গৌরনদীতে বিএনপির নাম ভাঙিয়ে ফিলিং স্টেশনে চাঁদাবাজির চেষ্টা

বরিশালের গৌরনদীতে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। ডাকযোগে প্রেরিত এক চিঠির মাধ্যমে স্থানীয় একটি ফিলিং স্টেশনের পরিচালকের কাছে প্রতিমাসে ৩০ হাজার টাকা চাওয়া হয়েছে। চিঠিতে বিষয়টি কাউকে না জানানোর হুমকিও দেওয়া হয়।
ঘটনাটি ঘটে সোমবার (২৫ আগস্ট)। গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, দুপুরে ডাকযোগে তিনি এ চিঠি পান। চিঠিতে দাবি করা হয়—প্রেরক বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং নিয়মিত মিটিং-সমাবেশে খরচ হয়। তাই প্রতিমাসে ৩০ হাজার টাকা সহযোগিতা দিতে হবে, অন্যথায় পরিণতি ভোগ করতে হবে।
প্রেরকের নাম-পরিচয়ও চিঠিতে উল্লেখ করা হয়। তবে পরে খোঁজ নিয়ে দেখা যায়, উল্লিখিত ঠিকানায় এ নামে কাউকে পাওয়া যায়নি। এতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সন্দেহের সৃষ্টি হয়েছে।
আশোকাঠী ফিলিং স্টেশনের মালিক মো. আলাউদ্দিন ভূঁইয়া বলেন, “আমরা বিষয়টি স্থানীয় বিএনপি নেতাদের জানিয়েছি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। কর্মচারীরাও চিঠি পেয়ে আতঙ্কে রয়েছে।”
গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব বলেন, “এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র। অজ্ঞাতনামা দুষ্কৃতকারী কিংবা প্রতিপক্ষ রাজনৈতিক দলের কেউ বিএনপিকে বদনাম দিতে এই ধরনের কাজ করতে পারে। আমাদের কোনো নেতাকর্মী বা সমর্থক এর সঙ্গে জড়িত নয়।”
তিনি আরও দাবি করেন, বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫







