বরিশাল নগরজুড়ে শতাধিক সড়ক-ড্রেন উন্নয়ন শুরু হচ্ছে, নাগরিক দুর্ভোগ কমার আশা

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) অবশেষে নগরীর বিধ্বস্ত সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে বড় পরিসরের উদ্যোগ নিয়েছে। নগরজুড়ে ১৬টি প্যাকেজে শতাধিক সড়ক ও বিপুল সংখ্যক ড্রেন নির্মাণ ও পুনঃনির্মাণ কাজ শুরুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বিসিসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে দরপত্র গ্রহণ ও মূল্যায়ন কার্যক্রম শেষ পর্যায়ে। বড় কোনো প্রতিবন্ধকতা না থাকলে আগামী আগস্টের মধ্যেই কার্যাদেশ প্রদান এবং ডিসেম্বরে নগরজুড়ে উন্নয়ন কাজ শুরু হবে বলে জানিয়েছে নগর ভবনের প্রকৌশল বিভাগ।
প্রায় ৬০ বর্গকিলোমিটার আয়তনের বরিশাল মহানগরীতে বহু সড়ক রয়েছে যা বিটুমিনাস কার্পেটিং, এইচবিবি, সিসি, আরসিসি কিংবা আধাপাকা অবস্থায় রয়েছে। বছরের পর বছর ধরে এসব রাস্তার অবস্থা ভয়াবহ।
২০১৮-২০২৩ মেয়াদের নগর পরিষদে অর্থ সংকট এবং রাজনৈতিক বৈরিতার কারণে বিভিন্ন ওয়ার্ডে গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেন সংস্কার হয়নি। মেয়রের সঙ্গে বিরোধপূর্ণ কাউন্সিলরদের এলাকাগুলো ছিল সবচেয়ে অবহেলিত।
অর্থাভাব ছিল অন্যতম প্রধান সমস্যা। উল্লেখ্য, এই সময়কালে বরিশাল মহানগরীর কোনো উন্নয়ন প্রকল্পই সরকারের কাছ থেকে অনুমোদন বা অর্থ ছাড় পায়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন বেড়েছে।
তবে সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ দায়িত্ব ছাড়ার কয়েক ঘণ্টা পরেই একনেকে ৮০০ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে। পরে দায়িত্ব গ্রহণ করেন নতুন মেয়র আবুল খায়ের, যিনি দায়িত্ব গ্রহণের পর নগর ভবনে শৃঙ্খলা ফেরান এবং প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দরপত্র আহ্বান করেন।
বর্তমানে চলতি অর্থবছরে বরাদ্দকৃত ১৭০ কোটি টাকার আওতায় কিছু কাজ শেষ হয়েছে এবং কিছু চলছে। একই প্রকল্প থেকে ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ৩৫০ কোটি টাকা ছাড় চেয়ে আবেদন করা হয়েছে।
সর্বশেষ উদ্যোগে যে শতাধিক সড়ক উন্নয়ন করা হচ্ছে, তার মধ্যে দীর্ঘদিন অবহেলিত ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক ও রাজকুমার ঘোষ রোড রয়েছে। রাজকুমার ঘোষ রোডের দুরাবস্থার চিত্র ভয়াবহ—মাত্র ৩শ মিটার দীর্ঘ এ সড়কে ৩টি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও ১৫ বছর ধরে কোনো সংস্কার হয়নি।
সড়কটির বিটুমিনাস কার্পেটিং উঠে গিয়ে ম্যাকাডমও নষ্ট হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই সড়ক গর্তে পরিণত হয়ে পানি জমে জনদুর্ভোগের চরম উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হুমায়ুন কবির জানিয়েছেন, “এই নতুন উন্নয়ন প্রকল্পের আওতায় ২২ নম্বর ওয়ার্ডের জিয়া সড়ক ও রাজকুমার ঘোষ রোডসহ শতাধিক রাস্তা সংস্কার ও পুনঃনির্মাণ করা হবে। আশা করা যায়, আগামী জুনের মধ্যে নগরজুড়ে দৃশ্যমান পরিবর্তন আসবে।”
এই উদ্যোগ বাস্তবায়িত হলে বরিশাল নগরবাসী দীর্ঘ দিনের নাগরিক দুর্ভোগ থেকে কিছুটা হলেও মুক্তি পাবে—এমনটাই আশা সংশ্লিষ্টদের।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








