ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

শুক্রবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

শুক্রবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক:বিএনপি কীভাবে নির্বাচন করবে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতা কে? তাদের কোনো নেতা নেই। সামনে নির্বাচন। বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না। এখন নির্বাচন হয়ে যাচ্ছে। এক সময় বলেছিল নির্বাচন হতে দেবে না। উসকানি আছে যে নির্বাচন ঠেকাও। নির্বাচনের সিডিউল হয়ে গেছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুই দিনের গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: গাজার উত্তরাঞ্চলের গাজা সিটিসহ বিভিন্ন অঞ্চলে বিমান হামলা বাড়িয়ে দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, উত্তরাঞ্চলের সুজায়াতে ইসরায়েলি সেনাদের ট্যাংক ও সাঁজোয়া যান অবস্থান নিচ্ছে।
এছাড়া গাজার পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলেও ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে।
আর এসব নির্বিচার বিমান হামলায় ছোট্ট এ উপত্যকায় গত ২৪ ঘণ্টায় প্রায় ৩৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আলজাজিরা জানিয়েছে, বেশিরভাগ বিমান হামলাই চালানো হয়েছে সাধারণ মানুষের বাড়ি-ঘরের ওপর।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) শুক্রবার জানিয়েছে, গাজার ৪৫০টি স্থানে তারা হামলা চালিয়েছে। আর এসব হামলায় বেসামরিকদের ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হতে দেখা গেছে।

বরিশাল অফিস : নতুন মেয়র হিসেবে আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের ২৮ দিন পর অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া ১৩৪ জন কর্মচারীর নিয়োগ বাতিল করেছেন। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাদের নিয়োগ বাতিল করেছেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার।
শুক্রবার দুপুরে তিনি (মাসুমা আক্তার) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, আগামী সপ্তাহে আরও ৫১ জন কর্মচারীর নিয়োগ বাতিল করা হবে। সিটি করপোরেশনের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, এসব কর্মচারী সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বিদায় নেওয়ার এক মাস আগে নিয়োগ পেয়েছেন। তবে নিয়োগ বাতিল হওয়া কর্মচারীদের অভিযোগ, তারা দুই মাস কাজ করলেও তাদেরকে কোনো টাকা না দিয়ে চাকরিচ্যুত করা হয়েছে।
বরিশাল সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে প্রতিষ্ঠানটির প্রশাসন, হাটবাজার, পরিছন্নতা, ভান্ডার, বিদ্যুৎ সম্পত্তি, জন্ম নিবন্ধন, প্রকৌশল, সিটি নিরাপত্তা, কর আদায়, সম্পত্তি, বাণিজ্য ও জনসংযোগসহ কয়েকটি শাখায় কর্মরত ১৩৪ জন কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। এ সংক্রান্ত একটি নোটিশ সিটি করপোরেশনের নোটিশ বোর্ডেও টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। আরো ৫১ জন কর্মচারীকে মোবাইল ফোনের মাধ্যমে কর্মস্থলে আসার জন্য নিষেধ করা হয়েছে। সিটি করপোরেশনের নিরাপত্তাকর্মী শহিদুল ইসলাম বলেন, দুই মাস চাকরি করার পরে বৃহস্পতিবার সন্ধ্যায় কাজ শেষে নগরভবনে গেলে প্রশাসনিক কর্মকর্তা জানিয়ে দিয়েছেন আর কাজে আসতে হবেনা। তিনি আরও বলেন, আমাকে এক মাসের বেতন দেওয়া হয়নি।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার জানিয়েছেন, তাদের যতোটা কর্মচারী প্রয়োজন তার চেয়েও দ্বিগুণ রয়েছে। আর এসব কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিতে নিয়োগ দেওয়া। নিয়োগ দেওয়ার সময় শর্ত ছিল যখন ইচ্ছা কর্তৃপক্ষ তাদের চাকরি বাতিল করতে পারবে। তাই ১৩৪ জনের নিয়োগ বৃহস্পতিবার সন্ধ্যায় বাতিল করা হয়েছে। বাকি ৫১ জনের নিয়োগ রবিবার বাতিল করা হবে।

বরিশাল অফিস : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুই থানাসহ রেঞ্জের ২৫ থানার ওসিকে বদলি করা হয়েছে। শুক্রবার বিকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান তিনি বলেন, পুলিশ হেডকোয়াটার্সের অ্যাডিশনাল আইজি (প্রশাসন) মোঃ কামরুল আহসান ও মোহাম্মদ জহিরুল ইসলামের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে রেঞ্জের পটুয়াখালীর বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হককে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় ও কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেনকে গৌরনদী মডেল থানায়, এয়ারপোর্ট থানার ওসি মোঃ হেলাল উদ্দিনকে বেতাগী থানায় ও বানারীপাড়া থানার ওসি এসএম মাসুদ আলম চৌধুরীকে এয়ারপোর্ট থানায় বদলি করা হয়েছে।
পাশাপাশি রেঞ্জের বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ওসি এসএম মাকসুদুর রহমানকে বাবুগঞ্জ থানায়, গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেনকে বাকেরগঞ্জ থানায়, মুলাদী থানার ওসি মাহবুবুর রহমানকে বরগুনা জেলার বেতাগী থানায়, বাবুগঞ্জ থানার ওসি তুষার কুমার মন্ডলকে বরগুনার বামনা থানায়, পটুয়াখালীর রাঙ্গাবালী থানার ওসি নুরুল ইসলাম মজুমদারকে দশমিনা থানায়, দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদারকে মহিপুর থানায়, মহিপুর থানার ওসি ফেরদৌস আলম খানকে গলাচিপা থানায়, গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েনকে বাউফল থানায়, ভোলা সদর মডেল থানার ওসি শাহীন ফকিরকে বোরহান উদ্দিন থানায়, বোরহানউদ্দিন থানার ওসি মনির হোসেন মিয়াকে ভোলা সদর মডেল থানায়, ভোলার দুলারহাট থানার ওসি আনোয়ারুল হককে তজুমদ্দীন থানায় ও তজুমদ্দীন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদকে দুলারহাট থানায়, পিরোজপুরের নাজিরপুর থানার ওসি হুমায়ুন কবিরকে কাউখালী থানায়,
কাউখালী থানার ওসি জাকারিয়াকে মুলাদী থানায়, পিরোজপুর সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেনকে ভান্ডারিয়া থানায়, ভান্ডারিয়া থানার ওসি আসিকুজ্জামানকে পিরোজপুর সদর থানায়, বরগুনার পাথরঘাটা থানার ওসি শাহ আলম হাওলাদারকে পিরোজপুরের নাজিরপুর থানায়, বেতাগী থানার ওসি আনোয়ার হোসেনকে ঝালকাঠি সদর থানায়, বামনা থানার ওসি মাইনুল ইসলামকে বরিশালের বানারীপাড়া থানায়, ঝালকাঠির কাঠালিয়া থানার ওসি শহিদুল ইসলামকে পাথরঘাটা থানায়, ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকারকে কাঠালিয়া থানায় বদলি করা হয়েছে।

বরিশাল অফিস : ঢাকা-বরিশাল মহাসড়কের এয়ারপোর্ট থানা এলাকার কলসগ্রাম নামক এলাকায় যাত্রীবাহি চাকলাদার পরিবহনের একটি বাসের ধাক্কায় থ্রি-হুইলারের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত অজ্ঞাতনামা এক নারীকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যা রাতের এ দূর্ঘটনায় নিহতরা হলেন, থ্রি-হুইলারের যাত্রী বরিশাল সিটি করপোরেশনের পানি শাখার কর্মচারী ও বাবুগঞ্জ উপজেলার ছয়মাইল নামক এলাকার বাসিন্দা আলতাফ হাওলাদারের ছেলে সেন্টু হাওলাদার (৩২) এবং একই উপজেলার রহমতপুর এলাকার বাসিন্দা যশোধা জীবন লাল দাসের ছেলে থ্রি-হুইলার চালক মতি লাল দাস (৫০)। এয়ারপোর্ট থানার এসআই আব্দুস সালাম জানিয়েছেন, ঘটনার পর চাকলাদার পরিবহনের চালকসহ ঘাতক বাসটি আটক করা হয়েছে।
অপরদিকে শুক্রবার ভোরে রাস্তা পারাপারের সময় বেপরোয়াগতির অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় আছিয়া বেগম (৬৫) নামের এক দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গৌরনদী-পয়সারহাট আঞ্চলিক সড়কের পশ্চিম শাওড়া এলাকায়। নিহত বৃদ্ধা ওই এলাকার মৃত দেলোয়ার মোল্লার স্ত্রী। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী মডেল থানার ওসি তদন্ত মোঃ মাজহারুল ইসলাম।

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানবাধিকার একটি ব্যবসায় পরিণত হয়েছে। মানবাধিকারের কথা বলে কোনো কোনো দেশকে দমন করে রাখার চেষ্টা করা হয়। দেশে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করা হচ্ছে, অথচ বিবৃতিজীবীরা হারিয়ে গেছে।
তিনি বলেন, কিছু বিবৃতিজীবী আছেন, বিবৃতি দেওয়ায় তাদের পেশা। বাংলাদেশেও কিছু বিবৃতিজীবী আছেন। ইদানিং অবশ্য তাদের দেখা যাচ্ছে না। বিবৃতিজীবীরা বেশিরভাগ হারিয়ে গেছেন। দেশে যেভাবে পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষ হত্যা করা হচ্ছে, সবসময় যারা এ ধরনের বিবৃতি দেন, তাদের বিবৃতি এখন দেখতে পাচ্ছি না। এ বিবৃতিজীবীরা কই? জনগণ এদের খুঁজছে, আমিও তাদের খুঁজছি। আমি একটু উদ্বিগ্ন তাদের জন্য। তারা জ্বর কিংবা ডেঙ্গুতে আক্রান্ত হল কি না! তাদের নিয়ে মানুষ চিন্তায় আছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের আয়োজনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চন্দ্রদ্বীপ নিউজ ডেস্ক: কিশোরগঞ্জ- ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. মুজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র বাতিল চেয়ে আপিল করেছেন নৌকার প্রার্থী নাসিরুল ইসলাম খান।
শুক্রবার (৮ ডিসেম্বর) নির্বাচন ভবনে নিজের প্রার্থিতা ফিরে পেতে আপিল করার সময় চুন্নুর প্রার্থিতা বাতিলের আবেদন করেন তিনি।
নাসিরুল ইসলাম খান অভিযোগ করেন, রূপালী ব্যাংক পুরানা পল্টন, কর্পোরেট শাখা থেকে ৫ কোটি ৭০ লাখ টাকা ঋণের বিপরীতে গ্যারান্টার মো. মজিবুল হক দীর্ঘদিন ঋণখেলাপি হিসেবে আছেন। অতএব তিনি কীভাবে এমপি মনোয়নের জন্য আবেদন করতে পারেন? তার মনোয়ন আইন মোতাবেক বাতিলযোগ্য।

বরিশাল অফিস :: একাত্তরে মুক্তিযোদ্ধাদের আক্রমনে কোণঠাসা হয়ে লঞ্চযোগে পালিয়ে যায় পাকবাহিনী। হানাদার মুক্ত হয় পটুয়াখালী। পৌর শহরে শহীদ আলাউদ্দিন শিশুপার্কে পতাকা উড়িয়ে বিজয় উল্লাস করে মুুক্তিযোদ্ধারা। সে দিনটি ছিলো ৮ ডিসেম্বর।
মুক্তিযুদ্ধের সে দিনগুলোতে ফিরে তাকালে দেখা যায়, ১৯৭১ সালের ২৬ এপ্রিল সকাল সাড়ে ১০টায় পাকহানাদার বাহিনীর অতর্কিত বিমান হামলায় বিধ্বস্ত হয় পটুয়াখালী। নির্বিচারে চলে গণহত্যা ও ধ্বংষযজ্ঞ। এদিকে মুক্তিযোদ্ধারা সংগঠিত হয়ে চোরাগুপ্তা হামলা চালাতে থাকে। পরে ১৮ নভেম্বর গলাচিপা উপজেলার পানপট্টিতে পাকহানাদার বাহিনীর সাথে মুক্তিবাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। এতে ৭ জন পাক সেনা নিহত হয়, আহত হয় আরও বেশ কয়েকজন। পরাজয় নিশ্চিত ভেবে সেখান থেকে পালিয়ে যায় পাকসেনারা। এই বিজয়ে দক্ষিণাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মনোবল আরও বেড়ে যায়। তারা বিভিন্নস্থানে প্রতিরোধ গড়ে তুলতে শুরু করে। ৭ ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের আক্রমনে কোনঠাসা হয়ে পড়ে হানাদার বাহিনী। অবস্থা বেগতিক দেখে ওই রাতেই লঞ্চযোগে পটুয়াখালী থেকে পালিয়ে যায় হানাদাররা। ৮ ডিসেম্বর মুক্ত হয় পটুয়াখালী।
পটুয়াখালী পৌর শহরের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত বলেন, এখনো শহিদ মুক্তিযোদ্ধাদের সমাধিস্থল অরক্ষিত অবস্থায় আছে। এখন লাল সবুজের কাছে প্রশ্ন এগুলো কি এভাবেই থাকবে! অপর বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ বলেন, পটুয়াখালী পৌর শহরসহ যে সকল স্থানে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ও গণকবর আছে সেগুলো নিয়ে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়া দরকার। নাহলে নতুন প্রজন্মরা কিছুই জানতে পারবে না। এ সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। আমরা আশা করছি পুরনো কবরস্থানগুলো সরক্ষিত করা হবে।
পটুয়াখালী জেলা প্রশাসক নুর কুতুবুল আলম বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো সংস্কারের উদ্যোগ গ্রহণের লক্ষে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে বরাদ্ধ পেলে কাজ শুরু করা যাবে।
চন্দ্রদীপ নিউজ/এসএলটি

বরিশাল অফিস :: প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য সুরক্ষায় জলাশয়-জলাভূমির গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা বরিশালের আয়োজনে নগরের পুলিশ লাইন্স রোডের সেলিব্রেশন পয়েন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
অধ্যাপক আ. মোতালেব হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মো. ওমর ফারুখ, পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক, আনজুমান নেছা, বরিশাল সিটি করপোরেশনের সহকারী প্রকৌশলী (সিভিল) মো. মকসুমুন হাকিম রেজা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বেলার বরিশাল বিভাগের সমন্বয়ক লিংকন বায়েন। এরপর প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য সুরক্ষায় জলাশয়-জলাভূমির গুরুত্ব শীর্ষক প্রবন্ধ উপস্থাপনা করেন বেলার নেটওয়ার্ক সদস্য মো. রফিকুল আলম।
তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন, পৃথিবী সৃষ্টির পর থেকে বিগত ৬৫ দশমিক পাঁচ মিলিয়ন বছর পর্যন্ত পাঁচ বার ‘ম্যাস এক্সটিঙ্কস’ ঘটেছে যাকে ‘বিগ ফাইভ’ বলা হয়। যার কারণে ৭৫ শতাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যায়। এতে ডাইনোসরের মতো বিশালাকায় প্রাণিগুলো বিলুপ্ত হয়ে গেছে। এগুলো মূলত: প্রকৃতিগতভাবে ঘটেছে। মানব সৃষ্ট অনিয়মের কারণে গত ১০ হাজার বছরে বিশ্বের সব প্রাণীবৈচিত্র্যের যেটুকু ক্ষতি হয়নি, তা গত ২০০ বছরে এক হাজার গুণ হারে বেড়েছে।
উন্মুক্ত আলোচনায় বরিশালের সুধীজনরা বলেন, সংশ্লিষ্ট প্রশাসনের উদাসীনতা ও নির্লিপ্ততায় বরিশালের একের পর এক পুকুর, খাল, নদী দখল ও দূষণের কবলে পড়েছে। হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এ অঞ্চলের জলাশয়-জলাভূমি রক্ষা করা খুবই জরুরি। সিটি করপোরেশন, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের উচিত জলাশয়গুলো সরেজমিন পরিদর্শন করে যথাযথ পদক্ষেপ নেওয়া। সেইসঙ্গে পরিবেশ সংরক্ষণ আইনকেও যথাযথ কার্যকর করার তাগিদ সুধীজনদের।
তারা আরও বলেন, দেশে আইন আছে, কিন্তু বাস্তবায়ন নেই। যারা আইনের বাস্তবায়ন করবে তাদের নির্লিপ্ততার সুযোগে ভূমিদস্যুরা জলাশয় ও জলাভূমি দখলে নিচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে সার্বিক পরিবেশ। সৃষ্টি হচ্ছে বিপর্যয়। এখনই আইন ও নীতিমালার বাস্তবায়ন না হলে আমাদের পরিবেশ সুরক্ষা করা কঠিন হয়ে পড়বে।
আলোচকরা আরও বলেন, পরিবেশ রক্ষায় সাধারণকে সম্পৃক্ত করে কাজ করার আহ্বান জানাবে পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসন। অথচ উল্টোভাবে সাধারণ জনতাকে এখন পরিবেশ রক্ষায় আন্দোলন করতে হচ্ছে।
গুরুত্বপূর্ণ মতামত দিয়ে বক্তব্য দেন সুশীল সমাজের প্রতিনিধি আবুল খায়ের সবুজ, কাজী এনায়েত হোসেন শিবলু, বেসরকারি উন্নয়ন সংস্থার আনোয়ার জাহিদ, অ্যাডভোকেট আব্দুল হাই মাহবুব, হীরন কুমার দাস মিঠু, সহকারী অধ্যাপক টুনু রানী কর্মকার, নারী নেত্রী জেসমিন আক্তার, রাজনীতিবিদ সিকদার হারুন মাহমুদ, সাংবাদিক মিথুন সাহা, সৈয়দ মেহেদী হাসান, এটিএম খোরশেদ আলম, যোসেফ বিশ্বাস, বেবী জেসমিন, জাহানারা বেগম স্বপ্না প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্ট প্রশাসনের অতিথিরা বলেন, আমাদের জীবন প্রবাহের জন্যই জীববৈচিত্র্যকে টিকিয়ে রাখতে হবে। জলাশয়-জলাভূমি ক্ষতিগ্রস্ত হলে ইকোসিস্টেম ব্যাহত হয়। বিশ্বময় শিল্পোন্নত রাষ্ট্রগুলোর জীবাশ্ম জ্বালানির ব্যবহারের কারণে বিশ্বের তাপমাত্রা মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যাওয়ার কারণে নানা রকম বিপর্যয় শুরু হয়েছে। এর সঙ্গে আমরা কিভাবে টিকে থাকতে পারি সে বিষয়ে বাস্তবধর্মী পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। বায়ু, মাটি, পানিসহ দেশের পরিবেশ-প্রতিবেশ ব্যবস্থা টিকিয়ে রাখতে অর্থাৎ এই বিপর্যয়ের সমষ্টিগত ক্ষতি মোকাবেলা করা এখন আমাদের জন্য এক বিরাট চ্যালেঞ্জ।