ভোলায় নতুন শিল্প সম্ভাবনা: অর্থনৈতিক অঞ্চল হিসেবে লাইসেন্স পেলো ভোলা ইকোনমিক জোন

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) দেশের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে। ভোলা জেলায় গড়ে উঠতে যাওয়া ‘ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন’ পেয়েছে প্রি-কোয়ালিফিকেশন লাইসেন্স।

ভোলা সদর উপজেলার প্রায় ১০২.৪৬ একর জমিতে এ অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী তা পরবর্তীতে ১৫৮ একরে সম্প্রসারিত হবে। এটি একটি পরিবেশবান্ধব, শ্রমঘন এবং কৃষিভিত্তিক শিল্প এলাকা হিসেবে গড়ে তোলা হবে।

এখানে মাছ ও মাংস প্রক্রিয়াজাতকরণ, দুগ্ধজাত পণ্য উৎপাদন, কৃষি-শিল্পভিত্তিক কারখানা স্থাপনের পরিকল্পনা রয়েছে। প্রায় ৪০টি শিল্প প্রতিষ্ঠান স্থাপিত হলে সরাসরি ও পরোক্ষভাবে এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে।

বেজার নির্বাহী সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলাম বলেন, “ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোন বরিশাল বিভাগের প্রথম অর্থনৈতিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ডেভেলপার হিসেবে কাজ করছে চীনের লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটি দক্ষিণাঞ্চলের কৃষি ও মৎস্যভিত্তিক শিল্প বিকাশে যুগান্তকারী ভূমিকা রাখবে।”

ভোলা ইকো-ডেভেলপমেন্ট ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক মি. ঝুয়াং লাইফেং বলেন, “আমরা একটি পরিবেশবান্ধব ও সার্কুলার ইকোনমিক জোন গড়ে তুলতে কাজ করছি। ভোলার প্রাকৃতিক গ্যাস ও কৃষি সম্পদকে কাজে লাগিয়ে বৈদেশিক বিনিয়োগ আনাই আমাদের লক্ষ্য।”

উল্লেখ্য, লিজ ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইতোমধ্যেই বাংলাদেশে গার্মেন্টস, টেক্সটাইল ও অন্যান্য খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। এবার ভোলায় বিনিয়োগের মাধ্যমে তারা টেকসই শিল্পায়ন ও রপ্তানিমুখী উৎপাদন কার্যক্রমে নতুন অধ্যায় যুক্ত করতে যাচ্ছে।

বেজার বিশ্বাস, এ অঞ্চল চালু হলে দক্ষিণাঞ্চলে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধির পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্যও ভোলা হয়ে উঠবে একটি আকর্ষণীয় গন্তব্য।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বিদ্যুতের টাওয়ারে মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, অচল পুরো উপজেলা

পিরোজপুরের নেছারাবাদে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অস্বাভাবিক কাণ্ডে বিপাকে পড়েছে পুরো উপজেলা। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে প্রায় ৩৪০ ফুট উঁচু বিদ্যুতের টাওয়ারে উঠে চার ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থান করায় দুর্ঘটনা এড়াতে গোটা উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

স্থানীয়রা জানান, স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সেনা ক্যাম্পসংলগ্ন সন্ধ্যা নদীর দুই পাড়ে মূল সঞ্চালন লাইনের জন্য দুটি টাওয়ার নির্মাণ করা হয়েছে। সেখানেই আনুমানিক চল্লিশোর্ধ্ব এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হঠাৎ করেই টাওয়ারে উঠে পড়েন। উপস্থিত লোকজন নামতে বললেও তিনি উল্টো আরও ওপরে চূড়ায় চলে যান।

খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা করে। তবে এ বিষয়ে ফায়ার ফাইটার মো. রিয়াজ বলেন, “যদি স্বাভাবিক কোনো ব্যক্তি হতেন তবে কৌশলে নামানো যেত। কিন্তু যেহেতু তিনি মানসিকভাবে অসুস্থ, তাই কাছে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা চেষ্টা করলে তিনি উল্টো আমাদের ওপর আক্রমণ করতে পারেন।”

এদিকে নেছারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জানে আলম জানান, টাওয়ার দিয়ে মূল লাইন টানা থাকায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। তিনি বলেন, “আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আপাতত পুরো উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।”

অবস্থাটি ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত আধুনিক উদ্ধার সরঞ্জাম ও বিশেষজ্ঞ দলের মাধ্যমে ওই ব্যক্তিকে নিরাপদে নামানোর দাবি জানিয়েছেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




প্রচারণার প্রথম দিনেই ব্যানার ভাঙচুর-ছবি বিকৃতি, দোষীদের শাস্তি দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরুর প্রথম দিনেই শিবির সমর্থিত এক প্রার্থীর ব্যানার-ফেস্টুন ভাঙচুর ও ছবি বিকৃতির ঘটনা ঘটেছে। এতে প্রার্থীর মুখাবয়ব বিকৃত করে হিংসাত্মক রূপ দেওয়া হয়, যা পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়েছে।

ঘটনার পর মঙ্গলবার (২৬ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট গভীর উদ্বেগ প্রকাশ করে। তাদের অভিযোগ, “আমরা নির্বাচন কমিশনের বিধিমালা মেনে নিয়মতান্ত্রিকভাবে প্রচারণা চালাচ্ছি। কিন্তু একটি সন্ত্রাসী গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ব্যানার ভাঙচুর ও ছবি বিকৃতির মতো ন্যাক্কারজনক কাজ করেছে।”

জোট দাবি করে, ছবিগুলো বিকৃত করে ধর্মীয় অনুভূতি আঘাত করা হয়েছে এবং হিজাব ফোবিয়াকে উসকে দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে চারুকলা অনুষদে শেখ হাসিনার ব্যঙ্গাত্মক ভাস্কর্য পুড়িয়ে ফেলার সঙ্গেও একই গোষ্ঠী জড়িত ছিল। এবারও তারা ক্যাম্পাসে বিভাজন সৃষ্টির অপচেষ্টা করছে।

জোট অভিযোগ করেছে, কিছু চিহ্নিত গণমাধ্যম দুষ্কৃতিকারীদের আড়াল করার চেষ্টা করছে এবং দায় সাধারণ শিক্ষার্থীদের ওপর চাপাতে চাইছে। এটি পরিকল্পিত ষড়যন্ত্র বলেও দাবি করেছে তারা।

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি ক্যাম্পাসকে সবার জন্য উন্মুক্ত রাখার আহ্বান জানিয়ে জোট বলেছে, “কোনও কুচক্রী মহল আমাদের ঐক্য ভাঙতে পারবে না।”




ঝালকাঠিতে বিএনপি নেতার বিচারের দাবিতে ইমাম সমিতির বিক্ষোভ

ঝালকাঠিতে মসজিদের ইমামকে মারধরের অভিযোগে নবগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি তাপস তালুকদারসহ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইমাম সমিতি। এ সময় জেলা প্রশাসক বরাবরে একটি স্বারকলিপিও প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেলে জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামির নেতৃত্বে ইমামরা মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হন।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামি। বক্তব্য রাখেন বাইতুল মুমিন জামে মসজিদের খতিব মাওলানা কাওসার মাহমুদ, ঝালকাঠি ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোখতার আহমেদ, মাওলানা রুহুল আমিন ও স্টীমারঘাট জামে মসজিদের খতিব মাওলানা ইব্রাহিম আল হাদি।

বক্তারা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার বিকেলে নবগ্রাম ইউনিয়ন বিএনপি সভাপতি তাপস তালুকদারের নেতৃত্বে একদল লোক স্থানীয় মসজিদের ইমাম মাওলানা আল আমিনকে তুচ্ছ বিষয় নিয়ে মারধর করে এবং তার দাঁড়ি ছিঁড়ে ফেলে। এ ঘটনায় ঝালকাঠি থানায় মামলা দায়ের হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি।

বক্তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, আসামিদের গ্রেফতার না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




‘বাংলাদেশ জেল’ নয়, নতুন নাম হবে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’

বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে রাখা হচ্ছে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’। মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর কারা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি জানান, শুধু নাম পরিবর্তনই নয়—কারা অধিদপ্তরের আইন, নীতি ও কাঠামোকে যুগোপযোগী করে তুলতে খসড়া ‘কারেকশন সার্ভিসেস অ্যাক্ট-২০২৫’ প্রস্তুত করে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এর লক্ষ্য হবে শাস্তির চেয়ে সংশোধনমূলক কার্যক্রমে গুরুত্ব দেওয়া।

অবকাঠামো ও জনবল বৃদ্ধি

ধারণক্ষমতার অতিরিক্ত বন্দি সামলাতে নতুন দুটি কেন্দ্রীয় কারাগার এবং চারটি জেলা কারাগার চালু হয়েছে। ঢাকা বিভাগকে ভেঙে দুটি পৃথক বিভাগ গঠন করা হয়েছে। জনবল সংকট মোকাবিলায় সরকার ১,৮৯৯ নতুন পদ অনুমোদন দিয়েছে এবং আরও ১,৫০০ জনবলের আবেদন করা হয়েছে।

নিরাপত্তা ও প্রযুক্তি

কারা প্রাঙ্গণকে আধুনিক প্রযুক্তির আওতায় আনা হয়েছে। ফাইবার নেটওয়ার্ক, ডিজিটাল অ্যাটেনডেন্ট সিস্টেম, টিম ট্রেকার্স, এআই নির্ভর সিসি ক্যামেরা, বডি ক্যামেরা, মোবাইল জ্যামিং সিস্টেম, বডি স্ক্যানারসহ নানা আধুনিক সরঞ্জাম ব্যবহৃত হচ্ছে। নিরাপত্তা জোরদারে অস্ত্র কেনার পরিকল্পনাও রয়েছে।

বন্দিদের কল্যাণ

  • খাবার: প্রোটিন বাড়ানো, সকালের নাস্তা ও বিশেষ দিবসে বাড়তি বরাদ্দ।
  • স্বাস্থ্যসেবা: কেরাণীগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ।
  • মানসিক স্বাস্থ্য: খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা।
  • সাক্ষাৎ ও যোগাযোগ: টেলিফোন কল ও সাক্ষাৎ এখন ডিজিটালাইজড, হটলাইন (১৬১৯১) চালু।

কর্মকর্তা-কর্মচারীদের সুবিধা

অবসরপ্রাপ্ত কারারক্ষীদের আজীবন রেশন প্রদানের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। উন্নতমানের প্যাকেটজাত রেশন, বিশেষ দিবসে খাবারের বরাদ্দ, ওয়েট চার্ট বাধ্যতামূলক করা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ কার্যক্রম চালু রয়েছে।

দুর্নীতি ও মাদকবিরোধী কঠোরতা

গত এক বছরে মাদকসেবী ২৯ জন সদস্যকে শাস্তি দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অনিয়ম ও দুর্নীতির কারণে ৩৪ জনকে চাকরিচ্যুত, ৪৪০ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা এবং ১৭২ জনকে বদলি করা হয়েছে।

আইজি প্রিজন জানান, “শাস্তিমূলক নয়, সংশোধনমূলক কার্যক্রমের উপর জোর দিয়েই কারা ব্যবস্থাকে নতুনভাবে গড়ে তোলা হচ্ছে।”




ভারতে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের হাকিমপুর সীমান্তে আটক পাঁচ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৫ আগস্ট) বিকাল সাড়ে চারটায় সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত কুমার ঘোষ জানান, নাম-ঠিকানা যাচাই শেষে রাত ৯টার দিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তরকৃতরা হলেন:

  • মনিরা পারভীন (৪৭), পশ্চিম বিড়ালক্ষী, শ্যামনগর

  • রফিকুল ইসলাম (৪৮), হরিনগর, শ্যামনগর

  • শহিদ আলী (৫৭), গোবিন্দপুর, কালিগঞ্জ

  • রবিউল ইসলাম (৩৫), বেনাদনা, কালিগঞ্জ

  • মাসুম বিল্লাহ (৩০), গড়–ইমহল

বিজিবি সূত্রে জানা যায়, ২৪ আগস্ট রাত ১১টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকায় প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দিবাজ্যোতি ডলি এবং বিজিবি-৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

আটককৃত মাসুম বিল্লাহ জানান, কাজের সন্ধানে বিনা পাসপোর্টে তারা ভারতে গিয়েছিলেন এবং দীর্ঘদিন বসবাস করছিলেন। সম্প্রতি পরিস্থিতি খারাপ হওয়ায় দেশে ফেরার সিদ্ধান্ত নিয়ে ২৪ আগস্ট রাতে হাকিমপুর বিএসএফ ক্যাম্পে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




ফজলুর রহমানের দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত

শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের দলীয় সব পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিএনপির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

ফজলুর রহমানকে দেওয়া পদ স্থগিতের চিঠিতে বলা হয়েছে, গত ২৪ আগস্ট তার নামে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছিল। তিনি নোটিশের লিখিত জবাব না দিয়ে সময় বর্ধিত করার আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার আরও ২৪ ঘণ্টা সময় বর্ধিত করা হয়। তবে আজ প্রদত্ত জবাব সন্তোষজনক নয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে কঠোর সাংগঠনিক ব্যবস্থা না নিয়ে তার দলীয় প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ তিন মাসের জন্য স্থগিত করা হলো।

এছাড়া নির্দেশনা দেওয়া হয়েছে, টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা ও দলের নীতিমালা ক্ষুণ্ণ না হয় এবং জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে তা সর্বদা বিবেচনা করতে হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




মাইলস্টোন দুর্ঘটনায় নিহত পরিবারগুলোর ৯ দফা দাবি

বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবার রানওয়ে এলাকা থেকে প্রতিষ্ঠানটি স্থানান্তরসহ ৯ দফা দাবি তুলেছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের পক্ষে ফাতেমার মামা লিয়ন মীর, তানভীরের বাবা রুবেল এবং মারিয়ামের মা উম্মে আফিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তারা অভিযোগ করেন, নিয়ম ভঙ্গ করে কোচিং বাণিজ্যের মাধ্যমে শিশুদের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে মাইলস্টোন কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে উত্থাপিত ৯ দফা দাবির মধ্যে রয়েছে—

  • রানওয়ে এলাকা থেকে মাইলস্টোন শিক্ষাপ্রতিষ্ঠান সরিয়ে নেওয়া
  • সারাদেশে কোচিং বাণিজ্য বন্ধ করা
  • নিহত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ প্রদান
  • মাইলস্টোনের কোচিং বাণিজ্যের মূল হোতাদের আইনের আওতায় আনা
  • অপপ্রচারকারী শিক্ষকদের অপসারণ ও শাস্তির ব্যবস্থা
  • দুর্ঘটনার সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ
  • জনস্বার্থে দায়ের হওয়া রিট বাস্তবায়ন
  • বিমানবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম জনহীন এলাকায় সরানো

নিহত পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, সুষ্ঠু তদন্ত ছাড়া এই দুর্ঘটনার দায় এড়িয়ে যাওয়া যাবে না। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।




ইন্দুরকানীতে তারেক রহমানের উদ্যোগে নতুন ঘর পেলেন শাহীনুর বেগম

মানুষ মানুষের জন্য—এই চেতনার সঙ্গে মিল রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা অব্যাহত রয়েছে। এর ধারাবাহিকতায় পিরোজপুরের জিয়ানগর উপজেলার বালিপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হতদরিদ্র নারী শাহীনুর বেগম নতুন একটি ঘর উপহার হিসেবে পেয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে নতুন ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘরটি উদ্বোধন করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। এই উদ্যোগ বাস্তবায়ন করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক হাফিজ আল আসাদ সাঈদ খান।

স্থানীয়রা বলেন, রাজনৈতিক নেতারা সাধারণত দলীয় কর্মসূচি বা ক্ষমতার রাজনীতিতে সীমাবদ্ধ থাকলেও, তারেক রহমান মানবিক দায়িত্ববোধের মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

নতুন ঘর পেয়ে শাহীনুর বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “ভাঙা ঘরে অসহায়ভাবে জীবন কাটিয়েছি বহু বছর। কখনও ভাবিনি আমারও একটি নিরাপদ ঘর হবে। তারেক রহমান ও যারা আমার পাশে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপি সভাপতি মোঃ ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোস্তান হাফিজ, জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক রেহেনা হাফিজ, ইউনিয়ন বিএনপির আহবায়ক ও প্যানেল চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ও ইউপি সদস্য আব্দুল জলিল শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: রিয়াজুল ইসলাম বয়াতি, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: আল-আমিন হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মো: জুয়েল রানা, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম এবং উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক কে এম শামীম রেজা।

অনুষ্ঠান শেষে স্থানীয় মসজিদের ইমাম খালিদ সাইফুল্লাহ দোয়া-মোনাজাত পরিচালনা করেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




কারাগারে নগদ টাকার রাজত্ব ভাঙতে অভিযান জোরদার : আইজি প্রিজন

ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গত এক বছরে ৮০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন। মঙ্গলবার (২৬ আগস্ট) কারা সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “কারাগারগুলোকে নগদ টাকা মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগের তুলনায় পরিস্থিতির উন্নতি হলেও এখনো অল্প অল্প টাকা ধরা পড়ছে।”

আইজি প্রিজন জানান, মাদক দমনেও অভিযান অব্যাহত রয়েছে। শুধু ঢাকা কেন্দ্রীয় কারাগারেই এক হাজারের বেশি অভিযান চালানো হয়েছে, যেখানে বিপুলসংখ্যক ছোট সাইজের মোবাইল ফোন জব্দ করা হয়েছে। বিশেষ করে চট্টগ্রামে বন্দিদের পেটের ভেতর লুকানো ইয়াবা ধরা পড়ছে বেশি। “আমরা শতভাগ সফল নই, তবে উন্নতি করেছি। মাদক চক্রে জড়িত কারারক্ষীদের বরখাস্ত ও ফৌজদারি আইনে মামলা করা হয়েছে,” বলেন তিনি।

বন্দিদের পালিয়ে যাওয়ার সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গে মহাপরিদর্শক জানান, ৫ আগস্ট বিভিন্ন কারাগার থেকে পালানো ২ হাজার ২০০ জনের মধ্যে অনেককে ফের গ্রেপ্তার করা হলেও এখনো ৭০০-এর বেশি বন্দি পলাতক রয়েছে। এদের মধ্যে ৯ জন জঙ্গি এবং ৬০ জন মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনপ্রাপ্ত আসামি। এছাড়া এখনো ২৯টি অস্ত্র উদ্ধার হয়নি বলেও জানান তিনি।

নারী বন্দিদের আদালতে আনা-নেওয়ার সমস্যা নিরসনে কেরানীগঞ্জে নতুন কারাগার নির্মাণাধীন রয়েছে বলে জানান আইজি প্রিজন। পাশাপাশি ল্যান্ড ফোন ও কারাগারে স্বজনদের সঙ্গে যোগাযোগে অপব্যবহার ঠেকাতে অটোমেশন ব্যবস্থা চালু করা হচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা ধাপে ধাপে সব গুরুত্বপূর্ণ কারাগারে কম্প্রিহেন্সিভ জ্যামিং সিস্টেম চালুর চেষ্টা করছি। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার ও বিশেষ কারাগারে শিগগিরই এটি বসানো হবে।”

খাবারের মান নিয়ে প্রশ্নের জবাবে আইজি প্রিজন বলেন, বন্দিদের প্রাপ্য খাদ্য নিশ্চিত করা হচ্ছে, তবে রাঁধুনি হিসেবে বন্দিরা কাজ করায় স্বাদ নিয়ে অভিযোগ থাকতে পারে। সরকার সম্প্রতি বন্দিদের প্রোটিন বরাদ্দ ৩৬ গ্রাম থেকে বাড়িয়ে ৫৪-৫৫ গ্রামে উন্নীত করেছে।

চিকিৎসা ব্যবস্থার ঘাটতি প্রসঙ্গে তিনি জানান, কারা অধিদপ্তরের তালিকাভুক্ত ডাক্তার আছেন ১৪১ জন, কিন্তু বাস্তবে কর্মরত মাত্র ২ জন। সিভিল সার্জন থেকে ১০৩ জন চিকিৎসক দায়িত্ব পালন করছেন। তবে তা যথেষ্ট নয় বলে স্বীকার করেন তিনি এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার মাধ্যমে এ সংকট সমাধানের চেষ্টা চলছে বলে জানান।