নিখোঁজের দুই দিন পর তেঁতুলিয়ায় জেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর তেঁতুলিয়া নদী থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর ইমরান শরীফ (২২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ জুলাই) ভোররাতে বাউফলের কচুয়া মুন্সী বাড়ির সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইমরান শরীফ চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর রায়সাহেব গ্রামের বাসিন্দা মনির শরীফের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের চাচা ও চন্দ্রদ্বীপ ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুস ছালাম শরীফ। তিনি জানান, “নিখোঁজের দুই দিন পর ভোরে নদীতে ভাসমান অবস্থায় ইমরানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা আমাদের খবর দেয়। মরদেহে কিছু বিকৃতির চিহ্ন ছিল।”
পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ইমরান মাছ ধরার উদ্দেশ্যে চন্দ্রদ্বীপ থেকে বের হন। পরে তিনি নিমদীঘাটের আড়তে মাছ দিয়ে বরফ সংগ্রহের উদ্দেশ্যে কালাইয়া লঞ্চঘাটের দিকে রওনা দেন।
তবে সেদিন বৈরি আবহাওয়ার কারণে নদী উত্তাল ছিল। ইমরানের চাচা মাসুম বিল্লাহ জানান, “কচুয়া মুন্সী বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ট্রলারটি দুলতে থাকে। তুফানের ঝাপটার সময় সে ট্রলার থেকে ছিটকে পড়ে যায়। ট্রলারের ইঞ্জিনও বন্ধ হয়ে যায়, ফলে সেটি নিয়ন্ত্রণহীনভাবে ভেসে যায়। আমরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। আজ সকালে তার নিথর দেহ নদীতে পাওয়া গেল।”
এ ঘটনায় বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, “ইমরানের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়নি।”
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম








