বরিশালে স্বেচ্ছাসেবক দলকর্মী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বরিশালের কাশিপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী লিটন শিকদার হত্যা মামলার প্রধান আসামি মো. জাকির গাজীকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব-৮ সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, গত ৩১ জুলাই পারিবারিক বিরোধের জের ধরে মো. জাকির গাজীসহ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র দিয়ে লিটন শিকদারকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর তারা মৃতের ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও দামি আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের বোন বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ডের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে র্যাব-৮ তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের ধরতে গোয়েন্দা নজরদারি বাড়ায়।
অভিযানের ধারাবাহিকতায় র্যাব-৮ ও র্যাব-১০ যৌথভাবে ঢাকায় অভিযান চালিয়ে সোমবার প্রধান আসামি জাকির গাজীকে আটক করে। পরে তাকে ঢাকার শ্যামপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে একই মামলায় দ্বিতীয় আসামি মো. মিলন গাজী ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার ইলাকেও গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫







