বাউফলে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

পটুয়াখালীর বাউফলে ডাকাতির সময় জনতার গণপিটুনিতে একজন ডাকাত নিহত হয়েছেন। গুরুতর আহত অপর এক সহযোগীকে আটক করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, আদাবাড়িয়ার আজাহার জোমাদ্দারের ঘরে ডাকাতির চেষ্টা চালায় সংঘবদ্ধ একদল ডাকাত। এ সময় তারা সোনার গহনা নিয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির লোকজন ডাক চিৎকার দেয়। পরে আশপাশের মানুষ ছুটে এসে ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়। এতে মজিবর (৪০) নামে এক ডাকাত ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় রাজিব (৩০) নামের আরেকজনকে পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন রাজিব জানিয়েছেন, তার বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায়। নিহত মজিবরের বাড়ি একই জেলার বাউফলে। তিনি আরও জানান, তাদের সঙ্গে কালাইয়া ইউনিয়নের বাচ্চু নামের আরেকজন সহযোগী ছিল, যিনি গণপিটুনির সময় পালিয়ে যান।
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, “সকালে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মজিবর মারা যান এবং রাজিব চিকিৎসাধীন রয়েছেন।”
বাউফল থানার ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ডাকাতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। আটক রাজিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়দের দাবি, সাম্প্রতিক সময়ে এলাকায় ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছিল। এই ঘটনায় সাধারণ মানুষ স্বস্তি পেলেও পালিয়ে যাওয়া ডাকাতকে দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন তারা।







