ইরানে তেল বিক্রিতে সহায়তাকারী ব্যক্তি ও কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের অবৈধ তেল বিক্রিতে সহায়তার অভিযোগে বেশ কয়েকটি ব্যক্তি ও কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২১ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দপ্তর এই তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা মেহেরের এক প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে চীনভিত্তিক দুটি অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য টার্মিনাল অপারেটর। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চিহ্নিত কয়েকটি ট্যাঙ্কারে লাখ লাখ ব্যারেল ইরানি তেল আমদানি করেছে।

মার্কিন ট্রেজারি বিভাগ গ্রিক নাগরিক আন্তোনিওস মার্গারাইটিস, তার নেটওয়ার্ক এবং কোম্পানিগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি পেট্রোলিয়াম পরিবহনের জন্য জাহাজ শিল্পে নিজেদের অবস্থানকে কাজে লাগিয়েছে। এছাড়াও, ইরানের তেল রপ্তানিতে সহায়তার অভিযোগে আরও বেশ কয়েকটি জাহাজ ও অপারেটরকেও নিষিদ্ধ করা হয়েছে।

এক বিবৃতিতে ওয়াশিংটন জানিয়েছে, “এই পদক্ষেপগুলো তেহরানের উন্নত অস্ত্র কর্মসূচিতে অর্থায়ন, সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন এবং আমাদের সৈন্য ও মিত্রদের নিরাপত্তার জন্য হুমকি মোকাবেলা করবে।”

মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান তার প্রধান আমদানিকারকদের কাছে তেল রপ্তানি অব্যাহত রেখেছে বলে পরিসংখ্যানে দেখা গেছে।




প্রতিরক্ষা বাহিনীর নতুন বেতন কাঠামো নির্ধারণে কমিটি গঠন

সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫’ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের (বেসামরিক কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত) জন্য এই কমিটি গঠনের অনুমোদন দিয়েছেন। লে. জেনারেল এস এম কামরুল হাসানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে ৯ সদস্যের এই কমিটির সভাপতি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল নিশাদুল ইসলাম খান কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে যে, কমিটি তাদের সুপারিশ প্রণয়নের ক্ষেত্রে নিজস্ব নীতি ও পদ্ধতি অনুসরণ করবে। প্রয়োজনে দেশের যেকোনো সংস্থা বা ব্যক্তির সহায়তা নিতে পারবে। কমিটি চাইলে তিন বাহিনীর জন্য আলাদা সাব-কমিটি গঠন করে তাদের সুপারিশও বিবেচনা করতে পারবে।

এই কমিটি জাতীয় বেতন কমিশনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। তাদের সুপারিশ সম্বলিত ২৫ কপি পুস্তক আকারে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগে জমা দিতে হবে।

কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল মো. নাসিম পারভেজ, রিয়ার অ্যাডমিরাল মো. জহির উদ্দিন, এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ব্রিগেডিয়ার জেনারেল অং চ ছা মং, এয়ার কমডোর জামিল উদ্দিন আহম্মদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মিলিয়া শারমিন এবং ক্যাপ্টেন মো. তৌহিদ সাগর।

 




উপদেষ্টা মাহফুজ আলমের বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজু এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, ২১ আগস্ট বিকেলে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোরগ প্রতীকে ২৬৬ ভোট পেয়ে আজিজুর রহমান বাচ্চু সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন। এর আগে তিনি এই ইউনিয়ন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

একই নির্বাচনে ছাতা প্রতীকে ২৫৫ ভোট পেয়ে মো. অলি উল্যা সভাপতি নির্বাচিত হয়েছেন এবং মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে জাহাঙ্গীর আলম সম্রাট সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে মোট ৪৫৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। এ ছাড়া জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।




‘উগ্রবাদ রুখুন, ঐক্যবদ্ধ হোন’: জন্মাষ্টমীর অনুষ্ঠানে মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, দেশে একাত্তরের মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেছেন, “দেশের অস্তিত্ব রক্ষা করতে হলে সবাইকে বিভাজনের রাজনীতি ছেড়ে ঐক্যবদ্ধ হতে হবে।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে বিএনপির আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, “আজকে একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার। এর বিরুদ্ধে বাংলাদেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। একাত্তরের নয় মাসের মুক্তিযুদ্ধ যেমন সত্য, ঠিক তেমনি সত্য ২৪ জুলাই-আগস্টের শহীদদের গণতন্ত্রের সংগ্রামও।”

তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং সেই ইতিহাস ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।

উগ্রবাদ ও বিভাজনের রাজনীতি নিয়ে সতর্কবার্তা

বিএনপি মহাসচিব আরও বলেন, “বাংলাদেশে উগ্রবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। তাহলে দেশের আত্মা ও অস্তিত্ব রক্ষা করা যাবে না। অতীতে বিভাজন হয়েছে, কিন্তু এখন টিকে থাকার স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

আওয়ামী লীগের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ জনগণকে শোষণ করেছে, প্রজা হিসেবে ব্যবহার করেছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। তিনি বলেন, “প্রায় ৮৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ব্যাংককে আওয়ামী লীগের বিতাড়িত নেতাদের বাড়ি ভাড়া ও বিলাসবহুল গাড়ি কেনার ধুম লেগেছে।”

‘আগামীর বাংলাদেশ’ ও ঐক্যের আহ্বান

বিএনপি মহাসচিব জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লক্ষ্য একটি অসাম্প্রদায়িক ‘রেইনবো রাষ্ট্র’ প্রতিষ্ঠা করা। এজন্য তিনি সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধি এবং দলের নেতারা উপস্থিত ছিলেন।




“লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত”

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলেও তাতে আপত্তি নেই বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। তবে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের মতে, সুষ্ঠু ভোট আয়োজনের জন্য এখনো সমতল মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত হয়নি। তিনি বলেন, “আমাদের দাবি নিশ্চিত না করে নির্বাচন আয়োজন করা যাবে না।”

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। এ সময় দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা উপস্থিত ছিলেন।

আযাদ জানান, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণে সব দলের মতামত গ্রহণের আহ্বান জানিয়েছে জামায়াত। পাশাপাশি তিনি বলেন, সন্ত্রাস ও অনিয়ম রোধে ভোট পদ্ধতিকে সংখ্যানুপাতিক বা প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে রূপান্তর করতে হবে। তার ভাষায়, “তত্ত্বাবধায়ক সরকার অনেকেই চায়নি, কিন্তু পিআর পদ্ধতি জাতীয় কল্যাণে কার্যকর হতে পারে। জনগণ চাইলে এই ব্যবস্থায় যেতে হবে।”

পিআর ছাড়া জামায়াত নির্বাচনে অংশ নেবে কি না—এমন প্রশ্নে তিনি সরাসরি উত্তর দেননি। তবে তিনি বলেন, ন্যায়সঙ্গত ও গ্রহণযোগ্য নির্বাচন সব সময়ই জামায়াত সমর্থন করে এসেছে। তার মতে, পিআর ব্যবস্থা হলে ভোটারদের ইচ্ছার যথাযথ প্রতিফলন ঘটবে।

তিনি আরও জানান, দলটি এরই মধ্যে তিনশ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিয়েছে এবং জনগণের কাছে পৌঁছাতে মাঠপর্যায়ে প্রচারণা চালাচ্ছে।

এর আগে গত রোববার বিএনপি প্রতিনিধিদলও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে খোঁজ নেয়।




“বিএনপির বিজয় ঠেকাতে রাজনৈতিক অন্তর্ঘাত চলছে: তারেক রহমান”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, দেশে এখনো বিএনপির সম্ভাব্য বিজয় রুখতে নানা মহলের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি বলেন, এক দশকের বেশি সময় ধরে জনগণ স্বৈরশাসনের দুঃসহ অভিজ্ঞতা পার করেছে। জুলাই মাসের গণঅভ্যুত্থানে অসংখ্য মানুষের আত্মত্যাগের মাধ্যমে দেশ সেই দুঃশাসন থেকে মুক্ত হলেও গণতন্ত্রের যাত্রা এখনো পুরোপুরি নিরাপদ নয়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। তবে কিছু রাজনৈতিক গোষ্ঠী ও ব্যক্তির আচরণে মনে হচ্ছে তারা বিএনপির বিজয় ঠেকানোর অপচেষ্টা করছে। এ ধরনের প্রবণতা জনগণের ভোটাধিকারকে প্রশ্নবিদ্ধ করতে পারে।”

তিনি আরও দাবি করেন, অতীতে ক্ষমতাসীনদের অপকৌশলেই নির্বাচন প্রক্রিয়া ধ্বংস হয়েছিল। এবার আবার কিছু রাজনৈতিক গোষ্ঠীর অবস্থান সেই একই ধরনের শঙ্কা তৈরি করছে। তারেকের মতে, জনগণ যদি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে চায়, তবে সেই ইচ্ছাকে রুদ্ধ করার কোনো প্রচেষ্টা গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড হিসেবে গণ্য হবে।

জাতীয় নির্বাচনে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “এই পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশে প্রচলিত হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে এখনো তা বাস্তবসম্মত নয়।” তিনি জানান, পিআরসহ কয়েকটি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত রয়েছে, তবে এটিকে তিনি গণতন্ত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য হিসেবে দেখেন।

ধর্মীয় সম্প্রদায়কে কেন্দ্র করে রাজনীতি করার সমালোচনা করে তারেক রহমান বলেন, অতীতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই এর নেপথ্যে ছিল রাজনৈতিক উদ্দেশ্য, ধর্মীয় কারণ নয়। তাই ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করার জন্য তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।




পটুয়াখালীতে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগে আলোড়ন

পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) রুহুল আমিন সিকদারের বিরুদ্ধে ট্রাইব্যুনালের বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর আইন অঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ নীলুফার শিরিন লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ঢাকার বার কাউন্সিল সচিবের কাছে। এ ছাড়াও অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, আইন মন্ত্রণালয় এবং জেলা আইনজীবী সমিতিতে।

লিখিত অভিযোগে বিচারক উল্লেখ করেন, গত বুধবার সকাল ৯টার দিকে সরকারি কৌঁসুলির একজন প্রতিনিধি তাঁর বাসায় এসে গৃহকর্মীর হাতে একটি লাল রঙের ব্যাগ দিয়ে যান। ব্যাগটি বিচারকের কাছে পৌঁছে দিতে বলে ওই প্রতিনিধি দ্রুত চলে যান। ব্যাগটি খুলে বিচারক দেখতে পান এর ভেতরে দুটি খাম রয়েছে। একটি খামে ছিল মামলার কাগজপত্র এবং অন্য খামে রাখা ছিল ৫০০ টাকার নোটের একটি গোছা। যদিও তিনি টাকা গুনে দেখেননি, অনুমান করা যায় খামে প্রায় ৫০ হাজার টাকা ছিল।

অভিযোগে আরও বলা হয়, এর আগে থেকেই পিপি রুহুল আমিন হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে বিচারকের সাথে যোগাযোগের চেষ্টা করছিলেন। কিন্তু বিচারক তাঁর বার্তার কোনো উত্তর দেননি। পরে এভাবে ঘুষ দেওয়ার প্রচেষ্টা তাঁকে মানসিকভাবে আঘাত করে এবং অপমানিত বোধ করেন।

এ ঘটনায় জেলা আইনজীবী সমিতি বৃহস্পতিবার এক জরুরি সভা ডেকে রুহুল আমিনের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে। পাশাপাশি তাঁকে সাত কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সাধারণ সম্পাদক শরীফ মো. সালাহউদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, এই সিদ্ধান্তের অনুলিপি বার কাউন্সিলসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হবে।

অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, অতীতে একাধিকবার পিপি রুহুল আমিন বিচারকের কাছে আসামিপক্ষে তদবির করেছেন। এমনকি আলোচিত জুলাই শহীদের মেয়েকে দলবদ্ধ ধর্ষণের মামলাতেও তাঁর বিরুদ্ধে আসামিপক্ষের হয়ে প্রভাব খাটানোর অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে পিপি রুহুল আমিন দাবি করেছেন, তিনি বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টা করেননি। বিষয়টি তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।

ঘটনাটি ইতিমধ্যে আদালতপাড়ায় তীব্র আলোড়ন তুলেছে। আইনজীবীদের একটি অংশ বলছেন, এই অভিযোগ প্রমাণিত হলে এটি দেশের বিচার ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা হবে। অন্যদিকে অনেকেই মনে করছেন, বিষয়টি পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া উচিত।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম




কুয়াকাটায় বিষধর পদ্মগোখরা উদ্ধার

পটুয়াখালীর কুয়াকাটায় প্রায় ৪ ফুট লম্বা বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে পৌরসভার হোসেন পাড়া এলাকা থেকে সাপটি উদ্ধার করে অবমুক্ত করেন ‘অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী’র বন্যপ্রাণী উদ্ধারকর্মীরা

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আবু হাসান মিলন সকালে নিজ বাড়ির আঙিনায় জালে আটকে থাকা সাপটি দেখতে পান। পরে তিনি দ্রুত স্থানীয় অ্যানিম্যাল লাভারস টিমকে খবর দেন। খবর পেয়ে কলাপাড়া থেকে রেসকিউ টিম এসে পৌরসভার কর্মী, বনবিভাগ ও পরিবেশকর্মীদের সহযোগিতায় সাপটি নিরাপদে উদ্ধার করে অবমুক্ত করে

অ্যানিম্যাল লাভারস অফ পটুয়াখালী টিমের রেসকিউ অ্যান্ড রিলিজ উইং প্রধান আসাদুল্লাহ হাসান মুছা জানান, সাপটির বৈজ্ঞানিক নাম Naja kaouthia (ইংরেজিতে Monocled Cobra)। এটি গোখরা প্রজাতির একটি সাপ, যা দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়। তিনি আরও বলেন, “খবর পেয়ে আমরা রেসকিউ টিম নিয়ে এসে সাপটি উদ্ধার করি এবং নিরাপদে অবমুক্ত করি।”

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা (উপরা)-এর যুগ্ম আহ্বায়ক আবুল রাজু হোসেন জানান, “সাপটি জালের ভেতরে আটকা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি স্থানীয়রা ভিড় জমিয়েছে। তবে কেউ এটিকে মারার চেষ্টা করেনি, এজন্য আমরা স্থানীয়দের ধন্যবাদ জানাই। পরে প্রশিক্ষিত টিম এসে আমাদের সহযোগিতায় সাপটি উদ্ধার করে বনবিভাগের সহায়তায় অবমুক্ত করে।”

বনবিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম মনিরুজ্জামান বলেন, “পদ্মগোখরা বাংলাদেশের অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ হলেও এটি সাধারণত মানুষের উপস্থিতি এড়িয়ে চলে। অনেক সময় সচেতনতার অভাবে মানুষ সাপ মেরে ফেলে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সঠিক তথ্য জানানো ও বন্যপ্রাণী রক্ষায় সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সচেতনতার পাশাপাশি বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়ে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে জানান পরিবেশকর্মীরা।


মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 




গৌরনদীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীর চিকিৎসা

বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মিনলায়তনে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প। এতে গ্রামের অসহায় ও দুঃস্থ পরিবারের শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা দেন ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রভাষক ও সাভার সুপার মেডিকেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. রাজিব গাজী।

গৌরনদীর টরকী বাসস্ট্যান্ডস্থ খান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বারের আয়োজনে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামান।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক ও মাই টিভির প্রতিনিধি মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপন এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার খোকন আহম্মেদ হীরা।

ক্যাম্পের সঞ্চালনা করেন খান ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস্ চেম্বারের চেয়ারম্যান মো. রুহুল আমিন। এসময় স্কুল ম্যানেজিং কমিটির সদস্য কাজী জুয়েল, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, হাসান মাহমুদ ও রাজিব ইসলাম তারিমসহ অনেকে বক্তব্য রাখেন।

গ্রামীণ সাধারণ মানুষের জন্য এই ধরনের উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্কে শিক্ষার্থীদের উচ্ছ্বাস

গণসচেতনতা বৃদ্ধি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে বরিশালের গৌরনদীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা।

বৃহস্পতিবার দুপুরে গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজের হলরুমে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি প্রতিরোধ কমিটি গৌরনদী উপজেলা শাখা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ খোন্দকার শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মীর আব্দুল আহসান আজাদ ও অধ্যক্ষ নির্মল চন্দ্র প্রমুখ।

প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন এবং নিজেদের যুক্তি ও বক্তব্যের মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার বার্তা দেন। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫