ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রোডম্যাপ ঘোষণা হতে পারে রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী রোববার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত বৈঠকের বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে কমিশন দিনব্যাপী এ বৈঠক শুরু করে।

ইসি সানাউল্লাহ বলেন, “নির্বাচনের রোডম্যাপ নিয়ে আগামী রোববার ব্রিফ করা হতে পারে। আমরা কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছি। যেহেতু অনেক বিষয় রয়েছে, তাই আজই সবকিছু চূড়ান্ত করা সম্ভব না-ও হতে পারে। সেক্ষেত্রে রোববার বা সোমবারের মধ্যে এটি চূড়ান্ত হবে।”

তিনি আরও জানান, কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর সামগ্রিক অগ্রগতি প্রধান নির্বাচন কমিশনারকে জানানো হবে। পরবর্তী ধাপের চূড়ান্ত পরিকল্পনা সম্পন্ন হলেই আনুষ্ঠানিকভাবে রোডম্যাপ ঘোষণা করা হবে।

এদিন দুপুরে শুরু হওয়া বৈঠকে চার নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




আবাসন সংকট সমাধান, গণরুম-গেস্টরুম কালচার নিষিদ্ধে কাজ করবে ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) নির্বাচিত হলে শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান এবং বহুল আলোচিত গণরুম-গেস্টরুম কালচার বন্ধের অঙ্গীকার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব ঘোষণা দেন।

আবিদুল বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। নির্বাচিত হলে তাদের আবাসন সংকট নিরসন করে মানসিক প্রশান্তি ফিরিয়ে আনার চেষ্টা করবো। যাতে তারা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা চালিয়ে যেতে পারে।”

তিনি আরও জানান, ছাত্রদলের প্যানেল বিজয়ী হলে গণরুম-গেস্টরুম কালচারসহ ক্যাম্পাসের সব অপসংস্কৃতির অবসান ঘটানো হবে। ক্যান্টিনে ফাও খাওয়া থেকে শুরু করে রাজনৈতিক অরাজকতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

ভিপি প্রার্থী বলেন, “ছাত্রদল এই প্রথম অভ্যন্তরীণ ভোটাভুটির মাধ্যমে প্রার্থী মনোনীত করেছে। সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী নির্বাচনের ইতিহাস আমরা রচনা করেছি। আশা করি শিক্ষার্থীরা এই প্রক্রিয়াকে স্বাগত জানাবে।”

তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ আবাসিক প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। এতে বাইরের হোস্টেল ও মেসের ওপর নির্ভরশীলতা কমবে, শিক্ষার্থীদের টিউশন করার চাপও হ্রাস পাবে। ফলে তারা পড়াশোনায় বেশি মনোযোগ দিতে পারবে এবং চাকরির প্রতিযোগিতায় এগিয়ে থাকবে।

আবিদুল বলেন, “আমরা চাই প্রতিটি শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে স্নাতকোত্তর শেষ করা পর্যন্ত পড়াশোনা, গবেষণা ও সহশিক্ষা কার্যক্রমে সম্পূর্ণ মনোযোগ দিতে পারুক। তাদেরকে একজন যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্রদল প্রতিশ্রুতিবদ্ধ।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদসহ অন্যান্য নেতারা।




গৌরনদীতে নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

বরিশালের গৌরনদীতে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর উম্মে বিথী (৩৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গৌরনদী পৌরসভার আশোকাঠী এলাকায় পালরদী মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজ সংলগ্ন নদী থেকে তার লাশ তোলা হয়।

নিহত উম্মে বিথী উপজেলার হরিসেনা গ্রামের রিপন সরদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম শিকদারের মেয়ে ও এক সন্তানের জননী উম্মে বিথী বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালানোর পর দুপুর আড়াইটায় ঘটনাস্থল থেকে প্রায় ১০০ গজ দূরে নদীর তলদেশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




পিআর পদ্ধতি ও প্রবাসীদের ভোটাধিকারসহ ৯ দফা প্রস্তাব দিল এবি পার্টি

আগামী জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে ছাত্রদের ভূমিকা রাখার প্রস্তাব দিয়েছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।

বুধবার (২০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম এম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এ প্রস্তাবের কথা জানান।

তিনি বলেন, “আমাদের অভিজ্ঞতা হচ্ছে, বিভিন্ন সময়ে ছাত্ররা দুর্যোগ ও আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেমন নিরাপদ সড়ক আন্দোলন বা মাইলস্টোন ট্র্যাজেডির পর বার্ন ইউনিটে কিশোররা স্বেচ্ছাসেবী হয়ে পরিস্থিতি সামলেছিল। নির্বাচনেও যদি স্কুলছাত্রদের স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত করা যায়, তবে তারা সহিংসতা রোধ ও আচরণবিধি মানায় কার্যকর ভূমিকা রাখতে পারবে।”

এ সময় এবি পার্টি ৯ দফা প্রস্তাব তুলে ধরে। এর মধ্যে রয়েছে—

দ্বিকক্ষবিশিষ্ট সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতি চালু করা,

না হলে নিম্নকক্ষে ন্যূনতম ১০০ আসনে পিআর পদ্ধতি প্রবর্তন,

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা,

দ্বৈত নাগরিকদের জাতীয় ও স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া,

মডেল প্রচার নির্দেশিকা প্রণয়ন,

প্রার্থীদের সরাসরি টেলিভিশন বিতর্কের ব্যবস্থা করা,

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো,

শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতায় তরুণ ভোটারদের জন্য বিশেষ প্রোগ্রাম গ্রহণ।

দলটি আরও দাবি জানায়, ভোটকেন্দ্রগুলো প্রভাবমুক্ত রাখতে বর্তমান সংখ্যা কমিয়ে বড় মাঠ, শিক্ষা প্রতিষ্ঠান ও স্টেডিয়ামের মতো উন্মুক্ত স্থানে ভোটকেন্দ্র স্থাপন করতে হবে।

মজিবুর রহমান মঞ্জু বলেন, “প্রচলিত নির্বাচনী ধারা অনুসরণ করলে নতুন করে সহিংসতা হতে পারে। তাই নতুন ধাঁচের একটি নির্বাচনী পরিকল্পনা দরকার।”

সভায় এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।




সুপ্রিম কোর্টে তারেক রহমান-বাবরের খালাস নিয়ে শুনানি আজ

গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ আসামিদের খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি সুপ্রিম কোর্টে চলছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আদালতে আসামিপক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট এসএম শাহজাহান ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ।

এর আগে রাষ্ট্রপক্ষ খালাস বাতিলের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ করে। বুধবারও সংক্ষিপ্ত শুনানি শেষে আজ (বৃহস্পতিবার) পূর্ণাঙ্গ শুনানির জন্য দিন নির্ধারণ করেন আপিল বিভাগ।

চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্ট একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। আদালত রায়ে বলেন, মামলার বিচার আইনসম্মতভাবে হয়নি এবং অভিযোগপত্র ছিল অগ্রহণযোগ্য।

এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করে। গত ১ জুন আপিল বিভাগের অনুমতি মেলে।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন শতাধিক নেতাকর্মী, শেখ হাসিনাও গুরুতর আহত হন।




“জনগণের রায় ছাড়া পিআর পদ্ধতি চাপানো যাবে না”: নজরুল ইসলাম খান

আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালুর আগে জনগণের রায় নেওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, “পিআর পদ্ধতিতে ধারণার ভিত্তিতে নির্বাচন হতে পারে না। জনগণের কাছে না জিজ্ঞেস করেই নতুন পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, সব রাজনৈতিক দল পিআর পদ্ধতি মেনেও নিলেও সংবিধান সংশোধন ছাড়া এটি কার্যকর সম্ভব নয়। সেই সংশোধন করতে পারে কেবল একটি জনগণের ভোটে নির্বাচিত সংসদ।

নজরুল ইসলাম খান অভিযোগ করেন, ইভিএম ব্যবহার নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, অথচ নির্বাচনী কাঠামোতে মৌলিক পরিবর্তনের চেষ্টা চলছে। জনগণের মতামত ছাড়া নতুন পদ্ধতি চাপিয়ে দেওয়া অযৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একই অনুষ্ঠানে বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দেশি-বিদেশি ষড়যন্ত্রে নিহত হয়েছেন। খালেদা জিয়া সেই পতাকা ধারণ করে বিএনপিকে এগিয়ে নিয়েছেন। তবে এখনও গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি, নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত চলছে বলেও তিনি অভিযোগ করেন।

এ সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়। ওই দিন সারা দেশে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং রাজনৈতিক কর্মসূচি পালনের কথা জানান দলের নেতারা।




গাজায় মানবিক বিপর্যয়: আকাশপথে খাদ্য পাঠাল সাত দেশ

অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমানে করে ত্রাণ সরবরাহ করেছে ইন্দোনেশিয়াসহ সাত দেশ। ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, বুধবার (২০ আগস্ট) জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, নেদারল্যান্ডস, ফ্রান্স ও সিঙ্গাপুরের সঙ্গে মিলে ইন্দোনেশিয়া মোট ১৫৪ প্যালেট ত্রাণ ফেলে।

প্রতিটি প্যালেটে কয়েকশ কেজি খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় দ্রব্য ছিল বলে জানানো হয়েছে। তবে মানবিক এই উদ্যোগ সত্ত্বেও স্থানীয়রা বলছেন, ত্রাণ গাজার মানুষের জন্য যথেষ্ট নয়। বরং প্যালেট পড়ে কয়েকজন প্রাণ হারিয়েছেন এবং সীমিত সহায়তা পেতে মানুষকে দৌড়াদৌড়ি করতে দেখা গেছে।

দীর্ঘ অবরোধ ও খাদ্য সরবরাহ বন্ধ থাকায় গাজায় ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। গত ২৬ জুলাই থেকে আন্তর্জাতিক চাপের মুখে সীমিতভাবে বিমান থেকে ত্রাণ ফেলার অনুমতি দেয় ইসরায়েল। এর আগে টানা দুই মাস গাজায় কোনো খাদ্যশস্য প্রবেশ করতে পারেনি। এ সময় শত শত মানুষ অপুষ্টি ও অনাহারে ভুগেছেন এবং অন্তত ৩০০ জন মারা গেছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, গত ২৪ জুলাই থেকে এখন পর্যন্ত গাজায় বিমান থেকে ৪১৫ টন ত্রাণ ফেলা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি সামাল দিতে এর চেয়ে বহু গুণ বেশি সহায়তা প্রয়োজন।




ভারতের মাটিতে আ. লীগের কার্যালয় বন্ধে ঢাকার দাবি, দিল্লির পাল্টা জবাব

ভারতের মাটিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার। তবে দিল্লি জানিয়েছে, দেশটিতে আওয়ামী লীগ সমর্থিতদের মাধ্যমে বাংলাদেশবিরোধী কোনো কার্যকলাপের বিষয়ে তারা অবগত নয়।

বুধবার (২০ আগস্ট) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রতিক্রিয়া জানান। বিষয়টি দেশটির পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়।

ঢাকার বিবৃতিতে বলা হয়, দিল্লি ও কলকাতায় নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের বিষয়টি সরকারের নজরে এসেছে। এ ধরনের কার্যক্রম বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবমাননা এবং দুই দেশের সম্পর্কের জন্য ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করে ঢাকা।

তবে মুখপাত্র জয়সওয়াল জানান, ভারত তার ভূখণ্ডে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দ্রুত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের অভিযোগে বলা হয়েছে, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ও ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা বর্তমানে ভারতের ভূখণ্ডে অবস্থান করছেন এবং সেখান থেকে বাংলাদেশবিরোধী প্রচারণা চালাচ্ছেন। সম্প্রতি দিল্লি প্রেসক্লাবে এমন কার্যক্রমেরও অভিযোগ করে ঢাকা।

এ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনেও এ দলের ক্রমবর্ধমান তৎপরতার কথা উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকার বলছে, বিষয়টি দুই প্রতিবেশীর সুসম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।




ঢাকায় চারদিনের সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী

চারদিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান। বুধবার (২০ আগস্ট) এক বার্তায় ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বাণিজ্যমন্ত্রী ঢাকায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এ সফর। সফরকালে জাম কামাল খান বাংলাদেশি প্রতিপক্ষ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির নানা দিক নিয়ে আলোচনা হবে।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর এ সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ খাতে সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে।




“গণতন্ত্র এখনো অধরা, সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা নেই: রিজভী”

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে এখনো গণতন্ত্র পুনরুদ্ধার হয়নি এবং অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি।

বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ষড়যন্ত্রের অন্ধগলিতে দেশকে ঠেলে দেওয়া হচ্ছে। সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদী চক্র বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রকে খণ্ডিত করার ষড়যন্ত্রে লিপ্ত। “১৬ বছর ধরে দুঃশাসন, গুপ্তহত্যা, সংবাদপত্রের স্বাধীনতা হরণ ও বিরোধী মতকে দমনের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন চলছে।”

তিনি অভিযোগ করেন, বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠাকারী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আন্তর্জাতিক চক্রান্তে হত্যা করা হয়েছিল। তার হত্যার মাধ্যমে গণতন্ত্রকেও হত্যা করা হয় বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির মুখপাত্র আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতান্ত্রিক আন্দোলনকে সুসংগঠিত করছেন। তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে আরও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক জি কে গউসসহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।