মেঘনায় লঞ্চ দুর্ঘটনা: অ্যাডভেঞ্চার-৯-এর রুট পারমিট বাতিল, মামলা প্রক্রিয়াধীন

বরিশাল অফিস :: চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির ঘটনায় ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বরিশাল বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনার প্রাথমিক তদন্তে দায়ের ইঙ্গিত পাওয়ায় অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির রুট পারমিট বাতিল করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও চলছে।

এর আগে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে মেঘনা নদীতে বরিশাল-ভোলা থেকে ঢাকাগামী ‘এমভি জাকির সম্রাট-৩’ এবং ঝালকাঠিগামী ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হন এবং বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের মধ্যে কেউ ঢাকার মিটফোর্ড হাসপাতাল, কেউ জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল), আবার কেউ বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর শুক্রবার সকালে নিজাম শিপিং লাইন্সের মালিকানাধীন অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঝালকাঠি লঞ্চ টার্মিনালে পৌঁছালে বরিশাল নৌ-পুলিশ ও ঝালকাঠি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে লঞ্চটি জব্দ করে। একই সঙ্গে লঞ্চের চার কর্মীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন—ঝালকাঠির নলছিটি উপজেলার মো. মিন্টু (২৮), মহিন হাওলাদার (২৫), পটুয়াখালীর গলাচিপা উপজেলার মো. সোহেল (৪০) এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মো. মনিরুজ্জামান (৪০)। তারা লঞ্চের কেবিন বয় হিসেবে কর্মরত ছিলেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, লঞ্চটি ঝালকাঠিতে নোঙর করার পর এর সারেং, সুকানি, সুপারভাইজার ও ইঞ্জিনচালক পালিয়ে যায়। তবে চারজন কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে দুর্ঘটনার পর নদীপথে নিরাপত্তা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় লঞ্চ চলাচলে বাড়তি সতর্কতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




গৌরনদীতে উপজেলা প্রশাসন ও ইমাম-খতিবদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা

বরিশাল অফিস :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ইমাম ও খতিবদের সঙ্গে একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে গৌরনদী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাচন কর্মকর্তা বিশ্বাস সুজন কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন আনন্দ টেলিভিশনের গৌরনদী ব্যুরো প্রধান কাজী আল-আমিন, গৌরনদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক কাজী বায়েজিদ রনি এবং উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা।

সভায় বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, তাই গণভোট সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং নির্বাচনকেন্দ্রিক গুজব ও বিভ্রান্তি প্রতিরোধে ইমাম-খতিবদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যেন কোনোভাবেই প্রশ্ন ওঠে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করতে এবং গণতান্ত্রিক চর্চা জোরদারে ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা নির্বাচনকে ঘিরে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন

বরিশাল অফিস :: বরিশালে হঠাৎ করে তীব্র শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি মৌসুমে জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ, দিনমজুর ও শ্রমজীবীরা।

বরিশাল আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এর আগের দিন বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস এবং ওই দিন বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এরও একদিন আগে, ২৪ ডিসেম্বর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শীতের তীব্রতা নগরের তুলনায় জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় আরও বেশি অনুভূত হচ্ছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো জেলা। বেলা ১২টার আগে সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি আরও বেড়ে যায়। কনকনে ঠান্ডায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

হঠাৎ করে শীত বাড়ায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশু ওয়ার্ডে ৪১টি শয্যার বিপরীতে বর্তমানে প্রায় ৩০০ শিশু রোগী ভর্তি রয়েছে। শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত শিশুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। একই সঙ্গে ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন বয়স্ক ও বৃদ্ধরাও।

শীতের কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে শ্রমজীবী মানুষের। নগরীর বিভিন্ন এলাকার অটোরিকশাচালক ও দিনমজুররা জানান, ঠান্ডার কারণে যাত্রী ও কাজের পরিমাণ কমে গেছে। মানুষ ঘর থেকে কম বের হওয়ায় আয়-রোজগারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মাজাহারুল ইসলাম জানান, ডিসেম্বর মাসে এ ধরনের আবহাওয়া স্বাভাবিক। আগামী কয়েকদিন একই রকম ঠান্ডা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। তবে আপাতত কোনো শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই।

তীব্র শীতের এই সময়ে চিকিৎসক ও বিশেষজ্ঞরা শিশু, বয়স্ক এবং অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বন, গরম কাপড় ব্যবহার ও প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




চরমোনাই পীর-মামুনুলের দল জামায়াত জোট থেকে আলাদা

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আসন সমঝোতা নিয়ে জামায়াত ও ইসলামী দলগুলোর মধ্যে জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের বেশি আসনের চাহিদার কারণে তারা জামায়াতের সঙ্গে সমঝোতা না করে আলাদা প্ল্যাটফর্মে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করছে।

সূত্র জানায়, চরমোনাই পীরের দল শতাধিক আসন ও খেলাফত মজলিসের দল ২৫-৩০ আসনের দাবি করেছে। এই চাহিদা পূরণ করলে জামায়াতের আসন সংখ্যা অনেক কমে যাবে, যা জোটের মধ্যে জটিলতা সৃষ্টি করছে। অন্যদিকে জামায়াত অন্তত দুইশ আসনে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও আট দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে আলোচনা এখনও চলছে। “জামায়াতের কাছে কোনো আসন নেই, আসন সবার। আট দলের সবাই ছাড় দিবে এবং মিলেই নির্বাচনে যাবে। এনসিপির সঙ্গেও আলোচনা হচ্ছে। আরও কিছু দল আসন চাওয়ার জন্য যোগাযোগ করছে,” তিনি বলেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ বলেন, “যেহেতু কোনো জোট চূড়ান্ত হয়নি, এখানে পাওয়া-না-পাওয়ার বিষয় নেই। আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হচ্ছে কার কোথায় আসন দেওয়া হবে। সব কিছু সমঝোতার ভিত্তিতেই হচ্ছে।”

খেলাফত মজলিসের শীর্ষ নেতা জানান, তারা সম্মানজনক আসন না পেলে বিকল্প প্ল্যাটফর্মে ভোটে অংশ নেবে। তবে সব দলই চায় আসন সমঝোতা ও ঐক্য অটুট রাখার। বর্তমানে দলের কাঙ্খিত আসনের প্রায় ৬০ শতাংশ সমাধান হয়েছে এবং অন্তত ৮০ শতাংশ পূর্ণ হলে তা সম্মানজনক হবে।

জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও কিছু জটিলতা আছে, তবুও দলগুলো ঐক্য বজায় রাখতে আগ্রহী এবং বৃহত্তর সহযোগিতার মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করছে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পটুয়াখালীতে এ বি এম রুহুল আমীন হাওলাদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ (দুমকি–মির্জাগঞ্জ–পটুয়াখালী সদর) আসনে বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ রাজনীতিবিদ এ বি এম রুহুল আমীন হাওলাদারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এই আসনটি ঘিরে নির্বাচনী মাঠে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার মো. মিজানুর রহমান খানের কাছ থেকে এ বি এম রুহুল আমীন হাওলাদারের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিরাজুল ইসলাম মিন্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির মাহমুদ সেলিম, মাসুদ আল মামুন, দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতি সহ দলীয় নেতৃবৃন্দ।

এ বি এম রুহুল আমীন হাওলাদার একজন বীর মুক্তিযোদ্ধা ও অভিজ্ঞ রাজনীতিক হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ সময় জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দলটির কো-চেয়ারম্যানসহ একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তবে সাম্প্রতিক সময়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে জাতীয় পার্টি থেকে বহিষ্কার করা হয়।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টির অভ্যন্তরীণ অস্থিরতার প্রভাবে তিনি দলটির মূল রাজনীতি থেকে সরে এসে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নামে একটি রাজনৈতিক জোটের সঙ্গে যুক্ত হয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই অবস্থান পটুয়াখালী-১ আসনের নির্বাচনী সমীকরণে ভিন্ন মাত্রা যোগ করতে পারে।

মনোনয়নপত্র সংগ্রহ প্রসঙ্গে এ বি এম রুহুল আমীন হাওলাদার বলেন, তিনি পটুয়াখালী-১ আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং সে লক্ষ্যেই আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। তিনি এলাকাবাসী ও সমর্থকদের কাছে দোয়া কামনা করেন।

উল্লেখ্য, এ বি এম রুহুল আমীন হাওলাদার সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের মনোনীত প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একই আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষেও মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। ফলে আসন্ন নির্বাচনে এই আসনে একাধিক পরিচিত মুখের প্রতিদ্বন্দ্বিতা দেখা যেতে পারে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম



‘মহানবী (সা.)-এর দেখানো পথে দেশ পরিচালনা করব’: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে বক্তৃতা দিতে গিয়ে বলেন, “আল্লাহর দয়া ও মানুষের সমর্থন থাকলে আমরা প্রত্যাশিত দেশ গড়ে তুলতে সক্ষম হব। আগামী দিনে মহানবী (সা.)-এর দেখানো পথে দেশ পরিচালনা করব।”

তিনি আরও বলেন, “আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। পাহাড়-সমতল, হিন্দু-বৌদ্ধ-মুসলিম সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তরুণ নারী-পুরুষ ও কৃষকের প্রত্যাশা পূরণ করতে হলে ঐক্য অপরিহার্য।”

তারেক রহমান ১৯৭১ সালের স্বাধীনতা, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঘটনা ও ১৯৯০ সালের গণতন্ত্র ফিরিয়ে আনার প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। যারা শহীদ হয়েছেন তাদের রক্তের ঋণ শোধ করতে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




গণসংবর্ধনা মঞ্চে দীপ্ত পায়ে উঠলেন তারেক রহমান

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে লাল-সবুজের বাস থেকে নেমে দীপ্ত পায়ে হেঁটে গণসংবর্ধনা মঞ্চে উঠেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঞ্চে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই তিনি অপেক্ষমান লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে নিজের আগমনী বার্তা দেন। উপস্থিত জনতা তারেক রহমানকে দেখতে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন এবং ‘তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে’, ‘মা-মাটি ডাকছে, তারেক রহমান আসছে’ ইত্যাদি স্লোগান দিয়ে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন।

এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও দলের উচ্চ পর্যায়ের নেতা ও কর্মীরা মঞ্চের পাশে উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা মঞ্চের রঙিন ব্যানার, ফেস্টুন এবং সাজানো রাস্তা রাজনৈতিক ঐক্য ও জনশক্তির প্রতিফলন ঘটিয়েছে।

তারেক রহমানের গণসংবর্ধনা মঞ্চে আগমন দেশবাসীর কাছে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে ধরা হচ্ছে, যা বিএনপির রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেবে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫

 




গোলাপের মালায় আবেগঘন অভ্যর্থনা, শাশুড়ির বরণে দেশে ফিরলেন তারেক রহমান

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবেগঘন এক দৃশ্যের সাক্ষী হয়েছেন উপস্থিত সবাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গোলাপের মালা পরিয়ে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। দীর্ঘ সময় পর দেশে ফেরা এবং পারিবারিক এই মুহূর্তটি ঘিরে বিমানবন্দরে সৃষ্টি হয় আবেগময় পরিবেশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বরণ করা হয়। এর কিছুক্ষণ আগে, সকাল ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।

বিমান থেকে নামার পরপরই তিনি দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। পরে ভিআইপি লাউঞ্জে প্রবেশ করলে সেখানে অপেক্ষমাণ তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু গোলাপের মালা পরিয়ে তাকে স্বাগত জানান।

এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান। পরিবারের সদস্যদের একসঙ্গে উপস্থিতি মুহূর্তটিকে আরও আবেগঘন করে তোলে।

নেতাকর্মীরা বলছেন, দীর্ঘদিন পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন শুধু রাজনৈতিকভাবেই নয়, পারিবারিক দিক থেকেও একটি স্মরণীয় ঘটনা। বিমানবন্দরের এই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের মাটিতে ফিরে পরিবারের এমন উষ্ণ অভ্যর্থনা তারেক রহমানের ব্যক্তিগত জীবনের পাশাপাশি রাজনৈতিক পথচলার ক্ষেত্রেও একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করে।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালে উগ্র সাম্প্রদায়িক আগ্রাসন ও রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবিতে বিক্ষোভ

বরিশাল, ব্যুরো চীফ: গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি, নির্বাচন বানচাল, সকল রাজনৈতিক হত্যার বিচার, সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের উপর হামলার বিচার এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আগ্রাসন বন্ধের দাবিতে বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের আহবায়ক ও বাংলাদেশ জাসদ বরিশাল জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মীরন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লিগ কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক জলিলুর রহমান, গণনাট্য সংস্থার বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ আজিজ খোকন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহবায়ক সুজন আহমেদ এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা শাখার আহবায়ক নয়ন সরকার জয়।

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যার বিচার হয়নি, খুনিরা ভারতে পালিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছে। ভালুকায় শ্রমিক দীপুকে পিটিয়ে পুড়িয়ে মারা হচ্ছে, লক্ষ্মীপুরে শিশু আয়েশাকে ঘরে আগুন দিয়ে হত্যা করা হচ্ছে। এসব খুনিদের এখনও গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ছায়ানট ও উদীচী কার্যালয়ে হামলার ঘটনায় নির্বাচনী অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। বক্তারা উল্লেখ করেন, এসব ঘটনার সাথে সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং সরকারি প্রশ্রয় ছাড়া এসব সম্ভব নয়।

বক্তারা অবিলম্বে গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি ও নির্বাচন বানচালের চক্রান্ত প্রতিহত, সকল রাজনৈতিক হত্যার বিচার, সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের উপর হামলা প্রতিরোধ এবং উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আগ্রাসন বন্ধের দাবি জানান।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫

 




বরিশালে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: আনন্দ মিছিল অনুষ্ঠিত

বরিশাল, ব্যুরো চীফ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালে আনন্দ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় বরিশাল নগরীর সদর রোডস্থ দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা উল্লাস প্রকাশ করেন এবং নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানান।

মিছিলে উপস্থিত বিএনপির নেতাকর্মীরা জানান, আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তাদের স্বপ্ন পূরণের দিন। এই দিনে তারেক রহমান দেশে ফিরছেন এবং তাই সবাই আনন্দিত। তারা আরও জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে জয় নিশ্চিত করতে সকলে সক্রিয়ভাবে কাজ করবেন।

আনন্দ মিছিলের শেষে অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫