পটুয়াখালীতে বিএনপির সম্মেলনে নেতাকর্মীদের ঢল, স্লোগানে মুখর শহর

২৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির বহুল প্রতীক্ষিত ত্রিবার্ষিক সম্মেলন। বুধবার সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পটুয়াখালী শহরের দিকে আসতে শুরু করেন। এতে শহরের প্রধান সড়ক ও মোড়গুলো স্লোগান ও হাততালিতে মুখর হয়ে ওঠে।
সম্মেলনস্থল ব্যায়ামাগার মাঠ এখন এক মিলনমেলায় পরিণত হয়েছে। নেতাকর্মীরা পছন্দের প্রার্থীকে সমর্থন জানিয়ে উৎসাহ-উদ্দীপনায় মুখর পরিবেশ তৈরি করেছেন। ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও নানা রঙের পোশাকে সজ্জিত নেতাকর্মীরা কেউ এসেছেন বাসে, কেউ মাইক্রোবাস বা মোটরসাইকেল বহরে, আবার কেউ হেঁটেই পৌঁছেছেন সম্মেলনে অংশ নিতে।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। পাশাপাশি জাতীয় পর্যায়ের নেতারাও উপস্থিত রয়েছেন।
নিরাপত্তা পরিস্থিতি নিশ্চিত করতে সম্মেলনস্থল ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রবেশপথে সন্দেহভাজনদের তল্লাশি চালাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পাশাপাশি মাঠ ও চারপাশে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
ছোট বিঘাই ইউনিয়নের বিএনপি নেতা কাওসার আহমেদ বলেন, “পটুয়াখালীর রাজনৈতিক ইতিহাসে আজ এক মাইলফলক রচিত হচ্ছে। তৃণমূল নেতাকর্মীরা নিজেদের প্রতিনিধি বেছে নিচ্ছেন।”
জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী তৌফিক আলী খান কবির জানান, “আমি দলের দুঃসময়ের কর্মী। আশা করি, তৃণমূল নেতাকর্মীরা আমাকে মূল্যায়ন করবেন।”
জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর নাগাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষ হবে এবং বিকেলে ভোটগ্রহণ শেষে তাৎক্ষণিকভাবে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম








