বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিতে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন করেছে বরগুনা জেলা বিএনপি। এ কর্মসূচিতে যোগ দিতে বরগুনা থেকে বাস ও লঞ্চযোগে অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, দীর্ঘ ১৭ বছর পর আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে ফিরছেন। এই উপলক্ষে সারা দেশের মতো বরগুনাতেও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ২৪ ডিসেম্বর বরগুনা জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
বরগুনা-১ আসনের (বরগুনা সদর, আমতলী ও তালতলী) উপজেলা থেকে আনুমানিক ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন বলে জানা গেছে। অপরদিকে বরগুনা-২ আসনের (পাথরঘাটা, বামনা ও বেতাগী) তিন উপজেলা থেকেও ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী ও সমর্থক রাজধানীতে অনুষ্ঠেয় কর্মসূচিতে অংশ নেবেন।
বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন বলেন, তারেক রহমান বরগুনাসহ সারা দেশের মানুষের আবেগ ও ভালোবাসার প্রতীক। তার আগমনকে ঘিরে বরগুনার মানুষের আগ্রহ ব্যাপক। যদিও যানবাহনের সীমাবদ্ধতা রয়েছে, তারপরও প্রত্যেক উপজেলা থেকে বাসের ব্যবস্থা করা হয়েছে। একটি লঞ্চ ইতোমধ্যেই প্রস্তুত রয়েছে এবং আমতলী উপজেলার অনেক নেতাকর্মী পটুয়াখালী হয়ে লঞ্চে ঢাকায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা বলেন, তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে আয়োজিত এই কর্মসূচি দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের অন্যতম বৃহৎ আয়োজন হতে যাচ্ছে। ইতোমধ্যে বরগুনা থেকে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ঢাকায় পৌঁছে গেছেন। আগামী দিনে বরগুনা-১ আসন থেকেই অন্তত ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-2 আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি বলেন, বরগুনা-২ আসনের তিন উপজেলা থেকে প্রায় ৩০টি বাসে নেতাকর্মী ও সমর্থকরা ঢাকায় যাবেন। কেউ কেউ মোটরসাইকেলসহ বিভিন্ন মাধ্যমে আগেভাগেই রওনা হয়েছেন বলেও তিনি জানান।
বরগুনা জুড়ে তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫