সাঁকো থেকে খালে পড়ে ৫ম শ্রেণির স্কুলছাত্রী নুসরাতের মৃত্যু

বরিশালের মুলাদী উপজেলার চরকোলানিয়া এলাকায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সাঁকো পারাপারের সময় খালে পড়ে নুসরাত (৯) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছেন। নুসরাত চরকোলানিয়া গ্রামের নজরুল ইসলামের কন্যা এবং পার্শ্ববর্তী হিজলা উপজেলার কোলচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, প্রাথমিক বিদ্যালয়ের ২য় প্রান্তিক মূল্যায়নের পরীক্ষা দিতে স্কুল যাচ্ছিল নুসরাত সহ অন্যান্য শিক্ষার্থী। পথে একটি সাঁকো পারাপারের সময় নুসরাত পিছলে খালে পড়ে যায়। সহপাঠীদের চিৎকারে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রীর বাবা নজরুল ইসলাম বলেন, নুসরাত সাঁতার জানত না এবং কিছু দিন আগে টাইফয়েড জ্বরে শারীরিকভাবে দুর্বল ছিল। এর ফলে সাঁকো থেকে পড়ে যাওয়াই মৃত্যুর কারণ বলে মনে করছেন তিনি।

মুলাদী থানার এসআই মো. মাসুদ জানিয়েছেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক সুরতহাল করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ না থাকলে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম / ২০২৫




বরগুনায় অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বরগুনার আমতলী উপজেলায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও বৈধ লাইসেন্স ছাড়া পরিচালনার অভিযোগে আমতলী ডায়াবেটিক ডায়াগনস্টিক সেন্টারে মঙ্গলবার (২৬ আগস্ট) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আমতলী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারেক হাসান। অভিযানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় কুমার হালদার, নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা সাবেরা পারভিন এবং আমতলী থানার কর্মকর্তারা।

অভিযানকালে তালুকদার ডেন্টাল সেন্টারের কর্মীরা অভিযান সম্পর্কে খবর পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান। এছাড়া হিউম্যান কেয়ার ক্লিনিকও পরিদর্শন করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমতলী ডায়াবেটিস ডায়াগনস্টিক সেন্টারকে লাইসেন্স না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বৈধ লাইসেন্স সংগ্রহের জন্য তাৎক্ষণিক নির্দেশনা দেওয়া হয়েছে। পরে প্রতিষ্ঠানের পরিচালক মো. মিজানুর রহমান জরিমানাটি পরিশোধ করেন।

মো. তারেক হাসান বলেন, “স্বাস্থ্য খাতে অনিয়ম ও অবৈধ কার্যক্রম রোধে অভিযান অব্যাহত থাকবে। জনগণকে নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরিশালের ‘পিসার টাওয়ার’—হেলে থাকা ৩০০ বছরের মাহিলাড়া সরকার মঠ

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া সরকার মঠ, যা স্থানীয়ভাবে সরকার মঠ নামে পরিচিত, দেখতে অনেকটা ইতালির পিসা টাওয়ারের মতো। প্রায় তিনশ বছরের পুরনো এই মঠ দক্ষিণ-পূর্ব কোণে হেলে রয়েছে। এটি শিখর মন্দির শিল্পের অপূর্ব নিদর্শন হিসেবে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

মঠের কোনো খোদাই করা লিপি না থাকলেও জানা যায়, নবাব আলীবর্দী খাঁ (১৭৪০-১৭৫৬) শাসনামলে স্থানীয় প্রভাবশালী রূপরাম দাশগুপ্ত মঠটি নির্মাণ করেছিলেন। মঠের ইতিহাস অনুযায়ী, প্রতিষ্ঠাতার মায়ের সমাধি স্থল মঠের ভিতরে থাকায়, মঠের দম্ভপূর্ণ মন্তব্যের পর থেকে এটি হেলে গেছে বলে জনশ্রুতি আছে। তবে মঠ সংলগ্ন বিশাল দিঘির কারণে কিছুটা হেলে যাওয়ার সম্ভাবনাকেও এড়িয়ে যায় না।

ভূপৃষ্ঠ থেকে মঠটির উচ্চতা প্রায় ২৭.৪০ মিটার। অষ্টভুজাকারে নির্মিত মঠটির প্রতিটি ভুজের দৈর্ঘ্য নিচে ১.৯১ মিটার, যা ক্রমে উপরের দিকে সরু হয়ে উঠে শিখরে গিয়ে শেষ হয়। মঠের অভ্যন্তরে একটি বর্গাকারে ছোট কক্ষ রয়েছে, প্রবেশপথ পশ্চিম দেয়ালে। কক্ষে দুই পাশে আড়াআড়িভাবে কমপক্ষে ৮ ফুট দৈর্ঘ্যের বাঁশ রাখা আছে, যা নির্মাণকাল থেকেই রয়েছে বলে ধারণা করা হয়।

সরকার মঠটি বাংলাদেশ সরকারের সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না করায় মঠের পলেস্তারা খসে পড়েছে এবং দক্ষিণ পাশের দিঘিতে পাইলিং না থাকায় ঝুঁকির মুখে রয়েছে।

স্থানীয় মুক্তিযোদ্ধা সুধীর কুমার দাস (বীরপ্রতীক) জানিয়েছেন, “১০ বছর আগে মঠটি সংস্কার করা হলেও বর্তমানে বিভিন্ন স্থানের পলেস্তারা খসে পড়েছে। প্রাচীন নিদর্শনটি রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।”

সরকার মঠের সামনের দুর্গামন্দির কমিটির সাধারণ সম্পাদক রতন কুমার দাস বলেন, পর্যটকরা মঠটি পরিদর্শন করে খুশি হন, কিন্তু ওয়াশরুম, রেস্ট রুম বা বসার ব্যবস্থা না থাকায় তারা হতাশ হয়ে ফিরে যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরি জানিয়েছেন, শিগগির প্রাচীন নিদর্শনগুলো পরিদর্শন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




বরগুনার আমতলীতে কলেজ ছাত্রী অপহরণ, ৮ দিনেও উদ্ধার হয়নি

বরগুনার আমতলীতে এক কলেজ ছাত্রী অপহরণ হওয়ার ৮ দিন পেরিয়ে গেলেও পুলিশ তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে। অপহৃতের বাবা অভিযোগ করেছেন, অপহরণকারী বাদল মন্ডল (২০) ও তার সহযোগীরা তার মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করে ফেলতে পারে। তিনি দ্রুত অপহরণকারী ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং মেয়েকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

জানা যায়, উপজেলার উত্তর টেপুরা গ্রামের ওই ছাত্রীকে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চর আগস্তি গ্রামের ধলু মন্ডলের ছেলে বাদল মন্ডল দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল এবং কুপ্রস্তাব দিচ্ছিল। প্রস্তাবে রাজি না হওয়ায় বাদল মন্ডল ক্ষুব্ধ হন।

গত ১৮ আগস্ট সকালে বাদল মন্ডল তার সহযোগী সমির নেপ্তি, সবুজ হাওলাদারসহ আরও ৫-৬ জনকে নিয়ে ছাত্রীকে তার বাড়ি থেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরিবার বাধা দিলে তাদের মারধর করা হয় এবং ধারালো অস্ত্রের ভয় দেখানো হয়।

পরিবারের পক্ষ থেকে ওইদিনই আমতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু পুলিশ তৎক্ষণাৎ উদ্ধার করতে পারেনি। গত রবিবার ছাত্রীর বাবা বাদল মন্ডলকে প্রধান আসামি করে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন।

ছাত্রীর বাবা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েকে ওরা প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে গেছে। আমি ও আমার স্ত্রী বাধা দিলে মারধর করা হয়েছে। আমার ভয়, তারা মেয়েকে ধর্ষণ শেষে হত্যা করতে পারে।”

এ বিষয়ে আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, “মামলা হয়েছে। অপহৃতকে উদ্ধার এবং অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




নির্বাচন নিয়ে শঙ্কা নেই, রমজানের আগে ভোট আশা বিএনপির সালাহউদ্দিনের

আগামী বছরের ফেব্রুয়ারিতে রমজান শুরুর এক সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, তবে কিছু রাজনৈতিক দল বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা জানান। সালাহউদ্দিন বলেন, “আমরা ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রেখে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা করছি। এবারের নির্বাচন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বা গণপরিষদের দাবি কেবল রাজনৈতিক কৌশল। কয়েকটি দল মাঠ গরম করার জন্য এসব বলছে।

জুলাই সনদ প্রসঙ্গে সালাহউদ্দিন জানান, এর কিছু বিষয় বিএনপির কাছে অযৌক্তিক মনে হয়েছে। তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় বিএনপি বিকল্প প্রস্তাব দেবে।

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়েও কোনো জটিলতা নেই বলে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে ভবিষ্যতে সেটি কার্যকর হতে পারে। তবে বর্তমান সরকারের ঘোষিত মেয়াদের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

জোট প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের সঙ্গে কোনোভাবেই জোট হবে না। তবে যুগপৎ আন্দোলনে যারা ছিল, তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতা হতে পারে। কিছু ইসলামী ঘরানার দল নিয়েও আলোচনা চলছে, তবে সেটি এখনো চূড়ান্ত নয়।




বরিশাল বিশ্ববিদ্যালয়ে তিন দফা দাবিতে মহাসড়ক অবরোধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চালিয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের পর শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন। এতে মহাসড়কটি উত্তাল হয়ে ওঠে।

শিক্ষার্থীরা জানান, তারা টানা এক মাস ধরে অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ এবং যানবাহন সংকট নিরসনের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনও প্রতিশ্রুতি না পাওয়ায় তারা সড়ক অবরোধের মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। শিক্ষার্থীরা সতর্ক করেছেন যে, দ্রুত দাবি পূরণ না হলে তারা আরও কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




শাহবাগে বুয়েট শিক্ষার্থীদের তিন দফা আন্দোলনে অচল প্রধান সড়ক

তিন দফা দাবি আদায়ে শাহবাগ মোড় অবরোধ করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দেন। ফলে রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়কটিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল থেকে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বিকেল সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন— “চাকরি চাকরি পরে কর, ইঞ্জিনিয়ার বানান কর”, “ব্লকেড ব্লকেড, শাহবাগ ব্লকেড”, “কোটা না মেধা, মেধা মেধা”। আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, সোমবার (২৫ আগস্ট) নেসকো কার্যালয়ে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদেই দেশব্যাপী ‘ব্লকেড অব ইঞ্জিনিয়ার্স’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

বুয়েট শিক্ষার্থী আবিদ বলেন, “আমাদের সিনিয়র ভাইকে জীবননাশের হুমকি ও অপমানের প্রতিবাদে আমরা রাজপথে নেমেছি। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. নবম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ৩৩ শতাংশ কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করা।
২. দশম গ্রেডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য থাকা ১০০ শতাংশ কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা।
৩. বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না; করলে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, শাহবাগ মোড় অবরোধ করায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।




বাকেরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশন ও বাকেরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি এবং সততা চর্চায় উদ্বুদ্ধ করা।

বিতর্ক প্রতিযোগিতা সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পৌরসভার ৬ নং ওয়ার্ডের নাজমুল আলম সিদ্দিকী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত হয়। প্রতিযোগিতার গ্রুপ পর্বে শিক্ষার্থীরা “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ” বিষয়ে তর্ক-বিতর্কে অংশগ্রহণ করে। তারা বিভিন্ন যুক্তি ও ধারণা উপস্থাপন করে দেশের দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরেন।

বাকেরগঞ্জ উপজেলার আটটি বিদ্যালয় এই বিতর্কে অংশগ্রহণ করে। এতে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলো হলো:

  • বাকেরগঞ্জ জে এস ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয়

  • মোজাহিদায়া কেরামতিয়া দাখিল মাদ্রাসা

  • সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়

  • কলসকাঠী বালিকা মাধ্যমিক বিদ্যালয়

  • সেন্ট আলফ্রেডস্ হাই স্কুল এন্ড কলেজ

  • কলসকাঠী বরাদাকান্ত মুক্তাকেশী একাডেমী (মহুমুখী)

  • বরিশাল ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

  • শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সেন্ট আলফ্রেডস্ হাই স্কুল এন্ড কলেজ, এবং দ্বিতীয় স্থান অধিকার করে বাকেরগঞ্জ সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি পঙ্কজ কুমার দাস। বাকেরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুনীল কুমার দাস (ঝন্টু) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। বিশেষ অতিথি ছিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা।

বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র, মেডেল প্রদান করা হয় এবং বিজয়ী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




রনির চ্যালেঞ্জ: স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে আসুন

বরিশাল স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দীন রনি স্বাস্থ্য উপদেষ্টার কঠোর সমালোচনা করে তাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

২৫ আগস্ট সন্ধ্যায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাস্থ্য উপদেষ্টা “অথর্ব”। তার বরিশালে এসে জনতার সমস্যাগুলো শোনার বা সমাধানের জন্য কোনো উদ্যোগ নেই। রনি দাবি করেন, যদি সত্যিই তিনি মানুষের পাশে দাঁড়াতে চান, বরিশালে আসুন এবং আমাদের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলুন।

মহিউদ্দীন রনি আরও বলেন, শিক্ষার্থীরা অনশনে বসেছিলেন এবং বলেছিলেন স্বাস্থ্য উপদেষ্টা না আসা পর্যন্ত অনশন ভাঙবেন না। কিন্তু পরিকল্পিতভাবে শিক্ষার্থীদের উঠে যাওয়ার মাধ্যমে তাদের দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। তিনি জানান, জনগণ স্বাস্থ্য উপদেষ্টার চেয়ে অনেক বেশি উপযোগী ও কার্যকর।

রনি সরকারের প্রতি আহ্বান জানান অতি দ্রুত নির্বাচন আয়োজন করতে, যাতে দায়িত্বপ্রাপ্তরা তাদের নির্বাচনী ইশতিহারে স্বাস্থ্যখাত সংস্কারের বিষয়গুলো অন্তর্ভুক্ত করে। তিনি উল্লেখ করেন, বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে চলমান অব্যবস্থাপনা ও স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে তারা এক মাস ধরে আন্দোলন চালিয়ে আসছেন।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ কিছুটা পরিবর্তন এনেছেন। অচল মেশিন সচল করা হয়েছে, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ভাঙা হয়েছে, নতুন ট্রলিম্যান নিয়োগ দেওয়া হয়েছে, এবং নতুন কর্মী নিয়োগ করা হয়েছে। তবে রনি বলেন, এটি সাময়িক সমাধান; সমস্যার স্থায়ী সমাধান ও সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা প্রয়োজন।

রনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, “আমরা সবাই শিক্ষার্থী। আমাদের পাঠ্যপুস্তক নিয়ে ক্যাম্পাসে ফিরে যেতে হবে। স্থায়ী সমাধান না হলে সিন্ডিকেট আবার মাথাচাড়া দিয়ে উঠবে। এজন্য আমাদের দাবি, লিখিতভাবে নিশ্চয়তা দেওয়া হোক যাতে ইতোমধ্যে অর্জিত সফলতা টেকসই হয়।”


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫




কালকিনিতে নসিমন উল্টে চালক নিহত

মাদারীপুরের কালকিনি উপজেলার ভূরঘাটা মজিদবাড়ি কন্ডুবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এক নসিমন দুর্ঘটনায় মো. শাহাদাত হোসেন সরদার (৩৫) নামে একজন চালক নিহত হয়েছেন। দুর্ঘটনাটি সোমবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে ঘটেছে।

নিহত শাহাদাত হোসেন গৌরনদী উপজেলার খাঞ্জাপুর এলাকার ইল্লা গাইনেরপাড় গ্রামের আফসার আলী সরদারের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, কুন্ড বাড়ির সামনে রাস্তার বড় গর্তের কারণে নসিমনটি উল্টে পড়ে। দুর্ঘটনার সময় পিছন থেকে আসা যাত্রীবাহি পরিবহনের চাকার নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কালকিনি থানার ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান। সঙ্গে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে ওই এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়।


এস এল টি / চন্দ্রদ্বীপ নিউজ২৪.কম /২০২৫