অমাবস্যার জোয়ারে পটুয়াখালীর নদীভাঙন-দুর্ভোগ চরমে

অমাবস্যা ঘিরে সৃষ্ট প্রবল জোয়ারের কারণে পটুয়াখালীর নদ-নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। টানা চারদিন ধরে প্রতিদিন দুই দফা পানিতে প্লাবিত হচ্ছে জেলার বিস্তীর্ণ এলাকা। নদীর পানি বেড়ে উপচে পড়ছে বেড়িবাঁধের উপর দিয়ে। নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে পড়েছে পানির নিচে।

এতে করে ইতোমধ্যে সদর উপজেলার ইদ্রাকপুর, কাঁকড়াবুনিয়া এবং দমুকি উপজেলার দক্ষিণ মুরাদিয়া, উত্তর মুরাদিয়া, সন্তোষদি ও চরগরদি গ্রাম পানিতে তলিয়ে গেছে। আগেই রাঙ্গাবালী উপজেলার ১০টি এবং বাউফল উপজেলার অন্তত ২০টি গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছিল।

জোয়ারের পানি অনেকের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং পাকা ও আধা-পাকা সড়কগুলোতেও প্রবেশ করেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভয়াবহ নদীভাঙন দেখা দিয়েছে কুয়াকাটাসহ বিভিন্ন এলাকায়। উত্তাল বঙ্গোপসাগরের ঢেউয়ে কুয়াকাটা সৈকতের ঝাউবাগানসংলগ্ন জাতীয় উদ্যান, বেড়িবাঁধ ও সৈকত সড়ক ভাঙনের মুখে পড়েছে।

হোসেনপাড়া এলাকার জাতীয় উদ্যান ঘেঁষে নির্মিত সড়কের প্রায় ৩০ মিটার ভেঙে যাওয়ায় সেখানকার ঘরবাড়িতেও পানি ঢুকেছে। ডিসি পার্ক সংলগ্ন সৈকত সড়কে নতুন করে ভাঙন শুরু হয়েছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা। পুরো সৈকতের প্রায় ২২ কিলোমিটার এলাকায় বালু সরে গিয়ে মাটির স্তর বেরিয়ে পড়েছে, যা ভয়াবহ বিপদের পূর্বাভাস।

স্থানীয়দের মতে, মসজিদ, মন্দির ও ট্যুরিস্ট পুলিশ বক্সসহ অনেক স্থাপনাই এখন ভাঙনের ঝুঁকিতে রয়েছে। বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের এক কৃষক জানান, তেঁতুলিয়া নদীর পানি প্রবেশ করে তার আমনের বীজতলা তলিয়ে গেছে। বসতবাড়িতেও পানি ঢুকে পড়েছে।

সদর উপজেলার ইদ্রাকপুর গ্রামের একজন বাসিন্দা বলেন, “প্রতিদিন দুই দফা করে পানি ঢুকছে। বেড়িবাঁধ উপচে এখন তো ভেঙেও গেছে। ঘরের ভেতরেও পানি উঠে গেছে। এভাবে আর কতদিন?”

ভাঙনরোধে কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তরিকুর রহমান জানান, “দুই দিন আগে কুয়াকাটা সৈকত সড়ক এলাকায় ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। স্থায়ী প্রতিরক্ষা প্রকল্প তৈরি করে মন্ত্রণালে পাঠানো হয়েছে।”

পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, “তেঁতুলিয়া নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার এবং পায়রা নদীর পানি ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জরুরি মেরামতের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

তবে স্থানীয়রা বলছেন, বর্ষা মৌসুমে প্রতিবছর এমন দুর্ভোগ নতুন কিছু নয়। তবে কার্যকর পদক্ষেপ ও স্থায়ী বাঁধ নির্মাণ ছাড়া এই দুর্ভোগের থেকে মুক্তি মিলবে না।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




ওয়াকআউটের পর আলোচনায় ফিরে নির্বাহী ক্ষমতা রক্ষার পক্ষে বিএনপি

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে কিছু সময়ের জন্য ওয়াকআউট করার পর পুনরায় আলোচনায় যোগ দিয়েছে বিএনপি। আলোচনা শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “দেশে যেন আর কখনও স্বৈরাচার বা ফ্যাসিবাদ না জন্মায়, সে লক্ষ্যে সংবিধান সংশোধনের উদ্যোগে বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করছে। তবে নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা হলে রাষ্ট্রীয় ভারসাম্য বিনষ্ট হবে।”

সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপের ২০তম দিনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, বিএনপির পক্ষ থেকেই প্রধানমন্ত্রী মেয়াদের সর্বোচ্চ সীমা ১০ বছর নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছিল, যা কমিশন গ্রহণ করেছে। পাশাপাশি, একটি স্বাধীন সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবও বিবেচনায় এসেছে, যেখানে সরকারি দল, বিরোধী দল ও বিচার বিভাগের প্রতিনিধিরা থাকবেন।

তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার প্রস্তাবের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন বলেন, “আমরা বলেছি, পরবর্তী সংসদ যদি এই বিষয়ে কোনো সংশোধনী আনে, তা রাষ্ট্রপতির অনুমোদনের আগে গণভোটে যেতে হবে। এটি গ্রহণযোগ্য হওয়ায় আমরা মনে করি রাজনৈতিক স্থিতিশীলতার পথে এটি বড় পদক্ষেপ।”

তবে এসব অগ্রগতির মাঝেও নির্বাহী বিভাগের ক্ষমতা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “জবাবদিহিতা যেমন সংসদের কাছে, তেমনি জনগণের কাছেও রয়েছে। কিন্তু যদি নির্বাহী কর্তৃত্ব না থাকে, কেবল দায়িত্ব ও জবাবদিহিতা দেওয়া হয়, তাহলে কার্যকর রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়।”

তিনি আরও মন্তব্য করেন, “সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগে নির্বাহী বিভাগের ক্ষমতা খর্ব হলে ভবিষ্যতে এটি বাধা হয়ে দাঁড়াতে পারে। জনগণের প্রত্যাশা পূরণে শক্তিশালী নির্বাহী বিভাগ অপরিহার্য।”

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সংলাপে তাদের অংশগ্রহণ গঠনমূলক উদ্দেশ্যে হলেও মৌলিক মতভেদ থাকলে সেটি প্রকাশ করাও গণতান্ত্রিক আচরণের অংশ। সালাহউদ্দিন বলেন, “সব বিষয়ে ঐকমত্য হবে না—এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমরা কাউকে নোট অব ডিসেন্ট দিয়ে ঐকমত্যে বাধ্য করতে চাই না। বরং ঐকমত্য মানেই হচ্ছে সকলকে নিয়ে এগিয়ে যাওয়া।”

সংলাপ শেষে বিএনপির এই শীর্ষ নেতা জানান, পরবর্তী পর্যায়েও বিএনপি অংশ নেবে এবং ইতিবাচক আলোচনায় প্রস্তুত থাকবে।




‘জুলাইয়ের নায়ক’ আহতদের সেবা দেওয়া সাহসী চিকিৎসকরা: প্রধান উপদেষ্টা

জুলাই বিপ্লব চলাকালে আহত আন্দোলনকারীদের চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসকদের ‘জুলাইয়ের নায়ক’ হিসেবে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যুদ্ধের সময়ও আহতদের চিকিৎসা বন্ধ হয় না। অথচ জুলাই বিপ্লবের সময় বাংলাদেশে সেই মানবিক নীতির ব্যতিক্রম ঘটেছে। সেই কঠিন সময়েও যারা ঝুঁকি নিয়ে আহতদের পাশে দাঁড়িয়েছেন, তারাই এই জুলাইয়ের প্রকৃত নায়ক।

সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে আহত আন্দোলনকারীদের সেবা দেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মানে আয়োজিত ‘জুলাই স্মরণ’ অনুষ্ঠানে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন ড. ইউনূস।

তিনি বলেন, “আন্দোলনের সময় আহতদের চিকিৎসা না দেওয়ার সুস্পষ্ট সরকারি নির্দেশনা ছিল। কিন্তু কিছু চিকিৎসক সেই নির্দেশ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়েছেন। তারা সাহস, মানবিকতা ও দায়িত্ববোধের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা জাতি কখনও ভুলবে না।”

প্রধান উপদেষ্টা অভিযোগ করেন, আন্দোলন দমাতে সরকার শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, বরং চেষ্টা করেছে যেন কোনো হাসপাতাল আহতদের চিকিৎসা না দেয়। ছাত্রদের রাস্তায় পিটিয়ে আহত করার পর এমনকি হাসপাতালে পৌঁছানোর পরও তাদের ওপর হামলা চালানো হয়েছে। চিকিৎসক ও নার্সদের হুমকি-ধামকির মুখে পড়তে হয়েছে এবং তাদের কাজেও বাধা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, শত শত আন্দোলনকারী সঠিক চিকিৎসার অভাবে চিরতরে দৃষ্টিশক্তি হারিয়েছেন। সরকারি নির্দেশ ছিল, আহতদের কাউকে চিকিৎসা দেওয়া যাবে না। অথচ সেই ভয়াবহ পরিস্থিতিতে বহু চিকিৎসক সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

ড. ইউনূস বলেন, “চিকিৎসকরা শুধু সেবা দেননি, বরং রক্ত সংকটের সময় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রক্ত সংগ্রহ করেছেন, ওষুধের ব্যবস্থা করেছেন, এমনকি রোগীর পরিচয় গোপন রাখতে ব্যবস্থাপত্রে অন্য নাম লিখেছেন। অনেক প্রাইভেট চিকিৎসকও সরকারি হাসপাতালে গিয়ে আহতদের সেবা দিয়েছেন। তারা নতুন এক মানবিক অধ্যায় রচনা করেছেন।”

প্রধান উপদেষ্টা এসব চিকিৎসকদের আত্মত্যাগ ও সাহসিকতার প্রশংসা করে বলেন, “আপনারা শুধু এই জুলাইয়ের নায়ক নন, আপনারা জাতির গর্ব। আপনারা ইতিহাসে চিরকাল বেঁচে থাকবেন।”




প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর: একমত বিএনপি-জামায়াতসহ বিরোধী দলগুলো

এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর পদে বহাল থাকতে পারবেন—এ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে দেশের ৩০টি রাজনৈতিক দল। একইসঙ্গে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবেও দলগুলো একমত হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের ১৯তম দিনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন দল অংশ নিলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ১৪ দলীয় জোটের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, “আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি। তা হলো—এক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ ১০ বছর দায়িত্ব পালন করতে পারবেন। জাতীয় সনদে এ শর্তটি অন্তর্ভুক্ত করা হবে।”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, “আমরা পূর্বেই বলেছি, কেউ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। তবে এ বিষয়ে সংবিধান সংশোধনের পাশাপাশি নির্বাচন কমিশন নিয়োগের জন্য নিরপেক্ষ কমিটি গঠনের প্রস্তাবও বিবেচনায় নিতে হবে। না হলে আমাদের পূর্বের শর্ত বহাল থাকবে।”

স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবে সম্মতি

সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো বাংলাদেশে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের প্রস্তাবেও সম্মতি প্রকাশ করে। কমিশনের লক্ষ্য হবে পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিকদের অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তি।

কমিশনের খসড়া অনুযায়ী, এ কমিশন নেতৃত্ব দেবেন একজন অবসরপ্রাপ্ত আপিল বিভাগের বিচারপতি (যার বয়স ৭২ বছরের নিচে), সদস্য সচিব হবেন একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি (যার বয়স ৬২ বছরের নিচে)।

কমিশনে থাকবেন:

  • সরকার ও বিরোধীদলের প্রতিনিধি (সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা, স্পিকার ও ডেপুটি স্পিকার)
  • একজন সুপ্রিম কোর্টের আইনজীবী (১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন)
  • একজন মানবাধিকার কর্মী (১০ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন)
  • একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি

কমিশনের অন্তত দুইজন সদস্য নারী হবেন। সদস্য মনোনয়নের জন্য একটি বাছাই কমিটি গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে, যার মধ্যে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এবং একজন হাইকোর্ট বিভাগের বিচারক।

কমিশনের চেয়ারম্যান ও সদস্য সচিব পূর্ণকালীন দায়িত্বে থাকবেন, বাকিরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন। বৈঠকে অংশগ্রহণ ও দাপ্তরিক দায়িত্ব পালনের জন্য সদস্যরা সম্মানী বা ভাতা নিতে পারবেন।

সবশেষে জানানো হয়, কমিশনের সদস্যদের দায়িত্ব, ক্ষমতা, অপসারণ ও জবাবদিহিতা একটি আলাদা আইনের মাধ্যমে নির্ধারিত হবে। নীতিগত ও নির্বাহী সিদ্ধান্তগুলো সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে গৃহীত হবে।




বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশি সহায়তা: প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা প্রকাশ

সাম্প্রতিক মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিদেশি মেডিকেল টিমের অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সিঙ্গাপুর, চীন ও ভারতের মোট ২১ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি এই আন্তর্জাতিক সহযোগিতাকে মানবিকতার প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, “এই দল শুধু দক্ষতা নয়, হৃদয় নিয়েও এসেছে। তাদের উপস্থিতি আমাদের বৈশ্বিক অংশীদারিত্বের গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।”

প্রধান উপদেষ্টা আরও বলেন, বিদেশি চিকিৎসকদের দ্রুত আগমন ও কার্যক্রম শুরুর জন্য সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে বিদেশি চিকিৎসকদের সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

আহতদের তাৎক্ষণিক ট্রমা কেয়ারে এই চিকিৎসক দল স্থানীয় চিকিৎসকদের সঙ্গে যৌথভাবে নিরলসভাবে কাজ করছেন। বিশেষ করে শিশুদের সেবা প্রদানে তারা বিশেষ দক্ষতা ও সহানুভূতির পরিচয় দিয়েছেন।

চিকিৎসা সহায়তার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি ভার্চুয়াল সংযুক্ততা বজায় রাখার আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “এর মাধ্যমে চিকিৎসা শিক্ষায় আদান-প্রদান, প্রাতিষ্ঠানিক সহযোগিতা এবং উদ্ভাবনী স্বাস্থ্যসেবা গড়ে তোলার নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, যিনি বলেন, “এই কঠিন সময়ে আপনাদের সহানুভূতি ও সাহায্য জাতি কখনো ভুলবে না।”

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, “বিদেশি চিকিৎসকদের দ্রুত পদক্ষেপের কারণেই অনেক মূল্যবান জীবন রক্ষা করা সম্ভব হয়েছে।”

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, “আবারো প্রমাণিত হলো, চিকিৎসকদের কোনো সীমানা নেই।”

প্রতিনিধি দলে ছিলেন সিঙ্গাপুরের ১০ জন, চীনের ৮ জন এবং ভারতের ৩ জন চিকিৎসক ও নার্স। বৈঠকে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ঢাকায় সিঙ্গাপুর মিশনের প্রধানও উপস্থিত ছিলেন।




দুমকিতে ওয়াপদা বেরিবাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ জনপদ

টানা ভারী বৃষ্টিপাত ও লোহালিয়া নদীর উজানে সৃষ্টি হওয়া প্রবল জোয়ারের স্রোতে পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন ওয়াপদা বেরিবাঁধের একাধিক স্থান ভেঙে গিয়ে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে একদিকে যেমন জনদুর্ভোগ চরমে পৌঁছেছে, অন্যদিকে ঝুঁকির মুখে পড়েছে এলাকার রোপা আমনের চাষাবাদসহ নানা স্থাপনা ও শিক্ষা কার্যক্রম।

স্থানীয়রা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ এবং টানা ভারী বৃষ্টির ফলে লোহালিয়া নদীর পানির উচ্চতা ও প্রবাহ বিপজ্জনকভাবে বেড়ে যায়। ফলে মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি ও দক্ষিণ মুরাদিয়া গ্রামের অন্তত পাঁচটি স্থানে বেরিবাঁধ ভেঙে বা উপচে পড়ায় এসব এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়ে। এতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ঘরবাড়ি, কাঁচা সড়ক ও রাস্তাঘাট পানির নিচে চলে গেছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা।

মুরাদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ফোরকান জানান, উত্তর মুরাদিয়ায় বশিরিয়া মাদ্রাসা সংলগ্ন পাকা সড়কের একাংশ ভেঙে গেছে। একইভাবে পাংসিঘাট, সন্তোষদি সুইজগেট, হাওলাদারবাড়ি সংলগ্ন এলাকাসহ অন্তত পাঁচটি স্থানে নদীর পানি প্রতিনিয়ত প্রবেশ করছে। এতে নদীতীরবর্তী বাসিন্দারা দিনে দুই বার জোয়ারের সময় পানিবন্দি হয়ে পড়ছেন। পাশাপাশি আমন মৌসুমের জন্য প্রস্তুতকৃত রোপা আমনের বীজতলাগুলো পানিতে তলিয়ে গিয়ে বড় ধরনের কৃষি ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

বাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, নদীর পানি না কমলে সংস্কারকাজ শুরু করা সম্ভব নয়। পানি কমার সঙ্গে সঙ্গে দ্রুত কাজ শুরু করা না হলে আসন্ন আমন মৌসুম মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. এজাজুল হক জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো দ্রুত সরজমিন পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট দফতরের সঙ্গে সমন্বয় করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড পটুয়াখালী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী প্রকৌশলী মো. নিরব হোসেন বলেন, সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন দফতরে পাঠানো হবে। অপরদিকে, পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বেরিবাঁধের সংস্কারের জন্য ঢাকায় বরাদ্দ অনুমোদনের প্রস্তাব পাঠানো হবে এবং অনুমোদন পেলেই জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করা হবে।

ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করে স্থানীয় প্রশাসন ও পাউবো জানিয়েছে, দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে এলাকাবাসীর দাবি—প্রতিবার দুর্যোগে বেরিবাঁধ ভেঙে পড়ার ঘটনা যেন ভবিষ্যতে আর না ঘটে, সে অনুযায়ী টেকসই ও মজবুত বাঁধ নির্মাণ করতে হবে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



এক বছর পরেও অন্তর্বর্তীকালীন সরকার এখনো অনেক শহীদ পরিবারের সঙ্গে বসাতে পারেনি : সারজিস আলম

জুলাই বিপ্লবের এক বছর পার হলেও শহীদ পরিবারগুলোর সঙ্গে সরকার এখনও কোনো আনুষ্ঠানিক মতবিনিময় করতে পারেনি। এটিকে সরকারের “সবচেয়ে বড় ব্যর্থতা” হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম

শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি।

সারজিস বলেন, “অভ্যুত্থানের প্রায় এক বছর হতে চলল। কিন্তু এখনও পর্যন্ত মাননীয় প্রধান উপদেষ্টা বা সরকারের কোনো পর্যায়ের প্রতিনিধি শহীদ পরিবারগুলোর সঙ্গে একবারের জন্যও বসেননি। এটি অত্যন্ত হতাশাজনক এবং অনাকাঙ্ক্ষিত।”

তিনি আরও জানান, চলতি জুলাই-আগস্ট মাসে শহীদ পরিবারগুলোর সঙ্গে মতবিনিময়ের একটি পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত তা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে ৫ আগস্ট জেলা প্রশাসকদের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে, যা সারজিসের মতে, “দায়সারা কর্মসূচি মাত্র।”

এই প্রেক্ষাপটে সারজিস আলম শহীদ পরিবারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “৫ আগস্টের ওই সরকারি কর্মসূচি বয়কট করুন। কারণ, একটি অন্তর্বর্তীকালীন সরকার যদি এক বছরে অন্তত একবারও এক হাজার শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়ে বসতে না পারে, তবে তা নিঃসন্দেহে একটি মানবিক ও প্রশাসনিক ব্যর্থতার উদাহরণ।”

শহীদদের আত্মত্যাগ স্মরণে সরকার বারবার সম্মান প্রদর্শনের কথা বললেও বাস্তবে শহীদ পরিবারগুলোর সঙ্গে ন্যূনতম সংলাপ বা সম্পর্ক গড়ে না তোলায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

সারজিসের বক্তব্য দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে—এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।




দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, ভোট নিয়ে শঙ্কা এখনো রয়েছে : রিজভী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এখনো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (২৭ জুলাই) নির্বাচন কমিশনে ২০২৪ সালের দলের আয়-ব্যয়ের নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট) জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, “নির্বাচনের আগে মানুষ চায় একটা নিরপেক্ষ পরিবেশ, যেখানে তারা ভয়ের বোধ ছাড়াই ভোট দিতে পারবে। কিন্তু এখনো সেই পরিবেশ তৈরি হয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়।”

তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ সরকার নির্বাচন কমিশনকে একটি পক্ষপাতদুষ্ট, সরকারের অনুগত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছিল। সাংবিধানিক এই প্রতিষ্ঠানকে ব্যবহার করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছিল। “তৎকালীন ইসি ছিল মেরুদণ্ডহীন, চাকরি লোভী ও দলান্ধ লোকদের নিয়ে গঠিত,” অভিযোগ করেন তিনি।

রিজভী আশাবাদ ব্যক্ত করে বলেন, “বর্তমান নির্বাচন কমিশন যদি সত্যিকার অর্থে সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব।”

দেশে চলমান রাজনৈতিক বাস্তবতায় নির্বাচন বানচালের শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, “যারা অতীতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, তারা এখনো সক্রিয়। নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। এই চক্রান্ত প্রতিহত করতে নির্বাচন কমিশনের পাশাপাশি অন্তর্বর্তী সরকারেরও দায়িত্ব রয়েছে।”

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা আছে। সেই আস্থা যেন ইতিবাচকভাবে প্রতিফলিত হয়, এটাই এখন জনগণের প্রত্যাশা। “সরকারকে নিশ্চিত করতে হবে, কোনো ভোটার যেন ভোটকেন্দ্রে যাওয়ার সময় ভয় বা আশঙ্কা অনুভব না করে। আইনশৃঙ্খলা বাহিনী যেন নিরপেক্ষভাবে কাজ করে, সেটি নিশ্চিত করাও সরকারের দায়িত্ব।”

রিজভীর বক্তব্যে স্পষ্ট—আইনশৃঙ্খলা ও নিরপেক্ষ প্রশাসনিক পরিবেশ ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। এজন্য তিনি নির্বাচন কমিশন ও সরকারের কার্যকর উদ্যোগের আহ্বান জানান।




এশিয়া কাপের আগে পাওয়ার হিটিং কোচ নিচ্ছে বিসিবি, আসছেন জুলিয়ান উড

টি-টোয়েন্টি ক্রিকেটে আধিপত্য গড়তে হলে ব্যাটারদের ‘পাওয়ার হিটিং’ দক্ষতা থাকা জরুরি। তবে এদিক দিয়ে বাংলাদেশ এখনো অনেকটা পিছিয়ে। কিছু তরুণ ব্যাটার সাম্প্রতিক সময়ে উন্নতি করলেও দলগতভাবে ধারাবাহিকতা আসেনি। তাই আসন্ন এশিয়া কাপ সামনে রেখে পাওয়ার হিটিংয়ে উন্নতি ঘটাতে বিশেষজ্ঞ কোচ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিশ্ব ক্রিকেটে পাওয়ার হিটিং কোচ হিসেবে অন্যতম জনপ্রিয় নাম জুলিয়ান উড। তাকে তিন সপ্তাহের জন্য বাংলাদেশে আনছে বিসিবি। আগস্টে জাতীয় দলের পূর্ব নির্ধারিত কোনো সিরিজ না থাকায় ওই সময়েই স্কিল ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে বোর্ড। সেই ক্যাম্পেই যুক্ত হবেন জুলিয়ান উড।

সম্প্রতি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে উড বলেন,
‘হ্যাঁ, আমি সিমোর (ফিল সিমন্স) সঙ্গে কথা বলেছি। আগস্টে মূলত তিন সপ্তাহের জন্য আসছি—এমনটাই শুনেছি। তবে এখনো কিছুই চূড়ান্ত নয়, বেশি সময়ের জন্যও হতে পারে। বিসিবির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।’

উল্লেখ্য, আইপিএলের পাঞ্জাব কিংসসহ বিগ ব্যাশ, পিএসএল এবং আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পাওয়ার হিটিং কোচ হিসেবে কাজ করেছেন জুলিয়ান উড। টি-টোয়েন্টি ক্রিকেটে ‘পাওয়ার হিটিং’ শব্দটির প্রবর্তক হিসেবেও বিবেচিত হন তিনি। বাংলাদেশেও এর আগে বিপিএলে সিলেট সানরাইজার্সের ব্যাটিং কোচ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিসিবি সূত্রে জানা গেছে, আগস্টে ঢাকায় স্কিল ক্যাম্পে জাতীয় দলের বেশিরভাগ টি-টোয়েন্টি খেলোয়াড়ই অংশ নেবেন। মূল লক্ষ্য—এশিয়া কাপের আগে ব্যাটারদের বড় শট খেলার সক্ষমতা বাড়ানো।

পাওয়ার হিটিংয়ের ঘাটতি পূরণে এই উদ্যোগ ক্রিকেটারদের আত্মবিশ্বাস যেমন বাড়াবে, তেমনি এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা করতেও সহায়ক হবে বলে মনে করছে বোর্ড।




২০২৪ সালে বিএনপির আয়-ব্যয় প্রকাশ, ফান্ডে আছে ১০ কোটিরও বেশি

২০২৪ পঞ্জিকা বছরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১৫ কোটি ৬৫ লাখ ৯৪ হাজার ৮৪২ টাকা আয় করেছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই বছরে ব্যয় হয়েছে ৪ কোটি ৮০ লাখ ৪ হাজার ৮২৩ টাকা। ফলে দলের বর্তমান তহবিলে জমা রয়েছে ১০ কোটি ৮৫ লাখ ৯০ হাজার ১৯ টাকা।

রোববার (২৭ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়া হয়।

রিজভী জানান, দলের আয়ের উৎস ছিল—সদস্যদের মাসিক চাঁদা, বই ও পুস্তক বিক্রি, ব্যাংক সুদের আয় এবং এককালীন অনুদান। ব্যয়ের খাতে ছিল—ব্যক্তিগত ও দুর্যোগকালীন সহযোগিতা, রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন, লিফলেট ও পোস্টার ছাপানোসহ বিভিন্ন সাংগঠনিক ব্যয়।

ইসিকে উদ্দেশ করে রিজভী বলেন, “এক সময় নির্বাচন কমিশন তার প্রাতিষ্ঠানিক স্বাধীনতা হারিয়েছিল, নির্বাহী বিভাগের হাতিয়ার হয়ে উঠেছিল। তখন কমিশন একটি প্রহসনের নির্বাচন করে বৈধতা দিয়েছিল, দিনের ভোট রাতে করেছিল।”

তিনি আরও অভিযোগ করেন, “মেরুদণ্ডহীন, চাকরিপ্রত্যাশী লোক দিয়ে গঠিত ছিল সে কমিশন। সেটি শেখ হাসিনার পদলেহী প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল।”

বর্তমান নির্বাচন কমিশনের প্রতি প্রত্যাশা জানিয়ে রিজভী বলেন, “আমরা আশা করি, কমিশন এবার দায়িত্বশীল ভূমিকা রাখবে, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করবে। নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করে আস্থার প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে—বিএনপি সেই প্রত্যাশাই করে।”