বাবার সঙ্গে অভিমানে যুবকের আত্মহত্যা

বরগুনার আমতলী পৌর শহরে বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সাকিব মণ্ডল (২৮) নামে এক যুবক। সোমবার (১৮ আগস্ট) দুপুরে পৌরসভার খোন্তাকাটা এলাকায় একটি পরিবহন এজেন্সি অফিস থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সাকিব ঝিনাইদহ সদর উপজেলার বারিবাথান গ্রামের ট্রাকচালক কালাম মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার সকালে সাকিব বাড়ি থেকে একটি সাইকেল বিক্রি করে পরিবারের কাউকে না জানিয়ে কুয়াকাটা যান। পরে আমতলীতে এসে বাবার কাছে টাকা চেয়ে ফোন করেন। কিন্তু তার বাবা টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে অভিমান করে তিনি স্থানীয় ব্যবসায়ী জসিম গাজীর পরিবহন অফিসে রাত কাটান।

ব্যবসায়ী জসিম গাজী জানান, সাকিবের বাবার অনুরোধে তিনি তাকে রবিবার রাতে অফিসে থাকার ব্যবস্থা করে দেন। সোমবার সকালে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দিলে তারা দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

নিহতের বাবা কালাম মণ্ডল বলেন, “আমার ছেলে ব্যবসায় লোকসানের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আমি টাকা না দেওয়ায় হয়তো অভিমানে সে আত্মহত্যা করেছে।”

আমতলী থানার ওসি (তদন্ত) মো. সাইদুল ইসলাম বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





ইন্টার্নদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম, শিক্ষার্থীদের ক্লাস বর্জন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক-কর্মচারীর ওপর হামলার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা। দাবি না মানা হলে জরুরি বিভাগসহ হাসপাতালের সব সেবা বন্ধ করার হুঁশিয়ারি দিয়ে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। একই দাবিতে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছে মেডিকেল শিক্ষার্থীরাও।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের সামনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়। এতে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইন্টার্ন চিকিৎসক নাজমুল হুদা বলেন, “আমরা স্বাস্থ্যখাত সংস্কারের দাবির সঙ্গে একমত। তবে আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। রোববার (১৭ আগস্ট) মেডিসিন ইউনিট–২ এর চিকিৎসক দিলীপ রায়ের ওপর হামলা চালানো হয়। এ সময় হাসপাতালে ইটপাটকেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করা হয়। নারী চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় কর্মস্থল ছেড়ে যেতে বাধ্য হন।”

তিনি জানান, এ ঘটনার পর থেকে ১৫০ জন ইন্টার্ন চিকিৎসক কর্মবিরতি শুরু করেছেন। “আমাদের দাবি, হামলার সঙ্গে জড়িত এবং উসকানিদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় জরুরি বিভাগসহ সব সেবা বন্ধ হয়ে যাবে।”

শের-ই বাংলা মেডিকেল কলেজের ৫২তম ব্যাচের শিক্ষার্থী জুবায়ের আল মাহমুদ বলেন, “আমরা স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলনের পক্ষে। তবে সাম্প্রতিক সময়ে আমাদের শিক্ষার্থী ও শিক্ষক-চিকিৎসকদের ওপর হামলা হয়েছে। দিলীপ স্যারের ওপর হামলার ঘটনায় আমরা ক্ষুব্ধ।”

তিনি আরও জানান, এর প্রতিবাদে সোমবার থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন শুরু করেছে। “যদি ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হয়, আমরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও ওয়ার্ড কার্যক্রম বন্ধ রাখব।”

উল্লেখ্য, দুই সপ্তাহের বেশি সময় ধরে সারাদেশে স্বাস্থ্যখাত সংস্কার ও শেবামেকে সেবার মানোন্নয়নের দাবিতে আন্দোলন চলছে। আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সমাবেশ, সড়ক অবরোধ ও অনশন কর্মসূচি পালন করছে। এর মধ্যেই রোববার হাসপাতালে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে চিকিৎসক ও কর্মচারীসহ কয়েকজন আহত হন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





গুলিবিদ্ধ কালু এখনো অবহেলিত, চিকিৎসা ব্যয়ে নিঃস্ব পরিবার

২০২৪ সালের ১৭ জুলাই কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বরিশালের রাজপথে ভয়াবহ সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। সেদিন পুলিশের গুলিতে গুরুতর আহত হন বরিশাল মহানগর বিএনপির ২৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুরুজ শিকদার কালু। এক বছর কেটে গেলেও তার শরীরে এখনও গুলি রয়ে গেছে। অর্থাভাবে চিকিৎসা না হওয়ায় তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে।

গুলিবিদ্ধ হওয়ার পর থেকে একাধিক অস্ত্রোপচারে ছয়টি বুলেট অপসারণ করা হলেও তার গলা ও মাথায় থাকা গুলি এখনও অপসারণ সম্ভব হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসা ছাড়া তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই। অথচ অর্থাভাবে চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না কালু ও তার পরিবার। তিনি আক্ষেপ করে বলেন, “আগে উপার্জন করে পরিবার চালাতাম। এখন বিছানায় শুয়ে আছি, সন্তানদের মুখে দু’মুঠো খাবার তুলতেও পারি না।”

আন্দোলনে জীবন বাজি রেখে আহত হলেও কালুর নাম এখনো ‘জুলাই যোদ্ধা’র তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। বরং আন্দোলনে অংশ না নেওয়া অনেকের নাম তালিকায় চলে আসায় স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক কর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তারা কালুর উন্নত চিকিৎসা ও তালিকাভুক্তির দাবি জানিয়েছেন।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক অভিযোগ করেন, “তালিকা তৈরিতে স্বজনপ্রীতি হয়েছে। প্রকৃত যোদ্ধারা বাদ পড়েছেন।” তিনি জানান, তিনিও আহত হলেও তালিকায় নাম নেই।

বরিশাল জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. খালিদ মাহমুদ বলেন, “কালুর শরীরে এখনও বিপজ্জনক স্থানে গুলি রয়েছে। উন্নত চিকিৎসা না হলে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।”

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, প্রথম ধাপে ৩৮৯ জনকে এবং দ্বিতীয় ধাপে আরও ৬০ জনকে ‘জুলাই যোদ্ধা’র তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি বলেন, “কালুর আবেদন নির্ধারিত সময়ে জমা না পড়ায় এমআইএস-এ আপলোড করা যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে মন্ত্রণালয়ে বিবেচনার জন্য পাঠানো হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





বরগুনা পলিটেকনিকে রাজনৈতিক বই পুড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে লাইব্রেরিতে সংরক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসংশ্লিষ্ট তিন শতাধিক বই পুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে প্রতিষ্ঠানটির মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা লাইব্রেরি থেকে জীবনী, গবেষণা ও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বই বের করে এনে একসঙ্গে অগ্নিসংযোগ করে। এ সময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে সারা দেশে স্বৈরাচার সরকারের চিহ্ন মুছে ফেলার উদ্যোগ নেওয়া হলেও তাদের লাইব্রেরিতে এসব বই এখনো রাখা ছিল।

শিক্ষার্থীদের দাবি, কর্তৃপক্ষের অবহেলায় পাঠ্যবই সংকট থাকলেও রাজনৈতিক ইতিহাসভিত্তিক বই দিয়ে তাক ভরে রাখা হয়েছে। এসব বই তাদের কোনো কাজে আসে না বলেও মন্তব্য করেন তারা।

এ বিষয়ে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিল চন্দ্র কীর্ত্তনীয়া জানান, তিনি ঘটনাস্থলে না থাকলেও শিক্ষার্থীদের বই পোড়ানোর খবর পেয়েছেন। তিনি আরও বলেন, “৫ আগস্টের পর রাজনৈতিক সংশ্লিষ্ট বই সরিয়ে ফেলা হয়েছে বলে জানতাম। তবে লাইব্রেরিয়ান দীর্ঘদিন অসুস্থ থাকায় বইয়ের অবস্থা সম্পর্কে অবগত ছিলাম না।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি, ৪৮ ঘন্টার আল্টিমেটাম

বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ও কর্মচারীর ওপর হামলার ঘটনায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। একইসঙ্গে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা যৌথভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে হাসপাতালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। পরে হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

অন্যদিকে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে স্বাস্থ্যসেবা উন্নয়ন আন্দোলনের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ১৭ আগস্ট শেবামেকের সামনে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের বিক্ষোভ চলাকালে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে আন্দোলনকারী শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসক-কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। এ ঘটনার পর থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। এদিকে গত ২৩ দিন ধরে শেবামেক হাসপাতালসহ দেশের বিভিন্ন স্থানে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে ছাত্র-জনতা আন্দোলন চালিয়ে যাচ্ছে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫





অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে সমুদ্রখাত: প্রধান উপদেষ্টা ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সমুদ্র বাংলাদেশের জন্য অফুরন্ত সম্ভাবনার ভাণ্ডার। এই খাত সঠিকভাবে কাজে লাগানো গেলে দেশের অর্থনীতির জন্য বৈচিত্র্যময় ও নতুন বাংলাদেশ সৃষ্টি করা সম্ভব।

সোমবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধান উপদেষ্টা জানান, অভ্যন্তরীণ জলাশয়ের পাশাপাশি বঙ্গোপসাগরের বিশাল সম্পদ পানিভিত্তিক অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। কিন্তু এখনো বাংলাদেশ সমুদ্রসম্পদ পুরোপুরি কাজে লাগাতে পারেনি। তার ভাষায়, “সমুদ্র আমাদের জন্য উপহার নিয়ে অপেক্ষা করছে, কিন্তু আমরা এখনো সেই উপহারটি নিতে পারিনি।”

ড. ইউনূস বলেন, গভীর সমুদ্রে মাছ ধরার অঞ্চল চিহ্নিত করে আধুনিক শিল্প খাত গড়ে তোলা জরুরি। এজন্য গবেষণা, আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে গভীর সমুদ্র মৎস্যচাষ অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, “আমরা শুধু জমির অংশটাকে বাংলাদেশ মনে করি। অথচ পানির অংশটাই জমির চাইতে বড়। এটিকে কাজে লাগাতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।”




‘চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামব’ — জাকের আলি অনিক

আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সোমবার (১৮ আগস্ট) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ব্যাটার জাকের আলি অনিক জানালেন, এবারের টুর্নামেন্টে বাংলাদেশ দল শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

জাকের বলেন, “আমরা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। দলের প্রত্যেকেই তা বিশ্বাস করে। আমাদের মূল লক্ষ্য শিরোপা জেতা।”

ব্যক্তিগত লক্ষ্য প্রসঙ্গে তিনি জানান, টি-টোয়েন্টি ফরম্যাটের কারণে নির্দিষ্ট গোল সেট করা কঠিন। তবে ব্যাটিং অর্ডার অনুযায়ী বড় রান করা বা দ্রুত রান তোলার দিকেই তার মনোযোগ থাকবে।

নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজ নিয়েও আশাবাদী জাকের। তার ভাষায়, “এটা আন্তর্জাতিক সিরিজ, প্রতিটি ম্যাচ জেতার জন্যই খেলব। যেকোনো দলের বিপক্ষেই আমাদের প্রচেষ্টা একই থাকবে।”

এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানও মন্তব্য করেছিলেন যে বাংলাদেশ এশিয়া কাপে শিরোপা জিততে সক্ষম।

প্রসঙ্গত, এশিয়ান ক্রিকেট কাউন্সিল ঘোষিত সূচি অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে টুর্নামেন্টে। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে—যেখানে প্রতিদ্বন্দ্বী দল শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।




ওয়াকিটকি ক্রয়ে অতিরিক্ত ব্যয় ও দুর্নীতি; দুদকের অভিযান পরিচালনা

ওয়াকিটকি কেনায় অনিয়ম ও অতিরিক্ত ব্যয়ের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় টিম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন নথি সংগ্রহ করে।

দুদকের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে দরপত্রের শর্ত অনুযায়ী অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও একটি দেশীয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। এমনকি প্রতিষ্ঠানটি একটি চীনা কোম্পানির সনদ ব্যবহার করে চুক্তি পায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া ডিএনসিসির ক্রয়কৃত ওয়াকিটকির দাম অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি ধরা পড়েছে।

অভিযোগ যাচাইয়ে প্রকিউরমেন্ট-সংক্রান্ত সব নথি চাওয়া হয়েছে। রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে টিম বিস্তারিত প্রতিবেদন কমিশনে জমা দেবে বলে জানিয়েছে দুদক।




“জুলাই সনদই নিরপেক্ষ নির্বাচনের পথ”—গোলাম পরওয়ার

আগামী নির্বাচন যদি জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া অনুষ্ঠিত হয় তবে সেটি নিরপেক্ষ নির্বাচন হিসেবে সম্পন্ন করা সম্ভব নয়। এটি ঘটলে দেশের জন্য এক মহাদুর্যোগ অপেক্ষা করছে বলে হুঁশিয়ার করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

রবিবার (১৭ আগস্ট) রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র ও সনদের আইনগত স্বীকৃতি’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরসহ জাতীয় নেতৃবৃন্দ ও আইন বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, “জুলাই সনদকে আইনি ভিত্তি না দিয়ে যদি বিদ্যমান কাঠামোয় নির্বাচন হয়, তবে আরেকটি ফ্যাসিবাদ জন্ম নেবে। দেশের ভবিষ্যতের স্বার্থে সর্বদলীয় গোলটেবিল বৈঠকের আয়োজন করা জরুরি, যেখানে এই সনদের আইনি ভিত্তি নিয়ে যুক্তি-তর্ক উপস্থাপন করা হবে।”

তিনি আরও দাবি করেন, অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন ছাড়া নিরপেক্ষ ভোট সম্ভব নয়। জরিপ অনুযায়ী দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ এই পদ্ধতিকে সমর্থন করছে বলেও উল্লেখ করেন তিনি।




আইজিপি মামুনের জবানবন্দির আদ্যপান্ত: ক্ষমতা পিপাসু হিংস্র নারীর প্রতিচ্ছবি শেখ হাসিনা

বিশেষ প্রতিবেদন: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার হিংস্রতা এবং দুর্নীতির চিত্র এখন কারো কাছেই আর অজানা নয়। এমনকি দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গণেও ছড়িয়ে পড়েছে। জাতিসংঘ তার প্রতিবেদনে উল্লেখ করেছে, আল জাজিরাসহ বিভিন্ন বিশ্ব মিডিয়াতেও ফলাও করে প্রচারিত হয়েছে।

এই স্বৈরশাসক তার মানবতাবিরোধী অপরাধের দায়ে  এখন বিচারের মুখোমুখি। আদালতে ফ্যাসিস্ট হাসিনার অপ্রকাশিত লোমহর্ষক হিংস্রতা আর শেষ পর্যন্ত ক্ষমতার মসনদে টিকে থাকার প্রাণান্তকর চেষ্টার বিশদ বর্ণনা উপস্থাপিত হয়েছে রাজস্বাক্ষী হিসেবে দেয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের লিখিত জবানবন্দিতে।

আইনজ্ঞরা বলছেন, এই জবানবন্দির সাক্ষ্যগত মূল্য অনেক। মামলা প্রমাণে যথেষ্ট সহায়ক হবে।

ছাত্র-জনতার গণআন্দোলন দমাতে অতিরিক্ত বল প্রয়োগ করে আইনশৃঙ্খলা বাহিনী। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই বল প্রয়োগ করা হয়। এতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ঘটে। আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে হাজার হাজার মানুষ। এমন ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হাসিনা সরকারের পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

জবানবন্দিতে জুলাই আন্দোলন ঠেকাতে হেলিকপ্টার থেকে নজরদারি, গুলি করা ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের যেসব নির্দেশনা এসেছিলো সে সম্পর্কে বিস্তারিত বয়ান দিয়েছেন তিনি। এমনকি হাজার হাজার ছাত্র-জনতা হতাহতের পরেও পুলিশ দিয়ে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন তিনি। যা উঠে এসেছে ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে।

চাকরিতে কোটা পদ্ধতি ফিরিয়ে আনার রায়ের প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শান্তিপূর্ন আন্দোলন দমাতে ঢাকায় সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করে ছাত্রলীগ। পতিত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে এ হামলা হয়। সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজপথে নামে।

১৬ জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হয় আবু সাঈদ। আবু সাঈদ নিহতের পর আন্দোলন অগ্নিস্ফুলিঙ্গ ধারণ করে। এই আন্দোলন এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। সরকার নিজের গদি রক্ষায় সর্বশক্তি প্রয়োগ করে। কিভাবে এই শক্তি প্রয়োগ করা হয়েছিলো এবং কাদের নির্দেশে হয়েছিলো তা উঠে এসেছে আইজিপি মামুনের জবানবন্দিতে।

জবানিতে মামুন বলেছেন, আন্দোলন দমনের উদ্দেশ্যে এক পর্যায়ে হেলিকপ্টার এর মাধ্যমে আন্দোলনকে নজরদারি, গুলি করা ও ভীতিকর পরিবেশ সৃষ্টির উদ্দেশ্যে গোপন পরিকল্পনা করা হয়। মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। আন্দোলন দমন করার উদ্দেশ্যে পরবর্তীতে সরাসরি লেথাল উইপেন -মরণাস্ত্র ও আন্দোলন প্রবন এলাকাগুলোতে এলাকা ভাগ করে ব্লক রেইড পরিচালনার সিদ্ধান্ত সরাসরি রাজনৈতিকভাবে নেয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজে আইজিপিকে জানান যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে আন্দোলন দমন করার জন্য লেথাল উইপেন ব্যবহারের সিদ্ধান্ত হয়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবি প্রধান হারুনুর রশিদ লেথাল উইপেন ব্যবহারে অতি উৎসাহি ছিলেন।

ব্যারিস্টার সারোয়ার হোসেন বলেন, প্রাণঘাতি অস্ত্র ব্যবহারের নির্দেশনা এসেছে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। যা বাস্তবায়িত হয়েছে আইজিপির মাধ্যমে। চৌধুরী মামুনের জবানবন্দি পড়লে গা শিউরে উঠে। আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিঘ্নে গুলি চালানোয় বাসা-বাড়িতে থাকা শিশুরাও নিহত হন।

চৌধুরী মামুন তার জবানবন্দিতে বলেছেন, প্রধানমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ফজলে নূর তাপস, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোঃ আলী আরাফাত, জাসদের সাধারন সম্পাদক হাসানুল হক ইনু এবং ওয়ার্কাস পার্টির রাশেদ খান মেনন মারনাস্ত্র ব্যবহার করে ছাত্র জনতার আন্দোলনকে নির্মূল করার জন্য শেখ হাসিনাকে পরামর্শ এবং উসকানি দিতেন।

দেশব্যাপী এত অধিক সংখ্যায় মানুষ মারা যাওয়ার পরেও তারা তাদের উসকানি বন্ধ করেননি কিংবা প্রধানমন্ত্রীকে থামতে বলেননি। সরকারকে বিপথে পরিচালিত করে ও আন্দোলনকে কঠোরভাবে দমন করার জন্য আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী, সাংবাদিক, পুলিশ অফিসার সকলে আগ্রহী ছিলেন।

অ্যাডভোকেট এম. মাসুদ রানা বলেন, জুলাই আন্দোলনে যেসব নৃশংসতা দেখেছি ছাত্র-জনতার উপর, এই জবানবন্দির সঙ্গে তা মিলে যায়।

আইনজ্ঞরা বলছেন সাবেক আইজিপি চৌধুরী মামুনের  এই জবানবন্দি মামলা প্রমাণে সহায়ক হবে।

ব্যারিস্টার মো. সোলায়মান তুষার বলেন, এই জবানবন্দির ফলে ফ্যাসিস্ট হাসিনা ও তার সহযোগীদের অপরাধ প্রমাণে সহায়ক হবে।

জুলাই গণ আন্দোলনে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের। ৫ আগস্টের পর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার হন চৌধুরী মামুন।  তার জবানবন্দিতে উঠে এসেছে সর্বোচ্চ বল প্রয়োগ করেও ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু ছাত্র- জনতার হার না মানা আন্দোলনে পতন হয় গত দেড় দশক ধরে দেশে ফ্যাসিজম আর উন্নয়নের মিথ্যে বয়ানের আড়ালে লুটপাটতন্ত্র কায়েমকারী স্বৈরাচার হাসিনার সরকারের।