বরিশালের উজিরপুরে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে জনতা আটক, পুলিশ ছাড়ালো

বরিশালের উজিরপুরে চিহ্নিত মাদক ব্যবসায়ী জীবন চক্রবর্তীকেও (৫০) গাঁজা ও ইয়াবাসহ স্থানীয় জনতা আটক করে পুলিশকে সোপর্দ করে। তবে পুলিশ তাকে আটক না রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ছেড়ে দেয়, যা স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
ঘটনা ঘটে গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে বামরাইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মূলপাইন বাজারে। এলাকাবাসী জীবন চক্রবর্তীকেকে বিপুল পরিমাণ গাঁজা ও ৮ পিস ইয়াবাসহ আটক করে। পরে পুলিশকে খবর দিলে এসআই আসাদ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং সেখান থেকে ছেড়ে দেন।
স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশের এই আচরণে তারা ক্ষুব্ধ। প্রশ্ন তুলেছেন, কিভাবে চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করার পর পুলিশ ছেড়ে দিতে পারে? তাদের ধারণা, এসআই আসাদ মোটা অঙ্কের টাকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন। তারা মাদক ব্যবসায়ী জীবন চক্রবর্তী ও এসআই আসাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও শাস্তির দাবি জানিয়েছেন।
এসআই আসাদ জানিয়েছেন, আটককৃতকে জনতা গণধোলাই দিয়েছে এবং মাদক রাস্তার উপর ফেলা ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছুটিতে থাকার তথ্য দেন। সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) মো. ইকরামুল আহাদ বলেন, ঘটনাটি তাঁর জানা আছে। গণধোলাই পাওয়ায় মাদক ব্যবসায়ীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম







