বরিশালে পেঁয়াজের বাজারে ভোক্তা-অধিকারের হানা

বরিশাল অফিস:: পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখতে আজ দুপুরে বরিশাল নগরীর পাইকারী পেয়াজের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন, ৯ ডিসেম্বর থেকে সারাদেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য অভিযান শুরু হয়।

তারই ধারাবাহিকতা হিসেবে আজ প্রথম দিনে নগরীর পাইকারী পেয়াজের বাজারে অভিযান চালানো হয়েছে। পাইকারী বাজারে মূল্যনির্ধারন না থাকা এবং পন্য মজুদ রাখা ও দাম বৃদ্ধি করে বিক্রীর অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৯৫হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

অভিযানে উপস্থিত ছিলেন ভোক্তা অধিকারের সহকারি পরিচালক ইন্দ্রানি দাস ও সমি রানি মিত্র। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে




বরিশালে তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান

বরিশাল অফিস :: দেশ মাতৃকা বিশ্ব জননীর সকল সন্তানের শান্তি ও কল্যান কামনায় জেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে শুরু হয়েছে ৪০ প্রহর ব্যাপী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান। ৫৫ তম বার্ষিকী এ মহানাম যজ্ঞানুষ্ঠানের অধিবাস চলবে আগামী ১১ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ১২ ডিসেম্বর মঙ্গলবার শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শেষে মহাপ্রভুর ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরণ করা হবে।

শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা জানিয়েছেন, মহানাম যজ্ঞানুষ্ঠানে অমৃত নাম সুধা পরিবেশন করছেন, পটুয়াখালীর শ্রী শ্রী নন্দ গোপাল সম্প্রদায়, মাদারীপুরের শ্রী শ্রী বিষ্ণু মন্দির সম্প্রদায়, বরিশালের শ্রী শ্রী ওঁকার সম্প্রদায়, চট্টগ্রামের শ্রী শ্রী গোপাল বাড়ী সম্প্রদায়, খুলনার শ্রী শ্রী কৃষ্ণ গোপাল সম্প্রদায়, নড়াইলের শ্রী শ্রী শান্তি হরি সম্প্রদায় ও গোপালগঞ্জের শ্রী শ্রী বিনাপানী সম্প্রদায়ের শিল্পীরা।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা আরও জানিয়েছেন, প্রতিদিন দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত হাজারো ভক্তদের জন্য দিবা-রাত্রী প্রসাদের ব্যবস্থা করা হয়েছে।




বরিশালে দুর্নীতির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শপথ গ্রহণ

বরিশাল অফিস :: “স্মার্ট বাংলাদেশ গড়তে, দুর্নীতি করবোনা, দুর্নীতি মানবোনা, দুর্নীতি সইবোনা” এমনই শপথ গ্রহণ করেছেন বরিশালের সরকারি কর্মকর্তারা। শনিবার দুপুরে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসের অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপস্থিত সুধীজনকে এ শপথ বাক্য পাঠ করিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ শ্লোগানকে সামনে রেখে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল দশটায় দুর্নীতি বিরোধী মানববন্ধন ও র‌্যালি শেষে শহীদ সুকান্ত আব্দুল্লাহ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব খন্দকার শাহে আলম মঞ্জু।
বিশেষ অতিথি ছিলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারি পরিচালক সুশান্ত রায়, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা বেগম। বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি আলহাজ্ব মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মীর আব্দুল আহসান আজাদ প্রমুখ।

সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও সুধীজনকে দুর্নীতির বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করিয়েছেন। একইদিন আগৈলঝাড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।




বরিশালের ছয়টি আসনের আটজন প্রার্থী স্বশিক্ষিত

 বরিশাল অফিস  :: জেলার ছয়টি আসনের বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনের মাঠে থাকা ৪৫ জন প্রার্থীর মধ্যে স্বশিক্ষিত রয়েছেন আটজন। এসএসসি ও সমমান পাস করা প্রার্থী চারজন, এইচএসসি পাস করেছেন চারজন, বাকিদের মধ্যে অনার্স বা সমমান থেকে মাস্টার্স বা সমমান পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা রয়েছে ২৮ জনের। আর একজন প্রার্থী রয়েছেন পিএইচডি ডিগ্রিধারী।

রিটার্নিং কর্মকর্তার দপ্তরে দাখিলকৃত হলফনামার তথ্যানুযায়ী, বরিশাল-১ (গৌরনদী- আগৈলঝাড়া) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ স্বশিক্ষিত, জাতীয় পার্টির ছেরনিয়াবাত সেকান্দার আলী এলএলবি করেছেন এবং এনপিপির মোঃ তুহিন দাখিল পাস করেছেন।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস এলএলবি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ এবং একই দলের অপর প্রার্থী জহুরুল ইসলাম এসএসসি, কৃষক শ্রমিক জনতা লীগের নকুল কুমার বিশ্বাস বিএ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস বিএসসি এবং জাতীয় পার্টির অপর প্রার্থী রঞ্জিত কুমার বাড়ৈ এমএসসি, জাকের পার্টির স্বপন মৃধা এমএ, তৃণমূল বিএনপির শাহজাহান সিরাজ এইচএসসি, এনপিপির সাহেব আলী স্বশিক্ষিত, স্বতন্ত্র প্রার্থী এ কে ফাইয়াজুল হক স্নাতক ও মনিরুল ইসলাম এইচএসসি পাস করেছেন।

বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার মোঃ খালেদ হোসেন স্বপন স্নাতক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন অর্থনীতিতে এমএ এবং একই দলের অপর প্রার্থী অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান এলএলবি, জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু স্নাতক, স্বতন্ত্র প্রার্থী মোঃ আতিকুর রহমান বিএসসি, সাংস্কৃতিক মুক্তিজোটের আজমুল হাসান জিহাদ এলএলবি, তৃণমূল
বিএনপির শাহানাজ হোসেন এইচএসসি, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এইচএসসি, স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক পিএইচডি করেছেন।

বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বর্তমান সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ বিএসসি অনার্স, জাতীয় পার্টির মিজানুর রহমান স্বশিক্ষিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের হৃদয় ইসলাম চুন্নু এসএসসি পাশ করেছেন।

বরিশাল-৫ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম প্রাজুয়েশন, স্বতন্ত্র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বশিক্ষিত, মোঃ সালাহউদ্দিন রিপন বিকম পাস, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস বিএসসি, জাকের পার্টির মোঃ আবুল হোসাইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এনপিপি’র আব্দুল হান্নান সিকদার স্বশিক্ষিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ আসাদুজ্জামান স্নাতক, বাংলাদেশ কংগ্রেসের মাহাতাব হোসেন এসএসসি পাশ করেছেন।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুল হাফিজ মল্লিক মাস্টার ইন ডিফেন্স স্টাডিজ (এমডিএস), জাতীয় পার্টির নাসরিন জাহান রতনা স্বশিক্ষিত, তৃণমূল বিএনপির টিএম জহিরুল হক তুহিন বিএ, এনপিপির মোশারফ হোসেন স্বশিক্ষিত, জাসদের মোহম্মদ মোহসীন ডিপ্লোমা ইন কমার্স, জাকের পার্টির হুমায়ুন কবির সিকদার স্বশিক্ষিত, বাংলাদেশ কংগ্রেসের মাইনুল ইসলাম এলএলবি, স্বতন্ত্র প্রার্থী খান আলতাফ হোসেন ভুলু এমএ এলএলবি, রাজিব আহম্মদ তালুকদার এমবিএ, শাহবাজ মিঞা অনার্স, কামরুল ইসলাম খান এমবিএ করেছেন।

 




জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিল চান সাদিক আব্দুল্লাহ

বরিশাল অফিস:: বরিশাল-৫ আসনের নৌকা প্রার্থী জাহিদ ফারুকের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল আবেদন করেছে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেলে সাদিক আব্দুল্লার পক্ষে তার আইনজীবী এ আপিল করেন। এব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, হলফনামায় গোপন তথ্য দেওয়ার পরও রিটার্নিং অফিসার জাহিদ ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। আমরা বিষয়টি তখন নজর এনেছিলাম। সেখানে বিষয়টি আমলে না নেওয়ায় ইসিতে আপিল করা হলো।

এর আগে হলফনামায় অসত্য তথ্য দেওয়ার অভিযোগে স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল আবেদন করে।

এদিকে তফসিল অনুযায়ী আপিল করার শেষদিন শনিবার। রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়ে আপিল শুনানি চলবে (১৫ ডিসেম্বর) পর্যন্ত।প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। এরপর ৭ জানুয়ারি হবে ভোটগ্রহণ।




ভোলায় নিয়ন্ত্রণহীন পেঁয়াজ আলু ও সবজির বাজার

 বরিশার অফিস:: ভোলার দৌলতখানের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজ আলু ও সবজির দাম নিয়ন্ত্রণহীন। অসাধু ব্যবসায়ীদের ইচ্ছা ও মর্জির উপর নির্ধারণ করে চলছে বাজার দর। গতকাল শুক্রবার থেকে বাজার নিয়ন্ত্রণ চলে গেছে অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের দখলে। বাজারে পেঁয়াজ আলু ও নিত্য প্রয়োজনীয় সবজির দাম বেড়েই চলেছ।

বরিশাল দৌলতখান পৌর শহর ও উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে একেক বাজারে পেঁয়াজ আলু ও বিভিন্ন রকমারি সবজি বিক্রি করা হচ্ছে বিভিন্ন দামে। জানা গেছে ভারত ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করায় গতকাল শুক্রবার থেকে চড়া দামে পেঁয়াজ বিক্রি করে রমরমা ব্যবসা করছে ব্যবসায়ীরা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য পেঁয়াজ আলু ও সবজির দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ চড়ম দিশেহারা।

ভোক্তা অধিকার সংস্থা ও সংশ্লিষ্ট মহলের বাজার তদারকি না থাকায় নিত্য প্রোয়জনীয় জিনিস পত্রের দাম লাগামহীন বেড়েই চলেছে বলে স্থানীয় ভুক্তভোগীরা মনে করেন।

শনিবার দৌলতখান শহর সরেজমিন ঘুরে দেখা যায়, খুচরা ব্যবসায়ীরা ১ দিনের ব্যবধানে ৯৮ টাকা দরের প্রতিকেজি পেঁয়াজ বিক্রি করছে ১শত পঞ্চাশ টাকায়। ৪০ টাকার পুরনো আলু এখন ৫৫ টাকা। ১শত পঞ্চাশ টাকার দেশি রসুন প্রতিকেজি ১শত সত্তর টাকা। ৫৫ টাকার প্রতিকেজি আটা ৬৫ টাকা। পেঁপে প্রতিকেজি ৪০ টাকা। সিম ৬০ টাকা। ৫০ টাকার ফুলকপি ৭০ টাকা। পাতাকপি প্রতিকেজি ৬০ টাকা। শশা ৪০ টাকা। কাঁচা মরিচ ১শত আশি টাকা। গাজর ৮০ টাকা। টমেটো ৮০ টাকা। মুলা ৮০ টাকা। ধনে পাতা প্রতিকেজি ৮০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।




তালতলীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

 বরিশাল অফিস:: বরগুনার তালতলীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার দুপুরে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী ৫ বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক খাদ্য উপমন্ত্রী ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু’র আগমনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জমাদ্দারের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, মোঃ ফজলুল হক জমাদ্দার, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা, মনিরুজ্জামান নসা, ভুবন চন্দ্র হাওলাদার, আজিজুল হক স্বপন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদ, আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও আমতলী পৌর মেয়র মতিয়ার রহমান, আমতলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসানসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা চলমান জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।




কাউখালীতে রোকেয়া দিবস পালন

বরিশাল অফিস:: নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ এই প্রতিবাদ্যকে সামনে রেখে, পিরোজপুরর কাউখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ৫ নারী জয়ীতাকে সম্মনা স্মারক প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আয়োজনে শনিবার সকালে উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) বায়েজিদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ হান্নান, সমাজসেবা কর্মকর্তা মহসীন কবির, সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার প্রমূখ। অনুষ্ঠান শেষে উপজেলায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের জন্য ৫জন জয়ীতাকে সম্মানান স্মারক প্রদান করা হয়।

এর হলেন, সমাজ উন্নয়নে উপজেলা শীর্ষা গ্রামের কাজী রুহীয়া বেগম হাসি, নিলতী গ্রামের নির্যাতনের বিভিষিকার হাত থেকে ঘুরে দাড়ানোর জন্য আয়শা সিদ্দিকা, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদানের জন্য পারসাতুরিয়া গ্রামের সানজিদা আক্তারকে, অর্থনৈতিক সাফলাতার জন্য কেউন্দিয়া গ্রামের হাফসা আক্তারকে এবং সফল নারী হিসেবে আসপদ্দি গ্রামের শাহিনুরকে সম্মানা স্মারক প্রদান করা হয়।




স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের প্রার্থিতা বাতিল চেয়ে শাম্মী আহমেদের আপিল

বরিশাল অফিস:: দ্বাদশ সংসদ নির্বাচনে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথের প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. শাম্মী আহমেদ।

শনিবার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে শাম্মী আহমেদের প্রতিনিধি খালেদ মাসুদ এ আপিল আবেদন করেন। এতে তিনি পঙ্কজ দেবনাথের বিরুদ্ধে হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন।

গত ৩ ডিসেম্বর বরিশাল-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের পাল্টাপাল্টি অভিযোগ থাকায় তাদের মনোনয়নপত্র স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। পরেরদিন তাদের ব্যাপারে শুনানি শেষে দ্বৈত নাগরিকত্বের কারণে শাম্মী আহম্মেদের মনোনয়নপত্র বাতিল এবং পঙ্কজ দেবনাথকে ভোটের লড়াইয়ের অনুমতি দেয় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহীদুল ইসলাম। এখন হলফনামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ এনে পঙ্কজ নাথের বিরুদ্ধে আপিল করলেন ড. শাম্মী।




মাল্টা চাষে প্রবাসীর স্ত্রীর বাজিমাত

চন্দ্রদীপ নিউজ :: ভিটামিন-সি সমৃদ্ধ রসালো ফল হলো মাল্টা। এই ফলটি মূলত পাহাড়ি অঞ্চলে চাষ হলেও বর্তমানে সমতল ভূমি বিভিন্ন জেলা-উপজেলায় কৃষকরা চাষ করছেন। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামে প্রায় ৫ বিঘা জমির উপর বারি-১ জাতের ৩ বছর আগে মাল্টার আবাদ শুরু করেন প্রবাসী রাজা মিয়ার স্ত্রী মোছা. ময়না খাতুন। এরইমধ্যে মাল্টায় পাক ধরেছে। সেগুলো খেতে বেশ রসালো ও মিষ্টি। বাণিজ্যিকভাবে তিনি বিক্রয় করে চলেছেন।

প্রবাসী আব্দুর রাজ্জাক ২৫ বছর ধরে দক্ষিণ কোরিয়ায়। সেখান থেকে তিনি মাল্টা বাগান করার উৎসাহ প্রদান করেন স্ত্রী ময়নাকে। স্বামীর অনুপ্রেরণায় মাল্টা বাগান করেন উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর গ্রামের নারী উদ্যোক্ত মোছা. ময়না খাতুন। মাল্টা বাগান গড়ে তোলার পর তিনি সফলতা লাভ করেছেন এবং উপজেলার রোল মডেলে পরিণত হয়েছেন তিনি।

সরেজমিন গিয়ে ময়না খাতুনের মাল্টা বাগানে দেখা যায়, গাছে গাছে সবুজ পাতার আড়ালে ও ডালে ডালে ঝুলছে থোকায় থোকায় মাল্টা ফল। বাতাসে মাল্টার টক-মিষ্টির গন্ধ। দুইজন শ্রমিক বাগান পরিচর্যায় ব্যস্ত। আর কোনো গাছের পাতা ছিঁড়তে হবে গাছের গোড়া পরিষ্কার করতে হবে এসব নির্দেশনা দিচ্ছেন ময়না খাতুন।

পুরো বাগানটি একটি সবুজের ছায়াঘেরা। গেলো বছর দেড় লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন তিনি। এরইমধ্যে সে ৩ লাখ টাকা ঘরে তুলেছেন ময়না।

ময়না খাতুন ছোটবেলা থেকেই তিনি উৎপাদনমুখী। সবচেয়ে বড় কথা তিনি পরিশ্রমী। তার ধৈর্য শক্তি অনেক বেশি। নিজে ফলদবৃক্ষের ভূবন গড়ে তুলেছেন। তার এমন উদ্যোগ দেখে এলাকার অনেক শিক্ষিত বেকার তাকে অনুসরণ করতে শুরু করেছে। উৎপাদনে আত্মনিয়োগ করে যেভাবে তিনি সফল হয়েছেন, সে কারণে প্রশংসা পাওয়ার যোগ্য তিনি।

ময়না খাতুন বলেন, স্বামীর অনুপ্রেরণায় ২০১৭ সালে ৫ বিঘা নিজের জমিতে মাল্টা বাগান গড়ে তুলি। প্রায় তিন বছরে মাল্টার বাগান এখন দেখার মতো হয়েছে। আশান্বিত ফলও পেতে শুরু করেছি।

তিনি বলেন, সিলেট থেকে প্রতি চারা বাবদ দেড় শ টাকা করে মোট ৫৭০টি বারি মাল্টা-১ এর চারা এনে বাগানটি গড়ে তোলা হয়। দীর্ঘ পরির্চযায় প্রায় দশ লাখ টাকা ব্যয় করা হয়। গতবছরে বাগানের প্রায় গাছেই ফল এসেছিলো। কিন্তু বাগানটি টেকসই করতে হিমশিম খেতে হয়। এমনকি বেশ কিছু গাছের মাল্টার কড়ি আসার সময় তা ভেঙে (ছিঁড়ে) পড়ে যায়। যার ফলে এবার বাগানে অনেক ফল এসেছিলো। অতিবৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে ঝরে যায়। ময়না খাতুনের ধারণা ছিলো প্রায় ৫-৬ লাখ টাকার মাল্টা বিক্রি করবেন বলেও জানান তিনি।

বাগান থেকেই পাইকারি ব্যবসায়ীরা এসে কিনে নিয়ে যায় বলে কোনো ঝামেলাই হয়না বিক্রি করতে। এছাড়াও তার বাগানে সিডলেস ও চায়না লেবু এবং কিছু লিচু গাছও রয়েছে। বিভিন্ন প্রকার সবজি চাষ। এতে তিনি ভালো ফলন পেয়ে তার উৎসাহ যেন আরো বৃদ্ধি পেতে থাকে। প্রতিকেজি মাল্টা ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হয়ে থাকে। এছাড়াও অনেক দর্শনার্থীরা এই বাগান পরিদর্শনে আসেন। এতে তিনি আনন্দও পান।

তবে নারী হিসেবে তাকে সফল হতে অনেক বেগ পেতে হয়েছে। শুনতে হয়েছে নানান জনের নানান কথা। তবুও থেমে যাননি তিনি। নিজ প্রচেষ্টায় এগিয়ে গেছেন সামনের দিকে। কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা পায়নি বলেও অভিযোগ করেন তিনি। এতোকিছুর পরেও একজন নারী হিসেবে ফলের বাগান গড়ে তোলা সেটি ছিলো অনেকটা দুঃসাহসের ব্যাপারও বটে। ভবিষ্যতে নারীদের উজ্জীবিত হওয়ার জন্য কিছু করার ইচ্ছা রয়েছে বলেও জানান তিনি।

উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা রাজিবুল গোলাম রাজন বলেন, ‘মাল্টা একটি অর্থকরী ফসল। মাল্টা বারি-১ একটি উচ্চ ফলনশীল সুস্বাদু ফল। ময়না খাতুনের মাল্টার বাগানে আমি সবসময়ই নানান পরামর্শ প্রদান করে যাচ্ছি।

ভেড়ামারা উপজেলা কৃষি অফিসার মাহমুদা সুলতানা জানান, মাল্টা একটি অর্থকরী ফসল। এটি ভিটামিন-সি সমৃদ্ধ সুস্বাদু ফল। এটি চাষে এলাকার পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি চাষিরা আর্থিকভাবে অনেক লাভবান হবেন। তবে এ বাগান করতে হলে কৃষককে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো ভাইরাসের সংক্রমণ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরো বলেন, এখানকার মাটি মাল্টা চাষের জন্য খুবই উপকারী হওয়ায় ফলন ভালো করতে কৃষকদেরকে এ চাষে সার্বিকভাবে পরামর্শ দেওয়া হয়। তিনি জানায় মাল্টার আবাদ আগামী দিনে অনেক বাড়বে বলে আশা প্রকাশ করছেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মুন্নাফ বলেন, মাল্টা চাষে পানি কম লাগে। কৃষক একটু পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। এ কারণে এ অঞ্চলের কৃষকরা মাল্টা চাষে আগামীতে ঝুঁকবেন। এছাড়াও বাগান থেকে সরাসরি বাজারে বিক্রি হওয়ায় ভোক্তা তাজা মাল্টা পাচ্ছেন। এটি আমদানিকৃত মাল্টার চেয়ে স্বাদে গুণে বেশি উন্নত বলে জানান তিনি।

ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু বলেন, একজন নারী হয়েও ময়না খাতুন এতো সুন্দর মাল্টা বাগান করে উপজেলাবাসীকে তাক লাগিয়ে দিয়েছে। আমি বাগান পরিদর্শনে গিয়ে শুনেছি তার বাগানে কোনো প্রকার ক্ষতিকর কেমিকেল ব্যবহার করা হয় না। এমন সুন্দর বাগান এ অঞ্চলে মাল্টা উৎপাদনে অনেককেই উৎসাহিত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।