কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা ড. চৌধুরী রফিকুল আবরার

কারিগরি শিক্ষা ছাড়া আধুনিক বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেন, “হাতে-কলমে কাজ শেখার সময় এসেছে। প্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়ার নেতৃত্ব দেবে কারিগরি শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা।”

সোমবার (৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসা এবং ভোকেশনাল স্কুল অ্যান্ড বিএম কলেজে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মাদরাসা শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করতে হবে। সরকার চায়, মাদরাসার শিক্ষার্থীরাও যেন গুণগতমান সম্পন্ন কারিগরি দক্ষতা অর্জন করে। এ জন্য কারিগরি শিক্ষায় জোর দেওয়া হচ্ছে। আমাদের হাতে হয়তো সময় কম, তবে এ সময়ের মধ্যেই কিছু কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করতে চাই।”

শিক্ষা উপদেষ্টা বলেন, “আমরা চাই এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু হোক, যা শিক্ষার্থীদের অন্তর্নিহিত গুণাবলী বিকাশে সহায়ক হবে, কর্মদক্ষতা বাড়াবে এবং নৈতিক ও মানবিক গুণে গুণান্বিত করবে। শিক্ষা ব্যবস্থাকে সেই লক্ষ্যে ঢেলে সাজানো হচ্ছে।”

জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “এই মাসেই এক ঐতিহাসিক ছাত্র আন্দোলন হয়েছিল। এতে শ্রমিক, শিক্ষক ও অভিভাবকরাও সংহতি জানিয়েছিলেন। পুরো জাতি ছাত্রদের পাশে দাঁড়িয়েছিল। সেই আন্দোলন আমাদের প্রজা থেকে নাগরিক হিসেবে দাঁড় করিয়েছে। নতুন বাংলাদেশ তৈরির দায়িত্ব এখন আমাদের হাতে। অল্প সময়ের জন্য হলেও আমরা জনগণের স্বপ্ন বাস্তবায়নের ভিত গড়তে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার এবং প্রতিষ্ঠানের সভাপতি মো. জামাল উদ্দিন মিঞা।

এস এম/চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




ভরা মৌসুমেও বরিশালে ইলিশের সংকট, দাম কেজিতে ২৮০০ টাকা

বর্ষার ভরা মৌসুমেও দক্ষিণাঞ্চলের বাজারে কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না। প্রতিদিন হাজার হাজার মণ ইলিশের দেখা যেত যেখানে, সেই বরিশালের বাজারেই এখন এক পিস ইলিশ পাওয়াই ভাগ্যের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যেটুকু ইলিশ বাজারে আসছে, তার দাম ক্রেতার নাগালের বাইরে। বর্তমানে প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ৭০ হাজার থেকে এক লাখ ১২ হাজার টাকায়, যা কেজিপ্রতি দাঁড়ায় ১৭৫০ থেকে ২৮০০ টাকার মতো।

বরিশালের কাগাশুরা থেকে পোর্ট রোডে এসে ইলিশ কিনতে গিয়ে হতাশ হয়েছেন এনায়েত হোসেন। তিনি বলেন, “একটা পারিবারিক অনুষ্ঠানের জন্য বড় সাইজের কিছু ইলিশ কিনতে এসেছিলাম। কিন্তু যা দাম, তা শুনে গাড়িভাড়াই শুধু খরচ হলো। আগের মতো মাছ নেই, আর যেটুকু আছে সেটা আমাদের সাধ্যের বাইরে।”

খুচরা বিক্রেতারাও বলছেন একই কথা। পোর্ট রোডের বিক্রেতা রুবেল হাওলাদার জানান, “মাছ আসছেই কম। যেটুকু আসে তাও সোজা চলে যায় ঢাকার দিকে। নদীর কিছু মাছ বাজারে এলেও তা অনেক দামি। সাগরের মাছ এলেই হয়তো দাম কিছুটা কমবে।”

জেলেরা বলছেন, আবহাওয়া অনুকূলে না থাকায় তারা সাগরে যেতে পারছেন না। পটুয়াখালীর রাঙ্গাবালীর জেলে সুজন আকন বলেন, “নিষেধাজ্ঞা না থাকলেও সাগর উত্তাল। সিগন্যাল থাকায় অনেক ট্রলার মালিক সাগরে বোট পাঠাননি। একেকটি ট্রলার চালাতে এখন পাঁচ লাখ টাকারও বেশি খরচ পড়ে, সেই টাকা উঠে আসবে কি না তা নিয়ে অনিশ্চয়তা।”

বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে ছোট সাইজের (৪০০ গ্রাম) ইলিশের মণপ্রতি দাম ৬৮-৭০ হাজার টাকা, মাঝারি (৮০০-৯০০ গ্রাম) সাইজের এক লাখ, আর এক কেজির বেশি সাইজের ইলিশের দাম ১ লাখ ৮ থেকে ১ লাখ ১২ হাজার টাকা পর্যন্ত উঠেছে। গত ১০ দিনের ব্যবধানে বড় সাইজের ইলিশের দাম মণপ্রতি ১২ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত বেড়েছে।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা রিপণ কান্তি ঘোষ জানান, “রবিবার পোর্ট রোডে মাত্র ৩০ মণ ইলিশ উঠেছে। সাগরে সিগন্যাল থাকায় জেলেরা সাগরে যেতে পারছেন না। তবে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে কয়েকটি ট্রলার ফিরেছে, এতে সরবরাহ কিছুটা বাড়তে পারে।”

তিনি আরও বলেন, “পদ্মা সেতু হওয়ার ফলে ট্রলার থেকে মাছ তুলে সরাসরি ঢাকায় পাঠানো যাচ্ছে। ফলে স্থানীয় বাজারে সংকট তৈরি হচ্ছে। সাগরের মাছ এলেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে আশা করছি।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




বরিশালের ২ আ’লীগ নেতাসহ পুলিশের এসপি ভারতে গ্রেপ্তার, অত:পর…

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভাটপাড়া পৌরসভার বাসুদেবপুর মোড় এলাকার একটি বাড়ি থেকে বরিশালের দুই আওয়ামী লীগ নেতা ও পুলিশের এক সাবেক এসপিকে আটক করে জগদ্দল থানার পুলিশ। মঙ্গলবার (৩ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বৈধ নথি থাকায় ভারতীয় পুলিশ তাদের ছেড়ে দেয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমান এবং বরিশালের তৎকালীন পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ। তিনজনই বর্তমানে স্থান পরিবর্তন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, গত পাঁচ মাস ধরে তারা বাসুদেবপুর এলাকার তিতাস মন্ডলের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। অভিযানের দিন ওই বাড়ি থেকেই তাদের আটক করা হয় এবং থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে পরবর্তীতে তাদের পাসপোর্ট ও বৈধ ভিসা যাচাই করে ভারতীয় পুলিশ ছেড়ে দেয়।

তাদের সঙ্গে একই বাড়িতে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস জানান, তিনজনই তিতাস মন্ডলের পরিচিত। তিনি বলেন, “বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে এসেছেন। এখানে এসে চিকিৎসাও নিয়েছেন।”

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও তিতাস মন্ডলের বাড়িতে বাংলাদেশি নাগরিকদের আসা-যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এবারের বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আসার পর ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়।

ভারতে অবস্থানকালীন সময়ে তারা কোনো বেআইনি কার্যকলাপে জড়িত ছিলেন কি না, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে বিষয়টি বরিশাল ও ঢাকায় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




উজিরপুরে পিকআপ-নসিমন মুখোমুখি সংঘর্ষে আহত ৮

বরিশালের উজিরপুর উপজেলার নতুন শিকারপুরে পিকআপ ভ্যান ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম মুন্ডপাশা মুন্সিবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে দুটি যানবাহনই দুমড়ে-মুচড়ে যায়।

আহতদের মধ্যে রয়েছেন—হুমায়ুন, সাব্বির হোসেন, আবু বক্কর, রুহুল আমিন, নাহিদ, যুবায়ের, আবু মুসা ও মেহেদী হাসান। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে আহতদের উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতির যানবাহন চলাচল এবং ওভারটেকিং প্রবণতার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




বরিশালে সবজির বাজারে স্বস্তি, কমেছে ২০ টাকা পর্যন্ত

কয়েক দিনের ব্যবধানে বরিশালের সবজির বাজারে দামের ক্ষেত্রে স্বস্তি ফিরেছে। পাইকারি বাজারে বেশ কিছু সবজির দাম প্রতি কেজিতে ৫ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। সোমবার (৭ জুলাই) নগরীর সাগরদী, বাংলাবাজার, বহুমুখী সিটি মার্কেটসহ একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পাইকারি বাজারে শসা বিক্রি হচ্ছে ২০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৫-৩০ টাকা। কাঁচা মরিচ ৪০ টাকা থেকে কমে এসেছে ৩০ টাকায়, বরবটি ৪৫ থেকে ৩০ টাকায়, করলা ৬৫ থেকে ৪৫ টাকায় এবং পটল পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। টমেটো বিক্রি হচ্ছে ৫০ টাকা, বেগুন প্রকারভেদে ৩০-৪৫ টাকা, ঢেঁড়স ৩৫ টাকা এবং লাউ ৩০-৫০ টাকায়। এছাড়া কাঁচা কলা হালি প্রতি ২০-৩০ টাকা এবং লেবু ১০-১৫ টাকায় বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে সবজির দাম কিছুটা বেশি হলেও তা এখনও সাধারণের নাগালের মধ্যেই আছে। খুচরা বিক্রেতারা জানান, লেবার, পরিবহন, ইজারা ও বৃষ্টির কারণে অতিরিক্ত খরচ হওয়ায় দাম কিছুটা বাড়ে।

মাংসের বাজারে কোনো বড় ধরনের পরিবর্তন না থাকলেও দাম কিছুটা স্থিতিশীল রয়েছে। ব্রয়লার মুরগি কেজি প্রতি ১৫০-১৬০ টাকা, সোনালি মুরগি ২৭০-২৮০ টাকা এবং লেয়ার মুরগি ২৫০-২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস কেজি ৭৫০ টাকা এবং খাসির মাংস ১১৫০ টাকা।

মাছের বাজারেও একই ধরনের স্থিতিশীলতা লক্ষ্য করা গেছে। রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০-৪৫০ টাকা কেজি, টেংরা ৫০০-৬০০ টাকা, তেলাপিয়া ১২০-১৪০ টাকা, পাঙাস ১৫০-১৮০ টাকা, চিংড়ি ৫৫০-৮৫০ টাকা, পাবদা ২৫০-৪০০ টাকা এবং মাঝারি ভেটকি ৪০০ টাকায়।

বহুমুখী সিটি মার্কেটের পাইকারি বিক্রেতা মো. আমিন শুভ জানান, বর্তমানে সবজির দাম সহনীয় পর্যায়ে রয়েছে। তবে খুচরা বাজারে কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে, যা পরিবহন ও অন্যান্য খরচের কারণে স্বাভাবিক।

এদিকে, বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




৮ বিভাগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভারী বর্ষণে দক্ষিণাঞ্চলে সতর্কতা

ঢাকাসহ দেশের আটটি বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে এসব অঞ্চলে জলাবদ্ধতা ও দুর্ভোগ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। পূর্বাভাস অনুযায়ী, ঢাকাসহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে দক্ষিণাঞ্চলে এবং মোটামুটি সক্রিয় অন্যত্র। সেই সাথে উত্তর বঙ্গোপসাগরেও প্রবল অবস্থানে রয়েছে মৌসুমি বায়ু। এর ফলে বেশ কয়েক দিন ধরে চলতে থাকা বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

আগামীকাল মঙ্গলবারও (৮ জুলাই) একই রকম আবহাওয়া বিরাজ করতে পারে। এ দিনও অধিকাংশ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

বুধবার থেকে শুক্রবার পর্যন্তও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অব্যাহত থাকবে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বেশ কিছু জায়গায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সপ্তাহ শেষে সামান্য তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচদিনেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। তাই জনসাধারণকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




বরিশালে ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি বেড়েই চলেছে

বরিশালে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন হলেন বরগুনার পাথরঘাটা উপজেলার সাইফুল ইসলাম (৩৫) এবং অন্যজন বাবুগঞ্জ উপজেলার ১৮ বছর বয়সী ছনিয়া আক্তার।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান। তিনি জানান, গত একদিনেই নতুন করে ৩০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৬৩ জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১৩ জন।

ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে বলে মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার না হলে সংক্রমণের হার আরও বাড়তে পারে। সচেতনতা এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগই হতে পারে ডেঙ্গু মোকাবিলার একমাত্র পথ।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




বরিশালে সোলারচালিত ঘাস কাটার মেশিন উদ্ভাবন শিক্ষার্থীদের

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উদ্ভাবন করেছেন একটি বিদ্যুৎ-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ঘাস কাটার মেশিন, যা সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত। এই নতুন উদ্ভাবন কৃষি ও সৌন্দর্য সংরক্ষণের কাজে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্ভাবনটি করেছেন বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের মেকানিক্যাল টেকনোলজি বিভাগের ৫ম ও ৭ম পর্বের শিক্ষার্থীরা। মেশিনটিতে ব্যবহৃত হয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ডিসি মোটর, সোলার প্যানেল, রিচার্জেবল ব্যাটারি এবং ধারালো ঘূর্ণনক্ষম ব্লেড। সৌর প্যানেলের মাধ্যমে এটি চার্জ নিয়ে দীর্ঘ সময় নিরবচ্ছিন্নভাবে ঘাস কাটতে সক্ষম।

প্রকল্পটির দলনেতা মো. হাসান হোসেন জানান, ভবিষ্যতে কৃষিকাজ ও সৌন্দর্য রক্ষায় একটি সাশ্রয়ী ও পরিবেশবান্ধব সমাধান হিসেবে কাজ করুক—এই লক্ষ্যেই এই যন্ত্রটি উদ্ভাবন করা হয়েছে। তিনি বলেন, “বিদ্যুৎ না থাকলেও মেশিনটি কাজ করতে পারে, ব্যয়ও তুলনামূলক কম। এর ফলে এটি যেকোনো প্রান্তিক অঞ্চলেও ব্যবহারযোগ্য হতে পারে।”

মেশিন তৈরিতে ব্যবহৃত উপকরণগুলোর মধ্যে ছিল একটি সোলার প্যানেল, ডিসি মোটর, রিচার্জেবল ব্যাটারি, কাটার ব্লেড, ফ্রেম, চাকা, তার, কানেক্টর, সুইচসহ কিছু ছোট যন্ত্রাংশ। সহকারী উদ্ভাবক রাহাত খান জানান, প্রতিষ্ঠান থেকে প্রাথমিক সহযোগিতা পাওয়া গেলেও, আরও সহায়তা পেলে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের পথ উন্মুক্ত হবে।

মেকানিক্যাল বিভাগের চিফ ইন্সট্রাক্টর ও পাওয়ার বিভাগের প্রধান অমল কৃষ্ণ রায় বলেন, “ছাত্রদের উদ্ভাবনী কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। এতে শিক্ষার্থীরা বাস্তবমুখী প্রযুক্তি শিক্ষার অভিজ্ঞতা অর্জন করছে।”

ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. রকিব উল্লাহ বলেন, “এই উদ্ভাবন আমাদের প্রতিষ্ঠানের জন্য গর্বের বিষয়। এটি শুধু শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাই নয়, বরং দেশের টেকসই প্রযুক্তি উন্নয়নের পথকেও তুলে ধরেছে। আমরা এই প্রজেক্টকে বড় পরিসরে প্রদর্শনের পরিকল্পনা করছি।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম

 




যারা জুলাইয়ের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিববাদের নতুন পাহারাদার : নাহিদ

‘জুলাই সনদ’ নি‘জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত না হলে রাজপথে আন্দোলন’ — হুঁশিয়ারি নাহিদ ইসলামেরয়ে টালবাহানাকারীরা মুজিববাদের নতুন পাহারাদার মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা শহীদদের আত্মত্যাগ সংবিধানে রাখতে চায় না, তারা আরেকটি স্বৈরতান্ত্রিক শাসনের জন্য মাঠ প্রস্তুত করছে। শনিবার (৫ জুলাই) বগুড়া শহরের সাতমাথায় মুক্তমঞ্চে ‘জুলাই পদযাত্রা’র পঞ্চম দিনের কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জুলাই আমাদের আবেগ নয়, এ দেশের নতুন পথচলার রাজনৈতিক ঘোষণাপত্র। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ‘জুলাই সনদ’ সংবিধানে অন্তর্ভুক্তির দাবি আদায় করা হবে। তা না হলে ফের রাজপথে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

তিনি আরও বলেন, শহীদদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত না করলে, মুজিববাদের দোসরদের মতো পরিণতি ভোগ করতে হবে দলবাজ প্রশাসনকে। জনগণের রক্তের বিনিময়ে পাওয়া আত্মত্যাগ কোনো দলীয় চক্রান্তে মুছে ফেলা যাবে না।

এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা ‘বিচার-সংস্কার-তারপর নির্বাচন’— এই তিন দফা দাবিতে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ শেষে নেতারা পদযাত্রায় অংশ নেন।

সভায় আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, নাহিদা সারওয়ার নিভা, সাকিব মাহদীসহ বিভিন্ন অঞ্চলের সংগঠকরা। শহীদ পরিবারগুলো এ সময় দ্রুত বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি জানান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম




ইসলাম প্রচারে বাধা দিলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে: মাসুদ সাঈদী

ইসলাম প্রচারে কেউ বাধা দিলে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী। তিনি বলেছেন, ইমামদের জিম্মি করে রাজনীতি করার যুগ শেষ। ইমামদের সম্মানজনক বেতন, আবাসন ও জাতীয়করণের দাবিও তোলেন তিনি।

রোববার (৬ জুলাই) পিরোজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার আয়োজিত ষান্মাসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাসুদ সাঈদী।

তিনি বলেন, ইমামতি কেবল পেশা নয়, এটি একটি ইমানি দায়িত্ব। কিন্তু ইমামদের ঐক্যের অভাবে সমাজের বিচারিক প্রশ্নে মানুষ রাজনীতিবিদদের দ্বারস্থ হয়, ফলে সমাজে অস্থিরতা বাড়ে। ইমামদের সৎ, তাকওয়াধারী ও যোগ্য আলেম হয়ে সমাজ গঠনে নেতৃত্ব দিতে হবে।

ইসলামী দলগুলোর ঐক্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, আলাদা হয়ে নয়—ঐক্যবদ্ধ থাকলে ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা সম্ভব। আজকের দিনটি ওলামায়ে কেরামের জন্য এক বড় সুযোগ। এই সুযোগ কাজে না লাগাতে পারলে জাতি ক্ষমা করবে না।

এসময় তিনি প্রতি আসনে একটি ইসলামপন্থী প্রার্থী, একটি প্রতীক দেখতে চান বলে জনগণের দাবির কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পিরোজপুর সদর ইউএনও মামুনুর রশীদ, মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসাইন ফরিদ, মাওলানা আব্দুল হাই নিজামী, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক হেমায়েত উদ্দিনসহ জেলা ও বিভাগীয় ইমাম সমিতির নেতারা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম