ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যে ভোলায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ আয়োজনে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমান এবং ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।
বক্তারা বলেন, মাছ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। উৎপাদন বৃদ্ধি ও সচেতনতা সৃষ্টির মাধ্যমে জাতীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির ক্ষেত্রেও অগ্রগতি সম্ভব। জাতীয় মৎস্য সপ্তাহ কেবল একটি উদযাপন নয়, বরং মৎস্যসম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের অঙ্গীকার।
তারা আরও উল্লেখ করেন, উপকূলীয় জেলা ভোলায় মৎস্যসম্পদের বিশাল সম্ভাবনা রয়েছে। প্রাকৃতিক সম্পদ সঠিকভাবে কাজে লাগানো গেলে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। নদী ও উপকূলীয় এলাকায় মাছ উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক মাছ রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন জরুরি।
মৎস্য সপ্তাহ উপলক্ষে ভোলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








