টিপু-১৩ লঞ্চে ছাত্রীকে আটকে চাঁদার অভিযোগ, মামলা দায়ের

ভোলার চরফ্যাশনে ঢাকাগামী টিপু-১৩ লঞ্চে এক ছাত্রীকে আটকে রেখে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে মিরাজ ও আলাউদ্দিন বেপারী নামের দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে সোমবার (১১ আগস্ট) চরফ্যাশন থানায় মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট বিকেলে চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট থেকে ঢাকাগামী টিপু-১৩ লঞ্চে ওই ছাত্রী ৩৮৫ নম্বর কেবিনে ছিলেন। তার এলাকার এক বড়ভাই একই লঞ্চের ৩০৮ নম্বর কেবিনে ছিলেন এবং কিছু সময় পর তিনি ছাত্রীর কেবিনে এসে কথা বলেন।
অভিযোগে বলা হয়েছে, বিকেল ৬টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মোতাহার হোসেনের ছেলে মিরাজ ও দক্ষিণ নাজিম উদ্দিন গ্রামের হোসেন বেপারীর ছেলে আলাউদ্দিন বেপারী ওই কেবিনে প্রবেশ করে। তারা দুজনকে অসামাজিক কাজে অভিযুক্ত করে ভিডিও ধারণ করে এবং ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
ভুক্তভোগীর অভিযোগ, টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে ও তার বড়ভাইকে কিল-ঘুষি ও লাথি মারে। মিরাজ তার চুল টেনে শ্লীলতাহানি করে এবং গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ ছাড়া বড়ভাইয়ের কাছ থেকে জোরপূর্বক পাঁচ হাজার টাকা আদায় করে নেয় তারা।
এ ঘটনার প্রত্যক্ষদর্শী চরফ্যাশন আদালতের সহকারী পিপি হযরত আলী হিরন বলেন, “এটি সুপরিকল্পিত একটি ফাঁদ। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।”
চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, “ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।”
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫








