বরিশালে এক কোটি ৩৪ লাখ টাকা আত্মসাত করে উধাও

বরিশাল অফিস:: মদিনা গ্রুপের এক মাঠ কর্মকর্তার বিরুদ্ধে জেলার মুলাদী উপজেলার বন্দর বাজারের নয়জন ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ৩৪ লাখ টাকা নিয়ে আত্মগোপন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার দিবাগত রাতে মাঠ কর্মকর্তা মোঃ আরিফুল ইসলামের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত আরিফুল ইসলাম খুলনা জেলার খানজাহান আলী থানার গিলাতলা গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন থেকে মদিনা গ্রুপের মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার মাঠ কর্মকর্তা (ফিল্ড অফিসার) হিসেবে কাজ করতেন। মদিনা গ্রুপের পানির ট্যাংক, স্যানিটারি ও নলকূপের মালামাল পৌঁছে দেওয়ার চুক্তিতে আরিফুল ইসলাম ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়েছিলেন। পরবর্তীতে মালামাল না দিয়েই টাকা নিয়ে সে (আরিফুল) আত্মগোপন করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ ঘটনায় মুলাদী বন্দরের ব্যবসায়ী বাবুল ওরফে সুজন শেখ বাদি হয়ে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার সকালে অভিযোগ সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম প্রায় চার বছর যাবত মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায় মদিনা গ্রুপের কাজ করছেন। তিনি ব্যবসায়ীদের কাছ থেকে প্রায়ই অগ্রিম টাকা নিয়ে দোকানে স্যানিটারি ও নলকূপের মালামাল পৌঁছে দিতেন। তারই ধারাবাহিকতায় গত আগস্ট থেকে নভেম্বর মাস পর্যন্ত নয়জন ব্যবসায়ীর কাছ থেকে মোট ১ কোটি ৩৪ লাখ টাকা নিলেও কোনো মালামাল দেয়নি।

অভিযোগকারী ব্যবসায়ীরা বাবুল শেখ, হেমায়েত উদ্দীন, কাওসার মল্লিক, রুবেল হোসেন, মাসুম হোসেন, নেছার ঢালী, রায়হান কবির, মিজানুর রহমান এবং হেমায়েত হাওলাদার জানিয়েছেন, টাকার নিরাপত্তার বিষয়টি আশ্বস্ত করতে আরিফুল ইসলাম তিনশ’ টাকার স্টাম্পে চুক্তি এবং ব্যাংকের চেক দিয়েছেন।

ব্যবসায়ী বাবুল শেখ বলেন, মাঠ কর্মকর্তা আরিফুল ইসলাম গত ৩ আগস্ট থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তার কাছ থেকে মোট ৩০ লাখ টাকা নিয়েছেন। মদিনা গ্রুপের পানির ট্যাংক, স্যানিটারি ও নলকূপের মালামাল দেওয়ার চুক্তিতে তিনি এই টাকাগুলো দিয়েছেন। টাকার নিরাপত্তার জন্য আরিফুল মুলাদীর ইসলামী ব্যাংকের চেক এবং স্টাম্পে লিখিত দিয়েছেন। কিন্তু মালামাল না দিয়ে তিনি গত কয়েকদিন পূর্বে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপন করেছেন। উপায়অন্তুর না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মদিনা গ্রুপের বরিশাল বিভাগীয় সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোঃ মাহফুজুর রহমান জানিয়েছেন, মাঠ কর্মকর্তা আরিফুল ইসলাম ছুটি না নিয়েই গত চারদিন ধরে কাজে আসছেন না। এরইমধ্যে ব্যবসায়ীরা তার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ব্যাপারে মুলাদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহাবুবুর রহমান জানিয়েছেন, ব্যবসায়ীদের টাকা নিয়ে উধাও হওয়ার ঘটনায় থানায় দায়ের করা অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার এবং টাকা উদ্ধারের চেষ্টা চলছে।




বরিশালে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে এনএসআই কার্যালয় ভবন

প্রায় ১০ কোটি সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে বরিশালে নির্মিত হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কার্যালয় ভবন। স্থাপত্য অধিদপ্তরের নকশা অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিক-নিদের্শনায় নির্মিত হচ্ছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কার্যালয় প্রকল্পটি।

বাংলাদেশ উন্নয়ন তহবিল (জিওবি)’র অর্থায়নে এনএসআই’র কার্যালয় প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে বরিশাল গণপূর্ত অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নগরীর কাশিপুর এলাকায় প্রায় ১০ কোটি সাড়ে ৫ লাখ টাকা ব্যয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) কার্যালয় ভবনটি নির্মিত হচ্ছে।

বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলম বলেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগ এই ভবনটি বরিশাল সাব-স্টেশন হিসেবে প্রাথমিক পর্যায়ে ব্যবহার করবে। পাঁচতলা বিশিষ্ট এই ভবনটির সাথে নির্মান করা হবে দুই তলা বিশিষ্ট গ্যারেজ কাম ব্যারাক। বর্তমানে ভবনের পাইলিং ও কলম তৈরী এবং বসানোর কাজ চলছে।




নারীরা সন্তান নিচ্ছেন না, কাঁদলেন কিম জং উন

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: উত্তর কোরিয়ার শাসক কিম জং উন কাঁদতে পারেন? তার চোখেও পানি আসে? প্রশ্নগুলোর উত্তর ‘হ্যাঁ’ হওয়াটা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে। তবে সেই অবিশ্বাস্য ঘটনাটিই ঘটেছে বাস্তবে। সবার সামনে চোখের পানি ঝরিয়েছেন স্বৈরশাসক কিম।

উত্তর কোরিয়ার জনসংখ্যা ক্রমাগত কমে যাচ্ছে। মৃত্যুহারের চেয়ে জন্মহার অনেক কম। এ সংকট কাটাতে নারীদের বেশি বেশি সন্তান নিতে অনুরোধ জানিয়েছেন উত্তর কোরীয় শাসক। আর সেই কথা বলতে গিয়েই কেঁদে দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিম জং উনের সেই কান্নার দৃশ্য। ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কিমের চোখ দিয়ে অশ্রু ঝরছে। আর তা একটি রুমাল দিয়ে মুছে নিচ্ছেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কিম জং উন বলেন, জন্মহার কমা বন্ধ করা এবং শিশুদের উন্নত যত্ন ও শিক্ষা প্রদান আমাদের পারিবারিক বিষয়, যা মায়েদের সঙ্গে নিয়েই সমাধান করতে হবে।

নি বলেন, দল ও রাষ্ট্রের কাজ নিয়ে আমার যখন কঠিন সময় যায়, তখনো আমি মায়েদের কথা ভাবি।

উত্তর কোরিয়ার জনসংখ্যা প্রায় আড়াই কোটি। জাতিসংঘ জনসংখ্যা তহবিল এবং বিশ্বব্যাংকের হিসাবমতে, ২০২০ সাল থেকে দেশটিতে নারীদের উর্বরতার হার জনপ্রতি ১ দশমিক ৭৯ থেকে ১ দশমিক ৮ শিশুতে নেমে এসেছে।

অথচ ষাটের দশকেও উত্তর কোরীয় নারীদের উর্বরতার হার ছিল চারের ওপর। তবে জন্মনিয়ন্ত্রণ কর্মসূচি এবং দুর্ভিক্ষে ব্যাপক প্রাণহানির পর নব্বইয়ের দশকে তা নেমে এসেছিল ২ দশমিক ১-এ।

সূত্র: এনডিটিভি, দ্য টেলিগ্রাফ




সৌদি আরবকে আমরা অন্তরে ধারণ করি: প্রধানমন্ত্রী

চন্দ্রদ্বীপ  নিউজ ডেস্ক:  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌদিকে আমরা অন্তরে ধারণ করি। দেশটি বাংলাদেশের বন্ধুপ্রতীম এবং একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। আমাদের জনগণের প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা ও আস্থা। আমরা সৌদি আরবকে সবসময় আমাদের হৃদয়ের কাছাকাছি পেয়েছি।

বুধবার (৬ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ‘পতেঙ্গা কনটেইনার টার্মিনাল’ পরিচালনার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) ও রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালের (আরএসজিটিআই) মধ্যে কনসেশন চুক্তি সই অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

চুক্তি সইয়ের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা সরকারি-বেসরকারি আংশীদারত্ব ও জি-টু-জি ভিত্তিতে সৌদি সরকার মনোনীত বেসরকারি গ্লোবাল অপারেটর আরএসজিটিআই এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মধ্যে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য কনসেশন চুক্তি সই করছি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল প্রকল্পটি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আশার বাতিঘর। স্বয়ংসম্পূর্ণ এ আধুনিক টার্মিনালটি আমাদের বন্দরের সক্ষমতা আরও বৃদ্ধি করবে এবং নিরবচ্ছিন্ন বাণিজ্য সহজতর করার পাশাপাশি কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা সৃষ্টির পথও সুগম করবে। এটি বিশ্ব বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে কাজ করবে এবং আমাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনের নতুন সুযোগ উন্মুক্ত করবে।

শেখ হাসিনা বলেন, রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল সৌদি সরকার মনোনীত একটি স্বনামধন্য গ্লোবাল টার্মিনাল অপারেটর। এই টার্মিনাল অপারেটরকে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনায় মনোনীত করার জন্য আমি সৌদি সরকারকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই। সৌদি সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে বাংলাদেশের চলমান উন্নয়ন ও অর্থনৈতিক সম্ভাবনার স্বীকৃতি। আরএসজিটিআই আগামী ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনালটি পরিচালনা করবে।

তিনি বলেন, আরএসজিটিআই যে সুনামের সঙ্গে জেদ্দা পোর্ট টার্মিনালসহ অন্য টার্মিনাল পরিচালনা করছে, সেই দক্ষতা ও প্রযুক্তিজ্ঞান কাজে লাগিয়ে পতেঙ্গা কনটেইনার টার্মিনালটি পরিচালনা করবে বলে আমি আশা করি। এতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম পরিচালনার দক্ষতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হবে। ফলে দেশের আমদানি-রপ্তানি ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাসের মাধ্যমে আমাদের অর্থনীতি লাভবান হবে।

সরকারপ্রধান বলেন, আমরা আজ এই কনসেশন চুক্তি সই প্রত্যক্ষ করছি। আমরা এমন একটি ভবিষ্যতের অপেক্ষায় আছি যেখানে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সমৃদ্ধির একটি চালিকাশক্তি হয়ে উঠবে। বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আস্থা ও সহযোগিতার জন্য আমি সৌদি সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই, বিশেষ করে সৌদি বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মুহাম্মদ বিন সালমান-এর প্রতি।

তিনি বলেন, সৌদি আরবের এই বিনিয়োগে বিশ্বে আমাদের ভাবমূতি উজ্জ্বল করবে। আজকের দিনটি আমাদের আনন্দের।

পাশাপাশি প্রাণ-আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরীসহ বাংলাদেশের বেসরকারি বিনিয়োগকারী ও সৌদি বেসরকারি বিনিয়োগকারীদের একটি বড় টিম এই অনুষ্ঠানে অংশ নেয়।




বরিশালে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

বরিশাল অফিস :: বেপরোয়াগতির মোটরসাইকেলের চাঁপায় এক পথচারীসহ চালক নিহত হয়েছেন। এরমধ্যে চিকিৎসাধীন অবস্থায় একজন বরিশাল শেবাচিম হাসপাতালে অপর একজনকে ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন। বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে উভয়ের লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসলে শোকের ছায়া নেমে আসে।

মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী-হোসনাবাদ আঞ্চলিক সড়কের নলচিড়া ইউনিয়নের বোরাদী গরঙ্গল এলাকার ইউপি সদস্য বাবুল ফকিরের বাড়ির সামনে। নিহতরা হলেন-মোটরসাইকেল চালক কুতুবপুর গ্রামের আবু বক্কর খানের ছেলে বায়েজীদ খান (২২) ও পথচারী বোরাদী গরঙ্গল গ্রামের মৃত মাজেদ আলী ফকিরের ছেলে মুনছুর আলী ফকির (৭৫)।

স্থানীয় ইউপি সদস্য বাবুল ফকির জানিয়েছেন, সোমবার সন্ধার পর পরই বেপরোয়াগতিতে বায়েজীদ খান মোটরসাইকেল চালিয়ে গৌরনদী যাওয়ার সময় রাস্তা পারাপাররত মুনছুর আলী ফকিরকে চাঁপা দিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়।

স্থানীয়রা গুরুত্বর অবস্থায় বায়েজীদ ও মুনছুর আলীকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতে চিকিৎসাধীন অবস্থায় বায়েজীদ খান ও ঢাকায় নেওয়ার পথে মুনছুর আলী ফকির মৃত্যুবরণ করেন।




বরিশালে আ.লীগের নৌকার প্রতিদ্বন্ধী আ.লীগ

এস এল টি তুহিন,বরিশাল :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যাদাপূর্ণ বিভাগীয় শহর বরিশাল-৫ (সিটি করপোরেশন ও সদর উপজেলা) আসনসহ পাঁচটি সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীদের ছড়াছড়ি। এসব প্রার্থীরা আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তারা বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হওয়ায় জেলার একটি আসন ব্যতিত বাকি পাঁচটি আসনে এখন নৌকার প্রতিদ্বন্ধী আওয়ামী লীগ।

বরিশালের ছয়টি আসনে সর্বমোট বিভিন্ন দলের ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে আওয়ামী লীগ মনোনীত এক প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ফলে এখন মাঠে থাকা ৪৫ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে হেভিওয়েটের সাতজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এরমধ্যে ব্যাপক আলোচনায় রয়েছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বরিশাল-৫ আসনের বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্লিন ইমেজের প্রার্থী হিসেবেখ্যাত কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। তার মূল প্রতিদ্বন্ধী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া সদ্য বিদায়ী সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং স্বেচ্ছাসেবী এসআর সমাজ কল্যান সংস্থার চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোঃ সালাহউদ্দিন রিপন। যেকারণে নৌকা পেলেই যে খুব সহজে জেতা যাচ্ছে, এবার আর তা হচ্ছেনা। কারণ নিজ দল থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়েকভাগে বিভক্ত হয়ে পরেছেন। যার প্রমানও মিলতে শুরু করেছে। ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গির হোসেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তিকর বক্তব্য দিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছেন। যেকারণে তাকে দলীয় পদ থেকে বহিঃস্কারের দাবিতে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। একইসাথে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘাত-সংঘর্ষের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে।

ইতোমধ্যে বরিশাল-৪ আসনে একাধিক সংঘাতের ঘটনাও ঘটেছে। নৌকার মনোনয়ন পাওয়ার পর শাম্মি আহমেদের কতিপয় সমর্থকরা বর্তমান সাংসদ পঙ্কজ দেবনাথের অনুসারীদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে তালাবদ্ধ করে দেওয়াসহ এমপির সমর্থক নেতাকর্মীদের মারধর করেছে। এমনকি পঙ্কজ দেবনাথের অনুসারীরাও শাম্মি আহমেদের লোকজনকে মারধর করেছে। সর্বশেষ মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করার পর কাজিরহাট থানা এলাকায় শাম্মি আহমেদের অনুসারীরা গত ৫ ডিসেম্বর শো-ডাউন করে পঙ্কজ সমর্থকদের বিভিন্নধরনের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সবমিলিয়ে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীদের ঘিরে দলে বড় ধরনের বিভক্তি দেখা দিতে শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল-১ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার মার্কার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন। কারণ ওই আসনে তিনি একমাত্র দলীয় প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন এবং তিনিই মনোনয়ন পেয়েছেন। সেখানে দলীয় কোন স্বতন্ত্র প্রার্থী না থাকলেও নামেমাত্র প্রতিদ্বন্ধী প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির মনোনীত ছেরনিয়াবাত সেকান্দার আলী এবং গৌরনদী উপজেলা জামায়াতের সাবেক আমীরের বড়ভাইয়ের ছেলে মোঃ তুহিন হয়েছেন এনপিপি মনোনীত প্রার্থী। ওই দুই প্রার্থী তাদের নিজ ভোট কেন্দ্রে এজেন্ট দেওয়ার কর্মীও খুঁজে পাচ্ছেন না বলে এলাকায় চাউর হয়েছে।

বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। দলের মনোনয়ন বঞ্চিত হয়ে তার প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক সাংসদ মনিরুল ইসলাম মনি ও শের-ই বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক। বরিশাল-৩ আসনের নৌকা মার্কার প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপনের সাথে দলের মনোনয়ন বঞ্চিত হয়ে প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী হয়েছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান।

বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মি আহমেদ দুই দেশের নাগরিক হওয়ায় তার প্রার্থীতা প্রাথমিকভাবে বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে তিনি বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন। এর বাহিরে দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন হেভিওয়েটের প্রার্থী বর্তমান সাংসদ পঙ্কজ দেবনাথ। বরিশাল-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিকের সাথে প্রতিদ্বন্ধীতা করার জন্য দলের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি খান আলতাফ হোসেন ভুলু এবং বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চুন্নু। এরমধ্যে ঋণ খেলাপীর দায়ে শামসুল আলমের মনোনয়নপত্র বাতিল করার পর তিনি আবার আপিল করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সর্বশেষ পরিস্থিতি জানতে হলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষসময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-২ ও ৩ আসনে মনোনয়নপত্র দাখিল করলেও ওই দুই আসনে তার দলের আরো দুইজন প্রার্থী হয়েছেন। এছাড়া মেনন ঢাকার একটি আসনেও মনোনয়নপত্র দাখিল করেছেন। পাশাপাশি বরিশাল-৩ ও ৬ আসনে জাতীয় পার্টির হেভিওয়েটের দুইজন প্রেসিডিয়াম সদস্য এবং বর্তমানে ওই দুই আসনের সাংসদ এবারও প্রার্থী হয়েছেন। শেষপর্যন্ত মহাজোটের আসন ভাগাভাগি হলে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সে পর্যন্ত অপেক্ষায় থাকছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল।

সার্বিক বিষয়ে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, প্রধানমন্ত্রী বলেছেন অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে। নৌকার প্রার্থীদের বিরুদ্ধে তিনি (প্রধানমন্ত্রী) সমালোচনামূলক কথা বলতেও নিষেধ করেছেন। এটা থেকেই তো পরিস্কার আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের নৌকার বিরুদ্ধে যাওয়া যাবেনা।

তিনি বলেন, রাজনীতির মাঠে দীর্ঘ অভিজ্ঞতার দল আওয়ামী লীগ। নির্বাচনকে শতভাগ গ্রহণযোগ্য করার একটি কৌশল হচ্ছে ডামি প্রার্থী করা। ভোটের মাঠের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রীর কাছ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্ত আসবে। সেইসব সিদ্ধান্ত দলের সবাইকে মেনে নিতে হবে। তাই নিজেদের মধ্যে দ্বন্ধ ও বিভক্তিসহ কাঁদাছোড়াছুড়ি না করার জন্য তিনি (বলরাম পোদ্দার) দলের সর্বস্তরের নেতাকর্মীদের কাছে আহবান করেছেন।

উল্লেখ্য, ঘোষিত তফশিল অনুযায়ী প্রার্থীতা প্রত্যাহারের শেষদিন আগামী ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ওইদিন থেকেই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন। নির্বাচনী প্রচারণার শেষ হবে ৫ জানুয়ারি সকালে এবং ভোটগ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি। এবার তিনশ’ আসনেই ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

সাদিকের প্রার্থীতা বাতিলের দাবিতে আপিল : বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক শামীম। বুধবার জাহিদ ফারুকের পক্ষে তার মনোনয়নপত্রের সমর্থনকারী কেবিএস আহমেদ নির্বাচন কমিশনে (ইসি) এ আপিল করেছেন।

বরিশাল ৫ আসনের নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম বলেন, হলফনামায় অসত্য তথ্য দেওয়ার পরেও রিটার্নিং অফিসার স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। আমরা বিষয়টি তখন নজর এনেছিলাম। সেখানে বিষয়টি আমলে নেয়নি রিটার্নিং কর্মকর্তা। এজন্য ইসিতে আপিল করা হয়েছে। আশা করছি নির্বাচন কমিশন আপিল শুনানি করে সঠিক রায় ঘোষণা করবেন।




এবার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে সহিংস ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ শুরু করেছে যুক্তরাষ্ট্র। পশ্চিম তীরে সহিংসতা নিয়ে ইসরায়েলকে কয়েক দফায় সতর্ক করার পর মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভিসা নিষেধাজ্ঞার এই ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।



ফোর্বসের প্রতিবেদন বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা

চন্দ্রদ্বীপ নিউজ : মার্কিন অর্থ ও বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বসের বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আবারও স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফোর্বসের ওই তালিকায় এবার তিনি আছেন ৪৬তম স্থানে। যদিও ২০২২ সালে শেখ হাসিনার অবস্থান ছিল ৪২ নম্বরে।



রাশমিকা নয়, ‘অ্যানিম্যাল’র জন্য পরিচালকের পছন্দের ছিলেন পরিণীতি!

চন্দ্রদ্বীপ বিনোদন ডেস্ক: রণবীর কাপুর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’ মুক্তি পেয়েছে গত ১ ডিসেম্বর। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এ ছবি মুক্তির চার দিনের মধ্যেই বক্স অফিসে প্রায় ২৪০ কোটি টাকার ব্যবসা করেছে।



গাজায় স্কুলে আবারও ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৫

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের একটি স্কুলে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। ভূখণ্ডটির দক্ষিণাঞ্চলে অবস্থিত ওই স্কুলে চালানো হামলায় তারা প্রাণ হারান। হামলার শিকার এই স্কুলটিতে বাস্তুচ্যুত লোকেরা আশ্রয় নিয়েছিলেন।