ভাণ্ডারিয়ায় হাত-পা বাঁধা অবস্থায় ট্রলার চালকের লাশ উদ্ধার

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় রব্বানী বেপারী (৩০) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কাপালিরহাট এলাকার একটি খাল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রব্বানী দক্ষিণ ভিটাবাড়িয়া গ্রামের মন্টু বেপারীর ছেলে ও পেশায় একজন ট্রলার চালক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাত ১০টার দিকে স্থানীয় কয়েক ব্যক্তি রব্বানীকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরদিন সকালে স্থানীয়রা খালে একটি লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের হাত-পা বাঁধা এবং শরীরের সাথে একটি ইট বাঁধা ছিল।
স্থানীয় ইউপি সদস্য দিনার মাহমুদ রাসেল বলেন, নিহত রব্বানীর সঙ্গে মাদক ব্যবসা নিয়ে কয়েকজনের বিরোধ ছিল। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।
রব্বানীর বাবা মন্টু বেপারী বলেন, “আমার ছেলেকে রবিউল, সুদেব, ইলিয়াস ও মিলন নামে চার ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমি এই হত্যার বিচার চাই।”
ভাণ্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মানিক হালদার জানান, এটি পূর্ব বিরোধজনিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকায় এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে এবং আইন-শৃঙ্খলা বাহিনী অপরাধীদের শনাক্ত করতে মাঠে নেমেছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








