্রীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা। বরগুনা ও আমতলীর দায়িত্বপ্রাপ্ত ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হানিফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, মরদেহ দুটি আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। তবে ইকরা লাক্সারী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




যুদ্ধ-পরবর্তী প্রথম ভাষণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা খামেনির

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর জাতির উদ্দেশে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (২৬ জুন) রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এ ভাষণে তিনি দাবি করেন, “ভুয়া ইহুদিবাদী সরকার” পরাজিত এবং ধ্বংস হয়েছে। সেই সঙ্গে ইরানি জনগণের ঐক্য ও সাহসিকতার প্রশংসা করেন তিনি।

খামেনি বলেন, “আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি সেই জয়ের জন্য, যেখানে ইহুদিবাদী সরকার চূর্ণবিচূর্ণ হয়েছে। তারা যতই উচ্চবাচ্য করুক, ইরানের ধাক্কায় পতনের মুখে পড়েছিল।”

তিনি আরও অভিযোগ করেন, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত ছিল। তার ভাষায়, “মার্কিন সরকার বুঝতে পেরেছিল, তারা হস্তক্ষেপ না করলে ইসরায়েলের পতন অনিবার্য। কিন্তু যুক্তরাষ্ট্রের আগ্রাসন কোনো ফল আনেনি। এখানে জয়ী হয়েছে ইরান। আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত হেনেছি।”

ইরানি জনগণের একতা ও সাহসিকতার প্রশংসা করে খামেনি বলেন, “৯ কোটির জনগণ আমাদের সশস্ত্র বাহিনীর পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে। ইরানিরা প্রমাণ করেছে, প্রয়োজন হলে তারা সবাই এক হয়ে দাঁড়াতে জানে।”

খামেনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইরানের বিরুদ্ধে কেউ আবার আগ্রাসনের চেষ্টা করলে তাকে চড়া মূল্য দিতে হবে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে প্রাণকেন্দ্রগুলোতে আঘাত হেনেছে, যা ইহুদিবাদীরা কল্পনাও করতে পারেনি।”

ভাষণে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় খামেনি বলেন, “ট্রাম্পের দাবি—ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করা হয়েছে—তা সত্য নয়। যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি। তারা কাতারের আল-উদেইদ ঘাঁটিতে ইরানের হামলার সত্যতা আড়াল করার চেষ্টা করেছে।”

তিনি জোর দিয়ে বলেন, “ট্রাম্প বলেছেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু আমি স্পষ্ট করে বলছি—আত্মসমর্পণের প্রশ্নই আসে না। আমাদের দেশ শক্তিশালী, আমাদের জনগণ সম্মানিত, এবং তারা বিজয়ী থাকবে ইনশাআল্লাহ।”

আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ভাষণ ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। যুদ্ধ পরবর্তী সময়ের এ বক্তব্যে খামেনি তার দেশের শক্ত অবস্থান পুনর্ব্যক্ত করলেন।




৪৫তম বিসিএস: মৌখিক পরীক্ষা শুরু ৮ জুলাই থেকে

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৮ জুলাই থেকে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) গতকাল ২৫ জুন সন্ধ্যায় তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ ক্যাডারের ৪৮১ জন এবং সাধারণ ও কারিগরি/পেশাগত ক্যাডারের ১০৪ জন—মোট ৫৮৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে। এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে রাজধানীর শেরেবাংলা নগরের পিএসসি প্রধান কার্যালয়ে।

এর আগে, ১৮ জুন ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৬ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন, যারা এখন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদন করেন ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থী। পরবর্তীতে, ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি টেস্ট। এতে অংশগ্রহণ করেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। মাত্র ১৭ দিনের ব্যবধানে ফল প্রকাশ করা হয় এবং ১২ হাজার ৭৮৯ জন এতে উত্তীর্ণ হন।

এরপর, ২৭ নভেম্বর লিখিত পরীক্ষা শুরুর কথা থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা আশঙ্কা দেখিয়ে প্রার্থীরা তা পেছানোর দাবি জানান। ফলে, পরীক্ষা পিছিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে নেওয়া হয়। ২৩ জানুয়ারি শুরু হয়ে লিখিত পরীক্ষা শেষ হয় ৩১ জানুয়ারি। এরপর প্রায় সাড়ে ১৬ মাস পর ২০২৫ সালের জুনে ফল প্রকাশ করা হয়।

পিএসসি জানিয়েছে, ৪৫তম বিসিএসের মাধ্যমে ২ হাজার ৩০৯ জনকে ক্যাডার পদে এবং ১ হাজার ২২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। ফলে, দীর্ঘ প্রক্রিয়ার শেষ ধাপে প্রবেশ করল এই বিসিএস।




৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’, ১৬ জুলাই ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ এবং ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দুটি পৃথক পরিপত্রের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

৮ আগস্ট ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেন। এরপরই নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে এবার থেকে প্রতি বছর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালন করা হবে।

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহীদ আবু সাঈদ দিবস’ ঘোষণা করা হয়েছে। এ দুটি দিবস জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে গণ্য হবে।

সরকার জানিয়েছে, এই দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচি পালনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সভাপতি করে ৩৬ সদস্যের একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি হিসেবে থাকছেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম। সাংস্কৃতিক কর্মকাণ্ডের সমন্বয়কের দায়িত্বে থাকছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অনুষ্ঠানমালার সূচনা হবে ১ জুলাই, সব ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনার মাধ্যমে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনার ৬ কোটি টাকার সেতু, চলাচল করতে হয় মই বেয়ে!

বরগুনার আমতলীর গুলিশাখালী খালের ওপর নির্মিত হয়েছে প্রায় ৬ কোটি টাকার একটি গার্ডার সেতু। কিন্তু এক পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অচল। ফলে প্রতিদিন গুলিশাখালী ও কুকুয়া ইউনিয়নের প্রায় ৩৫ হাজার মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠের তৈরি মই বেয়ে সেতুতে ওঠানামা করতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, সেতুটির পশ্চিম পাশে সংযোগ সড়ক না থাকায় স্থানীয়রা নিজেরাই বাঁশ-গাছ দিয়ে অস্থায়ী মই তৈরি করেছেন। এই মই দিয়েই বয়স্ক নারী-পুরুষ, শিশুরা বৃষ্টির মধ্যে ঝুঁকি নিয়ে পার হচ্ছে। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দা মনিরা বেগম বলেন, “বাজারে যেতে ব্রিজে উঠতে গিয়ে হাত-পা কাঁপে।”
আরেকজন, বাইনবুনিয়া গ্রামের আল আমিন বলেন, “সেতুতে রাস্তা না থাকায় উঠতে গিয়েই হাঁপিয়ে উঠি।”

সেতু নির্মাণে নিয়োজিত প্রতিষ্ঠান ‘মেসার্স কোহিনুর এন্টারপ্রাইজ অ্যান্ড ত্রিপুরা জেভি’ ২০২৪ সালের জুনে মূল কাঠামোর কাজ শেষ করে। তবে পশ্চিম পাশে সেতুর ঢালের মাত্র ৫ ফুট দূরত্বে পূর্ব খেকুয়ানী গুচ্ছগ্রামের একটি কার্পেটিং সড়ক থাকায়, নকশা অনুযায়ী সংযোগ সড়ক তৈরি করলে সেই সড়কটি বন্ধ হয়ে যাবে। এজন্য প্রকল্পে পরিবর্তন এনে আন্ডারপাস করার নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আমতলী উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. ইদ্রিস মিয়া জানান, “নতুন নকশা ও বাজেট তৈরি করে প্রকল্প পরিচালক বরাবর পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দরপত্র আহ্বান করে সংযোগ সড়কের কাজ শুরু হবে।”

এই সেতুটি ব্যবহার করে গুলিশাখালীর পূর্ব খেকুয়ানী, ডালাচারা, বাইবুনিয়া, কলাগাছিয়া ছাড়াও চাওড়া ও কুকুয়া ইউনিয়নের মানুষ আমতলী সদর, বরিশাল ও ঢাকায় যাতায়াত করে থাকেন। সংযোগ সড়ক না থাকায় পুরো অঞ্চলের মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে।

স্থানীয়দের দাবি, দ্রুত সংযোগ সড়ক নির্মাণ না হলে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতু হতে পারে সম্পূর্ণ অকার্যকর এক স্থাপনা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




এইচএসসি পরীক্ষার্থীদের পাশে ড. মাসুদের হেল্প ডেস্ক

পটুয়াখালীর বাউফলে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের সহায়তায় তিনটি প্রধান পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীবান্ধব হেল্প ডেস্ক চালু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত বাউফল সরকারি কলেজ, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় এবং ধান্দি কামিল মাদ্রাসায় এই হেল্প ডেস্ক চালু থাকে।

উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ লিমন হোসেনের নেতৃত্বে পরিচালিত হেল্প ডেস্কগুলো থেকে পরীক্ষার্থীদের মাঝে ৫০০টি পানির বোতল, ৫০০টির বেশি খাবার স্যালাইন, হাজারের বেশি কলম ও মাস্ক বিতরণ করা হয়।

ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা কলেজের শিক্ষার্থী আফনান ফাতেমা বলেন, “এ ধরনের সহযোগিতা আমাদের পরীক্ষার সময় অনেক উপকারে আসে। আমি ড. মাসুদ স্যার ও ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞ।”

ধান্দি কামিল মাদ্রাসার পরীক্ষার্থী হাফেজ তামিম বলেন, “পরীক্ষার পর গলা শুকিয়ে গিয়েছিল। তখন হেল্প ডেস্কে গিয়ে পানি ও মাস্ক পেয়েছি। এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়।”

হেল্প ডেস্ক কার্যক্রম চলাকালীন সময়ে পরীক্ষাকেন্দ্রগুলোতে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ, অফিস সম্পাদক জুবায়ের, পূর্বজোন সভাপতি আবিদ আল নাহিয়ান, ধান্দি কামিল মাদ্রাসার সভাপতি হাফেজ সিফাত, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি তাহসানুল বান্না, পৌর সভাপতি হাফেজ নাহিদুল ইসলাম, দক্ষিণ জোন সভাপতি জাকারিয়া এবং নাজিরপুর ইউনিয়নের বায়তুলমাল সম্পাদক নাঈমসহ আরও অনেক নেতা-কর্মী।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /




নেতানিয়াহুকে রক্ষার আহ্বান ট্রাম্পের: “ইসরায়েলকে বাঁচিয়েছে যুক্তরাষ্ট্র”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমেরিকাই ইসরায়েলকে বাঁচিয়েছে।” পাশাপাশি তিনি মন্তব্য করেছেন, দুর্নীতির মামলায় অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমা করে দেওয়া উচিত এবং যুক্তরাষ্ট্রই তাকে রক্ষা করবে।

বৃহস্পতিবার (২৬ জুন) এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া পোস্টে ট্রাম্প এসব কথা বলেন। তিনি লেখেন, “নেতানিয়াহুর বিচার অবিলম্বে বন্ধ করা উচিত, অথবা তাঁকে ক্ষমা করা উচিত। কারণ তিনি একজন মহান নায়ক, যিনি ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন।”

ট্রাম্প আরও জানান, তিনি খবর পেয়েছেন, আগামী সোমবার নেতানিয়াহুর আদালতে হাজিরার তারিখ রয়েছে। সেই প্রেক্ষিতেই তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, “ইসরায়েলকে আমরা বাঁচিয়েছি, এবার নেতানিয়াহুকেও রক্ষা করব।” রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য শুধু একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রকাশ নয়, বরং ইসরায়েল-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক ঘনিষ্ঠ সামরিক সহযোগিতার প্রতিফলন।

বিশেষ করে ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার পেছনে যুক্তরাষ্ট্রের নেপথ্য ভূমিকা এবং সরাসরি সহায়তা প্রসঙ্গে ইঙ্গিত করেছেন ট্রাম্প। এতে ইসরায়েল-ইরান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

এদিকে, নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলাগুলো ইসরায়েলে তীব্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সমালোচকরা মনে করছেন, ট্রাম্পের এই মন্তব্য ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলতে পারে।

ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট, গাজা যুদ্ধ, ইরান অভিযানের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক চাপের মধ্যে ট্রাম্পের এমন প্রকাশ্য সমর্থন রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /