ঢাকেশ্বরী মন্দিরে সেনাপ্রধান : ধর্মীয় ভেদাভেদ নয়, শান্তি ও সম্প্রীতি চাই

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, বাংলাদেশে ধর্ম, জাতি বা গোষ্ঠীভেদে কোনো বিভেদ থাকবে না। দেশের সব নাগরিকের অধিকার সমান, এ দেশের ঐতিহ্যই হলো শান্তি ও সম্প্রীতির মধ্যে মিলেমিশে বসবাস করা।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান বলেন, “শত শত বছর ধরে এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও বাঙালি-উপজাতিসহ সবাই মিলেমিশে বসবাস করছে। আমরা সেই ঐতিহ্য বজায় রাখবো।”
সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি আরও বলেন, “আমরা সবসময় আপনাদের পাশে আছি। নিশ্চিন্তে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করুন। প্রয়োজনে সশস্ত্র বাহিনী সব ধরনের সহযোগিতা করবে।”
তিনি জন্মাষ্টমী উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ দেশের সর্বত্র ছড়িয়ে পড়ার প্রত্যাশা ব্যক্ত করেন এবং বলেন, “এই আদর্শের ভিত্তিতেই আমরা একসঙ্গে এগিয়ে যাবো।”
নিজের বেড়ে ওঠার স্মৃতিচারণ করতে গিয়ে জেনারেল ওয়াকার-উজ-জামান জানান, তিনি আজিমপুর-পলাশী এলাকায় বড় হয়েছেন, এ স্থান তার অনেক স্মৃতিবিজড়িত।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








