স্বাস্থ্য উপদেষ্টা অথর্ব, ওনাকে দিয়ে কিছু হবে না : মহিউদ্দিন রনি

স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলনের ২৮তম দিনে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারীরা। রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ কর্মসূচি শুরু হয়।
আন্দোলনকারীরা সংস্কার বিষয়ে লিখিত ঘোষণা দেওয়ার দাবি জানিয়ে নানা স্লোগান দেন। তারা বলেন, আন্দোলনের কারণে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অচল থাকা ৯৫টি মেশিন সচল করা হয়েছে, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন ট্রলিম্যান নিয়োগ দেওয়া হয়েছে। তবে আন্দোলন থেমে গেলে আবারও এসব জায়গায় সিন্ডিকেট গড়ে ওঠার আশঙ্কা রয়েছে। এজন্য মৌখিক আশ্বাস নয়, বরং স্থায়ী সমাধান প্রয়োজন বলে দাবি জানান তারা।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, “কিছুদিন আগে আমরা বিভাগীয় কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছি। আজ এসেছি তার আপডেট জানতে—তিনি আমাদের দাবিগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছেন কিনা বা মন্ত্রণালয় কোনো পদক্ষেপ নিয়েছে কিনা সেটা জানার জন্য।”
তিনি আরও বলেন, “আমরা দাবি করেছিলাম স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে এসে নিজ চোখে পরিস্থিতি দেখবেন। কিন্তু দেখা যাচ্ছে তার মাধ্যমে কোনো ফল পাওয়া সম্ভব নয়। তারপরও আমরা হতাশ হইনি। আমাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মূল ফটকে দাঁড়িয়ে বিক্ষোভ করলেও আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতে পারেননি। তবে তাদের পাঁচজন প্রতিনিধি কমিশনারের সঙ্গে সাক্ষাতের অনুমতি পান। যদিও দুপুর ২টা পর্যন্ত কমিশনার অফিসে উপস্থিত ছিলেন না।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫
ট্যাগ: #স্বাস্থ্যখাত #আন্দোলন #বরিশাল #মহিউদ্দিনরনি #Health #Protest #Bangladesh








